Home Blog Page 3283

ফের মহামিছিলে মমতা

0

আজ মঙ্গলবার ফের পথে নেমে মিছিলে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিশাল মিছিলে অংশ নিয়েছেন তিনি। আজ মঙ্গলবারও শপথ পাঠ করিয়ে মহামিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও মিছিল শুরুর আগে শান্তির বার্তা দিয়ে মমতা বলেন, শান্তিপূর্ণভাবে মিছিল করুন। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ দুপুর ১টা নাগাদ যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়। এই মিছিল গিয়ে শেষ হবে ভবানীপুরের যদুবাবুর বাজারে।

মিছিল শুরুর আগে মমতা বলেন, নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে যেসব গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে, সেগুলিকে সহমর্মিতা জানাই।

তিনি বলেন, বাংলায় এনআরসি হতে দেব না। কাউকে বাংলা ছেড়ে যেতে দেব না।

আজ মিছিলে উপস্থিত রয়েছেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী এবং বসিরহাটের সাংসদ নুসরাত জাহানও।

তাঁদের পাশে নিয়ে মমতা বলেন, বিজেপি ভাবছে দেশ দখল করে নিয়েছি। সংখ্যার জোরে আইন পাশ করানো যায়। মানুষের সমর্থন না পেলে কার্যকরী হয় না। সংবিধান মেনে নাগরিকত্ব আইন হয়নি। কবে বিল পাশ হবে, আগে জানানো হয়নি। না জানায় অনেক সাংসদ পৌঁছতে পারেননি।

কয়েক দিন আগে বিক্ষোভকারীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পোশাক দেখলেই বোঝা যায়, কারা বিক্ষোভ করছে। তা নিয়েও এদিন তাঁকে একহাত নেন মমতা।

তিনি বলেন, পোশাক দেখে কি আন্দোলনকারীকে চেনা যায়? পোশাক দেখে মানুষ চেনা যায় আগে কখনও ভাবিইনি। পোশাক-খাবার যার যার নিজের।

উল্লেখ্য, সিএএ বিক্ষোভ ঘিরে যখন উত্তাল গোটা ভারত, সেই প্রেক্ষাপটে গত রবিবার ঝাড়খণ্ডের দুমকায় মোদি বলেন, টিভিতে, ছবিতে পোশাক দেখেই চেনা যাচ্ছে কারা অশান্তি করছেন।

মোদির এই মন্তব্যের পর ভারত জুড়ে তুমুল সমালোচনা হয়েছে।

সূত্র : আনন্দবাজার, ইন্ডিয়ান এক্সপ্রেস

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড

0

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির বিশেষ আদালত। তিন সদস্যবিশিষ্ট বিশেষ আদালতের বেঞ্চ এই রায় দিয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ২০০৭ সালের নভেম্বর মাসে জরুরি অবস্থা জারির জন্য মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছিলেন। ২০১৩ সাল থেকে এই মামলা পড়ে ছিল। এই মামলায় গত ৫ ডিসেম্বর মোশাররফকে বিবৃতি দেওয়ার নির্দেশ দিয়েছিল লাহোরের বিশেষ আদালত।

পারভেজ মোশাররফ বর্তমানে দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আবেদন করেছিলেন, তাঁর অবর্তমানে যেন মামলার শুনানি না হয়। সুস্থ হয়ে তিনি আদালতে হাজিরা না দেওয়া পর্যন্ত বিশেষ আদালতের সংরক্ষিত রায় খারিজ করে দেওয়ার জন্য লাহোর হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি।

এদিকে, নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ জানিয়েছেন, পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তদন্তের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর বাবা। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।

প্রসঙ্গত, দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়েছেন নওয়াজ শরিফ। তিনি মেডিক্যাল গ্রাউন্ডে জামিনে মুক্তি পেয়ে বর্তমানে লন্ডনে চিকিত্‍‌সা করাচ্ছেন। তাঁকে সাত বছর কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত।

সূত্র : ইন্ডিয়া টুডে, এই সময়

ভারতে ছাত্র বিক্ষোভ : হার্ভার্ডের শিক্ষার্থীদের একাত্মতা প্রকাশ

0

রবিবার ভারতের দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। এই পুলিশি পদক্ষেপকে ‘বিক্ষোভকারীদের সহিংস দমন’ হিসাবে অভিহিত করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। তারা এ বিষয়ে ভারতের সরকারকে একটি খোলা চিঠি লিখেছে। ওই চিঠিতে ভারতের ছাত্র বিক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা রবিবারের পুলিশি হামলার নিন্দা জানিয়েছে। ভারতের নতুন নাগরিকত্ব আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা।

