Home Blog Page 3114

ঢাকা আমার কাছে নিজের শহরের মতোই : শ্রিংলা

0

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ঢাকায় আসতে পারা আমার জন্য খুবই আনন্দের। কারণ ঢাকা আমার কাছে নিজের শহরের মতোই। ঢাকা ও বাংলাদেশের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি হাই কমিশনার হিসেবে এখানে কাজ করেছি এবং আমার কর্মজীবনের অন্যতম সন্তুষ্টিদায়ক পোস্টিং ছিল এটি। এখানে আসার আগেও ভারত-বাংলাদেশ সম্পর্ক বিষয়ে কাজ করার সময়ে অনেকবার আমি এই সুন্দর দেশে এসেছিলাম।

আজ সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ এবং ভারত: একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ’-শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, আপনারা জানেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই মাসে মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা এই সফরের প্রত্যাশায় রয়েছি। কারণ, আমাদের প্রধানমন্ত্রী এই সম্পর্কের প্রতি অগ্রাধিকার দেন এবং এর চেয়েও বড় কারণ, বঙ্গবন্ধু একজন বিশ্বনন্দিত নেতা এবং বাংলাদেশ ও আমাদের উপমহাদেশের মুক্তির প্রতীক।

তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশে যেমন সম্মান লাভ করেন তেমনই ভারতেও সমান শ্রদ্ধার পাত্র। সুতরাং আমি এই জ্ঞানী, নির্ভীক, দৃঢ়প্রত্যয়ী এবং সর্বোপরি এমন একজন বীর যিনি শোষণের হাত থেকে একটি জাতিকে মুক্তি দিয়েছেন, সেই মহান বঙ্গসন্তানের জন্মশতবর্ষে আপনাদের শুভকামনা জানাই।

তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, শেখ মুজিবুর রহমান আমাদেরও জাতীয় বীর। তাই বঙ্গবন্ধুর জীবনী নিয়ে যৌথ প্রযোজনায় বিশেষ চলচ্চিত্র নির্মাণসহ জন্মশতবর্ষের বিভিন্ন আয়োজনের অংশীদার হতে পেরে আমরা গর্বিত।

শ্রিংলা বলেন, আমাদের নেতাদের বিচক্ষণতার কারণেই আমরা সীমান্ত ও জমি বিনিময়সহ অনেক কঠিন সমস্যা যেগুলো প্রতিবেশীদের মধ্যকার সম্পর্ক নষ্ট করে, সেগুলো চিহ্নিত করে পরিপক্কতার সঙ্গে সমাধান করতে পেরেছি। আমি বলব যে, বাংলাদেশ এবং ভারত যেভাবে এ ধরনের সমস্যাগুলো সমাধান করেছে তা অন্য দেশের জন্য অনুকরণীয়।

সোমবার সকালে বিশেষ বিমানে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস প্রতিরোধে জরুরি পাঁচ স্বাস্থ্য উপকরণ

0

প্রাণঘাতি করোনাভাইরাস ইতিমধ্যেই চীনের উহান থেকে বিশ্বের ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে। মারা গেছেন ৩ হাজারেরও বেশি মানুষ। ফলে বিশ্বের বেশিরভাগ মানুষের মনেই এখন করোনায় আক্রান্ত হওয়ার ভয় ঢুকে গেছে।

বাংলাদেশের তাপমাত্রাও করোনা ছড়ানোর উপযোগী বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তাই দেশের নাগরিকদের এখনই সাবধান হওয়ার ও জীবনাচরণ পরিবর্তনের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এমন পরিস্থিতিতে কারোনার আক্রমণ থেকে বাঁচা এবং ছড়িয়ে পড়া প্রতিরোধ করার জন্য প্রতিদিনের জরুরি স্বাস্থ্যগত অভ্যাসগুলো জানা থাকা জরুরি। হাত দুটো সবসময় পরিষ্কার রাখা, কাশি বা হাঁচি দেওয়ার সময় রুমাল ব্যবহার করা এবং হাতদুটো মুখমণ্ডল থেকে দূরে রাখা তথা স্পর্শ না করা এই তিনটি প্রধান অভ্যাস রপ্ত করতে হবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ও ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে।

