Home Blog Page 3262

মিডিয়া কনসালটেন্ট হলেন আসিফ কবীর

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া কনসালটেন্ট হিসাবে আসিফ কবীর যোগদান করেছেন। গত ২২ ডিসেম্বর গণমাধ্যম সংক্রান্ত বিষয়াবলী, বিশেষজ্ঞ পর্যায়ের দেখভালের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কলসালটেন্ট পদে তাঁর নিয়োগে অনুমোদন দেয়া হয়।

এর আগে ২০০৯ থেকে বর্তমান সরকারের বিগত দুই মেয়াদে আসিফ কবীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব ছিলেন। তিনি সামাজিক গবেষণা কর্ম, রাজনৈতিক বিশ্লেষণ, সাংবাদিকতা, সম্পাদনা ও লেখালেখির সঙ্গে যুক্ত। তার পিতা খুলনা প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর বালু ২০০৪ সালে নিজ পত্রিকা অফিস দৈনিক জন্মভূমি ভবনের সামনে সন্ত্রাসী হামলায় নিহত হন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আগামী ১৭ মার্চ ২০২০ থেকে বছরব্যাপী জাতির পিতার শততম জন্মবার্ষিকী পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ১৭ মার্চ সময়কালকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে।

ভিপি নুরসহ ২৯ জনের বিরুদ্ধে চুরির মামলা

0

বহিরাগতদের নিয়ে ডাকসু ভবনে প্রবেশ করে হত্যার উদ্দেশে মারধর ও চুরির অভিযোগে ভিপি নুরসহ ২৯ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়েরর শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র ও সাব্বির গোপালগঞ্জের কোটালীপাড়া থানার এনামুল হকের ছেলে ডিএম সাব্বির হোসেন বাদী হয়ে গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) মামলাটি দায়ের করেন।

যাদের নামে মামলা করা হয়েছে- ডাকসু ভিপি নুরুল হক নুর, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক এপিএম সোহেল, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, আমিনুল ইসলাম, তুহিন ফারাবী, মেহেদি হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিস উদ্দিন হলের ছাত্র সালেহ উদ্দিন সিফাত, নাজমুল হাসান, আয়াতুল বেহেশতী, রবিউল হোসেন, আরিফুর রহমান। সাইফুল ইসলাম, আরিপুর রহমান।

নুর ভালো আছেন’

0

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম নাসির উদ্দিন আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের অবস্থা জানাতে এক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন। সেখানেই তিনি জানান নুর ভালো আছেন।

আজ বৃহস্পতিবার ঢামেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম নাসির উদ্দিন আহত শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে নানা বিষয় অবহিত করেন।

ঢামেক পরিচালক বলেন, ‘মিস্টার নুর ভালো আছেন। আজ হঠাৎ তিনি বললেন যে তার কনুইয়ে ব্যথা। আমরা তার এক্সরে করেছি। রিপোর্ট ভালো আসলে আমরা তাকে আজই হাসপাতাল থেকে ছেড়ে দেব। এ ছাড়া আরও ২-৩ জনকে আজ ছেড়ে দেয়া হবে।’

তাদের চিকিৎসা বিষয়ক তথ্য নিয়ে লুকোচুরি করা হচ্ছে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের চিকিৎসা নিয়ে লুকোচুরি করার কিছু নেই। আমরা তাদের জন্য মোট ১৩ জনের একটি বড় মেডিকেল বোর্ড (প্রথমে ৯ জন পরে পর্যায়ক্রমে বোর্ডে ৪ জন সংযুক্ত) গঠন করি। এতো বড় বোর্ড আগে কখনও হয়নি। তাদের যার যা চিকিৎসা প্রয়োজন তাৎক্ষণিকভাবে সেই চিকিৎসা দেয়া হচ্ছে।’

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন সাঈদ খোকন

0

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে সপরিবারে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে। মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই সময় পর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী নির্বাচিত হবেন।

আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের জন্য বিক্রি শুরু হয় দলীয় মনোনয়ন ফরম।

ভিপি নুরের নিরাপত্তা চেয়ে লিগ্যাল নোটিশ

0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরের জীবনের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নোটিশটি পাঠান।

স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এ নোটিশ পাঠানো হয়। আগামী সাত দিনের মধ্যে যথাযথ পদক্ষেপ না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করেছেন আইনজীবী মনিরুজ্জামান লিংকন।

নোটিশে বলা হয়েছে, ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রত্যেকেই উদ্বিগ্ন। অবিলম্বে তাঁর জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। প্রত্যেক নাগরিকের জীবনের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্য।

এতে আরো বলা হয়েছে, ভিপি নুর কেবল রাষ্ট্রের একজন নাগরিকই নন, তিনি একটি প্রতিষ্ঠান। সাধারণ শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি। বারবার তিনি এ ধরনের আক্রমণের শিকার। তাই অবিলম্বে তাঁর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ

0

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে দেখা যায় ককটেলটি অর্ধেক বিস্ফোরিত হয়েছে। এ সময় পানি দিয়ে নিভিয়ে ফেলা হয় অর্ধেক বিস্ফোরিত ককটেলটি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ঘটনা সম্পর্কে জেনেছি। কে বা কারা এটি করেছে তা বের করতে অনুসন্ধান চালানো হচ্ছে।

