Home Blog Page 3108

ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব

0

তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ আর দিন বদলের রাজনীতি।

আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল-২০২০ উপলক্ষে শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে এখন ১৫ কোটি মানুষের হাতে মোবাইল ফোন। একজন রিকশাওয়ালা ভাইয়ের স্ত্রীর ৫০০ টাকার দরকার হলে স্বামীকে ফোন করে বলেন, আমার ৫০০ টাকার দরকার। আর সাথে সাথে সেই রিকশাওয়ালা ভাই মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। কৃষকভাই তাঁর জমির পোকার ছবি তুলে কৃষি অফিসে পাঠিয়ে দেন আর কৃষি অফিসার ফোনের মাধ্যমেই পরামর্শ দিয়ে দেন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আজ গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা হয়েছে।

দিন বদল প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে এখন খালি পায়ের মানুষ দেখা যায় না, তালি দেয়া কাপড় পরা মানুষ দেখা যায় না। এখন আর কুঁড়ে ঘর খুঁজে পাওয়া যায় না। অন্ততপক্ষে টিনের চালা দেয়া ঘর দেখা যাবে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নতি করা হয়েছে। এই হচ্ছে শেখ হাসিনার দিন বদলের রাজনীতি।

অপরপক্ষে বিএনপির রাজনীতি তাদের নেত্রী খালেদা জিয়ার হাঁটু ব্যথা আর কোমর ব্যথার মধ্যে ঢুকে গেছে। তারা জনগণের জন্য কিছু বলে না। বিএনপির নেতা কর্মীরা যেভাবে নেচে গেয়ে তাদের নেত্রীর কারাবাস দিবস পালন করে তাতে মনে হয়, তারা তাদের নেত্রীর কারাবাসে খুশি।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের আইন আদালত এখন স্বাধীন, দুদক স্বাধীন। যার কারণে, আওয়ামী লীগের এমপিদেরও আদালতে যেতে হয়।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়। অব্যাহতভাবে জনসমর্থন পেতে হলে শুধু উন্নয়ন দিয়ে সম্ভব নয়, মানুষের প্রতি বিনয়ী হতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মইনুদ্দীন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, এমপি বক্তৃতা করেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি ভোট কারচুপির কথা বলে। আওয়ামী লীগ যদি ভোট কারচুপি করতো তবে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে দুটিতে বিএনপি কিভাবে জয়লাভ করলো? তিনি আরও বলেন, বিএনপির দিন শেষ হয়ে গেছে। জনগণ আর বিএনপি-জামাতকে ক্ষমতায় আসতে দিবে না। যারা বঙ্গবন্ধু হত্যার বিচার করেনি, জাতীয় চার নেতা হত্যার বিচার করেনি, তাদের মুখে আইনের শাসনের কথা মানায় না।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধু পায়ে হেঁটে, সাইকেল চালিয়ে রাজনীতি করেছেন। আপনারা গ্রামে গ্রামে যান। ভুল করে থাকলে ভুল স্বীকার করুন। কে সভাপতি হবেন, কে সেক্রেটারি হবেন তার চিন্তা না করে দলকে সুসংগঠিত করতে হবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নুরুল ইসলাম ঠান্ডু, কেন্দ্রীয় সদস্য বেগম আখতার জাহান ও সাহাবুদ্দীন ফরাজী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডবলু সরকার, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামিল উদ্দীন আহ্ম্মেদ শিমুল এমপি ও ফেরদৌসি ইসলাম জেসি এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল অদুদ।

মুজিববর্ষ উপলক্ষে আট উদ্যোগ আইসিটি মন্ত্রণালয়ের

0

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে আট উদ্যোগ গ্রহণ করেছে আইসিটি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা সারাবছরে অতিরিক্ত ১০০ ঘণ্টা কাজ করবেন, নতুন ১০০টি নাগরিক সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসাসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আগারগাঁও তথ্য ও যোগাযোগ বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুজিববর্ষ উপলক্ষে আইটিসি বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে প্রতিমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। তথ্য ও প্রযুক্তি বিভাগের (পরিকল্পনা ও উন্নয়ন) অতিরিক্ত সচিব মো. মামুন আল রশীদ এ সময় উপস্থিত ছিলেন।

