Home Blog Page 3382

দলিতের জন্য রাস্তা বন্ধ! ​লাশ গেল ড্রেনের পাশ দিয়ে

0

দলিত ব্যক্তিদের জন্য রাস্তা বন্ধ। তাই প্রধান সড়কের পাশে যেখানে ড্রেনের পানি বয়ে যায় সেখান দিয়েই দীর্ঘ ২ কিমি রাস্তা লাশ নিয়ে হেঁটে যেতে হলো পরিবারের লোকদের। সম্প্রতি এমনটাই ঘটেছে ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ভিলানকুরিচিতে।
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মৃতদেহ কাঁধে নিয়ে কয়েকজন হেঁটেই চলেছেন। আসলে ওই ছবিটা তামিলনাড়ুর কার্ল মার্কস নগর গান্ধিনগর রুটের। ওই এলাকার প্রধান রাস্তা দিয়ে দলিতদের যাওয়া নিষিদ্ধ। কারণ কী? কেউ জানেন না। এলাকার উচ্চবর্ণের মানুষেরাই সেখান দিয়ে যেতে পারবেন। তাই মৃতদেহের শেষকৃত্যের জন্য শ্মশানে যেতে হল রাস্তার পাশের চড়াই-উতরাই নোংরা জায়গা দিয়ে।

জানা গেছে, মৃত ব্যক্তির নাম পাপ্পামাল। এমনই দলিত সম্প্রদায়ের প্রায় দেড় হাজার পরিবার রয়েছে ওই এলাকায়। সকলকেই কমবেশি ওই পরিস্থিতির শিকার হতে হয়েছে। তাই স্থানীয়রা জেলাশাসককে বিষয়টি জানিয়েছেন, পৌরসভাকেও বহুবার জানানো হয়েছে। কিন্তু কেউ পদক্ষেপ নেননি বলে অভিযোগ।

স্থানীয় দলিতরা বলছেন, আমরাও দেশের নাগরিক। তাহলে কেন মরদেহের সৎকারের জন্য এত ভোগান্তি?

প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেটিও তামিলনাড়ুর ঘটনা। স্থান ছিল ভেলোর। দলিত সম্প্রদায়ের একটি মৃতদেহের শেষকৃত্যের জন্য ২০ ফুট উঁচু সেতুর ওপর দিয়ে মৃতদেহ নিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। কারণ এলাকার উচ্চবর্ণের মানুষরা রাস্তা দিয়ে যেতে বাধা দিয়েছিলেন। ফলে ঘুরপথেই দীর্ঘ রাস্তা পার করতে হয়েছিল দলিত সম্প্রদায়ের মানুষদের। আবারও একইরকমের ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

ইরাকে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল লুট করছে যুক্তরাষ্ট্র

0

প্রতিদিন ইরাকের দশ লাখ ব্যারেলেরও বেশি জ্বালানী তেল লুট করছে মার্কিন সরকার। ১৬ বছর ধরে যুদ্ধের ক্ষতিপূরণের নামে এই কাজ করছে যুক্তরাষ্ট্র। মুসলিম এই দেশটির অর্থনৈতিক সংকটের অন্যতম প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্র।

ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোওয়াহ্‌হেদি কেরমানি এ কথা বলেছেন। তিনি গতকাল তেহরানের জুমা নামাজের খুতবায় এই মন্তব্য করেছেন।

আয়াতুল্লাহ মোওয়াহ্‌হেদি কেরমানি বলেন, শত্রুরা এ অঞ্চলের দেশগুলোতে গণ-আন্দোলনের নামে দাঙ্গা-হাঙ্গামা বাঁধানোর এবং সেগুলোকে অপব্যবহারের চেষ্টা করছে।

তিনি বলেন, ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্রকাশ্যেই সহিংসতাকে মদদ দিচ্ছেন। সহিংসতা নিয়ন্ত্রণ না করতে ইরাকি পুলিশ বাহিনীর প্রতি আবেদন জানাচ্ছেন তিনি।

আয়াতুল্লাহ মোওয়াহ্‌হেদি কেরমানি বলেন, পশ্চিমাদের মদদপুষ্ট কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠী কারবালা ও বসরায় অপরাধযজ্ঞ চালিয়েছে। ইরাকের জনগণের উচিত এই অপরাধীদের থেকে দূরে থাকা।

ইরাকে সংকট সমাধানের বৈধ পন্থার আশ্রয় নেয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, ইরাকের জনগণ ধর্মীয় নেতৃবৃন্দ ও বৈধ সরকারের তত্ত্বাবধানে সমস্যাগুলো সমাধান করতে সক্ষম।

