Home Blog Page 3113

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

0

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে-বাংলাদেশ। টস জিতে ইতোমধ্যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিকরা। প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিকরা মাঠে নামছে সিরিজ জয়ের লক্ষ্যে। মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর একটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজ নির্ধারনী ম্যাচটি ।

এর আগে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ১৬৯ রানের বিশাল ব্যবধানে জয় তুলে সিরিজ জয়ে অত্মবিশ্বাসী মাশরাফির দল। আর এ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চাইবে স্বাগতিকরা। সিরিজ জয়ের সেঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৫ ম্যাচ জয়ের লক্ষ্য থাকবে স্বাগতিকদের। এদিকে জয়ের মাধ্যমে সিরিজে ফেরার আশা জিম্বাবুয়ের।

মঙ্গলবার ৭৪তম বারের মত একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর আগে ৭৩ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৪৫টিতে ও জিম্বাবুয়ে ২৮টিতে জয় পেয়েছে।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

সম্ভাব্য জিম্বাবুয়ে একাদশ: চামু চিবাবা (অধিনায়ক), শেন উইলিয়ামস, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন, রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মাটুমবডজি, ডোনাল্ড ট্রিপানো, ক্রিস এমপোফু, কার্ল মুম্বা।

টিভি চ্যানেলকে শিল্প ঘোষণা চেয়ে আইনি নোটিশ

0

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহকে শিল্প হিসেবে ঘোষণা করার জন্য সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।

মন্ত্রিপরিষদ সচিব, তথ্য সচিব, শিল্প সচিব, আইন সচিব, বিটিআরসির চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে।

আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, জাতীয় অর্থনীতিতে বেসরকারি চ্যানেলগুলোর অবদান অনেক। এই সেবাখাতটিকে শিল্প হিসেবে স্বীকৃতি দিলে এই সেক্টর আরো উন্নত হবে; যা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে প্রচারের ফলে বিশ্বে কোটি কোটি দর্শক তার সুফল পাবে। একজন ভোক্তা হিসেবে তিনি এ নোটিশ পাঠিয়েছেন বলেও জানান এই আইনজীবী।

নোটিশে বেসরকারি চ্যানেলগুলোকে শিল্প হিসেবে ঘোষণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সাত দিনের সময় দেওয়া হয়েছে। অন্যথায় বিবাদীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও উল্লেখ করা হয় এতে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে নোটিশে আরো বলা হয়, সংবাদপত্রসহ ৩৩টি সেবাখাতকে শিল্প হিসেবে ঘোষণার প্রস্তাব করা হয়েছে। কিন্তু টেলিভিশন চ্যানেলসমূহকে এর মধ্যে অর্ন্তভুক্ত করা হয়নি। বিশ্বে টিভি চ্যানেলসমূহকে শিল্প হিসেবে ঘোষণার নজির রয়েছে। টিভি চ্যানেলগুলো সমাজের নানা অসংগতি তুলে ধরে। যা সমাজ বিনির্মাণে ভূমিকা পালন করে।

এর আগে, ২০১৪ সালে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।

করোনা আক্রান্তের সঙ্গে একই বিমানে আসায় গৃহবন্দি হলেন যারা

0

বিমানে ফেরা এক যাত্রীর শরীরে করোনাভাইরাসের প্রমাণ মিলেছে। এয়ার ইন্ডিয়ার বিমানে এ ঘটনা ঘটেছে। এ কারণে ভিয়েনা-দিল্লি এয়ার ইন্ডিয়ার বিমানের কর্মীদের বিশেষ চিকিৎসামূলক নজরদারিতে রাখতে আপাতত ঘরবন্দি থাকার নির্দেশ দিয়েছে বিমান সংস্থা। তাই আপাতত আগামী ১৪ দিন ওই বিমানকর্মীদের ঘরবন্দি হয়েই কাটাতে হবে।

সোমবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এয়ার ইন্ডিয়ার ওই বিমানের এক যাত্রী যিনি দিল্লির বাসিন্দা, তাঁর শরীরে করোনাভাইরাস থাকার প্রমাণ মিলেছে। ফলে সতর্ক করে দেওয়া হয় ওই বিমানের কর্মীদেরও।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে র্নিদিষ্ট বিমানের কর্মীদের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আপনাদের নিজেদের বাড়িতে আগামী ১৪ দিনের জন্য সকলের থেকে বিচ্ছিন্নভাবে থাকতে হবে। করোনাভাইরাসের কোনও লক্ষণ দেখা দিলে স্বাস্থ্যসংক্রান্ত কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ রিপোর্ট করতে হবে।

তবে ওই বিমানের অন্যান্য যাত্রীদেরও এই জাতীয় পরামর্শ দেওয়া হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়। বোয়িং ৭৮৭ বিমানটি একসঙ্গে ২০০ জন যাত্রী বহন করতে পারে।

একটি সূত্র জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই বিমানের যে যাত্রীর শরীরে মারণ ভাইরাসের লক্ষণ দেখা গেছে তিনি অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ভারতে আসেন। যেহেতু ভিয়েনায় সেভাবে করোনা ভাইরাসের আক্রমণের খবর মেলেনি তাই দিল্লি বিমানবন্দরে নামার পর ওই ব্যক্তির প্রাথমিক শারীরিক পরীক্ষা না করেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি ইতালি থেকে সড়ক পথে ভিয়েনায় এসে সেখান থেকে ফেব্রুয়ারির শেষের দিকে ওই বিমানটিতে করে দিল্লিতে ফেরেন।

এদিকে, সোমবারই জানা যায় যে, ভারতে আরও দু’জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। তাঁদের মধ্যে একজন দিল্লির বাসিন্দা, যিনি ভিয়েনা থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে করে ভারতে ফিরেছিলেন। অন্যজন তেলেঙ্গানার বাসিন্দা। সোমবার সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। সোমবারের দু’জনকে ধরে এ পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ।

সূত্র : এনডিটিভি

বারোমাসি পেঁয়াজ চাষ পাহাড়ে

0

টাকায় ‘ডাবল সেঞ্চুরি’ ছোঁয়া পেঁয়াজের দুর্দিন চলছে। আমদানি করেও দাম নিয়ন্ত্রণে আসছে না। এ অবস্থায় বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র উদ্ভাবিত বারোমাসি অধিক উৎপাদনশীল বারি পেঁয়াজ-৫ চাষ করে পেঁয়াজের সংকট আগামী এক বছরেই দূর করা সম্ভব বলে জানিয়েছেন কৃষিবিজ্ঞানীরা।

খাগড়াছড়িতে পরীক্ষামূলকভাবে পেঁয়াজ চাষে সাফল্য দেখে এমন মন্তব্য করেছেন তাঁরা। এমন সফলতায় খুশি শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বারি পেঁয়াজ-৫ খাগড়াছড়ির পাহাড়-সমতলের সবখানে মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দিয়েছেন।

এদিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা শিগগিরই বারি পেঁয়াজ-৫ চাষাবাদ প্রযুক্তি পার্বত্য চট্টগ্রামের মসলা প্রকল্পে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন।

জানা গেছে, এবার লেট সামারে (নাভি গ্রীষ্মকালীন) খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের কয়েকটি প্রদর্শনী প্লটে বারি পেঁয়াজ-৫ এর চাষাবাদ করা হয়। এতে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষি গবেষকরা। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে কেন্দ্রের ভেতর নতুন প্রযুক্তির পেঁয়াজ পরীক্ষামূলকভাবে চাষ করা হয়। দেশের পেঁয়াজের বর্তমান সংকটময় সময়ে বারি পেঁয়াজ-৫ এর প্রদর্শনী প্লট দেখতে এসে রীতিমতো অভিভূত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য, কৃষি গবেষণার মহাপরিচালক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