পলক বলেন, এসব কার্যক্রমের মধ্যে বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট-২০২০ (বিআইজি), জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের হলোগ্রাফিক প্রজেকশন, অনলাইনে মুজিববর্ষ, মোবাইল গেইম ও অ্যাপলিকেশনে দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহীত উদ্যোগ, আইসিটি ডিভিশনের ১০০ প্লার্ফ কৌশলগত পরিকল্পনা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১০ বছর উদযাপন উপলক্ষ্যে মহাসম্মেলন আয়োজন, ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ আয়োজন এবং জাতীয় বাস্তবায়ন কমিটির প্রদত্ত নির্দেশনা যথাযথ বাস্তবায়ন কার্যক্রম রয়েছে।

তিনি বলেন, গত আট বছরে আইসিটি মন্ত্রণালয়ের আওতাধীন প্রায় ১০ লাখ কর্মসংস্থান তৈরি করা হয়েছে। নতুন করে আরো পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টির কাজ চলছে। মুজিববর্ষে নতুন করে ১ লাখ যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরির সুযোগ করে দেয়া হবে। লানিং এন্ড আর্নিং, হাইটেক পার্ক, মোবাইল গেমস অ্যাপলিকেশনসহ বিভিন্ন কোর্সের মাধ্যমে যুব সমাজকে দক্ষ করে তোলা হবে।

প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর কীর্তিময় জীবনের কথা জানাতে হলে তাদের উপযোগী মাধ্যমে এবং তাদের মতো করে কনটেন্ট তৈরি করা প্রয়োজন। বর্তমানে এ্যানিমেশন ও মোবাইল অ্যাপলিকেশন সম্পৃক্ত নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন সময়ের কনটেন্ট তরুণদের বেশি মনোযোগী করে তোলে। এ কারণে মোবাইল গেইম ও অ্যাপলিকেশন দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষ্যে নেয়া হয়েছে সুনির্দিষ্ট উদ্যোগ।

প্রতিমন্ত্রী আরো বলেন, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণে হলোগ্রাফি প্রজেকশন করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও অনলাইনে মুজিববর্ষ (সিআরআই, এটুআই ও ডিওআইসিটি) এর আওতায় স্বল্প দৈর্ঘ চলচিত্র প্রতিযোগিতা, অ্যানিমেশন ভিডিও, অডিও বুক, বঙ্গবন্ধুর এই দিনে, অনলাইন নিউজ ফিচার, বঙ্গবন্ধু ব্লগ, অনলাইন কুইজ প্রতিযোগিতা, আমার বঙ্গবন্ধু, কম্পিউটার গ্রাফিকস ভিডিও, সাক্ষাৎকার ভিত্তিক ভিডিও, ডিজিটাল কার্ড প্রভৃতি নির্মাণ ও প্রচারের বছরভিত্তিক কাজ করার পরিকল্পনা রয়েছে। এসব কনটেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের মাধ্যমে জাতির পিতার জীবন ও কর্মের বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। এ ক্ষেত্রে সিআরআই-এর ইয়ং বাংলা ও এটুআই প্রকল্পের বিভিন্ন ক্রিয়েটিভ টিম ও নেটওয়ার্কি প্ল্যাটফর্ম সমন্বিতভাবে কাজ করবে।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘মুজিব আমার পিতা’ গ্রন্থের আলোকে একটি এ্যানিমেশন বেইজড মোবাইল অ্যাপলিকেশন তৈরি, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনি ভিত্তিক একটি অ্যানিমেটেড মুভি নির্মান, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ভিজুয়াল রিয়ালিটি (ভিআর) নির্মাণ ও তার স্মৃতি বিজড়িত স্থানগুলোতে তার প্রদর্শনের ব্যবস্থা থাকবে, মুজিববর্ষের উপর মোবাইল অ্যাপলিকেশন নির্মাণ, ‘আমার মুজিব গেমি কুইজ’ নির্মাণ উল্লেখযোগ্য।

