Home Blog Page 3364

বুলবুল পর্যবেক্ষণে কন্ট্রোল রুমে মমতা ব্যানার্জি

0

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার আগেই নবান্নে খোলা কন্ট্রোল রুমে পৌঁছে গেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গেছে, রাজ্যের প্রশাসনিক ভবনে খোলা কন্ট্রোল রুমেই আছেন তিনি। সেখান থেকেই পুরো পরিস্থিতির ওপর তিনি নজর রাখবেন।

শুধু কন্ট্রোল রুমে বসে থাকা নয়, এরই মধ্যে রাজ্যবাসীকে বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাজ্যবাসীকে সতর্ক করে লিখেছেন, কোনোভাবে আতঙ্কিত হবেন না। শান্ত থাকুন এবং নিরাপদে থাকুন। প্রশাসন বিপর্যয় মোকাবিলায় একেবারে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

মমতা তার সোশ্যাল মিডিয়াতে আরো লিখেছেন, রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, অঙ্গনওয়ারি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে এক লাখ ২০ হাজার মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে সরানো হয়েছে।

অন্যদিকে বন্ধ রাখা হচ্ছে কলকাতা বিমানবন্দর। শনিবার সন্ধ্যা থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে অন্যতম ব্যস্ত এই বিমানবন্দর। জানা গেছে শনিবার সন্ধ্যা ৬টা থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে ওই বিমানবন্দর। সকাল ৬টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখা হবে।

এই সময়ের মধ্যে কোনো বিমান উড়বে না বা অবতরণ করবে না এই বিমানবন্দরে। গঙ্গার তীরে প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে মাইকিং করা শুরু হয়েছে। ছোট নৌকা নদী পারাপার নিয়ে ব্যাপক কড়াকড়ি জারি করা হয়েছে। লঞ্চ, ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে।

কলকাতায় ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যাওয়ার কথা। ফলে গাছ ভেঙে পড়ার প্রবল শঙ্কা রয়েছে শহরে। শুধু তাই নয়, বহু পুরনো বাড়িও রয়েছে। তা নিয়েও বেশ চিন্তিত পুরসভা।

বাবরি মসজিদ রায়ে মুসলমানদের ভোট হারাবে বিজেপি!

0

ভারতে আলোচিত বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আজ শনিবার এই মামলার রায় দেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আর এই রায় নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এদিকে সুপ্রিম কোর্টের রায়কে নিজেদের জয় হিসেবেই দেখছে হিন্দু সম্প্রদায়। অন্যদিকে, মুসলিমদের একাংশ সুপ্রিম নির্দেশে একেবারেই সন্তুষ্ট নয়। এখন প্রশ্ন, এর রাজনৈতিক প্রতিক্রিয়া কী হতে পারে।

এই মামলার রায়কে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া বুঝতে গেলে, এই রায়ের মনস্তাত্ত্বিক প্রভাব বুঝে নেওয়া দরকার। প্রথমত, বিজেপি সরকারের আমলে মন্দির তৈরি হচ্ছে। তাই এই রায়ের সুবিধা সরাসরি ভোটবাক্সে পেতে পারে বিজেপি শিবির। যারা হিন্দুত্ববাদে বিশ্বাসী বা যারা হিন্দুত্ববাদের জন্য বিজেপিকে সমর্থন করেন, তাদের মধ্যে এই ধারণা আরো স্পষ্ট হবে যে, বিজেপিই হিন্দুত্ববাদের রক্ষাকর্তা। দ্বিতীয়ত, যে মুসলিমরা এরই মধ্যে বিজেপিকে পছন্দ করেন না, তাদের বিজেপি শিবিরের প্রতি খারাপ মনোভাব আরো বাড়বে।

তাহলে এর প্রভাব ভোটব্যাংকে কিভাবে পড়বে? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নানা কথা। তারা জানান, রাম মন্দির তৈরি হলে তার সুবিধা বিজেপি পাবেই। কিন্তু এই রায় এমন একটা সময়ে ঘোষণা করা হলো, যার আশেপাশে তেমন গুরুত্বপূর্ণ কোনো নির্বাচন নেই। ভোট বলতে, দুটি ছোট রাজ্যে। এক ঝাড়খণ্ড, দুই দিল্লি। দুই রাজ্যেই লড়াইয়ে আছে বিজেপি। দিল্লিতে মন্দির তৈরির কতটা প্রভাব পড়বে, তা নিয়ে সংশয় আছে। তবে, ঝাড়খণ্ডে এই রাম মন্দিরের প্রভাব পড়বে।