এ ছাড়া কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব গবেষণা কেন্দ্রের প্রদর্শনী মাঠ থেকে পেঁয়াজ তুলেছেন। প্রদর্শনী মাঠ থেকে তোলা এক একটি পেঁয়াজের ওজন মেপে দেখা গেছে ১৮০-২০০ গ্রাম পর্যন্ত। মাত্র ৫টি পেঁয়াজেই এক কেজি পূর্ণ।

২০০২ সালে উন্নত জাতের পেঁয়াজ উদ্ভাবন করে হৈচৈ ফেলে দিয়েছিলেন তৎকালীন কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সরেজমিন বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাব্বত উল্ল্যা। যা ২০০৮ সালে বাংলাদেশ কৃষি গবেষণার বীজবোর্ড কর্তৃক মুক্তায়িত করা হয়। কিন্তু নীতি নির্ধারকদের ‘দূরদর্শিতার অভাবে’ পেঁয়াজের নতুনজাতটি মাঠ পর্যায়ে ছড়ায়নি তখন। বারি পেঁয়াজ-৫ জাত গ্রীষ্মকালীন হিসেবে উদ্ভাবন হলেও শীত, গ্রীষ্মে যে কোনো ধরনের মাটিতেই উৎপাদন হয়ে থাকে। পাহাড় চূড়াতেও এই পেঁয়াজের উৎপাদন ভালো হয়। ২০১১ সালে খাগড়াছড়িতে পাহাড় চূড়ায় এই পেঁয়াজের সফল পরীক্ষা চালানো হয়।

এই পেঁয়াজের উদ্ভাবক বর্তমানে অবসরে থাকা ড. মহাব্বত উল্ল্যা বলেন, ‘২০০৮ সালে পেঁয়াজটির জাত মুক্তায়িত করার পর তৎকালীন কৃষি গবেষণা ইনস্টিটিউট পদক্ষেপ নিলেও অজ্ঞাত কারণে দীর্ঘ ১২ বছরেও তা মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। বর্তমানে পেঁয়াজের সংকট মোকাবিলায় পেঁয়াজ বাণিজ্যিকভাবে চাষাবাদ এবং মাঠে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া দরকার।’

‘যেহেতু এই জাতটি যে কোনো ল্যান্ড টাইপে (যে কোনো ধরনের ভূমি) করা যায় এবং জানুয়ারি থেকে অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত চাষাবাদ করা সম্ভব; সেহেতু দেশে বর্তমানে ৮-১০ লক্ষ টন ঘাটতি মোকাবিলায় এ জাতটি বিশেষভাবে উপযোগী।’-যোগ করেন ড. মহাব্বত।

খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুন্সী রাশীদ আহমদ জানান, যেখানে প্রতি হেক্টরে স্থানীয় জাতের পেঁয়াজ হয় ৭/৮ টন, সেখানে নতুন জাতের এই পেঁয়াজ গড় ফলন ২৫ টন। এক একটি পেঁয়াজের ওজন হয় ১৮০-২০০ গ্রাম পর্যন্ত।

কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব বলেন, ‘দেশে ৩০-৩২ লক্ষ টন চাহিদার বিপরীতে স্থানীয়ভাবে যে পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে তাতে ঘাটতি থাকে প্রায় ৭-৮ লক্ষ টন। বিশেষ ধরনের পেঁয়াজটি যেহেতু বছরে ৩ বার ফলানো যায়, সুতরাং অধিক উৎপাদনশীল বারি পেঁয়াজ-৫ এর চাষ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আগামী এক বছরের মধ্যেই পেঁয়াজের সংকট কাটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হতে পারে।’