বঙ্গবন্ধু ও এনএসটি ফেলোশিপ প্রদান প্রধানমন্ত্রীর

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় অধিকতর উন্নয়নে উৎসাহ ও সহায়তার লক্ষ্যে চলতি বছরের বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ এবং বিজ্ঞানী ও গবেষকদের গবেষণা অনুদান প্রদান করেছেন।

তিনি আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়টি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আনোয়ার হোসেন স্বাগত বক্তৃতা করেন।

মন্ত্রি পরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, উর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, ফেলোশিপ এবং অনুদান প্রাপ্ত শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে নির্বাচিত ফেলোশিপ এবং অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অর্থের চেক তুলে দিয়ে তাঁর ভাষণে গবেষণার ওপর অধিক গুরুত্বারোপ করে বলেন, গবেষণা যে দেশের কাজে লাগছে তা দেখতে চাই।

কেবল গবেষণা করাটাই যথেষ্ট নয়। গবেষণালব্ধ ফলাফল দিয়ে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারলেই সে গবেষণা সার্থক হবে, একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং দক্ষ ও বিশেষ যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরির উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আমরা বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট গঠন করেছি।

তিনি বলেন, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের আওতায় প্রতিবছর বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে দেশে-বিদেশে এমএস, পিএইচডি এবং পিএইচডি-উত্তর অধ্যয়ন/গবেষণার জন্য ফেলোশিপ দেওয়া হচ্ছে। ২০১০-১১ অর্থ-বছর থেকে ২০১৯-২০ অর্থ-বছর পর্যন্ত ৫১৯ জনকে ১৫৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা ফেলোশিপ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন,২০০৯-১০ অর্থ-বছর থেকে এমফিল, পিএইচডি ও পিএইচডি-উত্তর পর্যায়ে শিক্ষার্থী ও গবেষকগণের মধ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ দেয়া হচ্ছে। ২০১৮-১৯ অর্থ-বছর পর্যন্ত ১৩ হাজার ২২৫ জন ছাত্র-ছাত্রী ও গবেষকগণের মধ্যে ৮২ কোটি ৬২ লাখ টাকা ফেলোশিপ দেয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমান ২০১৯-২০ অর্থ-বছরে ৩ হাজার ২শ’ জনকে ১৯ কোটি ৩৮ লাখ টাকা ফেলোশিপ দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে কৃষি বিজ্ঞান, জীব বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান গ্রুপের ৩শ’ জন শিক্ষার্থীকে ফেলোশিপ প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়।

পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা ও উন্নয়ন কাজে উৎসাহ ও সহায়তা প্রদানের লক্ষ্যে ২০০৯-১০ অর্থ-বছর থেকে গবেষণা প্রকল্প বাস্তবায়নের জন্য বিজ্ঞানী-গবেষকদের মধ্যে গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে। ২০১৮-১৯ অর্থ-বছর পর্যন্ত ৩ হাজার ২৪২টি প্রকল্পের অনুকূলে ১৩০ কোটি ৯৩ লাখ টাকা গবেষণা অনুদান প্রদান করা হয়েছে, উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বর্তমান ২০১৯-২০ অর্থ-বছরে ৫৬১ প্রকল্পের জন্য ৫৬১ জনকে ১৬ কোটি টাকা গবেষণা অনুদান দেওয়া হচ্ছে।

ভিডিও ফাঁসের আতঙ্কে পাপিয়ার কাছে যাতায়াতকারীরা

0

‘আমার সঙ্গে তাঁর (পাপিয়া) কখনো দেখাই হয়নি। কিন্তু তদন্তে তো আপনার নাম আসছে। কি বলেন, সত্য নয়। মানসম্মানটা রাইখেন। আমি অনৈতিক কাজে জড়িত নই।’ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত শামীমা নূর পাপিয়ার সঙ্গী ছিলেন বা ছিলেন না—এমন শতাধিক প্রভাবশালী লোক ভীত হয়ে এভাবেই গোয়েন্দা কর্মকর্তাদের ফোন করে ‘আত্মপক্ষ সমর্থন’ করছেন। তাঁদের মধ্যে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সচিব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন রয়েছেন জানিয়ে সরকারের একটি বিশেষ সংস্থার এক কর্মকর্তা বলেন, পাপিয়ার ঘনিষ্ঠ দুর্নীতিবাজ, অবৈধ অর্থের মালিকরা এখন রীতিমতো দৌড়াদৌড়ি করছেন। খোঁজ রাখছেন এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের দিকেও।

