Home Blog Page 3148

ভাষা শহীদদের ঋণ শোধ হবার নয় : শিল্পমন্ত্রী

0

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ কখনো শোধ করা যাবে না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ভাষা শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।

আজ রবিবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী সরকারি কলেজ প্রাঙ্গণে নান্দনিক কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় ভাষা সৈনিকদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে কেন্দ্রীয় এই শহীদ মিনারটি নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে মনোহরদী পৌরসভা। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন।

বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য যে সকল সূর্য্যসন্তান শহীদ হয়েছেন তাদের স্মরণে দৃষ্টিনন্দন এই শহীদ মিনার নির্মাণ করা হয়। নয়নাভিরাম পরিবেশে দৃষ্টিনন্দন এ শহীদ মিনারটি ইতিমধ্যে স্থানীয়দের নজর কড়েছে। প্রশংসা করেছেন উপস্থিত অতিথিরাবৃন্দরা।

মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক, নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা প্রমুখ।

শহীদ মিনারের প্রশংসা করে শিল্পমন্ত্রী আরো বলেন, ভাষার মাসে মনোহরদী পৌরসভা নিঃসন্দেহে একটি ভালো কাজ করেছে। এতদিন পর সুন্দর পরিবেশে মনোহরদীবাসী ভাষা সৈনিকদের শ্রদ্ধার জন্য উপযুক্ত একটি শহীদ মিনার পেয়েছে।

পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন বলেন, মনোহরদীতে ভাষা সৈনিকদের শ্রদ্ধার জন্য যথাপোযুক্ত কোনো শহীদ মিনারের দাবি ছিল সব শ্রেণির মানুষের। তাই ভাষার মাসে মনোহরদীবাসীর জন্য নান্দনিক একটি কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। আশা করি এই শহীদ মিনার এলাকার মানুষের দৃষ্টি কাড়বে।

উদ্বোধন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে গান পরিবেশন করেন সুকুমার বাউল।

ইউএনওদের মাধ্যমে রাজাকারদের তালিকা হচ্ছে

0

উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে রাজাকারদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। আজ রবিবার জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সরকার দলীয় সংসদ সদস্য অসীম কুমার উকিলের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী আরো জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গত বছরের ২৮ আগস্ট জেলা প্রশাসকদের বরাবর রাজাকারের তালিকা সংগ্রহের জন্য পত্র প্রেরণ করা হয়। তার প্রেক্ষিতে ১২ জন জেলা প্রশাসক মাত্র ৩৯৯ জনের একটি আংশিক তালিকা প্রেরণ করেন। রাজাকারদের পূর্ণাঙ্গ নাম তালিকা সংগ্রহ করার জন্য যুদ্ধকালীন কমান্ডারসহ প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে রাজাকারের তালিকা সংগ্রহ করার নির্দেশ প্রদানের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসকদের বরাবর পুনরায় পত্র প্রেরণ করার কার্যক্রম চলমান রয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সর্বশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভূক্তির দরখাস্ত আহ্বান করা হয়। যার সর্বশেষ তারিখ ছিল ২০১৪ সালের ৩১ অক্টোবর। অনলাইনে এবং সরাসরি প্রক্রিয়ার মাধ্যমে প্রায় এক লাখ ৫০ হাজার আবেদন পাওয়া যায়।

মন্ত্রী জানান, এসব আবেদন উপজেলা/জেলা/ মহানগর পর্যায়ে ৪৭০টি কমিটি গঠন করে যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ কমিটি থেকে প্রতিবেদন পাওয়া গেছে। ৮৫টি কমিটির মধ্যে থেকে প্রতিবেদন পাওয়া যায়নি। যাদের মধ্যে ৫৪টি মামলা এবং অবশিষ্টগুলো কমিটির সদস্যদের মধ্যে অন্তঃদ্বন্দ্বের কারণে যাচাই-বাছাই শেষ হয়নি। এগুলো শেষ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরো যাচাই-বাছাই কার্যক্রম সমাপ্ত হওয়ার পর কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা বাদ পড়ে থাকলে তাঁর বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

দক্ষিণের ৩১ নম্বর ওয়ার্ডের ফলাফলের ওপর স্থগিতাদেশ

0

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১ ওয়ার্ডে গত ১০ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফলের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। দুই মাসের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে গত পহেলা ফেব্রুয়ারি ঘোষিত ফলাফলের ভিত্তিতে গেজেট প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট নয়জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। ৩১ নম্বর ওয়ার্ড নির্বাচনে কাউন্সিলর পদে নিজেকে বিজয়ী দাবি করে জুবায়েদ আদেলের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। রিট আবেদনকারীপক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

