Home Blog Page 3267

‘নুরের ওপর কেন বার বার হামলা- আমারও প্রশ্ন’

0

আমার প্রশ্ন- নুরের ওপর কেন বার বার হামলা? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকে না। সেখানে এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনই কার্যকর ভূমিকা রাখে।’

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ডাকসু ভিপি নুরুল হক নুর এ পর্যন্ত ৯ বার হামলার শিকার হয়েছেন উল্লেখ করে সাংবাদিকরা বিষয়টির ওপর স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৯ বার না দুবার- সেটি আমরা জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো- তার ওপরে হামলা হবে কেন?’ তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বা ভিসি যদি অনুমতি দেন কিংবা অনুরোধ করেন তখনই তারা যায়। কাজেই আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে সেখানে এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনই কার্যকর ভূমিকা রাখে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক দিন পর ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। নুরকে ভোট দিয়ে নেতা বানিয়েছে শিক্ষার্থীরা। আমরা মনে করি ডাকসুকে ধরে রাখতে হবে। যাতে ভবিষ্যৎ রাজনীতিবিদ এখান থেকে উঠে আসে, যেভাবে আমরা উঠে এসেছি। সেই জায়গা থেকে নেতাদের শূন্যতা আমরা দেখতে চাই না।’ তিনি বলেন, আমার নিজেরই একই প্রশ্ন-নুরের ওপর কেন বারবার হামলা হচ্ছে, আপনারা যদি এর কোনো কারণ পান তাহলে আমাকে জানাবেন। তবে নুর কেন বারবার ‘আপনাদের মতে’ আক্রান্ত হচ্ছে, সেটি আমরা দেখব।

হামলার ঘটনায় যদি কেউ মারা যেত, তাহলে এর দায়ভার কে নিত- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত যতটুকু দেখেছি, তাতে আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও সঠিক আছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদের সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে, তাহলে আমরা সেটি নিতে পারব।’

শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ: বাড়ল প্রতিবেদনের সময়

0

পরীক্ষার সময় সূচিসহ তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত সময় বাড়িয়ে আগামী বছর ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

আজ প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু শাহবাগ থানা পুলিশ তদন্ত শেষ করতে না পারায় প্রতিবেদন দাখিল করেনি। তাই মহানগর হাকিম রমাহাম্মদ জসিম নতুন তারিখ ধার্য করেন।

২০১৭ সালের ২০ জুলাই সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ করেন। পরীক্ষার সময়সূচিসহ তারিখ ঘোষণার দাবিতে এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেয়। এতে পুলিশ বাধা দেয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে।

পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। খুব কাছ থেকে টিয়ারশেল ছোড়ার পর তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখে লাগে। তাঁর চোখ দুটি নষ্ট হয়ে যায়। শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন চললেও পরের দিন শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. মাজহার বাদী হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় পুলিশের কর্তব্য কাজে বাধা, পুলিশকে হত্যা চেষ্টা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়।

একনেকে ৯ প্রকল্প অনুমোদন

0

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪ হাজার ৬১১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে চার হাজার ৩৬৬ কোটি ১২ লাখ এবং সংস্থা নিজস্ব অর্থায়ন করবে ২৪৫ কোটি ৫০ লাখ টাকা।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এই অনুমোদন দেয়া হয়।

বর্তমান সরকারের ২৩তম সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান।

পাস হওয়া প্রকল্পগুলোর বিষয়ে পরিকল্পনামন্ত্রী জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ’ ও ‘মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা’, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ’, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ‘ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন (দ্বিতীয় সংশোধন)’, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা মহানগরী ও পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ’, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি’র জন্য অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ’, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’, শিল্প মন্ত্রণালয়ের ‘চামড়া শিল্পনগরী, ঢাকা (চতুর্থ সংশোধিত)’ এবং শিক্ষা মন্ত্রণালয়ের ‘হাওড় এলাকায় নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন’ প্রকল্প।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা আজ

0

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সভা আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

দলের সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২

0

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় মাটিবোঝাই একটি ট্রলির চালকসহ দুজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় পোড়াদহ রেলওয়ে জংশনের অদূরে কাটদহচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পোড়াদহ স্টেশনের মাস্টার শরিফুল ইসলাম বলেন, খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনটি রাজশাহী যাচ্ছিল। এ সময় কাটদহচর এলাকায় অরক্ষিত রেলগেট দিয়ে স্থানীয় একটি ইটভাটার মাটিবোঝাই ট্রলিটি পার হচ্ছিল। এ সময় ট্রেনটি রেললাইনে ঢুকে পড়লে ট্রলিটিকে ধাক্কা দিয়ে টেনেহিঁচড়ে কিছুদূর গিয়ে থামে। এ সময় ট্রলির দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।

