Home Blog Page 3181

সীমান্তে হত্যা বন্ধে সর্বাত্মক প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিক কর্তৃক হত্যা বন্ধে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরো জানান, সীমান্তে হত্যা বন্ধে সরকার কূটনৈতিক পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।

আজ রবিবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এতথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এসংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের মোহাম্মদ সাহিদুজ্জামান।

জবাবে মন্ত্রী আরো জানান, গত ২৫ থেকে ৩০ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে হত্যাকে শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে বিএসএফ একমত পোষণ করেছে। আন্তঃসীমান্ত অপরাধ ও চোরাচালান রোধে সীমান্ত এলাকা নজরদারিতে রাখার জন্য বিজিবি ইউনিটগুলো সার্বক্ষণিক টহল পরিচালনা করছে। এছাড়া সীমান্ত এলাকার জনগণের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিএনপির মো. হারুনুর রশীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রকল্প, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওতে সর্বমোট ২৬ হাজার ২৪০ জন ভারতীয় কর্মরত রয়েছেন।

আওয়ামী লীগের মো. নাছিমুল আলমের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান জানান, সরকার জনগণের নিরাপত্তা ও আইন-শৃংখলা উন্নয়নে এবং নির্মম ও হৃদয়কে ব্যথিত করে তোলে এমন অপরাধ; যেমন নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধে সবচেয়ে সফল। দেশের আইন শৃংখলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের লক্ষ্যে র‌্যাবের গৃহীত পদক্ষেপের ফলে সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেযোগ্য মাত্রায় কমেছে। একইসঙ্গে জনগণের আর্থ সামাজিক অবস্থার উন্নতি সাধিত হয়েছে ও অর্থনৈতিক উন্নয়নের গতিধারা বৃদ্ধি পেয়েছে।

সরকারি দলের মোরশেদ আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দুটি দেশের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। দেশ দুটির হচ্ছে- ভারত ও সংযুক্ত আরব আমিরাত।

করোনাভাইরাস : পরীক্ষা করেই বিদেশি ক্যাপ্টেনদের ঢুকার অনুমতি

0

চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়া জাহাজ থেকে নেমে বিদেশি ক্যাপ্টেন-প্রকৌশলী যারা চট্টগ্রাম শহরে প্রবেশ করছেন তাদের শতভাগ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বন্দর গেইটে স্থাপিত ইনফ্রায়েড থার্মোমিটার দিয়ে যাদের জ্বর মাপা হচ্ছে; পরে করোনাভাইরাস লক্ষণসমূহ সনাক্ত করেই বন্দরের বাইরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে।

একইসাথে চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়া জাহাজগুলোতে করোনাভাইরাস সনাক্তে পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু বহির্নোঙরে জাহাজগুলোতে থাকা ক্যাপ্টেন-প্রকৌশলীদের এই ধরনের কোন পরীক্ষার আওতায় আনা হয়নি।

চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে আসা জাহাজের নাবিকদের স্বাস্থ্য পরীক্ষার কাজটি করে থাকে বন্দর স্বাস্থ্য কর্মকর্তা। একইসাথে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে আসা যাত্রী-ক্যাপ্টেনদের স্বাস্থ্য পরীক্ষার কাজটিও করে থাকে সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীন এই বিভাগ।

জানতে চাইলে বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মোতাহার হোসেন কালের কণ্ঠকে বলেন, চট্টগ্রাম বন্দর এক নম্বর গেইটে ইনফ্রায়েড থার্মোমিটার দিয়ে প্রত্যেক বিদেশি ক্যাপ্টেনদের সনাক্ত করার কাজ হচ্ছে। শুক্রবার থেকে আমরা কাজ শুরু করেছি। স্বাস্থ্য পরীক্ষায় শুধু চীন নয়; সবদেশের নাগরিকদের পরীক্ষা করা হচ্ছে। গত শুক্রবার ১০ জন, শনিবার ৩৬ জন এবং রবিবার ৫৪ জন ক্যাপ্টেন-প্রকৌশলীর স্বাস্থ্য পরীক্ষা করেছি। সেখানে নিশ্চিত হওয়ার পরই শহরে ঢুকার অনুমতি দেয়া হচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই পরীক্ষা করা হচ্ছে।

