Home Blog Page 3337

কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

0

বাংলাদেশ-ভারত মধ্যকার দিবা-রাত্রির টেস্টের উদ্বোধনীতে অংশ নিতে কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে এক দিনের সরকারি সফরে আজ শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সকাল পৌনে ১১টার দিকে তিনি কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এদিন দুপুরে ইডেনে তাকে অভ্যর্থনা জানাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গাঙ্গুলী। এরপরে ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন করবেন তিনি।

উন্নত হবে ট্রেন, ছুটবে ১৬০ কিলোমিটার বেগে!

0

প্রতিবেশী দেশ ভারত কিংবা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক দেশ চীনের ট্রেনের গতি যেখানে ১০০-৩৮০ কিলোমিটার, সেখানে বর্তমানে বাংলাদেশে ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০৫ কিলোমিটার। আর এই সামান্য গতিবেগে ট্রেন ছুটতে গিয়েও হরহামেশা ঘটছে দুর্ঘটনা। সর্বশেষ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘটে যাওয়া দুর্ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয় রেলের। এর আগে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াসহ আরো কয়েকটি স্থানে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটে বেশ। এ অবস্থায় রেললাইন ঢেলে সাজানোসহ গতি বাড়াতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি শম্ভুকগতিতে নয়, দেশে ট্রেন চলাচলের গতি অন্তত ১৬০ কিলোমিটারে উন্নীত করতেও উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বলেন, ‘দেশের ট্রেনের গতি ১৬০ কিলোমিটারে উন্নীত করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এ নিয়ে কী কী উদ্যোগ গ্রহণ করা যায় সে ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। রেলপথ মন্ত্রণালয় থেকে এই ধরনের বার্তা আমাদের কাছে এসেছে। আমরা সে অনুযায়ী কাজ করার প্রস্তুতি নিচ্ছি।’

ওই কর্মকর্তা আরো বলেন, ‘সারা বিশ্বেই ট্রেন এখন অন্যতম যানবাহন। আমাদের দেশের মানুষের কাছেও ট্রেন জনপ্রিয়। কিন্তু মাঝে মাঝে ঘটে যাওয়া দুর্ঘটনায় ট্রেনসেবা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি মানুষের জানমালেরও ক্ষতি হচ্ছে। এ অবস্থায় রেলের প্রতি আস্থা ফেরাতে এবং রেলসেবার মান আরো বাড়াতে গতি বাড়ানো জরুরি। ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করাতে পারলে সেটি হবে দেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ।’

ওই কর্মকর্তা আরো জানান, পুরো রেললাইনকে ঢেলে সাজানোর প্রস্তুতি চলছে। রেললাইনে নতুন করে অত্যাধুনিক স্লিপার বসানো, রেললাইন সংস্কার, ডাবল লাইনে উন্নীতকরণসহ নানা কাজও হাতে নিতে যাচ্ছে রেলপথ মন্ত্রণালয়।

এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানায়, ২০১৬-১৭ সালে এই অঞ্চলের রেলপথের গতি বাড়াতে কয়েক শ কোটি টাকা ব্যয় করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের সবকয়টি রুটেই আগের চেয়ে ১০-৩০ কিলোমিটার গতি বাড়ানো হয়েছিল। এর মধ্যে পাঁচুরিয়া-ফরিদপুর লাইনে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার থেকে বাড়িয়ে করা হয়েছে ১০০ কিলোমিটার। লালমনিরহাট-বুড়িমারী লাইনে ঘণ্টায় ৭৫ কিলোমিটার থেকে বাড়িয়ে করা হয় ৮০ কিলোমিটার। পার্বতীপুর-বঙ্গবন্ধু সেতু পশ্চিম লাইনে ঘণ্টায় ৯৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ১০৫ কিলোমিটার, চাটমোহর ভাঙ্গুড়া সেকশনে ৫০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার, বঙ্গবন্ধু সেতু পূর্ব-জয়দেবপুর সেকশনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ১০০ কিলোমিটার, ও দৌলতপুর-যশোর সেকশনের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটারে বাড়ানো হয়। কিন্তু এক বছরও টেকেনি সেই গতি বাড়ানোর সিদ্ধান্ত। গত বছরের মাঝামাঝি সময়ে বিভিন্ন স্থানে রেললাইনের করুণ দশা তৈরি হলে আগের গতিতে ফিরিয়ে আনা হয় ট্রেন। এমনকি কোথাও কোথাও আগের চেয়েও গতি কমিয়ে দেওয়া হয়।

