Home Blog Page 3342

রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধ, ‘মাদক কারবারি’ নিহত

0

রাজধানীর হাজারীবাগ এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নাদিম বাহাদুর (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বুধবার (২০ নভেম্বর) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। র‍্যাবের দাবি, নাদিম তালিকাভুক্ত মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে এবং ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমানের ভাষ্যমতে, হাজারীবাগ এলাকায় র‍্যাবের একটি টহলদলের সঙ্গে গুলি বিনিময় হয় মাদক কারবারিদের সঙ্গে। একপর্যায়ে তালিকাভুক্ত মাদকবিক্রেতা নাদিম বাহাদুর নিহত হন।

ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন র‍্যাবের এই কর্মকর্তা।

পূবালী ব্যাংকের বুথ থেকে টাকা চুরি

0

পূবালী ব্যাংকের চট্টগ্রামের দুটি ও কুমিল্লার একটি অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ থেকে জালিয়াতির মাধ্যমে ৯ লাখ ৬০ হাজার টাকা চুরি হয়েছে। গত রবি ও সোমবার এসব জালিয়াতির ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ ও তদন্তকারী সূত্র। স্থানীয় পুলিশের পাশাপাশি ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) জালিয়াতচক্রের দুই সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে। সিসি ক্যামেরার ফুটেছে তাদের চেহারা দেখা গেছে। টাকা চুরির একটি ভিডিও ক্লিপ কালের কণ্ঠ’র হাতে এসেছে যাতে চক্রের দুজনকে এটিএম বুথ থেকে টাকা বের করে নিয়ে যেতে দেখা যাচ্ছে।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম ও কুমিল্লার ওই এটিএম বুথগুলোর প্রতিটি থেকে দু-তিন লাখ টাকা করে খোয়া গেছে। টাকা চুরির ভিডিও ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে মামলা করা হয়েছে।
ঢাকা ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি-পূর্ব) শহিদুর রহমান রিপন বলেন, গত ১৭ ও ১৮ নভেম্বর চট্টগ্রামের দুটি ও কুমিল্লার একটি এটিএম বুথ থেকে টাকা চুরি যায়। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সূত্র জানায়, রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে চট্টগ্রাম কলেজ রোড শাখা ও আগ্রাবাদের শেখ মুজিব রোডের বুথ থেকে টাকা তোলা হয়। তবে তা কোনো গ্রাহকের হিসাব থেকে তোলা হয়নি। কার্ড জালিয়াতির মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারকে অন্ধকারে রেখেই মেশিনে থাকা টাকা তুলে নেওয়া হয়েছে।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, জালিয়াতি করে তিন লাখ ৩৪ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগে পূবালী ব্যাংকের চট্টগ্রাম কলেজ শাখার ব্যবস্থাপক মিনহাজ উদ্দিন সরোয়ার মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আগ্রাবাদের শেখ মুজিব রোডের বুথ থেকে তিন লাখ ১০ হাজার টাকা উত্তোলনের ঘটনায় সোমবার ডবলমুরিং থানায় আলাদা জিডি করেছেন ওই শাখার ব্যবস্থাপক সাহেদ আলী।

‘পেঁয়াজ-লবণ-চাল নিয়ে সংকট সৃষ্টিকারী কারও রেহাই নেই’

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পেঁয়াজ-লবণ-চাল নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টিকারী কারও রেহাই নেই, সবাইকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, লবণ-চাল নিয়ে আজ গুজব সৃষ্টি করা হচ্ছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানাবো এসব গুজবে বিভ্রান্ত হবেন না। আমরা এখান থেকে পরিস্কারভাবে বলে দিতে চাই, যারাই এ ষড়যন্ত্র করছে, তাদের কারও রেহাই নেই। তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, পেঁয়াজ এরপর লবণ নিয়ে দেশে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। গুজব সৃষ্টি করে লবণের দাম বৃদ্ধির ষড়যন্ত্র করা হয়েছে। বাজারে অরাজকতা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এখান থেকে কেউ কেউ রাজনৈতিক ফায়দা তোলার অপচেষ্টায় লিপ্ত।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা এর মধ্যে আওয়াজ তুলেছে, আগাম নির্বাচন চায়। আগাম নির্বাচন চাওয়ার অর্থ হচ্ছে এটি তাদের মামা বাড়ির আবদার করার মতোই বক্তব্য। একটি বিরোধী দল এসব গুজব সৃষ্টি করছে, গুজবে উসকানি দিচ্ছে এটি আজ পরিষ্কার। এ মহলটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে জানিয়ে এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে। এরমধ্যে আগামীকাল থেকে সারাদেশে সরকারিভাবে নতুন ধান ক্রয়ের কার্যক্রম শুরু হচ্ছে। কোথাও কোন সংকট নেই। এসময় মিডিয়াসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান কাদের।

নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির কর্মবিরতি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারা আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন। আমি আশা করবো, তাদের সমস্যার সমাধান হয়ে যাবে।

এসময় তিনি পুলিশ সদস্যেদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শাস্তি দেয়ার ক্ষেত্র আপনারা সহনশীল হবেন। আমরা কাউকে শাস্তি দিতে চাই না। আইনের আওতায় আনতে চাই; এটা সবার জন্য জরুরি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দফতর সস্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

যুবলীগের সম্মেলন এবং শেখ হাসিনার অগ্নিমন্ত্র

0

সোহেল সানি

ইংরেজিতে একটা কথা আছে, “A gentleman is what his tailor makes of him.”
দর্জি যদি ভদ্রলোক তৈরি করতে পারেন, তা’হলে একটি দেশও তৈরি সাধারণ মানুষের হাতে,অতি মানবের হাতে নয়।
রাজনীতি দোষণীয় নয়,বরং একটি পবিত্র ব্রত। ব্রতগ্রহণের প্রেরণা প্রাণে জন্মে সাধারণ মানুষের হিতাকাঙ্ক্ষা থেকেই।
রাজনীতির চোহারা দেখে মনে হয়,যাঁরা রাজনীতিকে ভাগ্যোন্নতির অবলম্বন বলে ভাবেন, তাঁদের উচিত ব্যবসা-বাণিজ্যে আত্মনিয়োগ করা, কন্ট্রাক্টরি করা, লাইসেন্স বা পারমিটের জন্য উমেদারি করা, কিন্তু রাজনীতি করা নয়। রাজনীতির একটিমাত্র অপাপবিদ্ধ উদ্দেশ্য, দেশ ও মানুষের কল্যাণ। কল্যাণসাধনের পথ বিঘ্নসঙ্কুল। এ পথে নিত্য উদ্যত দমন ও পীড়নের খরগ। গতানুগতিক বা প্রথাসিদ্ধ রাজনীতি নয়- সত্যিকার রাজনীতির বিঘ্নসঙ্কুল পথে যাঁরা অভিযাত্রী,তাঁরা মহাপ্রাণ, তারা শ্রদ্ধেয়। ক্ষুদ্রস্বার্থের বিচারবোধ বা নিশ্চিন্ত ও নিরাপদ পন্ডিতি বুদ্ধির চুলচেরা তর্কের মাধ্যমে তাঁদের কল্যাণবোধ ও মনুষ্যত্ববোধের পরিমাপ সম্ভব নয়। গণকল্যাণের রাজনীতি আর ক্ষমতার রাজনীতি এক নয়। রাজনীতি সুনিশ্চিতভাবে ক্ষমতালাভের উপায়, কিন্তু উদ্দেশ্য নয়। যাঁরা একে উদ্দেশ্য করে তোলেন তাঁরা ক্ষমতার রাজনীতি করেন, গণকল্যাণের রাজনীতি করেন না।
বঙ্গবন্ধু দুঃখ-ত্যাগের অগ্নিপরীক্ষায় সম্মুখীন হওয়ার মনোবল দেখিয়েছেন বলেই আওয়ামী লীগ এবং জনগণ সৌভ্রাতৃত্বের একই রাখীসূত্রে বাঁধা ছিলো। আওয়ামী লীগে খারাপ লোক নেই এমন অলীক দাবি শেখ হাসিনাও করেন না। তার গর্জনেই এখানে-ওখানে হট্রগোলকারী থাকলেও হট্টগোল সৃষ্টি করা সম্ভব হচ্ছেনা। মুষ্টিমেয় অঙ্গ বা সহযোগী নেতার বিরোধিতা কর্পূরের মতো উবে গেছে। দেশের ভাগ্যনিয়ন্তা বা ভাগ্যনির্দেশকের ভুমিকায় থাকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশপ্রেম, সততা,দুর্জয় সাহস,সদিচ্ছা সর্বোপরি তাঁর সত্যপ্রকাশে দুরন্ত সাহস এবং কঠোর হস্তে দমনের অজস্র দৃষ্টান্ত থাকায় ভরকে গেছে দুস্কর্মকারীরা।রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্নস্থানে নামীদামী ক্লাবগুলোতে গড়ে ওঠা “ক্যাসিনো” সমাচারে জনগণের মনঃসংযোগ ক্ষোভের উদ্রেক করলেও আবার সেই জনগণকেই উপলব্ধি করতে হবে যে,এই রাজনৈতিক-সামাজিক দুস্কর্মে সংশ্লিষ্ট প্রভাবশালীদের রাশ টেনে ধরার কাজটি সয়ং প্রধানমন্ত্রীই করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা না থাকলে মতিঝিলের ক্লাবপাড়াসহ কলাবাগান-ধানমণ্ডি, গুলশান-বনানীসহ ক্রীড়াঙ্গনে মদ-মাদক, অর্থ-অস্ত্রবলে বসা জুয়ার আসরের চাঞ্চল্যকর এসব খবর জানা যেতো না। কেননা দীর্ঘদিন ধরে সরকারি দল ও সরকারি প্রশাসনের ক্ষমতাবান ব্যক্তিদের যোগসাজশে এসব দুস্কর্ম চলে আসছিলো। গ্রেফতারকৃতদের বয়ানে উদঘাটিত তথ্য-উপাত্তের ভিত্তিতে স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন ও সংসদের