গত রবিবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুর, তাঁর সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নুর, ফারাবী ও সুহেলসহ অন্তত ২৫ জন আহত হন।

ওই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে কয়েক দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। ঘটনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেয় ছাত্রলীগ-মুক্তিযুদ্ধ মঞ্চ ও ডাকসু ভিপি নুরুল হক নুর নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

ঘটনার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এর মধ্যেই আজ সকালে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

ফুটেজ দেখে ডাকসুর হামলাকারীদের ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডকাসু) হামলার সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত অন্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা বালক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, ডাকসুতে হামলার ঘটনায় যারা প্রকৃত অন্যায় কাজটি করেছে, তাদের ধরা হবে। চেষ্টা অব্যাহত আছে। ভিডিও ফুটেজ আসুক খতিয়ে দেখা হবে। আপনারা জানতে পারবেন।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সুস্থ্য-সুন্দর সমাজ গড়তে তরুণদের মাদকের ভয়ানক ছোবল থেকে দূরে থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. সাদেক খান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. শফিকুর রহমানসহ এর সাবেক শিক্ষার্থী ও শিক্ষক।

৬ দিনে ‘দাবাং থ্রি’র আয় ১০৮ কোটি রুপি

0

সালমান খান অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘দাবাং থ্রি’। গত শুক্রবার সিনেমাটি মুক্তি পেয়েছে। চুলবুল পাণ্ডেকে নিয়ে শুরু থেকেই দর্শকের আগ্রহ ছিল। দর্শকের পাশাপাশি বক্স অফিসে সাড়া ফেলেছে সিনেমাটি। মুক্তির ৬ দিনে সিনেমাটি শত কোটির ক্লাব পার করেছে।

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার ২২.৫০ কোটি রুপি, শনিবার ২২ কোটি রুপি, রবিবার ২৮.৫০ কোটি রুপি, সোমবার ১০ কোটি রুপি, মঙ্গলবার ৯.৫০ কোটি রুপি। অন্যদিকে ইন্ডিয়া টুডে জানিয়েছে, গতকাল বুধবার ১৫.৫০ কোটি রুপি আয় করেছে। ৬ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৮ কোটি রুপি।

হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় ‘দাবাং থ্রি’ মুক্তি পেয়েছে। ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমার মতো এবারো রাজ্জো চরিত্রে আছেন সোনাক্ষী সিনহা। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন নির্মাতা-অভিনেতা মহেশ মাঞ্জরেকরের মেয়ে সাঈ। আরও অভিনয় করেছেন—আরবাজ খান, মাহি গিল, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ।

২০১০ সালে মুক্তি পায় এই সিরিজের প্রথম সিনেমা। পরিচালনা করেন অভিনব কাশ্যব। এর দুই বছর পর মুক্তি পায় ‘দাবাং টু’। এটি পরিচালনা করেন আরবাজ খান। ‘দাবাং থ্রি’ পরিচালনা করেছেন প্রভুদেবা।

ফিলিপাইনে টাইফুন ফানফোনের আঘাতে নিহত ১৩

0

বড়দিনের মধ্যে ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানা টাইফুন ফানফোনে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

মঙ্গলবার ঝড়ো বাতাস, ভারি বর্ষণ ও হঠাৎ বন্যা নিয়ে টাইফুনটি দেশটিতে আঘাত হানে।

পরিস্থিতি মোকাবেলায় আগেই ঝড়টির পথে থাকা এলাকা থেকে ৫৮ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন বন্দরের ফেরি চলাচলও বন্ধ করে দেয়া হয়, বাতিল হয় বিমানের কয়েক ডজন ফ্লাইট।

নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক বালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, গাছের ডাল পড়ে একজন এবং গাড়ি দুর্ঘটনায় আরেকজন নিহত হয়েছে।

বুধবার রাতেই টাইফুন ফানফোন ফিলিপাইন ছেড়েছে। এটি এখন পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে যাচ্ছে বলে জানিয়েছে ফিলিপাইনের আবহাওয়া বিভাগ।
খবর রয়টার্স

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৫.৭

0

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমে ফের দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। সারাদেশের ও চলতি শীত মৌসুমের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এটাই বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলে আজ বৃষ্টি হতে পারে। আর সারাদেশে কমে যেতে পারে তাপমাত্রা। ঢাকা বিভাগের ফরিদপুর ও মাদারীপুরসহ রাজশাহী ও রংপুরে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা সারাদেশের মধ্যে আবারও সর্বনিম্ন।

আজ বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫, ময়মনসিংহে ৯ দশমিক ৪, চট্টগ্রামে ১৩ দশমিক ৫, সিলেটে ১২ দশমিক ৪, রাজশাহীতে ১০, রংপুরে ৯ দশমিক ৫, খুলনায় ১৪ এবং বরিশালে ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, বঙ্গপোসাগরে একটি লঘুচাপ আছে। এ কারণে আকাশ এখন মেঘলা। বৃষ্টি হতে পারে, তবে সেটি দেশের দক্ষিণাঞ্চলে। ঢাকার মাদারীপুর, ফরিদপুরসহ আশপাশের এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমে যাবে। এ ছাড়া রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে যে শৈত্যপ্রবাহ বইছে সেটি অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। টাঙ্গাইল, কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যহত থাকতে পারে। দিনের তাপমাত্রা একই রকম থাকলেও কমতে পারে রাতের তাপমাত্রা।