তিনি জানান, গ্রীষ্মকালীন পেঁয়াজ হিসেবে জাতটি ১২ বছর আগে রিলিজ (অবমুক্ত) হলেও তখন পেঁয়াজ চাষে কৃষকরা লাভবান না হওয়ায় এতদিন এদিকে মনোযোগ দেওয়া হয়নি। এখন সংকটাপন্ন অবস্থা সৃষ্টি হওয়ায় সরকার এদিকে দৃষ্টি দিয়েছে। কৃষিবিজ্ঞানীরাও এই পেঁয়াজটি কৃষকের মাঠে নিয়ে গিয়ে উৎপাদন বাড়ানোতে নজর দেবেন।

নতুন জাতের বারো মাসি পেঁয়াজ সমতলের চেয়ে পাহাড়ে এর উৎপাদন কোনো অংশেই কম নয়; বরং এখানে শীতে পেঁয়াজের উৎপাদন সমতলের চেয়ে বেশি হয়। কারণ এখানে শীতের দীর্ঘতা বেশি হওয়ায় পেঁয়াজের জন্য পোয়াবারো। এ ছাড়া আরেকটি ব্যতিক্রমী ব্যাপার হলো-পাহাড় টিলাতেও পেঁয়াজের ভালো ফলন হয়। একই জমিতে তিনবার পেঁয়াজ করে লাভবান হওয়া সম্ভব। এই জাতের পেঁয়াজে চারা থেকে বীজ এবং কন্দ থেকেও বীজ করা যায়। এ মৌসুম বারি পেঁয়াজ-৫ এর বীজ উৎপাদনের নির্ধারিত সময়।

কেবল পাহাড়ি অঞ্চলের পতিত জমি সারা বছর ব্যবহার করেই পেঁয়াজের চলমান ঘাটতি পূরণ করা সম্ভব বলে কৃষিবিজ্ঞানীরা আশা করছেন।

মুজিববর্ষে ১০ লাখ ঔষধি গাছ লাগাবে নিম ফাউন্ডেশন

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে ১০ লাখ ঔষধি গাছ লাগানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ নিম ফাউন্ডেশন। আঞ্চলিক সড়ক, মহাসড়ক, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠান এলাকায় এসব গাছ রোপণ করা হবে।

গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম এ হাকিম। এ সময় নিম অর্গানিকের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদুল আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন।

মুজিববর্ষে নিম ফাউন্ডেশনের এই উদ্যোগের ব্যাপারে ড. হাকিম বলেন, ‘১৯৮৬ সাল থেকে এই সংগঠনের কার্যক্রম চলছে। শুধু নিমগাছ নয়, পঞ্চ ঔষধি গাছ আন্দোলনও এ ফাউন্ডেশন চালিয়ে আসছে।’

ড. হাকিম বলেন, এই বৃক্ষগুলো যত দিন জীবিত থাকবে তত দিন বঙ্গবন্ধুর স্মৃতি বহন করবে। পাশাপাশি এই গাছগুলো থেকে দরিদ্র মানুষের একটি আয়ের সুযোগ সৃষ্টি, জৈব প্রসাধনী, খাদ্য ও নিরাপদ কৃষিপণ্য পাবে বাংলাদেশ। বিদেশে রপ্তানি করেও আয় হবে। মুজিববর্ষে এই ১০ লাখ ঔষধি গাছ রোপণে সম্পৃক্ত হতে আগ্রহী ব্যক্তি-প্রতিষ্ঠানকে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

ছাত্রলীগ নেতাকে কক্ষে আটকে পেটানোর অভিযোগ

0

আবাসিক হলে সিট বণ্টনকে কেন্দ্র করে মতোবিরোধের জেরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান দস্তগীরকে গতকাল রবিবার রাতে যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্রনাথ টুটনের কক্ষে আটকে রেখে পেটানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দস্তগীর এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী দস্তগীর কালের কণ্ঠকে জানান, রবিবার রাতে কুমিল্লা আঞ্চলিক গ্রুপের মিটিং ডাকা হয়। এতে সভাপতি গ্রুপের রাজনীতি না করার জন্য আমার ওপর চাপ করা হয়। রাজি না হওয়ায় রাত আড়াইটায় আমাকে টুটনের রুমে ডেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত প্রায় চার ঘণ্টা মানসিক নির্যাতন করা হয়। এ সময় কাঠ দিয়ে মারধর মারা হয় আমাকে। সে সময় ঐ কক্ষে প্রায় ৫০ জন উপস্থিত ছিল বলে জানান দস্তগীর।