হুইপ শামসুল হকের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন আত্মপক্ষ সমর্থন করে গণমাধ্যমে সম্পৃক্ততার বিষয়ে যে বয়ান দিয়েছেন, তা অস্পষ্ট, অসংলগ্ন এবং যার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। হুইপ শামসুল হক আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড়ের বিষয়ে যেসব উক্তি করেছেন তাও অগ্রহণযোগ্য। তিনি ফুটবল-ক্রিকেটসহ ক্রীড়ামুলক কর্মকাণ্ডকে হালাল করতে চেয়েছেন জুয়ার টাকা দিয়ে। রাশেদ খান মেনন পাক্কা পলিটিক্স করা লোক সম্প্রতি বিতর্কিত হয়ে ওঠেন। তিনি সভাপতি মতিঝিলের এমন একটি ক্লাবে ক্যাসিনোর আবিষ্কার হলে।
এদিকে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ক্যাসিনোতে অভিযান পরিচালনা ও যুবলীগের একাধিক নেতা গ্রেফতার হওয়ার প্রেক্ষিতে দেয়া বিবৃতি-বক্তৃতা নিয়ে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী এসব অভিযান চালালেও যুবলীগ চেয়ারম্যান কঠোর ভাষায় এসব অপকর্মের জন্য পাল্টা প্রশাসনকে দায়ী করেন। ওমর ফারুক চৌধুরী শেখ ফজলুল করিম সেলিমের বোন জামাই হওয়ায় প্রশাসন বিব্রতবোধ করলেও পাল্টা জবাবদান থেকে বিরত রয়েছে। অবশ্য যুবলীগ চেয়ারম্যান তাঁর অবস্থান ত্যাগ করেছেন। অবশ্য কতিপয় নেতার দুষ্কর্মের জন্য যুবলীগের মতো একটি মাঠপর্যায়ের শক্তিশালী সংগঠনকে দায়ী করা যায়না। যে কোন সংগঠনেই দুষ্টু লোক খুঁজে পাওয়া যাবে। তবে যাদের নাম গণমাধ্যমে এসেছে তাদের সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছেও মিথ্যা তথ্য সরবরাহ করতে পারে। গোয়েন্দা সংস্থারও কেউ কেউ চক্রাকারে জড়িয়ে প্রধানমন্ত্রীকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করতে পারেন। এজন্য অভিযুক্তদের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়াই হবে সংগঠনের জন্য কল্যাণ। অভিযুক্তদের দুষ্কর্মে জড়িয়ে যুবলীগ বা আওয়ামী লীগের কোন কোন নেতা স্বার্থসিদ্ধি করেছেন রাজনৈতিক মহলের এসব কানাঘুষা রয়েছে। বিগত আন্দোলন সংগ্রামে লড়াকু ভূমিকায় থাকা যুবলীগকে জনবিচ্ছিন্ন করার জন্য কোন বিশেষ মহলের ষড়যন্ত্র কিনা সেটাও প্রধানমন্ত্রী আমলে নেয়া প্রয়োজন। যুবলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে।১৯৭৩ সালের ১১ নভেম্বর মুক্তিযুদ্ধকালীন অন্যতম যুবসংগঠক শেখ ফজলুল হক মনির প্রচেষ্টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠালাভ করে। শেখ মনি চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধের খলিফাখ্যাত ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে যুবলীগের আত্মপ্রকাশ। ১৯৭২ সালে ছাত্রলীগ দ্বিখণ্ডিত হওয়ায় স্বাধীনতার অন্যতম নিউক্লিয়াস ও ছাত্রলীগের এককালীন সাধারণ সম্পাদক সিরাজুল আলম খানকে কেন্দ্র করে মেজর এমএ জলিলকে সভাপতি, ডাকসু ভিপি ও ছাত্রলীগের এককালীন সাধারণ সম্পাদক আসম আব্দুর রবকে সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজকে যুগ্ম সম্পাদক করে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের আত্মপ্রকাশ ঘটে। মূল ছাত্রলীগ ভেঙ্গে পাল্টা ছাত্রলীগের নেতৃত্বে বসানো হয় আফম মাহবুবুল হক ও মাহমুদুর রহমান মান্নাকে। জাসদের সশস্ত্র রাজনীতি এবং বঙ্গবন্ধু সরকারকে উৎখাতের নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগের এককালীন সাধারণ সম্পাদক শেখ ফজলুল হক মনি ও ছাত্রলীগের এককালীন সভাপতি নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে যুবলীগের জন্ম। বঙ্গবন্ধুর জীবদ্দশায় ছাত্র ইউনিয়নের নেতৃত্বাধীন ডাকসু বঙ্গবন্ধুর সদস্যপদ