জেটিতে আসা জাহাজের নাবিকদের স্বাস্থ্য পরীক্ষায় আওতায় আনা হলেও বহির্নোঙরে আসা বিপুল বিদেশি জাহাজে থাকা ক্যাপ্টেন-প্রকৌশলীরা এই আওতার বাইরে থাকছেন। ফলে তাদের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকেই যাচ্ছে।

বহির্নোঙরে কেন পরীক্ষা করেন না জানতে চাইলে বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মোতাহার হোসেন বলেন, এটি আমাদের আওতার মধ্যে নেই, তাই করছি না। আর সেখানে পৌঁছে পরীক্ষা করার সাপোর্টও দরকার।

এদিকে ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে করোনাভাইরাস সনাক্তে আধুনিক থার্মাল স্ক্যানার বসানো হলেও চট্টগ্রাম সমুদ্রবন্দরে এই ধরনের যন্ত্র নেই। চট্টগ্রাম আর্ন্তজাতিক বিমানবন্দরেও নেই। কিন্তু চট্টগ্রাম সমুদ্রবন্দরে পরীক্ষা করা হচ্ছে ইনফ্রায়েড থার্মোমিটার দিয়ে।

জানতে চাইলে বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মোতাহার হোসেন বলেন, এটি খুব ব্যয়বহুল এবং সবচে আধুনিক; তবে পরিচালনা করাও সময়সাপেক্ষ ব্যাপার। তাই সাময়িকভাবেই ইনফ্রায়েড থার্মোমিটার দিয়ে কাজ করছি; এটি এক ফুট দুর থেকে পরীক্ষা করা যায়। ভালোই কাজ হচ্ছে।

এদিকে করোনাভাইরাস প্রতিরোধে জেটিতে পরীক্ষা এবং বহির্নোঙরে পরীক্ষাবিহীন অবস্থার মধ্যে রবিবার প্রথম বৈঠক ডেকেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। করোনাভাইরাস আতঙ্কের পর করণীয় নির্ধারণে এটিই প্রথম বৈঠক। আগামীকাল সোমবার সকালে বন্দর ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত থাকবেন করোনাভাইরাস প্রতিরোধে সরাসরি কর্মরত বন্দর স্বাস্থ্যবিভাগ, ইমিগ্রেশন কর্মকর্তা, বার্থ অপারেটর, শিপ হ্যান্ডলিং অপারেটর, শিপিং এজেন্ট, বন্দর হারবার ও মেরিন এবং বন্দর হাসপাতালসহ সংশ্লিষ্ট বিভাগ। সেখানে বেশকিছু সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা।

জানতে চাইলে চট্টগ্রাম বন্দর ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম কালের কণ্ঠকে বলেন, করোনাভাইরাসের টিকা নেই; তবে প্রতিরোধেই আমরা কাজ করবো। এজন্য সব স্টেকহোল্ডারদের ডাকা হয়েছে। বৈঠকে বন্দরের প্রস্তুতি অবহিত করা হবে এবং ব্যবহারকারীদের কাছ থেকে প্রতিরোধে সুনির্দিষ্ট পরামর্শ চাওয়া হবে। এরপরই আমরা সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে পারবো।

সীমান্তে হত্যা খুবই লজ্জাজনক : পররাষ্ট্রমন্ত্রী

0

সীমান্তে হত্যা খুবই লজ্জাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশিদের হত্যার ঘটনা ঘটেই চলেছে, এটি আমাদের জন্য খুবই লজ্জাজনক। এ ধরনের হত্যাকাণ্ড সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

তিনি বলেন, সেদিন ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে বলেছি, বাংলাদেশ-ভারত সম্পর্ক অত্যন্ত উন্নত। এর মধ্যে এগুলো হবে কেন? এগুলো খুবই লজ্জাজনক। আমরা চাই, সীমান্তে যাতে একজনও প্রাণ না হারান।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আবদুল মোমেন এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে অত্যন্ত সজাগ। এ ধরনের কোনো ঘটনা যখনই ঘটে, আমরা ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে জিজ্ঞাসা করি এগুলো কেন হচ্ছে?