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় এবং আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) এর শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে হার্ভার্ডের শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, প্রতিবাদ ও মতবিরোধ গণতন্ত্রের অন্তর্নিহিত অংশ।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই চিঠিতে বলেছেন, পুলিশ কর্তৃক বিক্ষোভকারীদের সহিংস দমন, টিয়ারগাস ব্যবহার, লাঠিচার্জ এবং শান্তিপূর্ণ মতবিরোধের জবাবে শারীরিক নির্যাতন সমর্থনযোগ্য নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ বাহিনীর জোর করে প্রবেশ এবং সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া খুবই নিন্দনীয়।

এদিকে, অভিযোগ উঠেছে, দিল্লি এবং উত্তরপ্রদেশের আলীগড় বিক্ষোভের সময় পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। সে সময় পুলিশ ছাত্রদের ওপর সহিংস আচরন করেছে।

ওই সংঘর্ষের ঘটনায় প্রায় ৫০ জন আহত হয়েছে। ১০০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে আটককৃত ছাত্রদের মুক্তি দেওয়া হয়েছে।

হার্ভার্ডের শিক্ষার্থীরা বলেছেন, পুলিশ বর্বর আচরণ করেছে। এ বিষয়ে যে বিবৃতি প্রকাশ হয়েছে তাতে আমরা হতবাক ও গভীরভাবে উদ্বিগ্ন।

প্রসঙ্গত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে অমুসলিমদের পক্ষে ভারতীয় নাগরিক হওয়া সহজ করে তোলে এমন নতুন নাগরিকত্ব আইন নিয়ে শিক্ষার্থী এবং জনতার বিক্ষোভ পুরো ভারতে ছড়িয়ে পড়েছে। সমালোচকরা বলছেন, আইনটি মুসলমানদের সাথে বৈষম্যমূলক এবং সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতিগুলির পরিপন্থী।

ধর্ষণে আত্মরক্ষা করতে গিয়ে প্রাণ হারাল তরুণী

0

একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। ভারতে হায়দরাবাদের তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে গায়ে আগুন ধরিয়ে খুন করা হয়েছিল। উন্নাওয়ে আবার ধর্ষণের শিকার যুবতীকে আদালতে যাওয়ার পথেই পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। পরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই শেষ হয়েছিল তাঁর। প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল মুজাফ্ফরপুরে। ধর্ষণ থেকে বাঁচার চেষ্টা করায় গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় তরুণীর। সোমবার রাতে মৃত্যু হয়েছে তাঁর।

ভারত জুড়ে ধর্ষণের প্রতিবাদ হচ্ছে। আর এরই মাঝে প্রতিদিনই শিরোনামে উঠে আসছে ধর্ষণের ঘটনা। এবার ধর্ষণ থেকে আত্মরক্ষা করতে গিয়ে প্রাণ হারাতে হলো ২০ বছর বয়সী এক তরুণীকে। গত ৭ ডিসেম্বর রাতে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার রাত ১১টা ৪০ নাগাদ প্রাণ হারান তরুণী।

অভিযোগ, আহিয়াপুর থানা এলাকার বাসিন্দা ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করে তাঁরই এক প্রতিবেশী। তরুণী এমন ভয়ংকর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু ধর্ষণে বাধা পেতেই ওই প্রতিবেশীর রোষের মুখে পড়তে হয় তরুণীকে। তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত। তরুণীর চিৎকার শুনে ছুটে আসে আশপাশের লোকেরা। তাকে উদ্ধার করে পরের দিন নিয়ে যাওয়া হয় মুজাফ্ফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শরীরের প্রায় ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল তাঁর।

পরে তাঁকে পাটনার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার রাত ১১টা ৪০ নাগাদ প্রাণ হারান তরুণী।

চিকিৎসকরা জানিয়েছেন, ক্রমেই তরুণীর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটছিল। দেহের আভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছিল। মূত্রের পরিমাণও কমে গিয়েছিল। বেড়েছিল শ্বাসকষ্ট। ফলে তাঁকে বাঁচানো সম্ভব হলো না।