আগামী বছরের শেষের দিকেই বিহারের মহাগুরুত্বপূর্ণ নির্বাচন। তাতে মন্দির তৈরির প্রভাব পড়বে কিনা তা নিয়ে সংশয় থাকলেও কিছুটা সুবিধা যে বিজেপি শিবির পাবে তাতে সংশয় নেই। ২০২১ সালের বাংলার রাজনীতিতেও এর আংশিক প্রভাব পড়তে চলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এই রাজ্যে যে নব্য হিন্দুত্ববাদীদের উদয় হয়েছে তারা যে মন্দির রায়ের পর আরো সক্রিয় হয়ে যাবে তা বলাই বাহুল্য।

এবার আসা যাক, ২০২২ সালের উত্তরপ্রদেশ নির্বাচনের কথায়। উত্তরপ্রদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে রাম মন্দিরকে কেন্দ্র করে আবর্তিত। তাই পরবর্তী বিধানসভা নির্বাচনে যোগি আদিত্যনাথ যে মন্দির তৈরির সুফল পাবেন, তাতে সংশয় নেই।

কিন্তু ২০২৪ সালে নরেন্দ্র মোদি কি এই সুবিধা পাবেন? সেটা এখনই বলে দেওয়াটা ঠিক হবে না। কারণ, আগামী সাড়ে চার বছরে গঙ্গা দিয়ে যেমন অনেক জল বয়ে যাবে। তেমনই রাজনীতির আঙিনাতেও অনেক পটপরিবর্তন হতে পারে। তাই এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না। তবে ধারণা করা হচ্ছে, ভারতে যেভাবে হিন্দুত্ববাদীদের উদয় ঘটছে তাতে বিজেপি সুবিধা পেতেই পারে। তবে এই রায়ে মুসলমানদের ভোট হারাতে বিজেপি।

বুলবুল আছড়ে পড়ার আগেই কলকাতায় দুর্ঘটনা, নিহত এক

0

রাত ৮টার পর কার্যত বুলবুলের প্রভাব পড়তে শুরু করবে। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতে আলিপুর আবহাওয়া অফিস। আর ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে কলকাতায় ঝড় বয়ে গেলে কী ঘটতে পারে তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে শহরে।

সন্ধ্যা নামতেই ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট। বন্ধ সমস্ত বাসসহ অন্যান্য পরিষেবা। কিন্তু এরই মধ্যে শহরে ভেঙে পড়ল গাছ। আর এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালিগঞ্জের সিসিএফসি ক্লাবে। মৃত ব্যক্তির নাম মুহাম্মদ সোহেল। ক্লাবের গেট দিয়ে ঢোকার মুহূর্তেই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

কিছু বুঝে ওঠার আগেই তার ওপর ভেঙে পড়ে গাছের ডালটি। ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় সেখানে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।

জানা গেছে, সিসিএফসি ক্লাবে রাঁধুনির কাজ করতেন সোহেল। প্রত্যেকদিনের মতো আজও সোহেল ক্লাবে গিয়েছিলেন কাজের জন্য। কিন্তু সেখানে ঢুকতেই যেভাবে তার ওপর গাছ ভেঙে পড়বে তা বোধহয় কল্পনাতেও ভাবতে পারেননি।

রাজধানীতে ‘বুলবুল’-এর প্রভাব

0

বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এর প্রভাবে রাজধানীর আকাশ সারা দিনই ছিল মেঘাচ্ছন্ন, আর সকাল থেকেই ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল শুক্রবার থেকেই সব ধরনের নৌযান চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যা সাতটা থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে কোনো যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি।
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতের আশঙ্কায় টার্মিনাল থেকে নৌযানগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে

সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই: গণপূর্তমন্ত্রী

0

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘সুপরিকল্পিতভাবে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশে নগরায়ণ বা গ্রামের বিস্তার—কোনো কিছুই অপরিকল্পিতভাবে করা যাবে না। সব ইমরাত নির্মাণ পরিকল্পনার অধীন হতে হবে। শহরের সুবিধা গ্রামের মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই। তবে গ্রামে বা শহরে যত্রতত্র, যথেচ্ছভাবে ভবন নির্মাণ করে সুপরিকল্পনার ব্যাঘাত সৃষ্টি যাতে না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি।’

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের উদ্যোগে বিশ্ব নগর-পরিকল্পনা দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা উদ্বোধনকালে গণপূর্তমন্ত্রী এসব কথা বলেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরাধ্য সাধনা ছিল একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ সব সুযোগ মানুষের জন্য নিশ্চিত হবে। সে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে নান্দনিক ও পরিবেশসম্মত আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এখন আমরা কাজ করে যাচ্ছি।’

পরিকল্পনার বাইরে কোনো কিছু হতে পারবে না উল্লেখ করে গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘একটা মাস্টারপ্ল্যানের অধীন সমগ্র বাংলাদেশ এগিয়ে চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিষ্কার নির্দেশনা হচ্ছে গ্রামের কৃষিজমি থেকে শুরু করে ব্যক্তিগত জমিতেও ভবন নির্মাণ বা যেকোনো কার্যক্রম গ্রহণ করতে হলে সেটা পরিকল্পনা অনুযায়ী হতে হবে। এ জন্য আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা চাই দেশকে সুসংগঠিতভাবে এগিয়ে নিতে। এ ক্ষেত্রে পরিকল্পনাবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আধুনিক নির্মাণ বা পরিকল্পিত যেকোনো সৃষ্টির ক্ষেত্রে পরিকল্পনাবিদদের ভূমিকা রয়েছে।’

শোভাযাত্রা উদ্বোধনকালে অন্যদের মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি পরিকল্পনাবিদ ড. এ কে এম আবুল কালাম ও সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান, রাজউকের নগর–পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সদস্যবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী, ব্র্যাক ও সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রতিবছর বিশ্বব্যাপী টেকসই ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বিশ্ব নগর-পরিকল্পনা দিবস পালন করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের উদ্যোগে এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ব্র্যাক-আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় ‘জেলা ও উপজেলা শহরের জন্য পরিকল্পনা’ প্রতিপাদ্য নিয়ে এ বছর বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে বাংলাদেশে বিশ্ব নগর-পরিকল্পনা দিবস পালিত হচ্ছে।

নিষেধাজ্ঞা অমান্য করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রী পরিবহন

0

নিষেধাজ্ঞা অমান্য করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রী নিয়ে লঞ্চ, ট্রলার, স্পিডবোটসহ অন্যান্য নৌযান চলাচল করেছে। আজ শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে উপস্থিত থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল করতে দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় জানায়, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে আজ সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ উত্তাল ছিল। দুর্ঘটনা এড়াতে আজ বেলা তিনটা থেকে এই লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে লঞ্চ চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া ফেরি চলাচলও ছিল নিয়মিত। অনেকেই দুর্ঘটনা এড়াতে লঞ্চের পরিবর্তে ফেরিতে করে নদী পার হচ্ছিলেন।

বিকেল চারটার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটের পন্টুনে বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতাব উদ্দিনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁর উপস্থিতিতেই ৪টা ৪০ মিনিট পর্যন্ত একে একে তিনটি লঞ্চ পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। একইভাবে পাটুরিয়া থেকেও দুটি লঞ্চ ছেড়ে আসে। এ সময় ঘাটে ভেড়ানো লঞ্চ এমভি আরাফাতে ডেকে ডেকে যাত্রী তোলা হচ্ছিল। নিষেধাজ্ঞা সত্ত্বেও লঞ্চ চলাচলের কারণ জানতে চাইলে আফতাব উদ্দিন বলেন, ‘বেলা তিনটা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখার কথা বলা হয়েছে। এতক্ষণ পর্যন্ত লঞ্চ বন্ধ রাখা হয়েছিল। এখন আমি নিজে পাটুরিয়ায় যাব। সঙ্গে কিছু যাত্রীও আবদার করায় এই লঞ্চটিই (এমভি আরাফাত) শেষ ছেড়ে যাবে।’