মিরপুর থানার ওসি আবুল কালাম বলেন, যতটুকু শুনেছি অবৈধভাবে রেলক্রসিং করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রলিটির মালিক কে-তা এখনো জানা যায়নি। ফলে নিহত দুই শ্রমিকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

আয়ারল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ

0

আগামী বছর মে মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড। সফরকারীদের বিপক্ষে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজও খেলবেন তারা। তবে সেই সূচি চূড়ান্ত করা হয়নি।

ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) ওয়েবসাইটে জানানো হয়েছে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ১৪ মে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১৬ ও ১৯ মে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে স্টরমন্টে।

আয়ারল্যান্ড সফরে একটি টেস্ট খেলার কথাও ছিল বাংলাদেশের। তবে আর্থিক সমস্যার কারণে সেটি বাতিল ঘোষণা করেছে সিআই। এর পরিবর্তে টাইগারদের সঙ্গে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে চান তারা।

সবকটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ইংল্যান্ডে। কারণ এ সময়ে নিজেদের আন্তর্জাতিক ভেন্যুগুলোর মান উন্নতি ও সংস্কার করবে আয়ারল্যান্ড। তাই টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করা হয়নি। তবে মে মাসের শেষ দিকে সিরিজটি মাঠে গড়াতে পারে। আগামী জানুয়ারিতে সূচি ও ভেন্যু প্রকাশ করা হবে।

ঢাকা সিটি নির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা শনিবার

0

‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০’ এর জন্য বিএনপি আগামী শনিবার চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে। আগামী বৃহস্পতিবার দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিতে হবে। আর ফরম জমা দিতে হবে শুক্রবার।

আজ সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২০, রাজধানী ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ আবার কুয়াশাঢাকা সকাল

0

মৃদু শৈত্যপ্রবাহ চলাকালে কয়েকদিন ধরে কুয়াশার আড়ালে ছিল সূর্য। যেমন কনকনে ঠাণ্ডা তেমনি ছিল কুয়াশার দাপট।
শৈত্যপ্রবাহ কাটার পর গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীতে দেখা মেলে সূর্যের। কিন্তু আজ মঙ্গলবার আবার কুয়াশাঢাকা সকাল পেল রাজধানীবাসী। তাপমাত্রা একটু বাড়লেও শীতের কামড়ও কম তীব্র নয়।
সকালে রাজধানীতে ঘরের বাইরে বের হলেই চোখে পড়েছে কুয়াশার দাপট। একটু দূরের জিনিসও দেখা যাচ্ছে না। রাস্তাঘাটে রিকশাসহ যানবাহনের সংখ্যা অনেক কম। অফিস আদালত, কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাওয়া বা অন্য জরুরি কাজ ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। সাত সকালে রাজধানীর পূর্বাঞ্চলে ঘরের বাইরে এসে অপ্রস্তুত নগরবাসী মুখোমুখি হয়েছেন তীব্র কুয়াশার।
সকাল পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত দেখা যায়নি সূর্যের মুখ। কুয়াশার কাছে যেন হার মেনেছে সূর্যের আলো। থেমে থেমে নগরবাসীকে ছুঁয়ে যাচ্ছে কুয়াশায় ঘেরা ঘন বাতাস। বায়ু দূষণের কারণে বিপর্যস্ত ঢাকা নগরবাসীরা অনেকেই কুয়াশার কারণে বাড়তি শ্বাসকষ্টের মুখোমুখি হচ্ছেন।
এদিকে, গত বুধবার থেকে দেশের উত্তরাঞ্চলসহ বিস্তীর্ণ অঞ্চলে কনকনে শীত অনুভূত হচ্ছে। যেটি গতকাল রবিবারও অব্যাহত ছিল। মাঝখানে এক দিন দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও গতকাল পাঁচটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী ও পঞ্চগড়ে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত দেশের কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এলে তখন তাকে শৈত্যপ্রবাহ বলা হয়।
আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠাণ্ডা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটারের বেশি হলে শীতের অনুভূতি বাড়ে। গতকাল ঠাণ্ডা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটারের বেশি ছিল। সে কারণে গতকালও ঢাকাসহ দেশের অন্য এলাকায় কনকনে শীত অনুভূত হয়েছে। হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।
এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকলেও মানুষের কাছে বেশি শীত অনুভূত হয়। গত কয়েক দিন দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ছিল খুবই কম। সে কারণেও কনকনে শীত অনুভূত হচ্ছে। একই সঙ্গে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। হযরত শাহজালাল বিমানবন্দরসহ অন্য বিমানবন্দরেও উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হারও বেড়েছে গত কয়েক দিনে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ভর্তির হার বেশি।
আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী, গত কয়েক দিন দেশের বিস্তীর্ণ অঞ্চলে যে তীব্র শীত অনুভূত হচ্ছিল সেটা গতকাল সোমবার থেকে কমেবে। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। এ কয়েক দিন ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলায় শীতের মাত্রা বেড়ে গিয়েছিল। গতকাল সোমবার ছিল এর ব্যতিক্রম। আকাশে দেখা গিয়েছিল সূর্য।

