Home Blog Page 3184

সৌভাগ্যের ‘০২-০২-২০২০’ দিনে বিয়ে বন্ধ চীনে!

0

চীনে করোনাভাইরাস সংক্রমণ মহামারির আকার ধারন করেছে। দেশটির সরকারি নির্দেশ, আপাতত বিয়ের দিন থাকলে সেটা পিছিয়ে দিতে হবে। সেই মোতাবেক কাজ শুরু হয়েছে। চীনজুড়ে চলছে বিয়ের তারিখ পিছিয়ে দেওয়ার পালা। এর পাশাপাশি সংক্ষিপ্ত সময়ে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করতে আহ্বান জানানো হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মহামারির আকার নেওয়া এই ভাইরাস ঘটিত সংক্রমণের কারণে চীনে মৃতের সংখ্যা ২৫৯ জনে দাঁড়িয়েছে। ১২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে চীনের উহান শহর যেমন অবরুদ্ধ৷। তেমনই একের পর এক প্রদেশ জুড়ে ছড়িয়েছে করোনাভাইরাস। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি কোথাও বিয়ের অনুষ্ঠান থাকলে সেটা অবিলম্বে বাতিল করতে হবে৷

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২ তারিখে বিয়ের জন্য বিশ্বজুড়ে হুড়োহুড়ি পড়েছে। এই দিনটিকে সৌভাগ্যের দিন বলে চিহ্নিত করা হয়েছে। দিনের সংখ্যা ক্রম হচ্ছে ‘০২-০২-২০২০’। এই ধরণের সংস্কারের কারণ, শুরু ও শেষ থেকে পড়লে এই সংখ্যাকে একই মনে হবে। ফলে দিনটিতে বিয়ের জন্য মুখিয়ে ছিলেন অনেকেই। চীনেও সেই প্রভাব পড়েছিল।

এরই মাঝে করোনা ভাইরাসের আক্রমণ শুরু হতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। সৌভাগ্যের দিন এখন ভুলতে বসেছেন সবাই। প্রাণ বাঁচাতে নাক-মুখ ঢেকে ঘরবন্দি চীনারা। যে কোনও সময় করোনাভাইরাস সংক্রমণ হতে পারে। আর এই ভাইরাস রোধে এখনও পর্যন্ত প্রতিষেধক বের করা যায়নি। ফলে আক্রান্ত রোগীর মৃত্যুর সম্ভাবনা প্রবল। এমন অবস্থায় বিয়ের দিন পিছিয়ে দিতে চীনের নাগরিক পরিষেবা বিভাগগুলির তরফে বার্তা দিয়ে আপাতত বিয়ে পিছিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে চীন থেকে আনা হবে না পাকিস্তানিদের!

0

করোনাভাইরাসের আতঙ্কে ঘুম ছুটেছে চীন সরকারের। চীনের উহানে সবচেয়ে বেশি ছড়িয়েছে করোনাভাইরাস। আর তাই উহান থেকে বিভিন্ন দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। কিন্তু পাকিস্তান তার নাগরিকদের ফিরিয়ে নেবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (এসএপিএম) ডা. জাফর মির্জা জানিয়েছেন, বিরোধীদের সমালোচনা করার পরও ভাইরাস আক্রান্ত চীনে আটকে থাকা পাকিস্তানিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার তার আগের সিদ্ধান্তে আনড়।

ডা. জাফর মির্জা বলেন, এটি মানুষ থেকে অন্য মানুষের মধ্যে স্থানান্তরিত হচ্ছে। এর অর্থ হলো আক্রান্ত ব্যক্তিও ভাইরাস স্থানান্তরের উৎস। একটি দায়িত্বশীল জাতি হওয়ায় পাকিস্তান এমন পদক্ষেপ নিতে চায় যাতে সর্বোচ্চ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৈঠকের পাকিস্তানি নাগরিকদের যত্ন নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়। তিনি আরো বলেন, উহান প্রদেশে মহামারি রুখতে যথেষ্ট তৎপরতা নিয়েছে চীন সরকার। আর তাই এখনই উহান থেকে পাকিস্তানি নাগরিকদের সরিয়ে নিলে অন্য কোথাও ওই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