কিছুক্ষণ পর লঞ্চটি ছেড়ে গেলেও আফতাব উদ্দিনকে পন্টুনেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর আরেকটি লঞ্চে (এমভি অনন্যা) ডেকে ডেকে যাত্রী তোলা শুরু হয়। বিকেল সাড়ে চারটার দিকে এই লঞ্চটি ছেড়ে যায়। এবার আফতাব উদ্দিন বলেন, ‘আগের লঞ্চেই যাওয়ার কথা ছিল। ওরা অনুরোধ করল পরের লঞ্চে আসতে। এখন বাধ্য হয়ে এই লঞ্চে যেতে হচ্ছে। তবে এরপর ঘাট থেকে আর কোনো লঞ্চ ছেড়ে যাবে না।’

জানতে চাইলে এমভি অনন্যার মাস্টার গাজীউর রহমান বলেন, ‘বেলা সাড়ে তিনটার দিকে পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে দৌলতদিয়ায় এসেছি। এতক্ষণ বসে ছিলাম। স্যার (আফতাব উদ্দিন) যাবেন, তাই এখন আবার যাচ্ছি।’

এমভি অনন্যা ছেড়ে যাওয়ার সময় পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে এসে পোঁছায় আরেকটি লঞ্চ এমভি বোয়ালিয়া। শফিকুল ইসলাম নামের এক যাত্রী বললেন, ‘পাটুরিয়ায় এসে দেখি চিৎকার করে বলছে, এটাই শেষ লঞ্চ। মাঝনদীতে আসার পর অনেক ভয় করছিল। লঞ্চটি বারবার এপাশ-ওপাশ দুলছিল।’

নিষেধাজ্ঞা সত্ত্বেও লঞ্চ চালানোর কারণ জানতে চাইলে লঞ্চমাস্টার আফজাল হোসেন ‘১৩০ জন যাত্রী নিয়ে সাড়ে তিনটার দিকে লঞ্চ ছাড়ি। নদী উত্তাল থাকায় ১৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লেগেছে পৌনে এক ঘণ্টা। ঝুঁকিপূর্ণ মনে না হওয়ায় নিষেধাজ্ঞা থাকার পরও সাহস করে চলে এসেছি।’

ময়নাতদন্তের জন্য তোলা হলো নাইমুলের লাশ

0

আদালতের নির্দেশে রাজধানী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের লাশ কবর থেকে তোলা হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানের কবর খুঁড়ে লাশটি তোলা হয়।

নোয়াখালীর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিলের উপস্থিতিতে কবর থেকে লাশটি তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকার মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম সেখানে ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, ময়নাতদন্তের কাগজপত্র প্রস্তুত করে লাশের ময়নাতদন্ত করা হবে।

লাশ উদ্ধারকাজ তদারকি করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিনা পাল। তাঁকে সহায়তা করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ। তবে লাশ উত্তোলনের সময় নিহত নাইমুলের বাবা-মা কেউই বাড়িতে ছিলেন না। তাঁরা ঢাকার বাসায় রয়েছেন বলে স্বজনেরা জানিয়েছেন।

গত ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠে আয়োজিত কিশোর আলো অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হন নাইমুল আবরার। নাইমুল ওই কলেজের নবম শ্রেণির ছাত্র। তাৎক্ষণিকভাবে তাকে ইউনিভার্সাল হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে নাইমুলের লাশ দাফন করা হয়।

গত বুধবার নাইমুর আবরারের বাবা মজিবুর রহমান তাঁর ছেলের মৃত্যুকে অবহেলাজনিত মৃত্যু বলে অভিযোগ করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক নালিশি মামলাটি আমলে নিয়ে মোহাম্মদপুর থানাকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে নাইমুর আবরারের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশও দেন আদালত।

বাবরি মসজিদের জায়গায় যেভাবে তৈরি হবে মন্দির

0

রায় ঘোষণার পর বাবরি মসজিদের জায়গায় রামমন্দির তৈরি হবে। আজ শনিবার চূড়ান্ত রায় ঘোষণা করে ভারতের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, বাবরি মসজিদের জন্য অন্য জায়গায় জমি দেওয়া হবে।