সূত্র : সংবাদ প্রতিদিন

যাচাই-বাছাই না করেই রাজাকারের তালিকা প্রকাশ : স্বরাষ্ট্রমন্ত্রী

0

যাচাই-বাছাই না করেই রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে। আর এ কারণেই এই ভুল হয়েছে বলে জানিয়েছন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দালাল আইনে রাজাকারদের যে তালিকা ছিল, তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে অনেকের নামের পাশে নোট ছিল, কারো নামে মামলা ছিল, সে বিষয়গুলো যাচাই-বাছাই না করেই তালিকা প্রকাশ করা হয়েছে। এজন্যই এমন অসঙ্গতি।

আরো নিবিড়ভাবে যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, মহান বিজয় দিবসের আগের দিন গত রবিবার ১০,৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই তালিকায় মুক্তিযোদ্ধাদের নামও আসায় তা নিয়ে চলছে তুমুল সমালোচনা। পরে এ ঘটনায় আজ দু:খ প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, এমন ভুলের দায় অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভুল-ভ্রান্তি অনেক বেশি হলে এ তালিকা প্রত্যাহার করা হবে।

‘২০২০ সালের মধ্যে ফাইভ-জি চালু হবে’

0

২০২০ সালের মধ্যে ফাইভ-জি চালু করা হবে বলে আশা প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে আয়োজিত এক অনুষ্ঠানে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে প্রধান অতিথির বক্তব্যে এই আশা প্রকাশ করেন মন্ত্রী।

মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল শব্দটি বাংলাদেশ থেকে উচ্চারিত হয়েছে। আমরাই প্রথম ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেই। এরপর ২০১৪ সালে ভারত, ২০১৫ সালে মালদ্বীপ এবং এ বছরের ৫ ডিসেম্বর পাকিস্তানও ডিজিটালের ঘোষণা দিয়েছে। তবে পাকিস্তান এখনো প্রক্রিয়া শুরু করেনি। তিনি বলেন, ২০২০ সালের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে ফাইভ-জি চালু করার চিন্তা করছি আমরা। এই নিয়ে কাজ এগিয়ে চলেছে। সামনের দিনে ইন্ডাস্ট্রির নির্ভরতা হবে ফাইভ-জি। দেশ এগিয়ে চলেছে, দেশে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের মহাসড়কের নাম হবে ফাইভ-জি।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আইইবি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইঞ্জিনিয়াররা তাদের দক্ষতা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। সভ্যতা বিকাশের ক্ষেত্রে প্রকৌশলীরা তাদের ভূমিকা রেখেছে। চতুর্থ শিল্পবিপ্লবের সময় তাদের ভূমিকা আরও বেড়ে যাবে। এজন্য তাদের সেইরকমভাবে গড়ে তুলতে হবে বলেও তিনি জানান।

আইইবি সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আইইবি’র কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম ও আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ প্রমুখ।

মুন সিনেমা হলের মালিক পেলেন প্রায় শত কোটি টাকা

0

বহুল আলোচিত পুরান ঢাকার মুন সিনেমা হলের জমি ও স্থাপনার মালিক ইটালিয়ান মার্বেল ওয়ার্ক লিমিটেডের অনুকূলে প্রায় এক শ কোটি টাকা পরিশোধ করল সরকার। মোট ৯৯ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৭৪ টাকা ২৭ পয়সা ৭৩ হাজার ৭৪ টাকা ২৭ পয়সার চেক পেয়েছেন বাংলাদেশ ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের মালিক মাকসুদুল আলম।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ চেক হস্তান্তর করে মাকসুদুল আলমকে। এর মধ্য দিয়ে মুন সিনেমা হলের জমি এখন মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের নামে রেজিস্ট্রি হবে।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মুন সিনেমা হলের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন।

আপিল বিভাগ গত বছর ১৮ জানুয়ারি এক আদেশে ক্ষতিপূরণসহ ভবন ও জমির মূল্য বাবদ ৯৯ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৭৪ টাকা ২৭ পয়সা পরিশোধ করতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং এর ব্যবস্থাপনা পরিচালকের প্রতি নির্দেশ দিয়েছিলেন। সে বছরের ৩০ জুলাইয়ের মধ্যে ওই টাকা তিন কিস্তিতে পরিশোধ করতে বলা হয়েছিল। পরে ১০ ডিসেম্বর এক আদেশে মুন সিনেমা হলের জমি ও স্থাপনার মূল্য হিসেবে ৯৯ কোটি ২১ লাখ টাকার চেক ব্যক্তি মাকসুদুল আলমের পরিবর্তে বাংলাদেশ ইটালিয়ান মার্বেলস ওয়ার্কস লিমিটেডের নামে দিতে নির্দেশ দেন আদালত। অর্থ মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে ওই নির্দেশ দেওয়া হয়েছিল। এ অবস্থায় চেকও প্রস্তুত করেছিল সরকার। কিন্তু জমি রেজিস্ট্রি নিয়ে জটিলতা দেখা দেওয়ায় সরকার চেক হস্তান্তর থেকে বিরত থাকে। শেষ পর্যন্ত উভয় পক্ষের সমঝোতার পর আপিল বিভাগ জমি রেজিস্ট্রি করে দিতে নির্দেশ দেন। কিন্তু এই প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। এ অবস্থায় আদালত আগামী ১০ ডিসেম্বরের মধ্যে টাকা পরিশোধ ও জমি রেজিস্ট্রি করার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