এরই মধ্যে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছড়িয়েছে। বিভিন্ন দেশ চীন থেকে নাগরিকদের ফেরাতে ব্যাপক তৎপর। কিন্তু পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছিল দেশটির কোনো নাগরিককে ফিরিয়ে আনা হবে না। আর আজ সেই সিদ্ধান্তেই আনড় থাকল পাকিস্তান।

সূত্র: ডন।

প্রধানমন্ত্রী ৪ ফেব্রুয়ারি ইতালি সফরে যাবেন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্টির আমন্ত্রণে চারদিনের দ্বিপাক্ষিক সফরে ৪ ফেব্রুয়ারি রোমের উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, এই সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্টির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ৪ ফেব্রুয়ারি সকালে ইতালির রাজধানী রোমের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।

স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় ফ্লাইটটি রোমের ফিয়ামিকিনো বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দরে সংবর্ধনা শেষে, একটি আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পার্কো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় নিয়ে যাওয়া হবে। ইতালি সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন।

শেখ হাসিনা একই দিন সন্ধ্যায় পার্কো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় বাংলাদেশ কমিউনিটির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

আগামী ৫ ফেব্রুয়াারি সকালে তিনি রোমের ভায়া ডেল’এন্টারটাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবনের উদ্বোধন করবেন।

বিকেলে প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্টির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজো চিগিতে এক আনুষ্ঠানিক মধ্যহ্নভোজে যোগ দেবেন।

দুই শীর্ষ নেতা সম্মেলনে বৈঠক করে তাদের দ্বিপক্ষীয় সার্বিক ইস্যুগুলোর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

পরে, ইতালীয় ব্যবসায়িক সংস্থাগুলোর উর্ধ্বতন কর্মকর্তারা পার্কো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় তাঁর হোটেল স্যুটে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী পরে পার্কো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।

আগামী ৬ ফেব্রুয়ারি সকালে শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাত করবেন।

পরে প্রধানমন্ত্রী দুপুর ১২ টা ৫০ মিনিটে ট্রেনে করে রোম থেকে ইতালির মিলান শহরের উদ্দেশে যাত্রা করবেন এবং স্থানীয় সময় বিকেল চারটায় তিনি সেখানে পৌঁছে যাবেন।

মিলান সফরের সময় তিনি এক্সেলসিয়ার হোটেল গালিয়ায় অবস্থান করবেন বলে সূত্র জানিয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী স্থানীয় সময় দুপুর ১ টা ৪০ মিনিটে আমিরাতের একটি ফ্লাইটে মিলান মালপেন্সা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হবেন।

শেখ হাসিনা ৮ ফেব্রুয়ারি দুবাই হয়ে বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তারা এই সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে, কারণ এতে বাংলাদেশের ইতালীয় উদ্যোক্তাদের নতুন বিনিয়োগের সন্ধান, ইতালিতে আরও পণ্য রফতানির পাশাপাশি দক্ষ জনশক্তি রফতানির ক্ষেত্র তৈরী হবে।

ইতালি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যবসায়িক অংশীদার এবং সেখানে দুই লাখেরও বেশি বাংলাদেশী বাস করে।

দুই সিটিতেই নৌকা এগিয়ে

0

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুই সিটিতেই মেয়র পদে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

এখন পর্যন্ত ঢাকা উত্তরের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ১৬,৭৬৫ ভোট, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ১০,৭৮৮ ভোট।

ঢাকা দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩৬,৭০৫ ভোট, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছেন ২৩,৭১৭ ভোট।

সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন এবং নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তরে মোট ভোটকেন্দ্রে ১ হাজার ৩১৮। মোট সাধারণ ওয়ার্ড ৫৪ ও সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১৮টি। এ ছাড়াও ভোটকক্ষ রয়েছে ৭৫৪টি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০। সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। এ ছাড়াও ভোটকক্ষের সংখ্যা রয়েছে ৮৭৬টি।

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য মোতায়েন করেছে ইসি। এদের মধ্যে ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসার নিয়োজিত রয়েছে এবং বিজিবি, র‌্যাব ও নৌ-পুলিশ নির্বাচনী এলাকার নিরাপত্তা নিশ্চিত করে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন বাহিনী বৃহস্পতিবার সকাল থেকেই ভোটের দায়িত্বে নিজ নিজ সদস্যদের নির্দিষ্ট জায়গায় মোতায়েন করে।