এ বছর সীমান্তে হত্যাকাণ্ড অনেক বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। ভারত সরকার সব সময় প্রতিশ্রুতি দিয়েছে যে, সীমান্তে একজনও মারা যাবে না। কিন্তু তারপরও হত্যাকাণ্ড ঘটছে।

মন্ত্রী বলেন, আমরা ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে বলেছি এটি আমাদের জন্য লজ্জাজনক। বাংলাদেশ-ভারত সম্পর্ক এত উন্নত, এর মধ্যে কেন এগুলো হবে?

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।

আমাদের সাহিত্য-সংস্কৃতি বিশ্ব দরবারে পৌঁছে দিতে চাই : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের শিল্প, কলা, সাহিত্য, সংস্কৃতিকে আমরা আরো উন্নতমানের করে শুধু আমাদের দেশে না, বিশ্ব দরবারে পৌঁছে দিতে চাই। আমাদের সাহিত্য আরো অনুবাদ হোক। বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষ আমাদের সাহিত্যকে জানুক, আমাদের সংস্কৃতিকে জানুক, সেটাই আমরা চাই। বাংলা একাডেমি এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নিয়েছে।

আজ রবিবার দুপুরে বাংলা একাডেমিতে অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলা ভাষা আজ দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে মানুষের প্রাণে অনুরণিত হয়। ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ স্বীকৃতি আদায়ের জন্য কানাডা প্রবাসী সালাম ও রফিকসহ কয়েকজন বাঙালি উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার এ বিষয়ে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করে। যার ফলে ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন আমার মা সব সময় লেখার খাতা কিনে দিয়ে কিছু লেখার জন্য অনুরোধ করতেন। সেই থেকে তার লেখা শুরু।

বঙ্গবন্ধু প্রসঙ্গে তিনি বলেন, একজন রাজনৈতিক নেতা যিনি এত অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন পাকিস্তানি শাসক দ্বারা। কেবল তিনি এই নির্যাতন ভোগ করেই তিনি বিদেশে গেলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি পাকিস্তানি শাসকরা যে তাকে এত অত্যাচার করেছে বা এখানে এত কিছু করেছে সে বিষয়ে কিন্তু কোনো কথা কারও কাছে বলেন নাই। বরং তিনি বলছেন আমাদের দেশের ভেতরে যা হচ্ছে সেটা- আমরা তো বিদেশে এসে দেশের বদনাম করতে পারি না।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এখানে দেখি আমাদের দেশে অনেকেই বিদেশিদের কাছে আমাদের দেশের বদনাম করতে গেলেই যেন আরো বেশি উৎসাহিত হয়ে যা না ঘটে তা আরেকটু বেশি করে বলে। এই প্রবণতাটা আমরা দেখি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ প্রকাশিত হলেও চীন সফরের অভিজ্ঞতা নিয়ে লেখাটি সব থেকে পুরনো বলেও উল্লেখ করেন তার শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী মেলা ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোস্তফা কামাল, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন প্রমুখ উপস্থিত ছিলেন।

‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রতিহত করুন : রুশ মুফতি পরিষদ

0

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন সংকট সমাধানের লক্ষ্যে ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ নামে কথিত শান্তি পরিকল্পনা উত্থাপন করেছেন। এই পরিকল্পনা প্রতিহত করার আহ্বান জানিয়েছে রাশিয়ার সবচেয়ে বড় মুসলিম সংগঠন।

রুশ মুফতি পরিষদের পরিচালক নাফিকুল্লাহ আশিরোভ শনিবার মস্কোয় এক বক্তব্যে এ আহ্বান জানান।

নাফিকুল্লাহ আশিরোভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধা পাওয়ার লক্ষ্যে তড়িঘড়ি করে এই পরিকল্পনা ঘোষণা করেছেন।