এছাড়া প্রতিদিন বাড়ি-ঘর ভালো মতো পরিষ্কার করাও জরুরি। আসুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি স্বাস্থ্য উপকরণের কথা যেগুলো আপনার ঘরে থাকাটা জরুরি।

১. জীবাণুনাশক হ্যান্ডওয়াশ
করোনাভাইরাস প্রতিরোধে বাসায় জীবাণু নাশক হ্যান্ডওয়াশ রাখা জরুরি। প্রতিবার খাবার রান্না বা তৈরি করার আগে ও পরে, খাবার খাওয়ার আগে ও পরে, বাথরুম ব্যাবহারের আগে ও পরে, বাইরে থেকে বাসায় আসার সঙ্গে সঙ্গেই জীবাণু নাশক হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে। এসব কাজ ছাড়াও জীবাণুনাশক হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তা পড়তে পারে বারবার।

টেপের পানি ছেড়ে রেখে হাত ধুতে হবে। হাতের তালু ও পিঠ কবজি পর্যন্ত ডলে ডলে ধুতে হবে। হাতের আঙ্গুল এবং নখ ভালোভাবে পরিষ্কার করতে হবে। অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে।

২. জীবাণুনাশক ক্লিনিং স্প্রে
রান্নাঘরের পরিবেশ স্বাস্থ্যকর রাখতে জীবাণুনাশক ক্লিনিং স্প্রে ব্যবহার জরুরি। খাবার তৈরির আগে ও পরে জীবাণুনাশক ক্লিনিং স্প্রে ব্যবহার করে রান্নাঘর পরিষ্কার করুন। যাতে কোনো রোগজীবাণু খাবারে ঢুকতে না পারে।

রান্নাঘর ছাড়াও বাথরুম, লিভিং রুম, ডাইনিং রুম এবং বেডরুমও পরিষ্কার করুন জীবাণুনাশক ক্লিনিং স্প্রে দিয়ে।

৩. রাবার গ্লভস
হাড়ি-পাতিল ধোয়া, টয়লেট পরিস্কার বা ধুলা-ময়লা পরিস্কার করা মতো গৃহস্থালি কাজের জন্য রাবার গ্লভস ব্যবহার করুন।

৪. বক্সড টিস্যু
বাড়ির প্রতিটি ঘরে টিস্যু রাখুন। যাতে কাশি বা হাঁচির সময় হাত বাড়ালেই টিস্যু পাওয়া যায়।

৫. ভেজা টিস্যু, হান্ড স্যানিটাইজার এবং পকেট টিস্যু
জীবাণুনাশক ভেজা টিস্যু এবং স্যানিটাইজার ঘরে বা বাইরেও ব্যবহার করা যায়। যখন সাবান বা পানি পাওয়া যাবে না তখন এসব ব্যবহার করে জীবাণুর আক্রমণ প্রতিরোধ করা সম্ভব।

পানি বণ্টন চুক্তি চলতি বছরেই হতে পারে : শ্রিংলা

0

ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, পানি বণ্টন ইস্যুতে দুই দেশের মধ্যে যে সমঝোতা হয়েছে তা চলতি বছরেই বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। এরইমধ্যে পানি সংক্রান্ত দুই দেশের যৌথ কমিটি কাজ শুরু করেছে, যা অগ্রগতির একটি অংশ।

আজ সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ এবং ভারত: একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ’- শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শ্রিংলা বলেন, তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে দুই দেশেরই আগ্রহ রয়েছে। এটা নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ চলছে। এই বছরের মধ্যেই অভিন্ন নদীগুলোর পানি বণ্টন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আমি বলতে পেরে খুশি হচ্ছি, দুই পক্ষই স্বীকার করে, অভিন্ন নদী বিষয়ে আমাদের আরো উন্নতির সুযোগ আছে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে গত আগস্ট থেকেই দু’পক্ষের মধ্যে সংলাপ শুরু হয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করছি, শুষ্ক মৌসুমে পানিসংকটের সর্বোত্তম সমাধান খুঁজতে এবং পানি ব্যবস্থাপনার মান উন্নয়ন করতে আমরা বদ্ধপরিকর।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, আমরা ধারাবাহিক এবং ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এ জাতীয় অনেকগুলো সমস্যা সমাধান করেছি। কোনো ধরনের দোষারোপ না করে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের অংশীদারিত্বের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে এসব সমস্যা সমাধান করেছি। তার মানে আমাদের একটা দ্রুত ও বাস্তবসম্মত সমাধান খোঁজার প্রচেষ্টা করতে হবে।