গতকাল বুধবার সংশ্লিষ্ট একাধিক গোয়েন্দা সূত্রও কালের কণ্ঠকে এমন অনেক তথ্য দিয়ে জানিয়েছে, পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সরকারের সব গোয়েন্দা সংস্থা নজর রাখছে। তদন্তে যাদের নাম আসবে তাদের বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। সেই তালিকা অনুযায়ী আরো অনেক প্রভাবশালী লোকজনকে পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হবে। যেভাবে একসময় ক্যাসিনোকাণ্ডে জড়িতরা গ্রেপ্তার হয়েছিল।

সমাজের এসব হাইপ্রোফাইল ভিআইপির আসল চরিত্র ফাঁস হয়ে পড়ায় তাদের অন্ধকার জগৎ নিয়ে আমজনতার কৌতূহলের শেষ নেই। মুখরোচক আলোচনা এখন চায়ের দোকান থেকে শুরু তরে অলিগলি সবখানে। শুধু ওয়েস্টিন নয়, রাজধানীর অভিজাত এলাকায় পাপিয়ার আরও অনেক অভিজাত ফ্ল্যাটের সন্ধান মিলেছে।

যাদের মধ্যে মহিলা যুবলীগের আরও কয়েকজনের আমলনামা যাচাই-বাছাই করা হচ্ছে। শিগগির তাদের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হবে। ইতিমধ্যে সন্দেহভাজনদের নজরদারির মধ্যে আনা হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে সমাজের যেসব ডাকসাইটে দুর্নীতিবাজ আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ী পাপিয়াদের ডেরায় প্রটোকল ছাড়া হাজির হতেন, তারা এখন গোপন ভিডিও ফাঁসের আতঙ্কে আছেন।

অনেকের বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্যও জানে অন্ধকার জগতের এই পাপিয়ারা। দুর্নীতি সংক্রান্ত বড় বড় কাজের লেনদেনের সাক্ষীও এদের কয়েকজন। তাদের ধারণা, পাপিয়ার সহযোগীরা যে কোনো সময় তাদের গোপন ভিডিও ক্লিপ ছেড়ে দিতে পারে। এমনটা হলে অনেকেরই অবস্থা হবে জামালপুরের আলোচিত ডিসি আহমেদুল কবিরের মতো।

এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, প্রতিদিনই কোনো না কোনো গোয়েন্দা কর্মকর্তাকে ফোন করছেন গুলশানের ওই অভিজাত হোটেলে নিয়মিত যাতায়াত ছিল এমন অনেক প্রভাবশালী লোকজন। এর সঙ্গে না জড়াতে তাঁদের অনেকেই অনুরোধও করছেন।

জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা বলেন, ‘ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। এই অপকর্মের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে তাদেরকেও বিবেচনায় নেওয়া হচ্ছে।’

‘গবেষণায় অর্থ ব্যয় করছি, ফল দেখতে চাই’

0

‘গবেষণার জন্য আমরা যে অর্থ ব্যয় করছি তার ফল আমরা কী পেলাম সেটিও দেখতে চাই। সেই ফল দেশের কী কাজে লাগছে সেটিও নিশ্চিত হতে চাই।’

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং গবেষণা অনুদান অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, গবেষণায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক। আর এক্ষেত্রে আমি সব সময় মনে করি গবেষণা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যেকোনো দেশের উন্নতির জন্য বিজ্ঞান ও গবেষণা একান্তভাবে অপরিহার্য। গবেষণা ছাড়া আসলে কোনো উন্নতি করা যায় না।

গবেষণায় বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং দক্ষ ও বিশেষ যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরির উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আমরা গঠন করেছি ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট’। এই ট্রাস্টের আওতায় প্রতিবছর বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে দেশে-বিদেশে এমএস, পিএইচডি ও পিএইচডি-উত্তর অধ্যয়ন বা গবেষণার জন্য ফেলোশিপ দেওয়া হচ্ছে।