কিন্তু কিভাবে মন্দির নির্মাণের কাজ এগিয়ে যাবে, সে ব্যাপারে জল্পনা শুরু হয়েছে এরই মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে আদৌ কাজ শেষ হবে কিনা, তা নিয়েও বাড়ছে কৌতূহল। তবে শীর্ষ আদালতের রায়ের পর যে রূপরেখা সামনে এসেছে, তাতে দেখা যায়, মন্দির তৈরি এবং মসজিদের জন্য জমি জোগাড়, দুই ক্ষেত্রেই বড় ভূমিকা থাকছে কেন্দ্রীয় সরকারের।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে বোর্ড অব ট্রাস্টিজ গঠন করতে হবে কেন্দ্রীয় সরকারকে। বিতর্কিত ওই জমি তাদের হাতে তুলে দিতে হবে। একই সঙ্গে, অযোধ্যার গুরুত্বপূর্ণ কোনো স্থানে মসজিদ নির্মাণের উপযুক্ত জায়গা বের করতে হবে। সেই জমি তুলে দিতে হবে সুন্নি ওয়াকফ বোর্ডের হাতে।

বাবরি মসজিদের বিতর্কিত ওই জমির ওপর নির্মোহী আখড়ার দাবি খারিজ করে দিয়েছে ভারতের শীর্ষ আদালত। তার বদলে গোটা জমি তুলে দেওয়া হয়েছে অন্যতম মামলাকারী রামলালা বিরাজমানের হাতে।

তবে বিতর্কিত ওই জমির উপর অধিকার থাকলেও, কেন্দ্রীয় সরকার গঠিত ট্রাস্টই যাবতীয় কাজকর্মের দেখভাল করবে। এমনকি বিতর্কিত ওই জমি সংলগ্ন পুরো ৬৭ একর জমির দেখভালের দায়িত্বও ওই ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয়েছে।

ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কাজকর্ম কিভাবে এগিয়ে যাবে, সেজন্য আলাদা করে তৈরি হবে নিয়ম। বিতর্কিত ওই জমিতে নির্মোহী আখড়ার দাবি যদিও খারিজ করেছে সুপ্রিম কোর্ট। তবে ১৪২ ধারার আওতায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে তাদের আদালত জানিয়েছে, কেন্দ্রীয় সরকার গঠিত ওই ট্রাস্টে নির্মোহী আখড়ার প্রতিনিধিদের রাখা যাবে।

শীর্ষ আদালতের রায়কে এরই মধ্যে স্বাগত জানিয়েছে বিজেপি, কংগ্রেসসহ একাধিক রাজনৈতিক দল। তবে অসন্তোষও ধরা পড়েছে অনেকের গলায়। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য কামাল ফারুখি বলেন, এর পরিবর্তে একশ একর জমি দিয়েও লাভ নেউ। আমাদের ৬৭ একর জমি কেড়ে নিয়ে এখন দান করছে? ৬৭ একরের পরিবর্তে ৫ একর দিচ্ছে।

তবে মুসলিম পক্ষ শীর্ষ আদালতের ওই রায় পুনর্বিবেচনার আবেদন জানাবে না বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে।

বাবরি মসজিদের রায় নিয়ে কোনো উত্তেজনা নয়

0

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, বাবরি মসজিদের রায় নিয়ে বাংলাদেশ কোনো উত্তেজনার মধ্যে থাকবে না। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করব।

আজ শনিবার রাজধানীতে সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০১৯ এ যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মুসলিম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ একসঙ্গে মিলেমিশে একত্রে এক সাংস্কৃতিক আবহে বসবাস করি। এখানে উত্তেজনার কোনো স্থান নেই। উত্তেজনা যেন সৃষ্টি না হয় এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ দেশে সংশ্লিষ্ট বিভাগ সক্রিয় রয়েছে।