সোহেল সানি
সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট
বাংলাদেশ প্রতিদিন

লবণ ইস্যুতে পুলিশকে মাঠে নামার নির্দেশ ডিএমপির

0

দেশে লবণের কৃত্রিম সংকট তৈরি করে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাই পুলিশ সদস্যদের দোকানে দোকানে গিয়ে তল্লাশি চালানোর নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) মনিরুল ইসলাম ওয়ারলেসে পুলিশ সদস্যদের এই নির্দেশ দেন। ডিএমপির একাধিক সূত্রে এতথ্য জানা গেছে। নির্দেশনা পেয়ে থানা এলাকার পুলিশ সদস্যরা বিভিন্ন দোকানে গিয়ে লবণের মজুতের খোঁজখবর নিচ্ছেন।

বিতর্কিতদের আ’লীগে দলীয় মনোনয়নের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0

বিতর্কিতদের আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে নৌকা প্রতীক প্রদানের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান। আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

বক্তব্য পাঠের শুরুতে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা উপেক্ষা করে মুক্তিযুদ্ধ চলাকালীন অগ্নিসংযোগকারীর পুত্র, অনুপ্রবেশকারী, ভূমিদস্যু ও নদী দখলবাজকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে নৌকা প্রতীক প্রদানের প্রতিবাদে সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করছি।

বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন যার ইতিহাস ও ঐতিহ্য সর্বজনবিদিত। বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় শোষণমুক্ত সমাজ গড়তে দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সকল অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কার্যক্রম পরিচালনা করছেন যা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। তিনি নিজ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ/ভ্রাতৃপ্রতীম সংগঠনসমূহে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের অংশ হিসাবে অনুপ্রবেশকারীদের তালিকা প্রণয়ন করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রেরণ করেছেন।

আমরা প্রত্যক্ষ করেছি যে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে সম্প্রতি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি হতে অনুপ্রবেশকারী, ভূমিদস্যু, নদী দখলবাজ এবং মহান মুক্তিযুদ্ধ চলাকালীন অগ্নিসংযোগকারীর পুত্র আব্দুল খালেককে নৌকা প্রতীক প্রদান করা হয়েছে। জনশ্রুতি আছে, আব্দুল খালেক ইতোপূর্বে শিবিরের সক্রিয় কর্মী এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

ইতোপূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের সদস্য হওয়ার ক্ষেত্রে স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্যরাও অন্তর্ভুক্ত হতে পারবেন মর্মে ঘোষণা দিলে সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

মেহেদী হাসান বলেন, সম্প্রতি সাধারণ সম্পাদক অনুপ্রবেশকারীদের সংজ্ঞায় স্ববিরোধী বক্তব্য দেন বলে আমরা মনে করি। মাননীয় আওয়ামী লীগ সভানেত্রীর কঠোর নির্দেশনা সত্ত্বেও নীতিনির্ধারণী সিদ্ধান্ত উপেক্ষা করে স্থানীয় সরকার নির্বাচনে অনুপ্রবেশকারীকে মনোনয়ন প্রদান জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের অবমাননা নয় কি?