আশিরোভ বলেন, ডেমোক্র্যাটরা যখন মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে ইমপিচ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ট্রাম্প চরম রাজনৈতিক বেকায়দায় রয়েছেন তখন এ পরিকল্পনা ঘোষণা করা হলো। এছাড়া, ইসরায়েলি প্রধানমন্ত্রীও আদালতে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা নিয়ে অস্বস্তিতে রয়েছেন। রুশ
রুশ মুফতি পরিষদের প্রধান বলেন, ফিলিস্তিনি জাতি কখনো তাদের স্বার্থ-বিরোধী ও ইসলাম-বিদ্বেষী এ পরিকল্পনা মেনে নেবে না।

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের নাম করে ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ পরিকল্পনা প্রকাশ করেন। তবে এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরায়েলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মার্কিন-ইহুদিবাদী এই পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া, জর্ডান নদীর পশ্চিম তীরের অবশিষ্ট অংশ ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।

গির্জায় পদদলিত হয়ে নিহত ২০

0

তানজানিয়ার উত্তরাঞ্চলে একটি গির্জার মাঠে উপাসনার সময় পদদলিত হয়ে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১২ জন।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

কিলিমাঞ্জারো পর্বতমালার পাদদেশের মোশি শহরের একটি মাঠে শনিবার সন্ধ্যায় শত শত ব্যক্তি জড়ো হন। সে সময় ‘আশীর্বাদযুক্ত তেলে’র ওপর দিয়ে আগে হাঁটতে তারা হুড়াহুড়ি করেন। এতে ওই দুর্ঘটনা ঘটে।

মোশি জেলা কমিশনার কিপি ওয়ারিওবা বলেন, প্রার্থনাকারীরা আশির্বাদযুক্ত তেল আগে নিতে হুড়াহুড়ির সময় তারা পদদলিত হয়।

কর্তৃপক্ষের আশঙ্কা, বিপুল পরিমাণ মানুষ জড়ো হওয়ার পাশাপাশি ঘটনার সময় সেখানে অন্ধকার থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্র : আল-জাজিরা, রয়টার্স

যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জায় ১০ হাজার মানুষ মারা গেছে

0

গত বছর যুক্তরাষ্ট্রে এক কোটি ৯০ লাখ মানুষ উনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে এক লাখ ৮০ হাজার জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে ১০ হাজার মানুষ আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরতে পারেননি।

জানা গেছে, নিহতদের মধ্যে ৬৮ জন শিশুও ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেখানকার ৪১টি রাজ্যে ফ্লু ছড়িয়ে পড়েছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, গত বছরের নভেম্বর থেকে ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের সংখ্যা বেড়েছে।

অন্যদিকে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত তিনশ চারজন মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৪ হাজার চারশ ৪১ জন।

অস্ট্রেলিয়ায় দাবানলে বহু ভবন ধ্বংস, আরো ক্ষয়ক্ষতির শঙ্কা

0

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে গতকাল রাতের ভয়াবহ দাবানলে কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। তবে আজ রবিবার দাবানলের বিধ্বংসী অবস্থা কিছুটা কমেছে।

যদিও এখনই দাবানল নিয়ন্ত্রণে আসার ব্যাপারে আশাবাদী নন সরকারি কর্মকর্তারা। তারা বলছেন, এই দাবানলে সেখানে আরো ক্ষয়ক্ষতি হতে পারে।

বেগা ভ্যালির মেয়র ক্রিস্টি ম্যাকবেইন বলেন, ক্যানবেরা থেকে ২৪০ কিলোমিটার দূরে দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে কিছুটা কমেছে দাবানল। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা হয়নি। সেখানে আরো ঘরবাড়ি ধ্বংস হয়ে যেতে পারে।

তিনি আরো বলেন, আমাদের মনে হচ্ছে আরো কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংসের কবলে পড়তে পারে। আমরা আমাদের নাগরিকদের পাশে থাকার চেষ্টা করছি।

ওই এলাকায় এ বছর দাবানলে এখন পর্যন্ত চার শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে বলেও জানান মেয়র।

স্ত্রীর মুন্ডু কেটে জাতীয় সংগীত গাইল স্বামী!