আজ সকালে তুরস্ক থেকে ১০ টন পেঁয়াজ এলো

0

শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে তুরস্ক থেকে সিটি গ্রুপের ১০ টন পেঁয়াজের চালান এসে পৌঁছেছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে পেঁয়াজ বহনকারী কার্গোবিমানটি অবতরণ করে। বিমানবন্দর কাস্টমসের অফিসার সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত বুধবার আকাশপথে পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে পেঁয়াজের প্রথম চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। চালানটির আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ। চালানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ ছিল।

বাংলাদেশের বাজারে পেঁয়াজের উচ্চমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে বুধবার (২০শে নভেম্বর) থেকে বিমানে করে পেঁয়াজ আমদানি করা শুরু করেছে সরকার। খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে সরকার পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয়।

তবে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে আসন্ন পেঁয়াজ উৎপাদনের মৌসুমে পেঁয়াজ-চাষীরা ক্ষতিগ্রস্থ হতে পারে বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা।

বাজারের নিয়ম অনুযায়ী যোগানের তুলনায় চাহিদার পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণেই মূল্যবৃদ্ধি হয়েছে পেঁয়াজের।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম মনে করেন, এরকম অবস্থায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারের পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্তটি সময়োপযোগী ছিল।

আইরিশ রাষ্ট্রপতিকে সাইদা মুনা তাসনীমের পরিচয়পত্র পেশ

0

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম গত বুধবার আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি মাইকেল ড্যানিয়েল হিগিন্সের নিকট আয়ারল্যান্ডে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে তাঁর পরিচয়পত্র পেশ করেন।

রাষ্ট্রদূত তাসনীম ডাবলিনে রাষ্ট্রপতির বাসভবনে পৌঁছার পর তাঁকে গার্ড-অব-অনার দেয়া হয়। এই ঐতিহ্যবাহী গার্ড-অব-অনার আয়ারল্যান্ডের রাষ্টপতি হিগিন্স, তাঁর স্ত্রী, আয়ারল্যান্ডের মিনিস্টার ফর ডায়াসপোরা ও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রত্যক্ষ করেন।

পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূত আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নেয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন বলে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম আয়ারল্যান্ডের রাষ্ট্রপতিকে আগামী বছর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের বিষয়ে অবহিত করে আশা করেন আয়ারল্যান্ডেও এই উৎসব যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আয়ারল্যান্ডের জনগণের নৈতিক সমর্থনের কথা উল্লেখ করে আশা করেন ২০২২ সালে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর দু‘দেশের যৌথ উদ্যোগে পালন করা হবে।

রাষ্ট্রদূত আয়ারল্যান্ডকে ইউরোপের আইটি খাতের বহুজাতিক কোম্পানিগুলোর “হাব” হিসেবে উল্লেখ করে আইটি কোম্পানিগুলো প্রতি বাংলাদেশের সফটওয়ার আউটসোর্সিং-এর সক্ষমতা, বিশেষ করে ছয় লাখ ফ্রিল্যান্স আইটি পেশাদারকে নতুনভাবে মূল্যায়ন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিগিন্স প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য ভূমিকার প্রশংসা করেন। তিনি পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং এসডিজি‘র লক্ষ্য অর্জনে বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপ সর্ম্পকে জানতে চান।

তিনি বঙ্গবন্ধুর জন্মদিন এবং সেন্ট পেট্রিক’স দিবস ১৭ই মার্চ একই তারিখে হওয়ায় বিষয়টি উল্লেখ করে আশা করেন আয়ারল্যন্ডেও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করা হবে।

পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে আয়ারল্যান্ডের মিনিস্টার অব স্টেট ফর দি ডায়াসপোরা এন্ড ইন্টারন্যাশনাল সিয়ারান কেনন, সেক্রেটারি জেনারেল টু প্রেসিডেন্ট আর্ট-ও-লিয়েরি, ডেপুটি সেক্রেটারি জেনারেল অব ডিপার্টমেন্ট অব ফরেন এ্যাফেয়ার্স এন্ড ট্রেড ব্রেনডেন রজার্স এবং বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব মো. সফিউল আলম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত আইরিশ মিনিস্টারের সাথে দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া তার সম্মানে বাংলাদেশ-আইরিশ কমিউনিটি আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি যোগ দেন। এসময় বাংলাদেশি-আইরিশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়ারল্যান্ডে বাংলাদেশ হাই কমিশন লন্ডনের নিয়মিত ও উন্নত ভিসা সার্ভিসের প্রশংসা করেন।