তিনি আরো বলেন, ১৬ ব্যাচের উজ্জ্বল আমাকে প্রথমে পেটে লাত্থি মারে। এরপর ১৭ ব্যাচের তাশরীফ, শেকৃবি ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক মামুন হোসাইন ও সাকিব এবং ১৮ ব্যাচের রাকিব আমাকে কাঠ দিয়ে মারধর করে মুখ, হাত ও পেটে মারাত্মকভাবে আহত করে। পরে অসুস্থ অবস্থায় আমি সোমবার ভোরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হই।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে কথা বললে তারা অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, এটা তার সাজানো নাটক। অভিযুক্ত শেকৃবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্রনাথ টুটন কালের কণ্ঠকে বলেন, রাতে আমাদের (কুমিল্লা আঞ্চলিক গ্রুপ) অভ্যন্তরীণ মিটিংয়ে মোস্ট জুনিয়র থেকে শুরু করে মোস্ট সিনিয়র সবাই উপস্থিত ছিল। সেখানে মারধরের মতো কোনো ঘটনা ঘটেনি। সকালে সে (দস্তগীর) অসুস্থ শুনে আমি তাকে হাসপাতালে দেখতে যাই।

মিটিংয়ে উপস্থিত বেশ কয়েকজন কালের কণ্ঠকে বলেন, মারামারি হয়নি। তবে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে। লাঠি দিয়ে পেটানোর অভিযোগ মিথ্যা।

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইমারজেন্সি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. সোনিয়া ইসলাম সোমবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, ভর্তিকৃত দস্তগীরের মুখসহ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

শেকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আমি ঘটনাটি দুপুরে শুনেছি। এটা তাদের বঙ্গীয় ব্যাপার। আমাদের কিছু করার নেই।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. রুহল আমিন সাংবাদিকদের বলেন, ঘটনাটি সম্পর্কে আমি অবগত ও দস্তগীরকে দেখতে গিয়েছিলাম। মিটিংয়ে উপস্থিত অনেকেই জানায় মারামারি না হাতাহাতি হয়েছিল। এ ব্যাপারে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার সৌজন্য সাক্ষাৎ

0

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। আজ সোমবার বিকেলে গণভবনে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠকে এ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিষয় নিয়ে আলোচনা হয়।

দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং উপ-আঞ্চলিক সংযোগ (কানেকটিভিটি) সম্পর্কিত বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সম্পর্কে এ সময় আলোকপাত করেন।

প্রধানমন্ত্রী বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর শুভেচ্ছা পৌঁছে দিতে বলেন। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের আর্থ সামাজিক সূচকগুলোর উন্নয়ন বিশেষকরে শিশু মৃত্যু হার হ্রাস থেকে নারী শিক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সাক্ষরতায় চমকপ্রদ সাফল্যের ভূয়শী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নেরও প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস এ সময় উপস্থিত ছিলেন।

অসংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর পরিকল্পনা করতে হবে

0

‘অসংক্রামক রোগ প্রতিরোধে আরো কার্যকর পরিকল্পনা করতে হবে’। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে অসংক্রামক রোগের বিষয় জাতীয় পর্যায়ে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন, অসংক্রামক রোগ শাখার পরিচালক ডাক্তার হাবিবুর রহমান, পুষ্টি সেবা কার্যক্রমের লাইন ডিরেক্টর মুস্তাফিজুর রহমান, এসবিসিসির ডা. নজরুল ইসলাম, অসংক্রামক রোগ শাখার ডা. আয়েশা আক্তার, ডা. আব্দুল আলীমসহ অন্যরা বক্তব্য দেন।