তিনি আরও বলেন, শাপলাপুর ইউনিয়নে প্রার্থী হিসাবে ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এস এম নূরুল আমিন হেলালীর পুত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও বিশিষ্ট টিভি সাংবাদিক সালাহ উদ্দিন হেলালী কমল নৌকা প্রতীক প্রার্থনা করলে তৃণমূল হতে নাম প্রেরণ করা হলেও তাকেসহ তৃণমূল প্রস্তাবিত অন্য প্রার্থীদের উপেক্ষা করে কোন বিবেচনায় অনুপ্রবেশকারী এবং নদী দখলদার হিসাবে অভিযুক্ত বিতর্কিত ব্যক্তিকে নৌকা প্রতীক প্রদান করা হলো সেটা আমরা জানতে আগ্রহী!

মেহেদী হাসান বলেন, মাননীয় আওয়ামী লীগ সভানেত্রীর কঠোর নির্দেশনা স্বত্ত্বেও নীতিনির্ধারণী সিদ্ধান্ত উপেক্ষা করে স্থানীয় সরকার নির্বাচনে অনুপ্রবেশকারীকে মনোনয়ন প্রদান জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের অবমাননা।

সংবাদ সম্মেলনে সহকারী অ্যার্টনি জেনারেল এস আর সিদ্দিকী সাঈফ ২০১৬ সালের ১৩৯৮৯ নং রিট পিটিশনে মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রদত্ত রায়ের ১৫ নম্বর নির্দেশনা পড়ে শোনান। এ রায়ের আলোকে এবং নির্দেশনায়, কোনো নদী দখলদার ও নদী দূষণকারী হিসেবে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের সকল প্রকার নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য বলে বিবেচিত হবে। এবং এই বিষয়ে নির্বাচন কমিশনকে উপর্যুপরি পদক্ষেপ নেয়ার জন্য মাননীয় আদালত নির্দেশ প্রদান করেন।

এর পর দাবি তুলে ধরেন মেহেদী হাসান

১. অনতিবিলম্বে আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন সমূহের সর্ব পর্যায়ে বিভিন্ন সময়ে অনুপ্রবেশকারীদের নাম, পদবী, ঠিকানাসহ পূর্ণাঙ্গ তালিকা সকল গণমাধ্যমে প্রকাশসহ সংগঠনের পক্ষ থেকে পুস্তিকা আকারে প্রকাশ করা হোক।

২. স্বাধীনতাবিরোধীদের সন্তান ও নাতি-নাতনিসহ বিএনপি, জায়ামাত-শিবির চক্রের সদস্য, দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ব্যক্তিদের দলের সর্ব পর্যায়ে সম্মেলনে যাতে প্রার্থী, কাউন্সিলর ও ডেলিগেট হতে না পারে সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হোক।

৩. অন্যান্য দল থেকে আগত নেতা-কর্মীদের ন্যুনতম ১০ বছর কোনো পদে পদায়ন করা হবে না মর্মে আওয়ামী লীগ এর গঠণতন্ত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করা হোক।

মীর নাসির ও ছেলে হেলালের সাজা হাইকোর্টে বহাল

0

দুর্নীতি মামলায় নিম্ন আদালত থেকে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে দেওয়া ১৩ বছর ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে দেওয়া ৩ বছরের দেওয়া সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তাদেরকে রায়ের কপি পাওয়ার তিনমাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন। এ রায়ের সময় মীর সারি আদালতে উপস্থিত ছিলেন।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ গুলশান থানায় দুদক মামলা করে। এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে পৃথক দুটি আপিল করেন।

হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাসিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন। হাইকোর্টের এ রায় বাতিল চেয়ে দুদক সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আপিল আবেদন করে। আপিল বিভাগ ২০১৪ সালের ৩ জুলাই এক রায়ে হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টেই বিচার করার নির্দেশ দেন। এ নির্দেশে হাইকোর্টে পুনরায় শুনানি হয়।