পাট নিয়ে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত

0

জাতিসংঘে পাটসহ প্রাকৃতিক তন্তু ব্যবহার বিষয়ে বাংলাদেশের উত্থাপিত রেজুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এতে পাট ও অন্যান্য প্রাকৃতিক তন্তুজাত পণ্যের জন্য একটি শক্তিশালী, কার্যকর ও সুনিপুন ‘গ্লোবাল ভ্যালু চেইন’ এর পথ পাকা হলো।

গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের চলতি ৭৪তম সাধারণ পরিষদের ২য় কমিটিতে সর্বসম্মতিক্রমে রেজুলেশনটি গৃহীত হয় বলে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রেজুলিশনটির শিরোনাম ‘প্রাকৃতিক তন্তু উদ্ভিজ্জ ও টেকসই উন্নয়ন।’

এর আগে বাংলাদেশ এবছরের সেপ্টেম্বর মাসে রেজুলেশনটি ২য় কমিটিতে উত্থাপন করে। দীর্ঘ প্রায় ৩ মাসের টানা নেগোসিয়েশনে পক্ষে-বিপক্ষের মতামতসমূহকে বিবেচনায় নিয়ে অবশেষে বাংলাদেশ সকল সদস্য রাষ্ট্রসমূহকে এই রেজুলেশন গ্রহণের পক্ষে আনতে সক্ষম হয়। ভারত, চীন, রাশিয়া, আয়ারল্যান্ড, কানাডা, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, মিশর, নাইজেরিয়াসহ ৬৮টি দেশ রেজুলেশনটিকে কো-স্পন্সর করে।

এটি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম রেজুশেলন যেখানে অর্থনৈতিক ও পরিবেশগতগতভাবে টেকসই এবং সামাজিকভাবে লাভজনক কৃষি পণ্য পাট ও অন্যান্য প্রাকৃতিক তন্তুর চ্যালেঞ্জ এবং সম্ভাবতা তুলে ধরা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে প্রাথমিকভাবে রেজুলেশনটিতে পাট এবং অন্যান্য প্রাকৃতিক তন্তু যেমন অ্যাবাকা, কয়ার, কেনাফ, সিসাল, হেম্প ও রামি এর ব্যবহার ও উন্নয়নের কথা বলা হয়েছে যা এতদিন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রায় অজানাই ছিল।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন রেজুলেশনটি গ্রহণের ফলে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এ সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা, উন্নয়ন ও সহযোগিতার পথ সুগম হবে এবং এর প্রচলিত ব্যবহারের বাইরে সৃজনশীল ও মূল্য সংযোজিত ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচিত হবে মর্মে আশা প্রকাশ করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

রেজুলেশনটি গ্রহণের ফলে বাংলাদেশ কিভাবে উপকৃত হবে তা জাতিসংঘ সদর দপ্তরের সামনে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের কাছে সংক্ষেপে তুলে ধরেন রাষ্ট্রদূত মাসুদ। তিনি বলেন, “রেজুলেশনটি পাট ও অন্যান্য প্রাকৃতিক তন্তুজাত পণ্যের জন্য একটি শক্তিশালী, কার্যকর ও সুনিপুন ‘গ্লোবাল ভ্যালু চেইন’ এর পথ পাকা করল। এরফলে পাট ও পাটজাত পণ্যের চাহিদা বৈশ্বিক বাজারে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের পাটচাষী ও পাট ব্যবসায়ীগণের নায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হবে।”

এ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি আরও বলেন, “ আমাদের লক্ষ্য ছিল আন্তর্জাতিক প্লাটফর্মে পাট ও পাট জাত দ্রব্যের ব্যবহারের বিষয়টি তুলে ধরা। সকল দেশকে এক্ষেত্রে একীভূত করতে অন্যান্য প্রাকৃতিক তন্তুগুলোকেও আমরা নিয়ে এসেছি। প্রথমবারের মতো এ ধরণের রেজুলেশন পাশ করাতে এই আন্তর্জাতিক সমর্থন আমাদের প্রয়োজন ছিল।”

