Home Blog Page 3128

প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়াকে গ্রেপ্তার করা হয়েছে : ওবায়দুল কাদের

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই যুব মহিলা লীগের নেত্রী শামিমা নূর পাপিয়া ওরফে পিউকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, অপরাধ করলে যে নিজ দলের লোকদেরও শাস্তি দেওয়া হয়-শেখ হাসিনা এর উদাহরণ সৃষ্টি করেছেন।

আজ মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন গ্রেপ্তার করে পাপিয়াকে শাস্তি দিতে। দলীয় কর্মীদের শাস্তি দেওয়ার সৎ সাহস একমাত্র শেখ হাসিনারই রয়েছে। সুতরাং অপরাধ করে পার পাবে, এটা ভাবার কোনো কারণ নেই।

তিনি বলেন, বিএনপিও তো ক্ষমতায় ছিল, তাদের নেতাকর্মীরা কত লুটপাট ও দুর্নীতি করেছে, কিন্তু কোনো অপকর্মের জন্য বিএনপি নেতা-কর্মীদের শাস্তি দিয়েছে, এ নজির নেই। এ সৎ সাহস তাদের নেই, এ সৎ সাহস একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে।

মিরপুরের সড়কে অজ্ঞাত নারীর মৃতদেহ

0

রাজধানীর মিরপুর এলাকার একটি সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানার (এসআই) মো. ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিরপুর ১০ নম্বর সেকশনের হোন্ডাগলি এলাকার সড়কে পড়ে ছিল লাশটি। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে।

এসআই ইমদাদুল আরো বলেন, মৃত নারীর হাত ও শরীরের কিছু অংশ পোড়া ছিল। বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।

অবৈধ ভবন ভাঙতে অভিযান চলছে খিলগাঁওয়ে

0

রাজধানীর খিলগাঁও বাসাবো এলাকায় নকশা বহির্ভূতভাবে নির্মিত অবৈধ ভবন ভাঙতে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়।

রাজউক অথরাইজড অফিসার মোবারক হোসেন বলেন, রাজউকের অনুমোদনবিহীন নকশা বহির্ভূতভাবে নির্মিত ও নির্মাণধীন সব ভবনের বর্ধিতাংশ ভাঙার উদ্দেশ্যে অভিযান চলছে। শুরুতেই রাজউক আহম্মদবাগের ১২২/১ (এ) এর নির্মাণাধীন ভবনটির নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়েছে।

অভিযান শেষে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানান এ রাজউক কর্মকর্তা।

ট্রাম্পের সফরের মধ্যেই দিল্লিতে সংঘর্ষ, নিহত সাত

0

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতাকারী এবং ক্ষমতাসীন বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই আজ মঙ্গলবার দিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশের সদস্যসহ অন্তত সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, সিএএ বিরোধী ও বিজেপি সমর্থকদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের একজন কর্মকর্তা এবং ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে নির্যাতনের শিকার হয়ে ভারতে প্রবেশ করা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ইস্যুতে দীর্ঘদিন ধরেই বিরোধিতা চলছে।

বিক্ষোভকারীদের দাবি, এই আইনে পক্ষপাতিত্ব রয়েছে। মুসলমানদের তালিকা থেকে বাদ রাখার মধ্য দিয়ে বঞ্চিত করা হচ্ছে। পরে আরো বড় ধরনের নির্যাতন করা হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করছেন অনেকেই।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগ মুহূর্তে বিরোধীদলীয় সিনেটররা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কাশ্মীরকে অবরুদ্ধ করে রাখা এবং ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মূল্যায়ন চেয়েছেন তারা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে এর আগে মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ট্রাম্প। আর এবার ট্রাম্প খুশি করার জন্য নানা ধরনের আয়োজন রেখেছে মোদি সরকার।

ভারত সফরে যে কারণে ট্রোলড হলেন ট্রাম্প

0

গতকাল দু’দিনের সফরে ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন মেয়ে ইভাঙ্কা ও জামাতা কুশনার। গতকাল মোতেরা ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনের পর সেখানে ‘নমস্তে ট্রাম্প’ নামের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সে সময় বিবেকানন্দর কথা উল্লেখ করতে দিয়ে তাঁকে ‘বিবেকামনম’ বলে সম্মোধন করেন তিনি । চা-ওয়ালা শব্দকে ‘চি-ওয়ালা’ বা বেদের প্রসঙ্গ টানতে গিয়ে ইংরেজিতে ভেদাসকে ‘ভেসতাস’ বলে ফেললেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এ কারণে ভারত সফরের শুরুতেই ট্রোলড হলেন সোশাল মিডিয়ায়।

এই সফরে ডোনাল্ড ট্রাম্পে সঙ্গে স্ত্রী মেলানিয়া ছাড়াও রয়েছেন মেয়ে ইভাঙ্কা ও জামাতা জ্যারেড কুশনার। গতকাল মোতেরা ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনের পর সেখানে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বিবেকানন্দর কথা উল্লেখ করতে দিয়ে তাঁকে বিবেকামনম বলে সম্মোধন করেন তিনি। এছাড়াও শচিন তেন্ডুকরকে সুচিন তেন্ডুলকর বলেছেন তিনি। শোলে সিনেমাকে ‘শোজে’ বলেন তিনি। এই নিয়েই শুরু হয় বিতর্ক।