২০১০-১১ অর্থ-বছর থেকে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট’ থেকে ৫১৯ জনকে ১৫৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হয়েছে বলে জানান শেখ হাসিনা। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এমফিল, পিএইচডি ও পিএইচডি-উত্তর পর্যায়ে শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত ১৩ হাজার ২২৫ জন ছাত্র-ছাত্রী ও গবেষকের মধ্যে ৮২ কোটি ৬২ লাখ টাকা ফেলোশিপ দেওয়া হয়েছে। বর্তমান ২০১৯-২০ অর্থবছরে ৩ হাজার ২০০ জনকে ১৯ কোটি ৩৮ লাখ টাকা ফেলোশিপ দেওয়া হচ্ছে।

বিভিন্ন গবেষণা প্রকল্পে সহায়তার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ফেলোশিপের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা ও উন্নয়ন কাজে উৎসাহ ও সহায়তার লক্ষ্যে গবেষণা প্রকল্প বাস্তবায়নের জন্য বিজ্ঞানী-গবেষকদের মধ্যে গবেষণা অনুদান দেওয়া হচ্ছে। বিজ্ঞান গবেষণায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

গত ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত ৩ হাজার ২৪২টি প্রকল্পের অনুকূলে ১৩০ কোটি ৯৩ লাখ টাকা গবেষণা অনুদান দেওয়া হয়েছে এবং বর্তমান ২০১৯-২০ অর্থবছরে ৫৬১ প্রকল্পে ১৬ কোটি টাকা গবেষণা অনুদান দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

কর্তৃপক্ষের ব্যর্থতা চ্যালেঞ্জ করে রিট

0

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সংবিধানে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে এ জন্য কর্তৃপক্ষের ব্যর্থতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস এই রিট দায়ের করেন। রাজবাড়ীর রায়নগর গ্রামের কাশেদ আলীর পক্ষে রিটটি দায়ের করেন তিনি।

রিটে আইন মন্ত্রণালয়ের সচিব এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালকসহ চারজনকে বিবাদী করা হয়েছে।

আবেদনটির ওপর আগামী ৮ মার্চ বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী সুবীর নন্দী দাস।

এদিকে রিট আবেদনে সংবিধানে থাকা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভুলটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। এ ছাড়া সংবিধানে বঙ্গবন্ধুর ৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণটি বাংলা ও ইংরেজিতে অন্তর্ভুক্তি চাওয়া হয়েছে।

আইইডিসিআর-এ কুয়েতগামীদের অবস্থান

0

করোনাভাইরাস মুক্ত সনদের জন্য একদল কুয়েতগামী অবস্থান নিয়েছেন রাজধানীর মহাখালীতে আইইডিসিআর ভবনে।

অবস্থানকারীরা জানান, আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তাঁরা কুয়েত দূতাবাসে গেলে সেখান থেকে বলা হয় আইইডিসিআর থেকে করোনাভাইরাস মুক্ত সনদ না দেওয়া পর্যন্ত তাঁদেরকে ভিসা দেওয়া হবে না। এরপর একে একে কুয়েতগামীরা জড়ো হন আইইডিসিআর ভবনের সামনে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে কুয়েতগামীরা আইইডিসিআর-এ করোনাভাইরাস মুক্ত সনদ আনতে গেলে প্রতিষ্ঠানের পরিচালক এবং অন্যরা তাঁদের সঙ্গে কথা বলে তাঁদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তবে এখন পর্যন্ত বিষয়টির কোনো সুরাহা হয়নি। অবস্থানকারীদের মধ্যে বেশিরভাগই কুয়েত প্রবাসী বাংলাদেশি।

মায়ের পর করোনা আক্রান্ত হলো অস্ট্রেলিয়ার এক শিশু

0

অস্ট্রেলিয়ায় প্রথম এক শিশুকে পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে করে সে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়েছে।

জানা গেছে, ছেলে শিশুটির মা গত রবিবার ইরান থেকে ফিরে আসেন। এরপর গতকাল বুধবার করোনা পরীক্ষা করান। এতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন তিনি।

