Home Blog Page 3197

ঢাকা উত্তরে আচরণবিধি ভঙ্গের ৪৪ অভিযোগ

0

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের প্রচারণায় বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১৯ দিনে আচরণবিধি ভঙ্গের ৪৪ অভিযোগ জমা পড়েছে রিটার্নিং অফিসারের কার্যালয়ে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মো. আবুল কাশেম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ পর্যন্ত ১৯ দিনে মোট ৪৪টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৪১টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করায় এরইমধ্যে আমরা দু’জন প্রার্থীকে পাঁচ হাজার টাকা করে, একজন প্রার্থীকে তিন হাজার টাকা আর একজন প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা করেছি।’

আবুল কাশেম বলেন, ‘একটি পত্রিকায় দেখেছি বিএনপি সমর্থিত একজন কাউন্সিলর প্রার্থীর ছেলেকে মারধোর করা হয়েছে। আমরা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে চিঠি দিয়েছি কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না জানতে চেয়েছি এবং ২৪ ঘণ্টার মধ্যে নোটিসের জবাব দিতে বলেছি।’

জানা গেছে, আচরণবিধি লঙ্ঘনের ৪৪টি অভিযোগের মধ্যে আটটি মেয়র প্রার্থীর, পাঁচটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর এবং ৩১টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর। এক্ষেত্রে মেয়র প্রার্থীর আটটি অভিযোগ এসেছে বিএনপি সমর্থিত তাবিথ আউয়ালের পক্ষ থেকে। বাকি অভিযোগের অধিকাংশই বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের।

টিটির হাতের ডিজিটাল মেশিনে রেলপথে জরিমানা আদায়

0

ট্রেনের টিকিট ব্যবস্থা কম্পিউটারাইজড হলেও জরিমানা আদায়ের ব্যবস্থা এতদিন হাতে লেখা টিকিট বা স্লিপের মাধ্যমেই ছিল। ফলে টিকিট বা জরিমানার টাকা রেলওয়ে কর্তৃপক্ষ কতখানি পায় তা নিয়ে সন্দেহ ছিল যাত্রীদের। তবে এবার পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন সংযোজন করা হয়েছে রেলওয়েতে। এ মেশিনে যাত্রীর কাছ থেকে টাকা গ্রহণ করে সঙ্গে সঙ্গে একটি প্রিন্ট করা স্লিপ ধরিয়ে দেয়া হয় যাত্রীকে।

গত ২২ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে কয়েকটি ট্রেনে এই মেশিন ব্যবহার করা হচ্ছে। পর্যায়ক্রমে সব ট্রেনে পিওএস মেশিনের মাধ্যমে ট্রেনে টিকিট চেকাররা জরিমানা আদায় করবেন বলে জানা গেছে। উন্নত দেশগুলোতে এ ধরনের মেশিনের সহায়তায় ট্রেনে টিকিট প্রদান করা হয়।

যাত্রীদের জরিমানা বা টিকিটের মূল্য গ্রহণের সঙ্গে সঙ্গে এ মেশিনের মাধ্যমে স্লিপ দিয়ে দিলে তা কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত হবে। ফলে যাত্রীদের টাকা সরাসরি রেলওয়ের হিসাবে চলে যাবে। এছাড়া এ মেশিন থেকে প্রাপ্ত টিকিট যাত্রীকে হয়রানি থেকে মুক্ত রাখবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী এ মেশিন চালুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, পিওএস মেশিনের সাহায্যে পরীক্ষামূলকভাবে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে। এই পদ্ধতিতে টিকিট চেকাররা খুব সহজে জরিমানা আদায় করতে পারবেন। যাত্রীদের কাছ থেকে কতো টাকা জরিমানা আদায় করা হয়েছে তা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে ওঠে যাবে। ফলে কোন যাত্রীর কাছ থেকে কতো টাকা আদায় করা হয়েছে, কিংবা কোন যাত্রী কতো দূরত্ব পর্যন্ত যেতে পারবেন তার একটি রিসিভ কপি যাত্রীরা পাবেন। ফলে যাত্রীরাও হয়রানি থেকে মুক্ত থাকবেন।