স্বামী বিবেকানন্দর নাম উচ্চারণে সমস্যায় পড়ায় অনেকেই ট্রোলড করে লিখছেন, ট্রাম্পের মুখ দিয়ে এসব বিষয়ে বলানো কার বুদ্ধি ছিল? অনেকে আবার বলেছেন, ট্রাম্পের স্পিচ রাইটারদের এ প্লাস গ্রেড দেওয়া উচিত। কেউ কেউ বলেছেন, ট্রাম্প ভারতে আসার আগে অসাধারণ হোম ওয়ার্ক করেছেন। ট্রোলের মাঝেই যদিও অনেকে ট্রাম্পের হিন্দি বলার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

সূত্র : ইটিভি ভারত

আদেশ স্থগিতে আবেদনের ওপর রায় কাল

0

বহুল আলোচিত পি কে হালদারসহ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড (আইএলএফএসএল)-এর সঙ্গে যুক্তদের পাসপোর্ট ও ব্যাংক হিসাব জব্দ করার ওপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের ওপর আগামীকাল বুধবার আদেশ দেবেন আপিল বিভাগ।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। আপিল বিভাগে আজ শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার তানজিব উল আলম। এছাড়া আদালত ইন্টারন্যাশনাল লিজি কম্পানিতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া ইব্রাহিম খালেদ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শাহ আলমের বক্তব্য শোনেন।

এর আগে গত ১৯ জানুয়ারি আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের (আইএলএফএসএল) পরিচালক প্রশান্ত কুমার হালদার, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডি এবং ১০ পরিচালকের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দ এবং সব সম্পদ ক্রোক করার নির্দেশ দেন হাইকোর্ট।

একই সঙ্গে প্রশান্ত কুমার হালদারের মা, স্ত্রী, ভাই প্রিতিশ কুমার হালদার, দুই কাজিন অমিতাভ অধিকারী ও অভিজিৎ অধিকারী, ব্যাংক এশিয়ার সাবেক এমডি এরফানউদ্দিন আহমেদ ও পি কে হালদারের বন্ধু উজ্জ্বল কুমার নন্দীর ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দ এবং সব সম্পদ ক্রোক করার নির্দেশ দেওয়া হয়। ওই ২০ জনের দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞাও দেন আদালত। এ ছাড়া তাঁদের গত পাঁচ বছরের আয়কর রিটার্ন হাইকোর্টে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ওই প্রতিষ্ঠানের স্বাধীন চেয়ারম্যান ও পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে নিয়োগ দেন হাইকোর্ট।

আইএলএফএসএলের সাত আমানতকারীর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দিয়েছেন হাইকোর্ট। আমানতকারীরা তাঁদের জমা রাখা সাড়ে আট কোটি টাকা ফেরত না পাওয়ায় প্রতিষ্ঠানটি দেউলিয়া ঘোষণা এবং তাঁদের পাওনা ফেরত চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন।

হলিউড মোগল হার্ভে উইনস্টেইন ধর্ষণে দোষী সাব্যস্ত

0

হলিউডের প্রখ্যাত প্রযোজক হার্ভে উইনস্টেইন যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক এই হলিউড মোগলের বিরুদ্ধে প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জুরি বোর্ড তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। সোমবার এ বিষয়ে ঘোষণা দিয়েছে আদালত।

সোমবার নিউইয়র্কের একটি জুরি বোর্ড বলেছেন, যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হার্ভে উইনস্টেইন। আর এর ফলে ‘মি টু’ আন্দোলনের জন্য এটি একটি বিজয় হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বজুড়ে ‘মি টু’ আন্দোলনের ঘটনায় এই প্রথম কোন ক্ষমতাশালী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হলো।

জানা গেছে, ৬৭ বছর বয়সী হার্ভের বিরুদ্ধে সাবেক প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। আগামী ১১ই মার্চ তাঁর সাজা শোনানো হবে । তার সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

হলিউড অভিনেত্রী সালমা হায়েক, উমা থারমানসহ ৮০ জন নারী হার্ভে উইনস্টেইন বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। গত ৬ই তার বিরুদ্ধে অভিযোগের বিচার শুরু করে নিউইয়র্কের আদালতে।

এদিকে, সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, আদালতের ওই ঘোষণার পর সোমবার রাতে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় হার্ভে উইনস্টেইনকে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র : বিবিসি, রয়টার্স, নিউইয়র্ক পোস্ট

ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, ৩ বাংলাদেশি নিহত

0

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দেশটির মদিনা আলদার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন চট্টগ্রামের রায়হান, তাঁর স্ত্রী ও ভাতিজী। আহতরা হলেন নিহত রায়হানের ছেলে ও ইকবাল নামের এক মদিনা প্রবাসী ব্যবসায়ী।

জানা গেছে, পবিত্র মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনায় ফিরছিলেন হতাহতরা। পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। মরুভূমির বালু ঝড়ের কারণে তাদেরকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পুরান ঢাকায় ক্যাসিনো বিরোধী অভিযান, মিলল ২০ কোটি টাকা