ইটালিয়ান মার্বেলস ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলম ছিলেন মুন সিনেমা হলের মূল মালিক। মুক্তিযুদ্ধের সময় সম্পত্তিটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। এই সম্পদ সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় অনুকূলে নেওয়া হয়েছিল। পরে মালিকানা দাবি করে মাকসুদুল আলম ২০০০ সালে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। হাইকোর্ট ২০০৫ সালের ২৯ আগস্ট এক রায়ে সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। রায়ে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ১৯৭৫-এর ১৫ আগস্ট সামরিক শাসন জারির পর থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সামরিক শাসনামলের সব আদেশ, ঘোষণা ও দণ্ডাদেশ অবৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি ৬০ দিনের মধ্যে জমি রিট আবেদনকারীর অনুকূলে ফেরত দেওয়ার নির্দেশ দেন আদালত।

পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১০ সালের ২ ফেব্রুয়ারি এক রায়ে পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন। তবে ওই রায়ে ৯০ দিনের মধ্যে মুন সিনেমা হল বাংলাদেশ ইটালিয়ান মার্বেলস ওয়ার্কস লিমিটেডকে ফেরত দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দেওয়া হয়। কিন্তু মালিক দীর্ঘদিনেও জমি ফেরত না পাওয়ায় ২০১৩ সালের ১০ জানুয়ারি আদালত অবমাননার মামলা করেছিলেন। এরই ধারাবাহিকতায় আপিল বিভাগ আজ এ আদেশ দেন।

দুদক কার্যালয়ে এজাহার দাখিলের ক্ষমতা: হাইকোর্টের রুল

0

দুর্নীতির বিষয়ে থানায় মামলা না করে দুদকের নিজ কার্যালয়ে এজাহার দাখিল ও ওই এজাহারের ভিত্তিতে তদন্ত কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সংসদ সচিবালয়ের সচিব, দুদক চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক ও দুদক সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল কাইয়ুম।

দুদক আইনজীবী খুরশীদ আলম খান আদালতের রুল জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৩ নভেম্বর রিট আবেদনটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস এবং ব্যারিস্টার নওশীন নাওয়াল। রিট আবেদনে দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ (সংশোধনী ২০১৯) এর ১(২)(ঘঘ)(ছ), ৪, ৯ (ক), ১০ নম্বর বিধি ও ফরম-২খ কেন বেআইনি ঘোষনা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। রিট আবেদনে আইন, স্বরাষ্ট্র ও সংসদ সচিবালয়ের সচিব, দুদক চেয়ারম্যান, পুলিশের আইজি ও দুদক সচিবকে বিবাদী করা হয়েছে।

দুদক নিজেই মামলা করার ক্ষমতা সংক্রান্ত বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ সংশোধন করে গত ২০ জুন গেজেট জারি করে। এই বিধিমালার ৪ নম্বর বিধিতে বলা হয়েছে, কোনো নাগরিক থানায় অভিযোগ দায়ের করতে পারবে। সংশ্লিষ্ট থানা ওই অভিযোগ পাওয়ার পর তা জিডি হিসেবে গ্রহণ করে দুদকে পাঠিয়ে দেবে। এর ভিত্তিতে দুদক নিজ কার্যালয়ে মামলা করতে পারবে। এছাড়া ১০ নম্বর বিধিতে দুদককে তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে।

গত জুন মাসে এই বিধিমালা অনুমোদনের পর থেকে দুদক থানায় না যেয়ে নিজ কার্যালয়েই মামলা দায়ের করছে। এ প্রেক্ষাপটে ওই গেজেট চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়।