বেলজিয়ামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

0

বেলজিয়ামে সড়ক দুর্ঘটনায় নাইমুল (১৬) নামের এক প্রবাসী বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।

গত শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ব্রাসেলসের এক্সেল এলাকায় দুর্ঘটনায় আহত হওয়ার পর গতকাল রবিবার রাতে মারা যান তিনি। তার মরদেহ ব্রাসেলসের একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নাইমুল প্রাইভেট মাইক্রোবাসে যাচ্ছিলেন। পথে পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মারাত্মক আঘাত পাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যান নাইমুল।

এ ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে খুব শিগগিরই তদন্ত রিপোর্ট জানানো হবে বলে দেশটির পুলিশ সূত্র জানিয়েছে।

জানা যায়, নাইমুলের জন্ম বেলজিয়ামে। সেখানে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন তিনি। পৈতৃক বাড়ি টাঙ্গাইল জেলায়। তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সীমান্ত থেকে ঢাকায় আসছে অবৈধ অস্ত্র

0

ঢাকার দুটি সিটি করপোরেশন নির্বাচনে প্রভাব বিস্তার ও সহিংসতা সৃষ্টি করতে সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকায় আনা হচ্ছে অবৈধ অস্ত্র। তবে এ ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

গতকাল রবিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিটি করপোরেশন নির্বাচন প্রভাবমুক্ত করতে এরই মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে গত শনিবার রাতে পুরান ঢাকার লালবাগের শেখ সাহেব বাজার রোড থেকে আশিকুর রহমান (৩০) নামে এক দূর্বৃত্তকে গ্রেপ্তার করেছে ডিবি দক্ষিণ বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি দেশি পিস্তল, চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আশিকের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ‘অস্ত্রগুলো আসন্ন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে এলাকায় প্রভাব বিস্তার ও সহিসংতা সৃষ্টির জন্য বেনাপোল সীমান্ত এলাকা থেকে আনা হয়েছিল। তার উদ্দেশ্য ছিল অস্ত্রগুলো নির্বাচনকেন্দ্রিক লোকের কাছে বিক্রি করা। তবে ঢাকায় আসার সঙ্গে সঙ্গে আমরা তাঁকে গ্রেপ্তার করেছি।’

আশিকুর রহমানকে গ্রেপ্তারে অভিযান পরিচালনাকারী গোয়েন্দা দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ বলেন, গ্রেপ্তার আশিকুর যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্রগুলো সংগ্রহ করে বিক্রির জন্য ঢাকায় নিয়ে আসেন।

তথ্যের ভিত্তিতে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, দ্রুত বিচার, মাদকদ্রব্য, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একাধিক মামলা রয়েছে। লালবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাঁকে রিমান্ডে এনে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।

দেশের প্রতিটি থানায় ডিজিটাল পরিমাপক যন্ত্র সরবরাহে হাইকোর্টের নির্দেশ

0

উদ্ধার বা জব্দ করা মাদকদ্রব্য পরিমাপের জন্য দেশের প্রতিটি থানায় ডিজিটাল পরিমাপক যন্ত্র সরবরাহে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন। মাদকদ্রব্য আইনের এক মামলায় কারাবন্দি এক আসামির জামিন আবেদনের ওপর শুনানিকালে এ আদেশ দেন আদালত। রাজধানীর কাফরুল থানায় করা মামলার আসামি মো. সাগর এ আবেদন করেন। তার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট উজ্জ্বল পাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

আইনজীবীরা জানান, গতবছর ২ আগস্ট ১০০ গ্রাম হেরোইনসহ মো. সাগর নামের এক যুবককে কাফরুল থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই এই ঘটনায় কাফরুল থানার এসআই সোহেল রানা বাদী হয়ে সাগরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে এসআই ইমদাদুল হক একই বছরের ১০ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে রাসায়নিক পরীক্ষায় ১২ গ্রাম হেরোইন পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

হাইকোর্টে সাগরের জামিন আবেদনের শুনানিকালে হেরোইনের পরিমাপে অসংগতির বিষয়টি আদালতের নজরে আসার পর হাইকোর্ট মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাকে তলব করেন। পরে দুইজনই আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেন ও নিঃশর্ত ক্ষমা চান। তারা জানান, থানায় ওজন পরিমাপের কোনো যন্ত্র না থাকায় বাইরে থেকে পরিমাপ করে অনুমানের ভিত্তিতে ওই ওজন উল্লেখ করা হয়।

এরপর আদালত তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন। একইসঙ্গে প্রতি থানায় ওজন পরিমাপক যন্ত্র সরবরাহে ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দেন। এ ছাড়া সাগরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

কেরালার মসজিদে মসজিদে উড়ল পতাকা!