সেমিনারে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, বিসের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল শেখ মাসুদ আহমেদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বিস চেয়ারম্যান এম ফজলুল করিম প্রমুখ।

মুজিববর্ষে অহেতুক কর্মসূচি না দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

0

মুজিববর্ষে বড় বড় বাজেট না দিয়ে জাতীয় কমিটির সঙ্গে সমন্বয় করে কর্মসূচি নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া অহেতুক নতুন কর্মসূচি না নিয়ে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নিজেদের বাজেট থেকে মানুষের কাল্যাণ এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে এমন কর্মসূচি ঘোষণারও নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।

আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমরা প্রিসাইসলি বলে দিয়েছি যে, মুজিববর্ষ উপলক্ষ্যে প্রত্যেকটা মন্ত্রণালয় ও বিভাগ তার একটা নোটেবল প্রোগ্রামকে মুজিববর্ষের প্রোগ্রাম হিসেবে ঘোষণা করবে, তার নরমাল বাজেট থেকে। যদি একসেপশনাল কোনো কাজ থাকে তার জন্য এক্সট্রা টাকা চিন্তা করা যেতে পারে। কিন্তু বড় বড় বাজেট দিয়ে নতুন কাজ করার দরকার নেই। কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে প্রোগ্রাম নিতে বলা হয়েছে।

সচিব বলেন, অর্থ বিভাগ মুজিববর্ষ ঘোষণার সাথে সাথে প্রোগ্রাম নিল ডিসেম্বরের মধ্যে ছয় লাখ পেনশনারের বাড়িতে বসে পেনশন দিয়ে দেবে। এই প্রোগ্রামটা তারা মুজিববর্ষের প্রোগ্রাম হিসেবে ঘোষণা করেছে। কোনো কোনো প্রোগ্রাম করতে গিয়ে যদি ফান্ড লাগে, উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী আনবেন, এটার জন্য পেমেন্ট করতে হবে। স্টেজ হবে এজন্য আলাদা টাকা দেওয়া হবে না, পিডব্লিউডি তার মেইনটেনেন্স বাজেট থেকে করে দেবে। পেমেন্টের দরকার হলে এএফডি তার বাজেট থেকে করে দেবে, এজন্য আলাদা কোনো টাকা দেওয়া হবে না।

তিনি বলেন, মুজিববর্ষে সবাইকে নতুন কিছু করার দারকার নেই। যে প্রোগ্রামটা মানুষের কাল্যাণে বা দেশের উন্নয়নে কনট্রিবিউট করতে পারি ওটা মুবিজববর্ষের সাথে মোর সিনোনিমাস, ওইজাতীয় প্রোগ্রাম, নারমাল যে প্রোগ্রামটা আছে সেটাকে আরও ইফেকটিভ করে দেন।

তিনি আরো বলেন, ২০২১ সালের ১৭ মার্চের আগে পদ্মাসেতুর ফিজিক্যাল কাজ শেষ করে দেব, এটাকে মুজিববর্ষের গ্রোগ্রাম হিসেবে ঘোষণা করলাম। এজন্য টাকা লাগবে কিন্তু ওই টাকা তো ওই প্রজেক্টে ধরাই আছে। কাজটা হয়ত আরো তিন মাস হত, এটাকে বেশি এফোর্ট দিয়ে মার্চ মাসের মধ্যে করার চেষ্টা করব বলেও জানান তিনি।