মীর নাসির ও তার ছেলের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

শনিবার সারা দেশে সমাবেশ করবে বিএনপি

0

আগামী শনিবার (২৩ নভেম্বর) ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। ওইদিন ঢাকায় সমাবেশ হবে নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায়।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার (২০ নভেম্বর) ঢাকাসহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে তাঁর দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় আগামী বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

রিজভী বলেন, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমান্বয়ে অবনতি ঘটছে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পায়ে হেঁটে আদালতে যাওয়া খালেদা জিয়ার হাত-পা এখন বেঁকে গেছে। প্রিজন সেলে বন্দি থাকায় হাত-পায়ের ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়েছে, জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথার কারণে নিজে উঠে দাঁড়াতে পারছেন না, সোজা হয়ে বসতেও পারছেন না। এমনকি নিজের হাতে তুলে খেতেও পারছেন না।

রিজভী আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার টালবাহানায় দেশনেত্রী খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে আপনার স্বনির্মিত দুঃশাসনের শৃঙ্খল ধুলোয় লুটোপুটি খাবে। তাই তাকে নিয়ে কোনো মিথ্যাচার-অপপ্রচার ও কুৎসা না রটিয়ে আজই মুক্তি দিন। জামিনে কোনো বাধা দেবেন না। তাঁর পছন্দমতো হাসপাতালে তাঁকে সুচিকিৎসা নেওয়ার সুযোগ দিন।

‘পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আন্দোলন যৌক্তিক’

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ যে আন্দোলনের ডাক দিয়েছে নিশ্চয়ই তা যৌক্তিক। তাদের এই আন্দোলনে আমাদের সমর্থন থাকবে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে ধর্মঘটে বিএনপির সমর্থনের কথা জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকারকে জনগণ ভালোবাসে না, পছন্দ করে না। এই সরকার জানে বিএনপি ক্ষমতায় আসলে তাদের কী দশা হবে, সারা দেশে যে নৈরাজ্য চালাচ্ছে এর পরিণতি কী হবে। তাই এখন এই সরকার ক্ষমতা ছাড়তে ভয় পায়।

তিনি বলেন, যে সরকার পেঁয়াজের দাম কন্ট্রোল করতে পারে না সে সরকার দেশ কীভাবে কন্ট্রোল করবে। সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বেড়ে গেছে। লবণের দাম, চালের দাম, পেঁয়াজের দাম, সবজির দাম সবকিছুর দামই সাধ্যের বাইরে চলে গেছে।

তিনি আরো বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। বর্তমান সরকার বেগম খালেদা জিয়া একজন বয়স্ক, অসুস্থ মানুষ স্বত্ত্বেও তার ওপরে যে অমানবিক নির্যাতন করছে তাতেই বোঝা যায় এই সরকার কতটা অমানবিক। আমরা শিগগিরই তীব্র আন্দোলন করে তুলে বেগম জিয়াকে মুক্ত করবো এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো।

সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামসহ আয়োজক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

২২ ফেব্রুয়ারি সৃজিত-মিথিলার বিয়ে !

0

ভারতের বাংলা সিনেমার প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কেয়েক মাস ধরেই। দুজনের এই সম্পর্কটাকে বরাবরই বন্ধুত্ব বলে দাবি করে আসছেন তারা। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

সোমবার (১৮ নভেম্বর) এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

দুপুরে প্রকাশিত এই সংবাদে বলা হয়, বিয়ের প্রস্তাব নিয়ে কলকাতার এই নির্মাতা এখন ঢাকায় অবস্থান করছেন। আসছে বছর ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। বিয়ের সম্ভাব্য তারিখ ২২ ফেব্রুয়ারি।

যদিও বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে আসার বিষয়টি অস্বীকার করেছেন সৃজিত। তিনি বলেন, মিথিলার পরিবারের সঙ্গে আমার বহুদিন ধরেই চেনাজানা। তাদের সঙ্গে দেখা করতেই আসা।

গত মার্চে সংগীত শিল্পী অর্ণবের গানের একটি ভিডিওচিত্র নির্মাণ করেন সৃজিত। সেখানে মডেল ছিলেন মিথিলা। সেই কাজের সূত্র ধরে সৃজিত-মিথিলার ঘনিষ্ঠতা বাড়তে থাকে।