প্রার্থী হতে চাইলে পদ ছাড়তে হবে দুই মেয়রকে

0

মেয়র সাঈদ খোকন ও আতিকুল ইসলাম। ফাইল ছবি
ঢাকার দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চাইলে বর্তমান দুই মেয়রকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পদত্যাগ করতে হবে। তবে এ ক্ষেত্রে কাউন্সিলররা নিজ পদে থেকেই নির্বাচন করতে পারবেন।
এ বিষয়ে ইসি সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, আগামী ৩১ ডিসেম্বর হচ্ছে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই প্রার্থী হতে চাইলে এর আগেই মেয়র সাঈদ খোকন ও আতিকুল ইসলামকে পদত্যাগপত্র জমা দিতে হবে।
গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক বিশেষ পরিপত্রে বলা হয়েছে, ‘সিটি করপোরেশন একটি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বিধায় সিটি করপোরেশনের মেয়র পদটিকে হাইকোর্ট লাভজনক পদ হিসেবে ঘোষণা করেছে।
কাজেই স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, মেয়র পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে ওই ব্যক্তি নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে, তাকে ওই পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হতে হবে। কাউন্সিলর পদধারীরা লাভজনক পদে সার্বক্ষণিক অধিষ্ঠিত নয় বলে তাদের পদে থেকে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। ’
এ নির্বাচনে আগ্রহী দেশীয় পর্যবেক্ষকদের আবেদন আহ্বান করেছে ইসি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আগ্রহী পর্যবেক্ষক সংস্থাগুলোকে আবেদনপত্র দিতে হবে। ইসি সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) ইসরাইল হোসেনের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, নির্বাচনী তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলো কোন এলাকা বা কেন্দ্রে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করবে, তা জানানোর বিধান রয়েছে। এ জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কাছ থেকে চিঠি চাওয়া হয়েছে। চিঠিতে আরো বলা হয়, নির্দিষ্ট সময়ের পর আবেদন কোনোভাবেই গ্রহণ করা হবে না। আর এ-সংক্রান্ত চিঠি ইসি সচিব বরাবর পাঠাতে হবে।
এ ছাড়া নির্বাচনের মনোয়নপত্রে দলীয় স্বাক্ষর দেওয়ার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম জানতে নিবন্ধিত ৪১ রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে ইসি।
ইসি আজ মঙ্গলবার থেকে দুই সিটির মনোনয়নপত্র ফরমও বিক্রি করবে। এ বিষয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান কালের কণ্ঠকে বলেন, আজ থেকে ঢাকার দুই সিটিতে প্রার্থী হতে আগ্রহীরা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
এদিকে রিটার্নিং অফিসারের বাছাইয়ে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে ইসি।
নির্বাচন কমিশন সচিবালয়ের অন্য এক চিঠিতে বলা হলেছে, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে দুই সিটির পোস্টার ও ব্যান্যার নিজ খরচে অপসারণ করতে হবে। অন্যথায় প্রার্থীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। আরেক চিঠিতে বলা হয়েছে, আজ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত দুই সিটিতে ৪৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এরপর ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন ১২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জামানত ও ভোটার তালিকার সিডি : ভোটারসংখ্যা অনুযায়ী দলের প্রত্যেক মেয়র প্রার্থীকে এক লাখ টাকা জামানত রাখতে হবে। এবার প্রার্থীদের ভোটার তালিকার সিডি কেনা বাধ্যতামূলক করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি ওয়ার্ডের সিডির জন্য প্রার্থীদের গুনতে হবে ৫০০ টাকা।
অন্যদিকে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের তিনটি ওয়ার্ডের সিডি কিনতে হবে এক হাজার ৫০০ টাকা দিয়ে। সাধারণ কাউন্সিলর প্রার্থীদের জামানত ভোটার অনুপাতে ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর জন্য ১০ হাজার টাকা জামানতের বিধান রয়েছে।
এ ছাড়া এ নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে ৩০০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হবে।

বিকেলে ঢাকায় আসছে ড্রিমলাইনার ‘অচিন পাখি’

0

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এবার যুক্ত হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সম্পূর্ণ নতুন ষষ্ঠ ড্রিমলাইনার উড়োজাহাজ বোয়িং ৭৮৭-৯।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ষষ্ঠ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ অবতরণ করবে।
এর মধ্য দিয়ে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮টি।
এর আগে গত শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পঞ্চম ড্রিমলাইনার উড়োজাহাজ ‘সোনার তরী’।
বিমান বাংলাদেশ সূত্র জানায়, এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বাংলাদেশ বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮টি। সূত্র জানায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে আসন সংখ্যা ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনার দুটি এবং বিমানের মোবাইল অ্যাপস অনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।