আদেশের পর অ্যাডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রিজাইডিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে জুবায়েদ আদেলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। পরবর্তীতে কমিশনের যুগ্ম সচিব মো. আব্দুল বাতেন উক্ত ভোটের ফলাফল পরিবর্তন করে নতুন ফল ঘোষণা করেন। এতে সরকার দলীয় প্রার্থী শেখ মোহাম্মদ আলমগীরকে নির্বাচিত ঘোষণা করা হয়। এ অবস্থায় জুবায়েদ আদেল রিট আবেদন করেন।

‘আবেদন করলেই খালেদা জিয়া প্যারোলে মুক্তি পাবেন না’

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্যারোলে মুক্তির জন্য আবেদন করলেই যে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে বিষয়টি সেরকম নয়। খালেদা জিয়ার প্যারোলে মুক্তি আদৌ প্রয়োজন আছে কি না সেটাও দেখতে হবে। কারণ তিনি বঙ্গবন্ধু মেডিক্যালে সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক সমস্যাগুলো পুরনো, সেই সমস্যাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে তথ্যমন্ত্রীর পিতা মুক্তিযুদ্ধের সংগঠক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক জেলা পিপি মরহুম অ্যাডভোকেট আলহাজ্ব নুরুচ্ছাফা তালুকদারের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে সরকার বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে চায়। সেটাকে বিএনপি আন্দোলনের বিজয় বলছে। যদি খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয় প্রতিষ্ঠিত হয় সেটা কি আন্দোলনের ফল নাকি মানবিকতা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রথমত বেগম খালেদা জিয়ার পরিবার কিংবা তার দল কোনোটার পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন জানায়নি। তারা মুক্তির কথাটা বলছেন টেলিভিশনের সামনে ও গণমাধ্যমে। আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি পরিবারের পক্ষ থেকে প্যারোলে হলেও তার মুক্তি চান।

তিনি বলেন, প্যারোলে হচ্ছে বিশেষ ব্যবস্থায় মুক্তি। বিভিন্ন বন্দিদের প্যারোলে মুক্তি দেওয়া হয়। এটি কোনোভাবেই আইনের মাধ্যমে মুক্তি নয়। এটি একটা প্রশাসনিক ব্যবস্থা। কারো নিকটাত্মীয় স্বজন মৃত্যুবরণ করলে বা অন্যকোনো বিশেষ কারণে নানা সময় প্যারোলে মুক্তি দেওয়া হয়। বেগম খালেদা জিয়া স্বাস্থ্যগত কারণে প্যারোলে মুক্তি চান কি না? তাদের দল বারবার বলছে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবে। গত ১১ বছরে বিএনপির পক্ষে কোনো আন্দোলন করা সম্ভবপর হয়নি।

তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার কোনো ক্ষমতা বিএনপির নাই। বেগম খালেদা জিয়া কোনো রাজবন্দি নন। তাকে মুক্ত করতে হলে আইনের মাধ্যমেই করতে হবে। তারা যে প্যারোলের কথাগুলো বলছেন তারা যখনই আবেদন করবে তখনই শুধুমাত্র এটি নিয়ে কথা বলার সুযোগ তৈরি হবে, তার আগে নয়। তাদের পক্ষ থেকে তো এখনো প্যারোলে মুক্তির কোনো আবেদন জানানো হয়নি।

ড. হাছান মাহমুদ বলেন, ২০০৪ সালে যখন বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী তখন তার সরকারের পৃষ্টপোষকতায় এবং তার পুত্রের তত্ত্বাবধানে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। আর বর্তমানে বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সাজা ভোগ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি জিঘাংসার রাজনীতি করতেন তাহলে তিনি এখন কারাগারেই থাকতেন। তিনি বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে থাকতেন না।

স্মরণসভা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে অ্যাডভোকেট নিখিল কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাইমুম সরওয়ার কমল এমপি, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক, আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ, আয়ুব খাঁন, অশোক কুমার দাশ, মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, জেলা পিপি নাজমুল আহসান খাঁন। এতে মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের সহধর্মিনী অ্যাডভোকেট কামরুননাহার বেগম।