র‌্যাবের ত্বরিতাভিযান, ১২ ঘণ্টার মধ্যেই মায়ের কোলে ফাহিম

0

সাত মাসের শিশু ফাহিম। বাবা-মা’র সাথে থাকে ঢাকার অদূরে হেমায়েতপুরের জয়নাবাড়ী পশ্চিমপাড়ায়। মা মোসা. শারমিন আক্তার একজন সহকারী নার্স, কাজ করেন ধানমন্ডির স্কয়ার হাসপাতালে। বাবা মো. বাবুল হোসেন গুলশান শাখার ইসিবি ব্যাংকের এমএলএসএস। গত ২৯ ফেব্রুয়ারি রাতে শিশুটির মা তাকে তার নানির কাছে রেখে রাত্রিকালীন ডিউটিতে যায়। পর দিন (০১.০৩.২০২০) সকাল সাড়ে ৯টার সময় বাসায় ফিরে সে আর শিশুটিকে পায়নি।

নানা স্থানে খোঁজাখুঁজির পর যখন তিনি বুঝতে পারেন তার শিশুটিকে কেউ অসৎ উদ্দেশ্যে অপহরণ করেছে, তখনই তিনি ছুটে যান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৪ কার্যালয়ে। তার অভিযোগ পাওয়ার পর পরই কাজে নামে র‌্যাব এর একটি বিশেষ আভিযানিক দল। নানারকম তথ্য যাচাই-বাছাই এর পর আজ সকালে ফরিদপুর জেলার সালথা থানাধীন বড় খায়েরদিয়া থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। সেই সঙ্গে আটক করা হয় দুই আসামিকে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা র‌্যাব ৪ সদর কম্পানির ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার সাগর দীপা বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর পরই অভিযানে নামি। এবং মাত্র ১২ ঘণ্টার মধ্যেই শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হই। এ সময় জেসমিন (৩৮) ও জাহিদ শেখ (৪৩) নামে দুই শিশু চোরকে আটক করা হয়।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

‘মোদিকে প্রতিহত করার ঘোষণায় সরকার বিন্দুমাত্র বিব্রত নয়’

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর প্রতিহত করার ঘোষণায় সরকার বিন্দুমাত্র বিব্রত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রধান মিত্র ভারতের প্রতিনিধি হিসেবে তিনি ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধনে যোগ দিতে আসছেন। ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসা নিয়ে যারা বিরোধিতা করছেন, তাদেরও বিরোধীতা করা উচিত হচ্ছে না।

তিনি বলেন, মোদির সফরে নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশের জনগণ অতিথির সঙ্গে ভালো ব্যবহার করবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরো বলেন, মোদি আসছেন মুজিববর্ষ উপলক্ষে। সম্মানিত অতিথি হিসেবে আমাদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রধান মিত্র ভারতে প্রতিনিধি হিসেবে তিনি ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনে যোগ দিচ্ছে। একই সঙ্গে ১৮ তারিখ দ্বিপক্ষীয় বৈঠক আছে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে অবশ্যই প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী আলোচনা হওয়ার সুযোগ রয়েছে।

এ ছাড়া এনআরসি নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী। এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন।

গুগলের পর এবার আমাজনে করোনাভাইরাস, ভ্রমণে কড়াকড়ি টুইটারে

0

ইতালিতে আমাজনের দু’জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমাজনের মুখপাত্র ড্রিউ হার্ডেনার বলেন, আক্রান্ত কর্মীদের সব ধরনের সহায়তা প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে। আক্রান্তদের কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

এদিকে গুগলের একজন কর্মী সুইজারল্যান্ডের জুরিখে গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। জুরিখের অফিস বন্ধ না করলেও কর্মীদের ইরান, ইতালি, জাপান এবং দক্ষিণ কোরিয়ায় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া চলতি বছরের এপ্রিলে ক্যালিফোর্নিয়ায় হতে যাওয়া গ্লোবাল নিউজ ইনিশিয়েটিভ সামিট বাতিল করে দিয়েছে গুগল। আমাজন যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোতে কর্মীদের অপ্রয়োজনীয় সব ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গত রবিবার টুইটার জানিয়েছে, তাদের কর্মী এবং পার্টনারদের সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নতুন ভিডিওর সন্ধান, কে এই সাবেক নারী সাংসদ?