0

রাজধানীর পুরান ঢাকায় ক্যাসিনো বিরোধী অভিযান চালাচ্ছে র‌্যাব-৩। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় পুরান ঢাকার ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি বলেন, পুরান ঢাকার ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে অভিযান চলছে। বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে, ৫ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে। এছাড়া নগদ প্রায় ২০ কোটি টাকা পাওয়া গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আজ মঙ্গলবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

ব্যাংকে পথশিশুদের সঞ্চয় সাড়ে ৩৮ লাখ টাকা

0

সমাজের সুবিধাবঞ্চিত পথ ও কর্মজীবী শিশুরাও সঞ্চয় করছে ব্যাংকে। ২০১৯ সালের ডিসেম্বর শেষে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে সাত হাজার ৬৪৭ জন পথ ও কর্মজীবী শিশুর হিসাব খোলা হয়েছে। এসব হিসাবে জমানো অর্থের স্থিতি দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩৮ লাখ টাকা। পথশিশুদের পক্ষে দেশের ১৫টি এনজিও এসব ব্যাংক হিসাব পরিচালনা করছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বিভিন্ন স্থানে যেমন বস্তি, রাস্তাঘাট, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও ফুটপাতে বসবাসরত পথশিশু এবং কর্মজীবী শিশু-কিশোরদের ব্যাংকিং সেবায় আনার মাধ্যমে তাদের মধ্যে সঞ্চয় প্রবণতা তৈরি, কষ্টোপার্জিত অর্থের সুরক্ষা, পথভ্রষ্ট হওয়ার প্রবণতা হ্রাস করাসহ তাদের বৃহত্তর কল্যাণে ব্যাংক হিসাব খোলার এই মহতী উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, ২০১৪ সালের ৯ মার্চ ১০ টাকার জামানতে পথশিশুদের ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। তাদের নামে সঞ্চয়ী হিসাব খোলা এবং এসব হিসাব থেকে কোনোরূপ চার্জ না নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। এদিকে দেশের প্রত্যেকটি ব্যাংক মানবিক কারণে পথশিশুদের হিসাব খোলার কার্যক্রমে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য সম্প্রতি দেশের সব ব্যাংকের ফিন্যানশিয়াল ইনক্লুশন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংক থেকে বৈঠকও করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ১৯টি বাণিজ্যিক ব্যাংক সাত হাজার ৬৪৭ জন সুবিধাবঞ্চিত পথশিশু ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। এসব হিসাবে পথশিশুদের জমানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ লাখ ৫৮ হাজার টাকা। আগের প্রান্তিকে সেপ্টেম্বর শেষে চার হাজার ৯০৯ জন পথ ও কর্মজীবী শিশুর হিসাবে জমা করা অর্থের পরিমাণ ছিল ৩৫ লাখ ২৭ হাজার টাকা। ফলে তিন মাসের ব্যবধানে পথ ও কর্মজীবী শিশুদের হিসাব বেড়েছে দুই হাজার ৭৩৮টি। আর জমানো অর্থের পরিমাণ বেড়েছে তিন লাখ ৩১ হাজার টাকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পথশিশুদের সবচেয়ে বেশি হিসাব খুলেছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এই ব্যাংকটি ডিসেম্বর পর্যন্ত দুই হাজার ৯১৯ জন পথশিশুর হিসাব খুলেছে। এক হাজার ১৫৮ জন পথশিশুর হিসাব খুলে দ্বিতীয় স্থানে রয়েছে বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংক। ৯৮৩ জন পথশিশুর হিসাব খুলে তৃতীয় স্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। আর ৫৪৪টি হিসাব খুলে চতুর্থ অবস্থানে আছে পূবালী ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, ২০১৪ সালে প্রাথমিকভাবে ১০টি ব্যাংক পথশিশুদের ব্যাংক হিসাব খোলার দায়িত্ব নেয়। পরে আরো ৯টি ব্যাংক এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে। এগুলো হলো সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, পূবালী ব্যাংক, দ্য সিটি ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক।

দেশের ১৫টি এনজিও শিশুদের অভিভাবক হয়ে পথশিশুদের ব্যাংক হিসাব পরিচালনা করছে। এনজিওগুলো হলো মাসাস, সাফ, উদ্দীপন, অপরাজেয় বাংলাদেশ, ব্র্যাক, নারী মৈত্রী, সিপিডি, প্রদীপন, সাজিদা ফাউন্ডেশন, এএসডি, বাংলার পাঠশালা, ইবিসিআর প্রকল্প, ঘাসফুল, এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও পরিবর্তন।

পথশিশু ও কর্মজীবী শিশুদের পক্ষে হিসাবটি এনজিও প্রতিনিধিরা পরিচালনা করলেও হিসাব ফরম ও অর্থ জমার বইয়ে হিসাবধারী শিশু-কিশোরদের অনুস্বাক্ষর নেওয়ার কথা বলা হয়েছে। তবে এ ধরনের হিসাবে কোনো নমিনির দরকার হবে না বলেও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা আছে।