লেবাননের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে মোওয়াহ্‌হেদি কেরমানি বলেছেন, জনগণের জীবন-যাত্রা ও রুটি-রুজির সমস্যার প্রতি সরকারের উদাসীনতাই লেবাননের গণ-বিক্ষোভের মূল কারণ।

তিনি বলেন, লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ থেকে বোঝা যায় দেশটির কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠী ইসরায়েল, মার্কিন ও কোনো কোনো আরব শাসকগোষ্ঠীর স্বার্থকে জনগণের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

স্ত্রীর দাঁত ‘আঁকাবাঁকা’, তালাক দিলেন স্বামী

0

স্ত্রীর দাঁত ‘আঁকাবাঁকা’ হওয়ায় তিন তালাক দিয়েছেন স্বামী। এ ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদে। সম্প্রতি ভারতের হায়দরাবাদ রাজ্যের এক ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ।

ভারতের পার্লামেন্ট চলতি বছরের জুলাইয়ে মুসলমানদের ‘তিন তালাক’ প্রথাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে একটি আইন অনুমোদন দেয় । আইন ভাঙলে তিন বছর পর্যন্ত কারাদণ্ডেরও বিধান রাখা হয়েছে। তবুও নানা অজুহাতে প্রায়ই দেশটিতে তিন তালাক প্রথার চর্চা হয়ে আসছে।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, চলতি বছরের ২৭ জুন অভিযুক্ত মুস্তাফার সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে প্রায়ই তাকে নির্যাতন করতো।

পুলিশ বলছে, বৃহস্পতিবার ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ ধারায় মুস্তাফার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

কে চন্দ্র শেখর নামের স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, বাঁকা দাঁতের কারণে তিন তালাক ও যৌতুকের দাবিতে নির্যাতনের একটি অভিযোগ পেয়েছি আমরা।

ভয়াবহ বায়ু দূষণের কবলে দিল্লি; জরুরী সতর্কতা জারি

0

ভয়াবহ বায়ু দূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। এমন পরিস্থিতিতে সেখানে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।

বাতাসের গুণমান স্বাস্থ্যের পক্ষে নিরাপদ বলে যে মাত্রাকে ধরে নেওয়া হয়, তারচেয়ে পাঁচ গুনেরও বেশি দূষিত হয়ে গেছে নয়া দিল্লির বাতাস। এই প্রেক্ষিতে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজধানীর স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

জানুয়ারির পর এই প্রথম দিল্লিতে দূষণের মাত্রা ‘সিভিয়ার প্লাস’ পর্যায়ে পৌঁছেছে। দিল্লিতে দিওয়ালীর পর থেকে বাতাসের দূষণের মাত্রা ভয়াবহ অবস্থায় পৌঁছানোর জেরে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে শহরটিতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি (পাবলিক হেলথ ইমার্জেন্সি) অবস্থা ঘোষণা করা হয়েছে।

এবার দিল্লিতে বায়ু দূষণের সূচক ৫০০ স্পর্শ করেছে। এর অর্থ হলো, পিএম-২.৫ অর্থাৎ ২ দশমিক ৫ মাইক্রোমিটারের ছোট পদার্থ বাতাসে উড়ছে। শ্বাস-প্রশ্বাসের সময় তা মানুষের ফুসফুসে চলে যাচ্ছে সহজে। উল্লেখ্য, বায়ু দূষণ সূচক ০ থেকে ৫০ পর্যন্ত হলে তা স্বাভাবিক ও স্বাস্থ্যের পক্ষে অনুকূল বলে ধরে নেওয়া হয়।

দিল্লিতে এ চিত্র অবশ্য এবার নতুন নয়। ভারতের রাজধানী প্রতিবছর এই সময়টায় ভয়াবহ বায়ু দূষণে আক্রান্ত হয়ে থাকে।

এদিকে, আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) পর্যন্ত রাজধানীর স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরী অবস্থায় নয়া দিল্লিতে সকল স্কুল ৫ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি এ নির্দেশ দেন।

এ কমিটি নয়া দিল্লিতে যে কোনও ধরণের নির্মাণকাজ বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে শীতকালে দিল্লিতে আতশবাজিতেও দিয়েছেন নিষেধাজ্ঞা।

সূত্র : এনডিটিভি

২৬ লক্ষাধিক শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

0

দেশব্যাপী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের সময়মতোই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভিড় করতে দেখা গেছে। অনেক পরীক্ষার্থীকেই কেন্দ্রে পৌঁছে দিতে দেখা যায় অভিভাবকদের।