ভুল-ভ্রান্তি বেশি হলে এ তালিকা প্রত্যাহার করা হবে

0

স্বাধীনতাবিরোধী ঘাতক-দালালদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, এমন ভুলের দায় অস্বীকার করার কোনো সুযোগ নেই। একাত্তরের তালিকা প্রকাশ করা হয়েছে। রাজাকারের তালিকা মন্ত্রণালয় নতুনভাবে করেনি। ভুল-ভ্রান্তি অনেক বেশি হলে এ তালিকা প্রত্যাহার করা হবে বলেও জানান মন্ত্রী। আজ সোমবার সকালে শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

এর আগে গত ১৫ ডিসেম্বর রবিবার ১০৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু এ তালিকা নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। সেখানে অনেক মুক্তিযোদ্ধাদের নাম চলে আসে। মুক্তিযুদ্ধের সংগঠক-গবেষক থেকে শুরু করে সাধারণ মানুষ এই তালিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানালেও স্বাধীনতার ৪৮ বছর পর প্রকাশিত তালিকাটি অগোছালো, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণভাবে প্রকাশিত হওয়ায় তা সমালোচনার মুখে পড়েছে। গবেষকদের মতে, সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হলে একাত্তরের ঘাতক-দালালদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা এখনো সম্ভব। মুক্তিযুদ্ধবিরোধী প্রতিটি রাজনৈতিক সংগঠন এবং ওই সব সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গঠিত শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস ও মুজাহিদ বাহিনীর আলাদা তালিকা তৈরি করা উচিত বলে মনে করেন তাঁরা। তাঁদের মতে, ওই সব বাহিনী ও সংগঠনের অপরাধ ও দায়ও চিহ্নিত করা উচিত।

গতকাল সোমবার বিজয় দিবসে সারা দেশে ওই তালিকা ছিল প্রধান আলোচ্য বিষয়। প্রত্যেকেই যার যার এলাকার পরিচিত ও স্বীকৃত ঘাতক-দালালের নাম খোঁজেন তালিকায়। তা না পেয়ে হতাশ হয়েছেন অনেকেই। ৬৫৯ পৃষ্ঠার ওই তালিকা থেকে কোনো নাম সহজভাবে খুঁজে বের করারও উপায় নেই। ডিজিটাল যুগে এ রকম ম্যানুয়াল পদ্ধতিতে তালিকা প্রকাশের কারণেও অনেকে বিরক্তি প্রকাশ করেছেন। তালিকায় অনেক নাম রয়েছে, যার কোনো ঠিকানা-পরিচয় নেই।

গত রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ‘একাত্তরের রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রকাশ (প্রথম পর্ব)’ নামে তালিকাটি প্রকাশ করেছে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে। তালিকা প্রকাশকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, নতুন কোনো তালিকা তৈরি করা হয়নি। তিনি বলেন, ‘যাঁরা একাত্তরে রাজাকার, আলবদর, আলশামস বা স্বাধীনতাবিরোধী হিসেবে পাকিস্তান সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং যেসব পুরনো নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিল, সেটুকু প্রকাশ করছি।’ তিনি জানান, এটি প্রথম ধাপ; এতে ১০ হাজার ৭৮৯ জনের নাম আছে। পরবর্তী তালিকা আগামী ২৬ মার্চ প্রকাশ করা হবে।

আবারো পেছাল ব্লগার নিলয় হত্যা মামলার প্রতিবেদন

0

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তা‌রিখ আবারো পি‌ছি‌য়ে‌ছে। প্র‌তি‌বেদন দা‌খি‌লের জন্য আগামী ১৯ জানুয়ারি নতুন দিন ধার্য করা হয়েছে।

প্রতিবেদন দাখিলের জন্য আজ মঙ্গলবার (১৭ ডি‌সেম্বর) দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা গো‌য়েন্দা পু‌লিশের (ডি‌বি) পরিদর্শক বাহাউ‌দ্দিন ফারুকী এদিন প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট আশক ইমাম প্র‌তি‌বেদন দা‌খি‌লের জন্য ১৯ জানুয়ারি নতুন দিন ধার্য করেন।

২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানের একটি বাড়ির পঞ্চম তলায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দিন রাতে নিলয়ের স্ত্রী অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপ মহাদেশ শাখা। বিভিন্ন সময়ে পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের সাত সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাতজনের মধ্যে মাওলানা মুফতি আ. গাফফার, মর্তুজা ফয়সাল সাব্বির, কাওছার হোসেন সর্দার, কামাল হোসেন সরদার ও সাদ আল নাহিদ কারাগারে আছেন। এছাড়া সন্দেভাজন মাসুম রানা ও তরিকুল ইসলাম নামে দুজন জামিন পেয়েছেন।