পরে নিজের শিশু সন্তানকেও পরীক্ষা করেন। দেখা যায়, ওই শিশুও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অস্ট্রেলিয়ায় ওই শিশুকেই প্রথম (শিশু হিসেবে) করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করা হয়।

জানা গেছে, মা ও শিশুর শারীরিক অবস্থা গুরুতর নয়। তাদেরকে আপাতত ফ্লিন্ডারস মেডিক্যাল সেন্টারে কোয়ারেনটাইনে রাখা আছে।

করোনার ভয়ে পাঁঠার মাংস ও মুরগি বিক্রি কমেছে পশ্চিমবঙ্গে

0

ভারতের পশ্চিমবঙ্গে গত তিন সপ্তাহে মুরগি বিক্রি কমেছে ৪০ শতাংশ। পোলট্রি ফেডারেশনের একজন কর্মকর্তা জানান, করোনা ও মরফিন ভাইরাসের নাম জুড়ে ও রুগ্ন মুরগিদের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হতেই শঙ্কা বাড়তে থাকে। বাধ্য হয়ে ভুয়া প্রচার রুখতে সাংবাদিকদের ডাকতে বাধ্য হয় তেহট্টের পুলিশ প্রশাসন।

তিনি আরো বলেন, পাঁঠার মাংষ খেলে করোনা আক্রান্তের শঙ্কা রয়েছে বলেও সামাজিক যোগাযোগের মাধ্যমে সতর্কবার্তা ছড়াতে থাকে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ সবই মানুষের রটানো ভয়। করোনাভাইরাসের যা প্রকৃতি, তাতে তা নির্দিষ্ট কিছু বাদুড় ও সাপের মাধ্যমে ছড়াতে পারে। কিন্তু কিছুতেই মুরগির মাংসে তা আসতে পারে না। ভারতীয় মুরগির শরীরে এই ভাইরাস-বিষ থাকা অসম্ভব। তবে অসুখ ছড়ালে কিছু বাড়তি সতর্কতা আমরা সব সময় নিতে বলি। তাই কিছু নিয়ম মেনে চলতে হবে।

‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ (ডাব্লিউএইচও) ভারতীয়দের মাংস খাওয়ায় কোনো সমস্যা দেখছে না। সেখানেও বিশেষজ্ঞদের মতে, মাংস থেকে করোনাভাইরাস ছড়াতে পারার দাবি ভুয়া ও ভিত্তিহীন। এমন আতঙ্ক না ছড়াতেও অনুরোধ করেছে ডাব্লিউএইচও।

নিয়ম মেনে চলার কথা বলছেন ভায়ারোলজিস্টরা। তাদের মতে, মুরগির মাংসে বা খাসির মাংস থেকে এই রোগ ছড়িয়ে পড়ার কথা একেবারেই ভিত্তিহীন। ভারতীয়রা যে ভাবে মাংস রান্না করে, তাতে যে কোনো ভাইরাসই অত আঁচে বাঁচে না। তবে যে কোনো ভাইরাস থেকে বাঁচার সহজ উপায় হলো, রান্নার সময় কিছু নিয়ম মেনে চলা।

বিশেষজ্ঞরা বলছেন, মাংস কেনার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। অসুস্থ মুরগি বুঝলে তা কিনবেন না। করোনাভাইরাস না ছড়ালেও অন্য অসুখ দানা বাঁধতে পারে এতে।

রান্নার সময় ভাল করে সেদ্ধ করে নিন। প্যাকেটজাত মাংস বা ফুড চেনে কিনতে পাওয়া যায় যে সব মাংস, সেসবে প্রিজারভেটিভ মেশানো থাকে। করোনার ভয়ে নয়, প্রিজারভেটিভ থেকে হওয়া ক্ষতি আটকাতেই এ সব খাবেন না। ​কাজেই ভালো করে সেদ্ধ করে নিশ্চিন্তে খান মাংস।