বিসিএসে প্রবেশের বয়সসীমা ৩২ বছর কেন নয় : হাইকোর্ট

0

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশগ্রহণের বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর করা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের বয়সসীমা সংশোধন করে কেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণের বয়সসীমার সমান করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ রুল জারি করেন। মন্ত্রিপরিষদ, জনপ্রশাসন, আইন ও শিক্ষা সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ফরিদপুরের মধুখালীর বিজিত সরকারসহ ছয় জনের করা রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ এর ১৪(১) ধারায় বলা হয়েছে, কমিশন কর্তৃক যে মাসে বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন জারি করা হইবে উক্ত মাসের প্রথম তারিখে কোনো প্রার্থীর বয়স ২১ বৎসরের নিম্নে বা ৩০ বৎসরের ঊর্ধ্বে হইলে তিনি উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না। অপরদিকে ত্রয়োদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০১৯ এর বিজ্ঞপ্তির ৪ নম্বর কলামে বলা হয়, প্রার্থীর বয়স অনধিক ৩২ বছর। প্রার্থীর বয়স বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

এ বিষয়ে ব্যারিস্টার আলতাফ হোসেন বলেন, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বয়সসীমা ৩২ বছর। অথচ বিসিএস-এ ৩০ বছর। এটা সংবিধানের ২৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান সুযোগ থাকবে।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

0

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে। আজ রবিবার দুপুরে এ ঘোষণা দেওয়া হয়।

অধিনায়ক হিসেবে এ যাত্রায় মমিনুলের কাঁধেই দায়িত্ব চলে এসেছে। এছাড়া এবার নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ ও ইয়াসির আলী।

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার থেকে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২২ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে একমাত্র টেস্ট। ১ মার্চ সিলেটে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে। ৯ ও ১১ মার্চ ঢাকায় দুই টি টুয়েন্টি। সফর শেষে ১২ মার্চ ঢাকা ছাড়ার কথা রয়েছে জিম্বাবুয়ের।

১৫ সদস্যের এ দলে পাকিস্তান সফরের দলের তুলনায় চারটি পরিবর্তন আনা হয়েছে।

এতে ব্যাটসম্যান মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও পেসার রুবেল হোসেন ও আল আমিন বাদ পড়েছেন।

এতে যোগ হয়েছেন মুশফিকুর রহিম। অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। এছাড়া বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিডস্টার তাসকিন আহমেদ যোগ হয়েছেন।

স্কোয়াডে যোগ হয়েছেন ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী ও ফাস্ট বোলার হাসান মাহমুদ।

সম্পূর্ণ স্কোয়াড-

মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মো. মিথুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, নাইম হাসান, ইবাদাত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলি চৌধুরী।

মধুর প্রতিশোধ

0

ভ্যালেন্টাইনস ডে-তে স্ত্রী দীপিকা পাড়ুকোনের না দেখা একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রণবীর সিং। ভিডিওতে দেখা যাচ্ছে একটি রেস্তোরাঁয় বসে রণবীর-আলিয়ার ছবি গল্লি বয়-এর জনপ্রিয় গান ‘আপনা টাইম আয়েগা’-র সঙ্গে র‌্যাপ করছেন দীপিকা।

ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে রণবীর লিখেছেন, ‘মনে হচ্ছে আমি আমার চিয়ারলিডার পেয়ে গেছি।’

রণবীর যে অপ্রস্তুত অবস্থায় ধারণ করা ভিডিও পোস্ট করে দেবেন তা ভাবতেও পারেননি দীপিকা। সেই পোস্টে দীপিকা মন্তব্য করেন, ‘আরে! কী করেছো। পুরোই এলোমেলো।’

আর এর পরেই মধুর প্রতিশোধ নিলেন দীপিকা। ইনস্টাগ্রামে শেয়ার করলেন ফেসপ্যাক লাগিয়ে শুয়ে থাকা রণবীর ছবি। ছবির সঙ্গে লিখেছেন, ক্লিওপেট্রা খুবই ব্যস্ত, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন!