0

শামীমা নূর পাপিয়ার নতুন ভিডিও লিক হয়েছে। ভিডিওতে পাপিয়াকে নিয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক সংসদ সদস্যকে বারিধারার এক বাড়িতে প্রবেশ করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, চাঁদাবাজি ও হুমকি-ধমকি দিতেই সেদিন ওই বাড়িতে গিয়েছিলেন যুব মহিলা লীগের ওই দুই নেত্রী। সেদিনের ঘটনায় বাড়ির মালিকের পক্ষে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান গ্রুপ ফোর জিডি করেছিল। জিডিতে ওই বাড়িতে জোরপূর্বক প্রবেশের অভিযোগ আনা হয়েছে বলেও সূত্র জানিয়েছে।

সূত্র মতে, চাঁদা আদায় ও অনেক অপকর্মে পাপিয়ার সঙ্গে যেতেন যুব মহিলা লীগের নেত্রী ও সাবেক একজন সংসদ সদস্য। নেপথ্যে কারিগর ছিলেন দলের পদধারী আরেক নেত্রী। এদিকে ভিডিওতে থাকা সাবেক এমপি ও যুব মহিলা লীগ নেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সরকারের উচ্চপর্যায়ে অনুমতি চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অনুমতি পেলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে, পাপিয়ার সঙ্গে সাবেক সাংসদ সাবিনা আক্তার তুহিনের নাম বিভিন্ন গণমাধ্যমে ঘুরেফিরে আসছে। তবে এ সাবিনা আক্তার তুহিন নিজেকে নির্দোষ দাবি করেছেন। এ বিষয়ে সাবিনা কালের কণ্ঠকে জানিয়েছেন তাকে আইনশৃঙ্খলা বাহিনী কোনো জিজ্ঞাসাবাদ করেনি।

গতকাল রবিবার বিকেলে কালের কণ্ঠকে ঢাকায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন বলেন, ‘পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করবে কেন? আমি কি অন্যায় করেছি? আমি রাজনীতি করি। সেই সূত্রে পাপিয়া কেন, সারা দেশে দলের আরো অনেক নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ থাকবে। এটাই সত্য। এর বাইরে পাপিয়াকে জিজ্ঞাসাবাদের সূত্রে আমাকে নিয়ে যা যা বলা হচ্ছে, লেখা হচ্ছে তার কোনো সত্যতা নাই।’

যদি সেই সাবেক নারী সাংসদ সাবিনা না হন, তাহলে তিনি কে? এই প্রশ্ন এখন জনমনে ঘুরছে।

গত ২৫ ডিসেম্বরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট ২১ সেকেন্ডে বারিধারার ওই বাড়ির সামনে এসে থামে সাদা রঙের বিলাসবহুল জিপ। কিছুক্ষণ পরই গাড়ির দুই পাশ দিয়ে নামেন পাপিয়া ও ওই সাবেক নারী সংসদ সদস্য। মিনিট পাঁচেক গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা গ্রুপ ফোর কর্মীদের সঙ্গে কথা বলার পর গাড়ি থেকে শাড়ি পরা আরেক নারী নেমে আসেন। এরপর কয়েকজন নারী ও পুরুষ সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেন তিন নারী। গেটের সামনে সঙ্গীদের রেখে তিনজনই প্রবেশ করেন বাড়ির ভিতরে। এর বেশ কিছু সময় পর দুজনকে বেরিয়ে আসতে দেখা যায় ওই বাড়ি থেকে।

রিমান্ডে তাঁকে জড়িয়ে পাপিয়ার দেওয়া তথ্যের বিষয়ে সাবিনা আক্তার আরো বলেন, ‘আমার সৎসাহস আছে। আমি অন্যায় করলে, কোনো প্রমাণ থাকলে তার দায় আমি নিতে রাজি আছি। তাই বলে মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে সমাজে কালার করার কোনো মানে হয় না। আমার কোনো অপরাধ থাকলে, তদন্তের স্বার্থে পুলিশ যদি আমার সহযোগিতা চায় আমি তাদের সহযোগিতা করব।’

রিমান্ডে পাপিয়াকে জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ‘পাপিয়াসহ অন্যদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এরই মধ্যে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে সেসব তথ্য জানানো যাচ্ছে না। তবে পাপিয়ার তথ্যের সত্যতা জানতে ও তদন্তের প্রয়োজনে আরো অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে।’

‘ভোটার উপস্থিতি কম হওয়ায় ইসি দায়ী নয়’