শেখ হাসিনার চরিত্রে অভিনয় আমার জীবনের বড় প্রাপ্তি : হিমি

0

আমি তখন বিটিভির একটি নাটকের শুটিং করছিলাম। আমি জানতাম না অডিশন হচ্ছে। তখনই বিটিভির মাহবুবা ফেরদৌস আপা বললেন, হিমি, তুমি অডিশন দিয়ে দেখতে পারো। চলচ্চিত্রে অনেক বড় একটা কাজ হচ্ছে। যদি অডিশন দিয়ে নির্বাচিত হও, তাহলে তো ইতিহাসের অংশ হতে পারবে। এরপর অডিশন দিই। ভয়ে ভয়েই দিলাম। ফাইনালি আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছি এটা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে- কথাগুলো বলছিলেন হিমি।

মুজিববর্ষের সূচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-নির্ভর কাহিনিচিত্র বা বায়োপিকের শুটিং শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন শ্যাম বেনেগাল। ছবির শেখ মুজিব কন্যা শেখ হাসিনার বড়বেলার চরিত্রে অভিনয় করবেন জান্নাতুল সুমাইয়া হিমি। ১ মার্চ বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম-সচিব নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এই তালিকায় ৫০ জন শিল্পীর নাম প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তাদের চরিত্রের নামও প্রকাশ করা হয়েছে।

নুসরাত ফারিয়া আপনার চেয়ে বড় হয়েও ছোটবেলার চরিত্রে আর আপনি বড়বেলার চরিত্রে- এমনটা কেন হলো? হিমি বললেন, ‘আমি তো ছোটবেলা থেকে লম্বা, হয়তো দেখতে বড় লাগে কিংবা আমার চেহারার সাথে যে সময়টাকে ধারণ করতে চেয়েছেন পরিচালক সেটা হয়তো যায়- এজন্যই হয়তো আমাকে নির্বাচিত করেছেন। কিন্তু এখনো যেহেতু আমি চিত্রনাট্য পাইনি হাতে, তাই বলতে পারছি না আসলে আমার রোলটা ঠিক কেমন হবে। তবে বিষয়টা আমার কাছে কেমন যেন স্বপ্নের মতো আনন্দ মিশ্রিত ভয় কাজ করছে।’

হিমি বললেন, জাতীয় পর্যায়ের একটা পুরস্কার গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমার প্রথম দেখা হয়। তিনি আমার নাম জিজ্ঞেস করেই আমাকে মেডেল পরিয়ে দেন। পরের বছর আবার দেখা হয় একইভাবে পুরস্কার গ্রহণের সময়, তিনি ফের নাম জিজ্ঞেস করেন। আমি বলি হিমি- তিনি হাসেন এবং মেডেল পরিয়ে দেন। এখন যখন ভাবছি প্রধানমন্ত্রীর মেয়েবেলার চরিত্রে অভিনয় করবো তখন অন্য রকম একটা বিষয়।

প্রাথমিক চূড়ান্তের ব্যাপারে বলেন, এখনো চুক্তিবদ্ধ হইনি। তবে আমাকে ফোন করে জানানো হয়েছে। মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি আমি। এটা একটা চ্যালেঞ্জিং চরিত্র বটে। ইতোমধ্যে ইন্টারনেট ঘেঁটে শেখ হাসিনা ম্যামের সেই সময়কার ছবি ও ভিডিও দেখে তাঁর সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছি। পরিচালকের সঙ্গে এটা নিয়ে যদি আরও বসতে পারি, তাহলে আরও অনেক বিষয় পরিষ্কার হবে। প্রস্তুতিও ভালো হবে। তবে এটা আমার জীবনের বড় প্রাপ্তি হতে যাচ্ছে।

এর আগে গান, নাচ নিয়ে থাকলেও হিমির শুরুটা একটি রিয়েলিটি শোর মধ্যদিয়ে। ২০১৪ সালে ওই রিয়েলিটি শো’র মাধ্যমে মিডিয়ায় হিমির আগমন ঘটে। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করেন হিমি। শুধু ছোট পর্দায় নয়, শুরুতে কলকাতার রেশমী মিত্রের নির্দেশনায় প্রথম চলচ্চিত্রেও অভিনয় করার সুযোগ পান এ তারকা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতা অবলম্বনে হিমি ‘হঠাৎ দেখা’ চলচ্চিত্রে ওপার বাংলার দেবশ্রী রায়ের যুবতী বয়সের চরিত্রে অভিনয় করেন।