সাগর-রুনি হত্যার আলামতে দুই পুরুষের ডিএনএ পাওয়া গেছে

0

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় দুজন অপরিচিত পুরুষের সম্পৃক্ততা পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। আদালতে হলফনামা আকারে দাখিলের জন্য আজ সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে র‌্যাবের পক্ষ থেকে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম সাংবাদিকদের বলেন, সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি সংক্রান্ত একটি প্রতিবেদন হলফনামা আকারে হাইকোর্টের বেঞ্চে দাখিলের জন্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনটি হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য রয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় দুজন অপরিচিত পুরুষ জড়িত ছিল। সাগরের হাতে বাঁধা চাদর এবং রুনির টি-শার্টে ওই দুই পুরুষের ডিএনএ’র প্রমাণ মিলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করে র‌্যাব।

এর আগে গত বছরের ১৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগামী ৪ মার্চ বা তার আগে এ মামলার তদন্তের সবশেষ অবস্থা এবং অপরাধের সঙ্গে তানভীরের সম্পৃক্ততার বিষয়ে একটি প্রতিবেদন হলফনামাসহ দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।

এবার আপনাদের প্রতিদান দিতে চাই : পররাষ্ট্রমন্ত্রীকে শ্রিংলা

0

ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তা চুক্তি ইস্যু নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলাদা বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি তাকে বলেছি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের জিরো কিলিং হবে বর্ডারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ বছরে কিলিংটা অনেক বেড়ে গেছে, এটা আমাদের জন্য দুঃখজনক। আপনারা আমাদের বন্ধু মানুষ। এই বন্ধুদের মধ্যে কিলিং হওয়া ঠিক না।

জবাবে ভারতের পররাষ্ট্র সচিব সীমান্ত হত্যা বন্ধে চেষ্টা চালাবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন- ট্রাই করবেন এটা যাতে না হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তিস্তা নিয়ে প্রশ্ন তোলায় তিনি বলেছেন- মোটামুটি এটাতে অসুবিধা আছে উনাদের, কিন্তু আশা করতেছি, এটা আগামীতে হবে।

তিনি বলেন, আমি বললাম, আমাদের জবাবদিহি আছে, আমরা একটি নির্বাচিত সরকার। গণতান্ত্রিক সরকার, মানুষ আমাদের এগুলো নিয়ে প্রশ্ন তোলে।

তিনি বলেন, শ্রিংলা বলেছেন- আরো কয়েকটি নদী আছে, সেটা আমরা মোটামুটি ফাইনালাইজড করে ফেলেছি এবং আশা করছি, প্রধানমন্ত্রী মোদি আসলে সব হবে। আপনারা গতবারে আমাদের ফেনী নদীর কিছু সাহায্য করেছেন এবং এখন ভারতের প্রয়োজন আপনাদেরকে সাহায্য করা। বললাম, দিস ইজ গুড। উনি বললেন, এবার আমরা আপনাদের প্রতিদান দিতে চাই।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছি। ভারত আমাদের বড় প্রতিবেশী দেশ। একই সঙ্গে বিশ্বের সব চেয়ে বড় গণতান্ত্রিক দেশ। আমাদের দেশের সঙ্গে ওদের দেশের ইতিহাস, মূল্যবোধ, সংস্কৃতি জড়িয়ে আছে। আমাদের জয়ের সঙ্গে ওদের জয়ও জড়িত। এক্ষেত্রে এসব বিষয় আমরা বিবেচনায় নিয়েছি।

এর আগে সোমাবার সকালে দুদিনের সফরে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা। মঙ্গলবার (৩ মার্চ) শ্রিংলা ঢাকা ত্যাগ করবেন।