টানা ২০ দিন প্রচারণা শেষে নির্বাচনী বিধি অনুযায়ী বৃহস্পতিবার রাত ১২টায় সকল প্রকার প্রচারণা শেষ হয়েছে। ভোট উপলক্ষে রাজধানীতে ইতোমধ্যে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়েছে। শুক্রবার রাত ১২টা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়াও শুক্রবার রাত ১২টা থেকে আজ রাত ১২টা পর্যন্ত নৌ চলাচলও বন্ধ থাকবে।

ঢাকা উত্তরে বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৩ শতাংশ

0

ঢাকা উত্তর সিটিতে বিকেল ৩টা পর্যন্ত ২৩ শতাংশ ভোট পড়েছে। রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এই তথ্য জানিয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করার জন্য আইনে বলা আছে। তবে কোথাও কোথাও বিকাল ৪টার পরও কেন্দ্রের সীমানার ভেতরে থাকা ভোটারদের ভোটগ্রহণ হয়েছে আইন অনুযায়ী।

আবুল কাসেম বলেন, বিকেল ৩টা পর্যন্ত সাত ঘণ্টায় ২৩ শতাংশ ভোট পড়েছে। ৪টা পর্যন্ত আরও কিছুটা বেড়েছে। তবে এখনও গণনা চলছে। শেষ হলে বলা যাবে ভোটের হার কত।

উত্তরে মেয়র পদে ৬ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫১ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭ জন অথাৎ তিন পদে মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৩৩৪ জন।

মেয়র প্রার্থীরা হলেন- বিএনপির তাবিথ আউয়াল, আওয়ামী লীগের আতিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক।

এ সিটিতে মোট ভোটার রয়েছেন ৩০ লাখ ১০ হাজার ২৭৩জন। এর মধ্যে নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

কিছুক্ষণের মধ্যেই ফল ঘোষণা

0

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ফল ঘোষণা করা হবে। এবার প্রথমবারের মতো বিভক্ত ঢাকার দুই সিটিতে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হচ্ছে। আর এটিই ইভিএমে সবচেয়ে বড় নির্বাচন।

ভোটে বিএনপি ও আওয়ামী লীগসহ ৯টি দলের ১৩ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কাউন্সিলর পদে প্রায় সাড়ে সাতশ প্রার্থী রয়েছেন মাঠে। ফলাফল গেজেটে আকারে প্রকাশ পর্যন্ত কোনো ধরনের মিছিল, মশাল মিছিল, মোটরসাইকেল মিছিল, শোডাউন করা যাবে না। বাইক বন্ধ থাকবে ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর সব যন্ত্রযান বন্ধ থাকবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

উত্তরে মেয়র পদে ৬ জন, ৭৫টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২৫১ জন এবং ২৫টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৭৭ জন অর্থাৎ তিন পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩৩৪ জন।

মেয়র প্রার্থীরা হলেন- বিএনপির তাবিথ আউয়াল, আওয়ামী লীগের আতিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক।

অন্যদিকে ডিএসসিসিতে মেয়র পদে ৭ জন, ৫৪টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৩৫ জন ও ১৮টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৮২ জন অর্থাৎ ৪২৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে।

মেয়র পদে সাত প্রার্থী হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন, ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, এনপিপি’র বাহরানে সুলতান বাহার, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন।

ঢাকার দু’সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে এক হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে।

এমন ভোট আমরা চাইনি : সিইসি

0

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন স্থানে ভোটাররা কেন্দ্রে ঢুকতে না পারা, অস্ত্র নিয়ে ঘোরাফেরাসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, এমন ভোট আমরা চাইনি। এখনও চাই না।

আজ শনিবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে নিজে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আমাদের নির্দেশ, এমন ঘটনা যদি ঘটে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।

নির্বাচনী পরিস্থিতি শান্ত রাখতে প্রার্থী, ভোটার এবং বিভিন্ন প্রার্থীর সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের পরিবেশ যেন বজায় থাকে। তবে এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাননি বলে জানান তিনি।

নূরুল হুদা বলেন, আমরা ভোটের পরিবেশ সৃষ্টি করেছি। আমাদের যে দায়িত্ব সেটা পরিপূর্ণভাবে সম্পন্ন করেছি-রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগসহ সব কিছু। আমাদের দিক থেকে প্রস্তুতির কোনো ঘাটতি নেই বলেও উল্লেখ করেন তিনি।