এটি প্রাকৃতিক তন্তু ব্যবহারের সুবিধা আর কৃত্রিম তন্তু যেমন প্লাস্টিক ব্যবহারের অসুবিধা তুলে ধরার মাধ্যমে পরিবেশগত বিপর্যয় ও জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখবে। এতে সদস্য দেশসমূহকে পাট ও অন্যান্য প্রাকৃতিক তন্তুর ব্যবহার বিষয়ে নতুন নতুন আইন, নীতি ও পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যা একটি উল্লেখযোগ্য বিষয় বলে জানান রাষ্ট্রদূত মাসুদ।

রেজুলেশনটি আগামী ডিসেম্বর মাসে সাধারণ পরিষদের প্লেনারিতে উপস্থাপিত হবে। এখন থেকে দ্বিবার্ষিকভাবে এ রেজুলেশনটি জাতিসংঘে আলোচিত হবে বলে জানা গেছে।

প্রাইভেট প্র্যাকটিস রেজিষ্ট্রেশন প্রদান ও সিলেকশন গ্রেড ধাপ বাড়ানোর দাবি ডেন্টাল টেকনোলিজষ্টদের

0

প্রাইভেট প্র্যাকটিস রেজিষ্ট্রেশন প্রদান ও সিলেকশন গ্রেড ধাপ বাড়ানোর দাবি জানিয়েছেন ডেন্টাল টেকনোলিজষ্টরা। শুক্রবার সকালে রাজধানীর পল্টনের কুষ্টিয়া ভবনের অডিটোরিয়ামে সরকারী চাকুরীজীবি সদস্যদের চলমান সংকট নিরসনে এক মতবিনিময় সভায় এ দাবি জানান তারা। সারা দেশের ডিপ্লোমা মেডিক্যাল টেকনালোজিস্ট (ডেন্টাল) এর প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ডেন্টাল পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন এর পরিচলনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শিকদার মকবুল হক, ডেপুটি এ্যাটর্নী জেনারেল এডভোকেট গোলাম মোস্তফাসহ সংগঠনের উর্ধ্ধতন কর্মকর্তারা। এসময় সংগঠনের নেতারা বলেন, প্রতিবছর দেশের সরকারি ১৩টি প্রতিষ্ঠানে ৪৪৫জন এবং বেসরকারী ১০৩টি প্রতিষ্ঠানে ১৯৬৮ জন সহ মোট ২৪১৩ জন ডেন্টাল টেকনোলজি পড়তে ভর্তি হন। কিন্তু তাদের সেই পরিমাণ চাকরীর সুযোগ না থাকার পরও বিশেষায়িত এই বিষয়ে পড়াশোনা করেও প্রাইভেট প্রাকটিস করার অনুমতি পায়না। ডেন্টাল টেকনোলিজষ্টদের এই প্রাকটিসের সুযোগ দেওয়া হলে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ আরো বাড়বে বলে মনে করেন বক্তরা। অন্য ডিপ্লোমাধারীদের থেকে তাদের গ্রেড একধাপ নিচে থাকার বৈষম্য দূর ও চাকরীতে পদোন্নতির সুযোথ এর দাবি জানান সারদেশ থেকে আসা বাংলাদেশ ডেন্টাল পরিষদ এর নেতারা।

সাবেক মন্ত্রী মে.জে.(অব.) এম.শামসুল হক এর চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত

0

বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী , সশস্ত্র বাহিনী বিভাগ এর প্রথম মহাপরিচালক, বৃহত্তর কুমিল্লার প্রথম মেজর জেনারেল ও চাঁদপূর জেলার মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান মেজর জেনারেল (অব.)আলহাজ্ব এম. শামসুল হক এর আজ (২১ নভেম্বর) চতুর্থ মৃত্যু বার্ষিকী। দিনটি উপলক্ষে মরহুম এর পরিবারের সদস্যরা ও সমাজের বিভিন্ন শ্রেণি পেসার মানুষ সকালে বনানীর সামরিক কবরস্থানে তাঁর কবরে পুস্পস্তবক অর্পন করেন ও ফাতেহা পাঠ করে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
এ উপলক্ষে মরহুমের ছোট ছেলে বিশিষ্ট শিল্পপতি , সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব আনিসুল হক এর বাসভবনে কুরআন খতম , দুস্তদের মাঝে তোবারক বিতরণ ও বাদ আসর দোয়া মাহফিল অনুস্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে অংসগ্রহণ করেন খ্যাতিমান অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল বায়েস , হলিফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অধ্যক্ষ মেজর জেনারেল ( অব.) এইচ. আর. হারুন , বিসিক এর সাবেক জি.এম. শামসুল হক , মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হান্নান সরকার , সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য শোয়েব অাহমেদ শিপন ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ।
উপস্থিত সকলে মহান রাব্বুল আলামীনের দরবারে মরহুম এম. শামসুল হকের আত্মার শান্তি কামনা করেন ও জান্নাতের শ্রেস্ঠ স্থানে তাঁকে অধিস্ঠিত করার জন্য প্রার্থনা করেন ।