0

ইসলাম বিরোধী বলে পরিচিত দল বিজেপি বরাবরই মসজিদ, মাদরাসা এবং মক্তবগুলোকে দেশদ্রোহীদের আখড়া, জঙ্গি তৈরির কারখানা, পাকিস্তান ঘনিষ্ঠ বলে দাবি এসেছে। কিন্তু বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল ভারতে কেরালার ছবি বিজেপির পক্ষে বেশ অস্বস্তিকরই।

আজ রবিবার ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসে কেরালার ১০ হাজার মসজিদে উত্তোলন করা হয়েছে জাতীয় পতাকার। জাতীয় পতাকা তোলা হয় রাজ্যের বিভিন ধর্মীয় স্থানেও। ওয়াকফ বোর্ডের নির্দেশেই এই পদক্ষেপ বলে জানালেন কুট্টিয়ারি জামা মসজিদ কমিটির সচিব কে বশির। তিনি বলেন, ‘নাগরিক আইনের কারণে সংবিধানই তো এখন ভয়ঙ্কর জায়গায় রয়েছে।’‌

শুধু জাতীয় পতাকা উত্তোলনই নয়, সংবিধানের প্রথম পংক্তিও পতাকা উত্তোলনের পর পাঠ করেন মুসলিম নেতা ও সাধারণ মানুষ। এভাবেই সিএএ বিরোধী আন্দোলনে একজোট হচ্ছেন দেশবাসী বলে জানালেন তারা।

রেলব্রিজে উঠে টিকটক-সেলফি, প্রাণ গেল কিশোরীর

0

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ওদলাবাড়ি এলাকায় ঘিস নদীর রেলব্রিজ উঠে টিকটক আর সেলফি তুলতে যায় দুই কিশোরী। হঠাৎ করেই ট্রেন চলে আসলে আর নামতে পারেনি তারা। ট্রেনের ধাক্কায় রেলব্রিজের উপর থেকে ছিটকে নদীতে পড়ে দু’জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কিশোরীর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আর এক কিশোরী। আজ রবিবার এই ঘটনা ঘটে।

সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছে ইসরায়েলিরা

0

ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আরিহি দিরি জানিয়েছেন, দেশটির নাগরিকরার প্রথমবারের মতো সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছে। ধর্মীয় বা ব্যবসায়িক উদ্দেশ্যে সৌদিতে তারা ভ্রমণ করতে পারবে। আজ রবিবার তিনি এই তথ্য জানান।

আরবের কোনো দেশের সঙ্গেই ভালোই সম্পর্ক নেই ইসরায়েলের। তবে মধ্যপ্রাচ্যে মিশর ও জর্ডানের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি রয়েছে। তাই বর্তমান সময়ে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে অঞ্চলটির অন্যান্য দেশগুলোর সঙ্গে সখ্যতা বাড়াতে চাইছে ইসরায়েল।

এদিকে, ইসরায়েলের ও সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে আনুষ্ঠানিকভাবে কোনো সম্পর্ক না থাকলেও সম্প্রতি সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে গোপন সহযোগিতা সম্পর্ক রয়েছে বলে দাবি করে সুইজারল্যান্ডের একটি দৈনিক পত্রিকা।

মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও শক্তি মোকাবিলায় ইসরায়েল চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই তারা সৌদি আরবের সঙ্গে এক ধরনের সখ্যতা গড়ে তুলেছে। এই সম্পর্ক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর এরই ফল হিসেবে সৌদি আরব ভ্রমণের অনুমতি পেল ইসরায়েলের নাগরিকরা।

সূত্র: ওয়াশিংটন টাইমস।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র

0

ইরানের সঙ্গে আলোচনায় বসলেও তেহরানের ওপর থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানান।