ভোট নিয়ে বিএনপির অভিযোগ গৎবাঁধা : তথ্যমন্ত্রী

0

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রথম থেকেই বিএনপির প্রচেষ্টা ছিলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। নানা ধরনের অভিযোগ নির্বাচনী প্রচারণার সময় তারা উপস্থাপন করেছিল। আজকেও সকাল বেলা থেকে সেটা উপস্থাপন করছে। তারা দুপুর বেলা কি বলবে সেটা ঠিক করে রেখেছে। বিকেল বেলা কি বলবে সেটা ঠিক করে রেখেছে। এবং নির্বাচনের ফলাফল যে রকমের হয় সে রকমের জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছে।

আজ শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান বলেন, ফখরুল বলেছেন- সিটি নির্বাচনে আমাদের সাফল্য সেখানেই আমার মাঠে নামতে পেরেছি। নির্বাচনে জয় লাভ করা তাদের কতটুকু উদ্দেশ্য? সুতরাং নির্বাচন নিয়ে বিএনপি নানা অভিযোগ উপস্থাপন করবে। এ গৎবাঁধা অভিযোগ সবসময় তারা করে আসছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো সাংবাদিক আহত হওয়া অনভিপ্রেত দুঃখজনক। সেটি কেনো হয়েছে, কিভাবে হয়েছে নিশ্চয়ই নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে, আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে। কোনো সাংবাদিক নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে আহত হওয়া বা বাধা গ্রস্থ হওয়া কোনো ভাবে সমুচীন নয়।

ইভিএম নিজেই পোলিং এজেন্ট হিসেবে কাজ করে। সেখানে আমাদের কর্মী যতই থাক না কেনো, কারো পক্ষে ইভিএম মেশিনে ফিঙ্গার প্রিন্ট না মিললে অন্যের ভোট দেওয়া সম্ভব নয় বলেও জানান ড. হাছান।

ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর

0

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এ ব্যবস্থা নেন চিকিৎসকরা।

আজ শনিবার দুপুরের দিকে ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর করা হয়। এর আগে চিকিৎসকরা তাঁকে ২৪ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন।

তবে চিকিৎসকরা তাকে দুইদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

এর আগে হঠাৎ শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে ৩১ জানুয়ারি ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

কাউকে ভোটকেন্দ্রে আসতে বাধ্য করতে পারি না : র‌্যাব ডিজি

0

ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, কাউকে ভোটকেন্দ্রে আসতে বাধ্য করতে পারি না।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ভোটারদের কম উপস্থিতির বিষয়ে জানতে চাইলে র‌্যাব ডিজি বলেন, আমি মনে করি, ভোটারদের বেশি বেশি ভোটকেন্দ্রে আসা উচিত। তবে কেউ যদি মনে করেন, ভোট না দিয়ে অন্য কাজ করবেন, তাহলে কাউকেতো আর ভোটকেন্দ্রে আসতে বাধ্য করতে পারিনা। ভোটারদের নিরাপত্তার সঙ্গে ভোট নিশ্চিত করার দায়িত্ব আমাদের।

বিভিন্ন দলের প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে বেনজীর আহমেদ বলেন, আমি ভোটকেন্দ্রের বুথে বুথে গিয়ে খোঁজ নিয়েছি, সেখানে সব দলের এজেন্ট পেয়েছি। এভাবে ঢালাওভাবে অভিযোগ না করে সুনির্দিষ্ট করে বলেন, কোন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমাদের অফিসার সেখানে নিজ দায়িত্বে এজেন্টদের বসিয়ে দিয়ে আসবেন, প্রয়োজনে তাদেরকে গার্ড দেবেন।

সাংবাদিকের উপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি কিছুক্ষণ আগে আমি শুনেছি। আমাদের রেসপন্সিবল পার্সনরা এটা নিয়ে কাজ করছে।

দু’একটা বিচ্ছিন্ন ঘটনার কথা স্বীকার করে তিনি বলেন, আমরা তৎপর রয়েছি, প্রয়োজনে আমাদের ফোর্স আরো কয়েকগুণ বাড়াতে পারবো।