0

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুন করেছে তাঁর স্বামী। স্ত্রীর মুন্ডু কেটে সোজা পৌঁছে যায় থানায় সে। সেখানে গিয়ে জাতীয় সংগীত গাওয়ার সঙ্গে সঙ্গে ‘ভারতমাতা কি জয়’ বলেও স্লোগান দেয়।

শনিবার নৃশংস এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার জাহাঙ্গীরবাদ থানায়। বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্র বলছে, উত্তরপ্রদেশের জাহাঙ্গীরবাদ থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রামে বাস করত অখিলেশ রাওয়াত ও তার স্ত্রী।

প্রতিবেশীরা বলেন, মাঝেমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে ঝগড়া হতো। শনিবার তা চরমে পর্যায়ে পৌঁছে যায়। বচসার মাঝেই রাগের মাথায় আচমকা স্ত্রীকে খুন করে অখিলেশ। স্ত্রীর মুন্ডু কেটে নিয়ে হাঁটতে হাঁটতে সোজা জাহাঙ্গীরপুর থানার সামনে গিয়ে পৌঁছায়। হঠাৎ এক যুবক কাটামুন্ডু নিয়ে থানার সামনে এসেছে দেখে প্রথমে হকচকিয়ে যান সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা। পরে অখিলেশের হাত থেকে তার স্ত্রীর কাটামুন্ডুটি নেওয়ার চেষ্টা করেন তাঁরা।

কিন্তু, তা দিতে রাজি হয়নি সে। মুন্ডুটি নিয়ে উভয়পক্ষের মধ্যে যখন টানাটানি হচ্ছে সে সময় হঠাৎ গলা ছেড়ে জাতীয় সংগীত গাইতে আরম্ভ করে সে। ‘ভারতমাতা কি জয়’ বলে স্লোগানও দিতে থাকে। কিছুক্ষণ বাদে অবশ্য তার থেকে স্ত্রীর কাটামুন্ডুটি ছিনিয়ে নিতে সক্ষম হন পুলিশকর্মীরা। তাকে গ্রেপ্তারও করে।

জেলার পুলিশ সুপার অরবিন্দ চর্তুবেদী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে,পারিবারিক বচসার জেরে স্ত্রীকে খুন করেছে ওই যুবক। তারপর তাঁর মুন্ডু কেটে সোজা থানায় চলে আসে। সেখানে পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও করে। এফআইআর দায়ের করে মামলা করা হয়েছে। তদন্তও চলছে।

অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার বিকেলে বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশের গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি মেলা পরিদর্শন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে তাঁর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে এবারের গ্রন্থমেলা।

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধু রচিত তৃতীয় বই ‘আমার দেখা নয়াচীন’-এর আনুষ্ঠানিক প্রকাশনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গ্রন্থ উন্মোচন করেন।

এবার বইমেলার একটি নতুন থিম নির্ধারণ করা হয়েছে। আর তা হলো বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ। গ্রন্থমেলা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হয়েছে। স্থপতি এনামুল করিম নির্ঝর বঙ্গবন্ধুকে কেন্দ্র করে মেলার আঙ্গিক ও সামগ্রিক পরিকল্পনা প্রণয়ন করেছেন।

গ্রন্থমেলা অনুষ্ঠিত হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং একাডেমি সম্মুখস্থ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ৮ লাখ বর্গফুট জায়গায়। একাডেমি প্রাঙ্গণে ১২৬টি প্রতিষ্ঠানকে ১৭৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩৪টি প্রতিষ্ঠানকে ৬৯৪টি ইউনিট; মোট ৫৬০টি প্রতিষ্ঠানকে ৮৭৩টি ইউনিট এবং বাংলা একাডেমি-সহ ৩৩টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ৩৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে।

এবার লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মেলা প্রাঙ্গণে। সেখানে ১৫২টি লিটলম্যাগকে স্টল বরাদ্দের পাশাপাশি ৬টি উন্মুক্ত স্টলসহ ১৫৮টি লিটলম্যাগকে স্টল দেয়া হয়েছে।

একক ক্ষুদ্র প্রকাশনা সংস্থা এবং ব্যক্তি উদ্যোগে যাঁরা বই প্রকাশ করেছেন তাঁদের বই বিক্রি/প্রদর্শনের ব্যবস্থা থাকবে জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে। গ্রন্থমেলায় বাংলা একাডেমি এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ ভাগ কমিশনে বই বিক্রি করবে।

একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমির ২টি প্যাভিলিয়ন, ৪ ইউনিটের ২টি, একাডেমির শিশু-কিশোর উপযোগী বইয়ের জন্য ১টি এবং একাডেমির সাহিত্য মাসিক উত্তরাধিকার-এর ১টি স্টল থাকছে।

এদিকে অন্যান্যবারের মত এবারও শিশুচত্বর মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে। এই কর্নারকে শিশুকিশোর বিনোদন ও শিক্ষামূলক অঙ্গসজ্জায় সজ্জিত করা হয়েছে। মাসব্যাপী গ্রন্থমেলায় এবারও ‘শিশুপ্রহর’ ঘোষণা করা হবে।

এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এর প্রচার কার্যক্রমের জন্য তথ্যকেন্দ্র থাকবে বর্ধমান ভবনের পশ্চিম বেদিতে এবং সোহরাওয়ার্দী উদ্যানে। সাংবাদিকদের অবাধ তথ্য আদান-প্রদানের সুবিধার্থে গ্রন্থমেলায় মিডিয়া সেন্টার থাকবে তথ্যকেন্দ্রের উত্তর পাশে-পশ্চিম পাশে।

বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ ধারণার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্তৃপক্ষ গ্রন্থমেলায় তাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি গ্রন্থের মোড়ক উন্মোচন, তথ্যকেন্দ্রের সর্বশেষ খবরাখবর এবং মেলার মূল মঞ্চের সেমিনার প্রচারের ব্যবস্থা করবে। মেলায় ওয়াইফাই সুবিধা থাকবে।

গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে তিনটি পথ, সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বাহিরের মোট ৬টি পথ থাকবে। বিশেষ দিনগুলোতে লেখক, সাংবাদিক, প্রকাশক, বাংলা একাডেমির ফেলো এবং রাষ্ট্রীয় সম্মাননাপ্রাপ্ত নাগরিকদের জন্য প্রবেশের বিশেষ ব্যবস্থা করা হবে।

গ্রন্থমেলার প্রবেশ ও বাহিরপথে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বাংলাদেশ পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি ও গোয়েন্দা সংস্থাসমূহের নিরাপত্তাকর্মীবৃন্দ। নিñিদ্র নিরাপত্তার জন্য মেলায় এলাকাজুড়ে ৩ শতাধিক ক্লোজসার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।

অন্য দিকে ৩ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে সেমিনার অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধু বিষয়ক ২৫টি নতুন বই নিয়ে আলোচনা করা হবে। একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী একুশে বক্তৃতা।

এছাড়া মাসব্যাপী প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানের শুরুতে প্রতিদিনই রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ এবং আবৃত্তি। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বাংলা একাডেমি শিশু-কিশোর চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা এবং সংগীত প্রতিযোগিতার আয়োজন করেছে।

অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের ২০১৯ সালে প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে গুণগতমান বিচারে সেরা গ্রন্থের জন্য প্রকাশককে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’ এবং ২০১৯ গ্রন্থমেলায় প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে শৈল্পিক বিচারে সেরা গ্রন্থ প্রকাশের জন্য ৩টি প্রতিষ্ঠানকে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেয়া হবে।

এছাড়া ২০১৯ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণগত মান বিচারে সর্বাধিক গ্রন্থের জন্য ১টি প্রতিষ্ঠানকে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ এবং এ-বছরের মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্য থেকে স্টলের নান্দনিক সাজসজ্জায় শ্রেষ্ঠ বিবেচিত প্রতিষ্ঠানকে ‘কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ প্রদান করা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে , প্রতি বছরের মতো এবারও হুইল-চেয়ার সেবা থাকবে। তবে গতবারের চেয়ে বেশি সংখ্যায় স্বেচ্ছাসেবী এ-কাজে নিয়োজিত থাকবেন। এবার হুইল চেয়ারের সংখ্যা বাড়বে।

গ্রন্থমেলা ২ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯ টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৮ টা ৩০মিনিট পর্যন্ত মেলা চলবে।