এক শিক্ষকে চলছে উচ্চ বিদ্যালয়, ছাত্রীও একজন

0

তিন বছর আগে শ্রেণিকক্ষ না থাকায় গাছের নীচে বসে স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনা করতো। সেই খবর বিভিন্ন গণমাধ্যমে উঠে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন। ১৫ লাখেরও বেশি টাকায় ছাদসহ তিনটি পাকা শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়।

সেখানে বসানো হয় নলকূপ। মিড-ডে মিলের ব্যবস্থাও করা হয়। তখন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল শতাধিক এবং শিক্ষক ছিলেন পাঁচজন। সেই স্কুলে বর্তমানে খাতা-কলমে চারজন ছাত্রছাত্রী থাকলেও উপস্থিত থাকে মাত্র একজন। শিক্ষকও সেই আছেন একজন। কোনো প্রাথমিক বিদ্যালয় নয়, এমনই চিত্র ভারতের দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের বেলগাছিয়া জুনিয়র হাইস্কুলের।

জানা গেছে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণির এই বিদ্যালয় থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন চারজন শিক্ষক। নতুন করে আর শিক্ষক নিয়োগ হয়নি। মাত্র একজন শিক্ষকের হাতে না ছেড়ে বাধ্য হয়ে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তাদের অন্যত্র ভর্তি করেছেন অভিভাবকরা।

স্থানীয়রা বলছেন, ২০১২–২০১৩ শিক্ষাবর্ষে বেলগাছিয়া প্রাথমিক বিদ্যালয় ‘জুনিয়র হাইস্কুলের’ অনুমোদন পায়। চালু হয় পড়াশোনা। সেই সময় বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ১২৪ জন।

কিন্তু জুনিয়র স্কুলের অনুমোদন মিললেও বাড়তি শ্রেণিকক্ষ তৈরি হয়নি। ফলে প্রাথমিক স্কুলের সামনে গাছের নীচে পলিথিন বিছিয়ে চলত জুনিয়র স্কুলের ক্লাস। ২০১৬ সালে সেই ছবি ও খবর প্রকাশ হওয়ার পরে শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের সামনে তৈরি করা হয় শ্রেণিকক্ষ। নতুন ভবনে টেবিল, বেঞ্চ, আলো-পাখা সব কিছুরই ব্যবস্থা করা হয়।

আর বর্তমানে স্কুলের শ্রেণিকক্ষের এক কোণে সারি দিয়ে পড়ে রয়েছে নতুন বই। মন্টুকুমার পাল নামে একজন শিক্ষক উপস্থিত। তিনি ক্লাস নেন স্কুলের একমাত্র ছাত্রী, সপ্তম শ্রেণির জেসমিনা পরভিনের। মন্টু বলেন, অবসরের পরে আর নিয়োগ না হওয়ায় ২০১৬ সাল থেকে শিক্ষার্থীর সংখ্যা কমতে কমতে চারে এসে ঠেকেছে।

মিড-ডে মিল রান্নার কাজে যুক্ত মালেকা বিবি বলেন, একজনের জন্য রান্না করে কয়দিন বেতন পাব, জানি না।

ওই স্কুল থেকে ছাড়িয়ে সন্তানকে অন্যত্র ভর্তি করেছেন জুলফিকার আলি। তিনি বলেন, সরকার শ্রেণিকক্ষ তৈরি করেছে। অথচ মজার ব্যাপার হলো, তাতে পড়ানোর কেউ নেই।

আরেক অভিভাবক বলেন, বোড়ামারি, বাওরাটি, বেলপুর ও বেলেডাঙা এলাকার মধ্যে এটিই একমাত্র জুনিয়র হাইস্কুল। বাধ্য হয়ে তিন কিলোমিটার দূরে রায়পুর হাইস্কুলে ছেলে-মেয়েদের ভর্তি করতে হচ্ছে।

এ ব্যাপারে দেগঙ্গা শাখার বিদ্যালয় পরিদর্শক সানাওয়াজ আলম বলেন, শিক্ষক নিয়োগ না হওয়ায় জুনিয়র হাইস্কুলগুলোও অতিথি শিক্ষকদের দিয়ে চালাতে হয়। অতিথি শিক্ষকও সব সময়ে পাওয়া যায় না। আর এই স্কুলে এখন শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় শিক্ষক নিয়োগ আর হবে কিভাবে?