আন্দোলনের ইস্যু সরকার কারও হাতে তুলে দেবে না: কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার আন্দোলনের ইস্যু কারও হাতে তুলে দেবে না। বিএনপি পেঁয়াজ, চাল ও লবণ নিয়েও ইস্যু করার চেষ্টা করেছে। সফল হয়নি। এখনো তারা পরিবহন নিয়ে ইস্যু তৈরির চেষ্টা করছে।

আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার ময়নামতি সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের ‘সড়ক আন্দোলন’ প্রসঙ্গে এসব কথা বলেন কাদের। তিনি বলেন, সরকার পরিবহনশ্রমিকদের আন্দোলনের যৌক্তিক সমাধানের চেষ্টা করছে। আইন প্রয়োগে কেউ যাতে অতি বাড়াবাড়ি না করে, সেদিকে লক্ষ রাখতে হবে।

বিকেল তিনটায় সেনানিবাসের এম আর চৌধুরী গ্রাউন্ডে ওই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান চলে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত।

এতে স্বাগত বক্তব্য দেন ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী। তিনি বলেন, ১৯৭১ সালের ২৯ মার্চ মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী বহু কর্মকর্তা ও কুমিল্লা শহরের বিভিন্ন লোককে সেনানিবাসে অন্তরীণ রাখে। তারা এখানে নারকীয় হত্যাযজ্ঞ চালায়।

অনুষ্ঠানে দেওয়া স্মরণিকায় উল্লেখ করা হয়, একাত্তরে ময়নামতি সেনানিবাসে ২৪ জন সামরিক ব্যক্তি, ৩০০ জন বেসামরিক ব্যক্তি, ১১ জন শিক্ষকসহ অন্তত ৫০০ জন ব্যক্তি শহীদ হন। এম আর চৌধুরী গ্রাউন্ডের পূর্ব পাশে একাত্তরের বধ্যভূমি রয়েছে।

আইনমন্ত্রীর সঙ্গে আবরারের বাবার সাক্ষাৎ

0

বুয়েটের নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ আজ বৃহস্পতিবার দুপুরে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। দুপুর ১২টার দিকে পরিবারের আরও দুজন সদস্যসহ গুলশানে মন্ত্রীর বাসায় যান তিনি। সেখানে ১৫ থেকে ২০ মিনিট আইনমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন তাঁরা।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিকেল পৌনে চারটার দিকে বরকত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে দেওয়ার জন্য আইনমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়। আইনমন্ত্রী সে ব্যাপারে আশ্বাস দেন। একই সঙ্গে বিচার প্রসিকিউশন টিমে পরিবারের পছন্দ অনুযায়ী দুজন আইনজীবীও রাখার ব্যাপারে মত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। যত দ্রুত সম্ভব এই হত্যা মামলার বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি।’

বরকত উল্লাহ বলেন, মামলার বর্তমান যে অবস্থা তার অগ্রগতিতে আইনমন্ত্রীর কাছে সন্তোষ প্রকাশ করেছেন।

আইইডিসিআর: ডেঙ্গুতে ১২১ জনের মৃত্যু হয়েছে

0

ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন প্রাপ্ত ১৯৩টি ঘটনা পর্যালোচনা করে ১২১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত ১২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আইইডিসিআর এ পর্যন্ত ২৬৪টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পেয়েছে। এর মধ্যে তারা ১৯৩টি ঘটনা পর্যালোচনা করে ১২১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

এদিকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১২৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৭ জন ঢাকার হাসপাতালে ভর্তি নিয়েছেন।

সরকারি তথ্যমতে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৯৯ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৯৮ হাজার ৪৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।