হাসকিং মিলের বয়লার বিস্ফোরিত হয়ে নিহত ১

0

ঠাকুরগাঁও সদর উপজেলা রাজাগাঁও গ্রামে হাসকিং মিলের বয়লার বিস্ফোরিত হয়ে সলেমান আলী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসকিং মিলের মালিকসহ কমপক্ষে আটজন আহত হন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় জানান, রবিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নম্বর রাজাগাঁও ইউনিয়নের রাজাগাঁও গ্রামের ভাই ভাই হাসকিং মিলে শ্রমিকরা ধান সেদ্ধর কাজ করছিল। বেলা অনুমান ১১টায় হাসকিং মিলের বয়লারটি আকস্মিকভাবে বিস্ফোরিত হয়ে প্রায় ২ শ গজ দূরে বাদিয়া মার্কেট বাজারের পাশে গিয়ে পড়ে। বিস্ফোরণে বয়লারের গরম পানিতে ঝলসে গিয়ে ঘটনাস্থলে সলেমান আলী (৫০) নামে একজন মিল শ্রমিক নিহত হন। তিনি ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

এ ঘটনায় মিলের আট শ্রমিক আহত হয়। আহতদের তাৎক্ষণিক ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো, রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

জামিয়ার ছাত্রদের ওপর নির্যাতনের ভিডিও প্রকাশ

0

সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালায় পুলিশ। সেই পুলিশি তাণ্ডবের ভিডিও এবার সামনে এসেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, লাইব্রেরিতে ঢুকে একতরফা তাণ্ডব চালিয়েছে দিল্লি পুলিশ।

ভিডিওতে দেখা গেছে, পুলিশ বিশেষভাবে সজ্জিত হয়ে লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারতে থাকে।

৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকে হঠাৎ করেই নির্বিচারে লাঠি দিয়ে শিক্ষার্থীদের পেটাতে থাকে দাঙ্গা পুলিশ।

গত বছরের ১৫ই ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

ওইদিন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে ও লাঠিচার্জ করে। এছাড়া বেআইনিভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে প্রায় একশোজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশের ভূমিকায় ব্যাপক সমালোচনা হলে, নির্যাতনের অভিযোগ অস্বীকার করে পুলিশ।

গত ১৫ ডিসেম্বর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের একটি মিছিল করেন সিএএ-র বিরোধিতা করে। এরপরই সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের উপরে চড়াও হয় পুলিশ। পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাস ছুঁড়ে আন্দোলন প্রতিহত করতে চেষ্টা করে। পরে বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে প্রায় ১০০ জনকে আটক করে তারা।

ঘটনার পরে পুলিশের ভূমিকা নিয়ে সরব হন বহু মানুষ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তাদের ওই পদক্ষেপ করতে হয়েছিল।

জামিয়ার ছাত্রদের অনেকেই ওই হিংসাত্মক ঘটনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল। পরে পুলিশ আড়ালে জানিয়েছিল স্থানীয় দুষ্কৃতীরাই অশান্তি তৈরি করেছিল। পরে শিক্ষার্থীদের তরফে এক বিবৃতিতে বলা হয়, তারা আবারও প্রতিবাদ করবে। তবে আন্দোলন হবে শান্তিপূর্ণভাবেই।

কেজরিওয়ালের ঐতিহাসিক শপথ আজ

0

দিল্লির মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। হেভিওয়েট জয়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো দিল্লির মসনদে বসছেন কেজরিওয়াল। আজ রবিবার দিল্লির রামলীলা ময়দানে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

যে মঞ্চ থেকে রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়েছিল কেজরিওয়ালের, সেই রামলীলা ময়দানের মঞ্চেই আরও পাঁচ বছরের জন্য দিল্লির প্রশাসনিক প্রধানের দায়িত্বভার কাঁধে তুলে নিতে চলেছেন তিনি।

দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬২ আসন পেয়ে দুরন্ত জয় পেয়েছে আম আদমি পার্টি। বিজেপি পেয়েছে মাত্র আটটি। ২০১৫ সালের কাছাকাছিই ফলাফল করেছে আম আদমি পার্টি।

জানা গেছে, এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির সাত বিজেপি সাংসদ ও নবনির্বাচিত আট বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, এই শপথগ্রহণ অনুষ্ঠান ‘দিল্লিকেন্দ্রিক’ রাখার সিদ্ধান্ত নিয়েছে এএপি-র নেতৃত্ব। তাই এই অনুষ্ঠানে অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বা ভিন রাজ্যের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি।

জানা গেছে, রামলীলা ময়দানে মঞ্চের সামনে বসার জন্য প্রায় ৪৫ হাজার চেয়ারের বন্দোবস্ত থাকছে।