0

‘ভোটার উপস্থিতি বাড়ানো ইসির কাজ নয়। সুষ্ঠু ভোটের আয়োজন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিত না থাকার অনেকগুলো কারণ থাকতে পারে। এজন্য নির্বাচন কমিশন দায়ী নয়।’

আজ সোমবার (২ মার্চ) ভোটার দিবসের র্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সিইসি বলেন, ভোটার উপস্থিতি বাড়ানো ইসির কাজ নয়। সুষ্ঠু ভোটের আয়োজন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। কেন্দ্রে ভোটার আসা কিংবা না আসা পুরোটা নির্ভর করে রাজনৈতিক দলগুলোর ওপর। তবে ভোটাররা যেনো সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে সেটার নিশ্চয়তা ও ভোটারদের নিজ দায়িত্ব সম্পর্কে সজাগ করার জন্য ভোটার দিবস।

নূরুল হুদা বলেন, ইসির ওপরে মানুষের আস্থা নেই বা আছে, এটা নির্ধারিত করে বলার কোনো সুযোগ নেই। ভোটার ভোট দিতে যাবেন, ইসি ভোটের ব্যবস্থাপনা করবেন। ব্যবস্থাপনার দিক থেকে যা যা করণীয়, আমরা সব করেছি, করে থাকি বা থাকবো। রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ, এগুলো করে থাকি।

সিইসি আরো বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনে এত বড় একটা নির্বাচন হয়ে গেল, শান্তি-শৃঙ্খলা একেবারেই নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। এত বড় জায়গায় সামান্য একটু ধাক্কাধাক্কি ছাড়া সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ ছিল। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছি আমরা।

প্রতিবেশ দূষণ কমানোর জন্য নির্বাচনের প্রচার নিয়ে প্রধান নির্বাচন কমিশনার নূরুল বলেন, পরীক্ষামূলকভাবে আমরা শুরু করেছি। ২১টি জায়গায় পোস্টার লাগানোর জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছি। আমরা বলেছি যে, পাড়ায় পাড়ায় মাইক ব্যবহার করা যাবে না। আমরা বলেছি যে, পথসভাও সংকোচিত করতে হবে। এতে কাজ হলে বিধি পরিবর্তন করে এটা প্রয়োগ করবো।

এর আগে সকাল ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে ভোটার দিবস উদযাপন কর্মসূচি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। পরে সংসদ ভবনের সামনে একটি র‌্যালি বের করা হয়। র‍্যালিটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম, নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এবং ইসির কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সে করোনাভাইরাসের ব্যবস্থাপনায় দিকনির্দেশনা

0

করোনাভাইরাস বিষয়ে সারাদেশের স্বাস্থ্য কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দিতে আজ সকাল থেকে চলছে ভিডিও কনফারেন্স।

স্বাস্থ্য অধিদপ্তরে কনফারেন্স রুমে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ সহ একাধিক অতিরিক্ত মহাপরিচালক ও বিভিন্ন শাখার পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

কনফারেন্সে ঢাকার বাইরে থেকে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন সহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন প্রশ্ন করে করোনা ভাইরাস সম্পর্কে জেনে নিচ্ছেন ঢাকার কর্মকর্তাদের কাছ থেকে।

অনুষ্ঠানে মহাপরিচালক ঢাকার বাইরের সব কর্মকর্তাদেরকে প্রতিদিন অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সেবা ও সচেতনতামূলক ব্যবস্থাপনা প্রস্তুতি রাখার নির্দেশ দেন।

কনফারেন্সে করোনাভাইরাস ছাড়াও ডেঙ্গু এবং অন্যান্য সাধারণ বিষয়ের উপর অধিদপ্তরের কর্মকর্তারা নানান দিকনির্দেশনা তুলে ধরেন।

মহাপরিচালক জানান, এখন করোনাভাইরাসের ইস্যুটি বড় হয়ে উঠায় কনফারেন্সে এ বিষয়টি মুখ্য আলোচক হয়ে উঠেছে। তবে এছাড়াও প্রতি সপ্তাহে তিনদিন করে অধিদপ্তর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিতভাবে এমন ভিডিও কনফারেন্সে অংশ নেন।