এর আগে গত শুক্রবার জার্মান সংবাদমাধ্যম দার স্পাইজেলকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ইরান। এরপরই মার্কিন প্রেসিডেন্ট টুইট করে জানান নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র।

২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তেহরানের ওপর সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। শনিবার টুইট বার্তায় ট্রাম্প জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনা চায়, এর জন্য নিষেধাজ্ঞার প্রত্যাহার চায়। না, ধন্যবাদ।

ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। চলতি মাসের প্রথম দিকে বাগদাদে ইরানের কুদস বাহিনীর প্রধান সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।

আটকা পড়েছে ৫০০ বাংলাদেশি, খাবারও প্রায় শেষ

0

করোনাভাইরাস আক্রান্ত চীনা শহর উহানে প্রায় ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী আটকা পড়েছেন। তারা নিজেদের নিরাপদ ভাবতে পারছেন না। দেশে ফেরারও সুযোগ নেই। ওই শহর থেকে বহির্গামী সব বাস-ট্রেন ও বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দেশে ফেরার আকুতি জানিয়ে পোস্ট দিচ্ছেন।

রাকিবিল সূর্য নামের এক শিক্ষার্থী সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন একটি পোস্টে। বাংলায় লেখা পোস্টে বলেছেন, ‘সম্প্রতি চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত শহর উহানে আমরা বাস করছি। এখানে প্রায় ৫০০ জনেরও অধিক বাংলাদেশি ছাত্র উহানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত। উহান থেকে বহির্গামী সব বাস-ট্রেন এবং বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত অন্তত ২৫ জন মারা গেছে এবং ৬০০-এরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছে। আমরা চাইলেও এখন নিজ দেশে ফিরে যেতে পারছি না। বাংলাদেশ দূতাবাস থেকে আমাদের খোঁজখবর নেয়া হচ্ছে এমন নিউজ বালাদেশের মিডিয়াতে প্রচার করা হলেও এ খবর ভিত্তিহীন। আমাদের এখন পর্যন্ত কোনো প্রকার খোঁজ-খবর নেয়া হয়নি।’

পররাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো এক বার্তায় ড. রেজা সুলতানুজ্জামান একই অভিযোগ করেছেন। বলেছেন, দূতাবাসের কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেনি। ড. রেজা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ছাত্ররা বলছেন, খাদ্যের মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। উহান শহরের বেশির ভাগ সুপারস্টোর এখনো বন্ধ রয়েছে। এ অবস্থায় উদ্বেগের মধ্যে রয়েছেন তারা। এক কোটি ১০ লাখ মানুষের এই শহর কার্যত অচল হয়ে আছে। সব যাত্রীবাহী ফ্লাইট বাতিল করা হয়েছে বিমানবন্দরে। শহরের সব প্রধান সড়কের চেকপয়েন্ট বন্ধ করে দেয়া হয়েছে। উহান শহরের কাছে আরো কমপক্ষে ১০টি শহরে একই রকম অচলাবস্থা আরোপ করেছে কর্তৃপক্ষ।

হুবেই ইউনিভার্সিটি অব টেকনোলজিতে অধ্যয়ন করেন আসিফ আহমেদ সৌরভ। তিনিও একই অবস্থার শিকার। একই বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে অবরুদ্ধ হয়ে পড়া অন্য এক ছাত্র সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তার মতে, শুধু তার বিশ্ববিদ্যালয়েই আছেন কমপক্ষে ১৪০ জন বাংলাদেশী শিক্ষার্থী। কিন্তু তাদের খোঁজখবর বাংলাদেশি মিশন অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোন কর্মকর্তা নেননি।

বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে কেউ একজনও আক্রান্ত হননি। এ জন্য কেউ যাতে আক্রান্ত না হন তা নিশ্চিত করতে অধিক নজরদারি করা হচ্ছে। ছাত্রদের চলাচল কঠোরভাবে সীমিত করা হয়েছে। একটি রেজিস্ট্রার বইয়ে নাম স্বাক্ষর করতে হয়। এর মাধ্যমে জানাতে হয় কোথায় যাচ্ছি। এরপরই যেতে দেয়া হয়। অন্যদিকে সব দোকানপাট বন্ধ। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছি না।

সূত্র: ভয়েস অফ আমেরিকা