আজ শনিবার সকাল ১০টায় জেএসসির প্রথম দিনে বাংলা এবং জেডিসির প্রথম দিনে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা শুরু হয়।

জেএসসি পরীক্ষা শেষ হবে আগামী ১১ নভেম্বর ও জেডিসি পরীক্ষা শেষ হবে আগামী ১৩ নভেম্বর।

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা দুই লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।

চলতি বছর মোট কেন্দ্রের সংখ্যা দুই হাজার ৯৮২টি। মোট ২৯ হাজার ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বছর বিদেশে মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট ও অটিস্টিক শিশুদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে।

এবার জেএসসিতে পরীক্ষার্থীদের সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে হবে। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, চারু ও কারুকলা, কৃষি শিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি বিষয়সমূহ ধারাবাহিক মূল্যায়ন করা হবে।

নতুন সড়ক আইন প্রশিক্ষণ নিচ্ছেন সার্জেন্টরা, শীঘ্রই শুরু হবে শাস্তি প্রদান

0

কাগজে-কলমে গতকাল ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন সড়ক পরিবহন আইন (২০১৮)। তবে বাস্তবে নতুন আইন প্রয়োগ শুরু করেনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আপাতত আইনটি বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন সার্জেন্টরা। আইন ভঙ্গ করলে চালকদের মৌখিকভাবে সতর্ক করতেও দেখা যায়, তবে বাস্তবে কাজ এখনো শুরু হয়নি। তবে প্রশিক্ষণ শেষে কয়েক দিনের মধ্যেই নতুন আইনটি ভঙ্গকারীদের শাস্তি প্রদান শুরু করা হবে।

রাজধানীর ব্যস্ততম মগবাজার চার রাস্তার ট্রাফিক মোড়ে স্বাভাবিকভাবে চলছিল গাড়িগুলো। এর মধ্যেই ট্রাফিক সিগনাল অমান্য করে এগোনোর চেষ্টা করে একটি প্রাইভেট কার। তাত্ক্ষণিক থামিয়ে দিয়ে গাড়িটির কাছে এগিয়ে যান সার্জেন্ট। গাড়িটি এক পাশে নিয়ে কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ঠিক থাকার পাশাপাশি অপরাধ গুরুতর না হওয়ায় মামলা না দিয়ে মৌখিকভাবে চালককে সতর্ক করে দেন। একই সঙ্গে সার্জেন্ট তাঁকে জানিয়ে দেন, ‘নতুন আইন আসছে। আইন অমান্য করলে কঠোর সাজা পেতে হবে।’ এ সময় চালক বলেন, ‘স্যার, ট্রাফিকের নতুন আইনের কথা শুনেছি। তবে সে সম্পর্কে পুরোপুরি ধারণা নেই।’

ঘটনাটি গতকাল শুক্রবার দুপুরের। আর এদিন থেকেই কার্যকর হয়েছে নতুন সড়ক পরিবহন আইন (২০১৮)। তবে বাস্তবে নতুন আইন প্রয়োগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কিছুটা সময় নিচ্ছে। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ বলেন, নতুন সড়ক পরিবহন আইন আজ (শুক্রবার) থেকে কার্যকর হলেও আপাতত পুরনো আইনেই কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে নতুন আইন সহনীয় মাত্রায় প্রয়োগ শুরু হবে। তার আগে প্রয়োগকারী সংস্থার সদস্য অর্থাৎ সার্জেন্টদের আইনটি সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে হবে। সেই সঙ্গে যাদের জন্য আইন অর্থাৎ পথচারী, যানবাহনের চালক ও হেলপারদের এ বিষয়ে মোটিভেশন করা হবে।

সরেজমিনে গতকাল রাজধানীর মগবাজার ছাড়াও বাংলামোটর, শাহবাগ, নীলক্ষেত, আজিমপুর, রাসেল স্কোয়ার, বিজয় সরণিসহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায়, সার্জেন্টরা এখনো আগের আইনেই মামলা ও ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন। বাস, প্রাইভেট কার, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলে আইন প্রয়োগে তেমন পরিবর্তন নেই। অবশ্য ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহন চলাচলও কম ছিল।

নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের তারিখ ঘোষণা করে গত ২২ অক্টোবর গেজেট প্রকাশ করে সরকার। নতুন আইনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী গতকাল থেকে আইনটি কার্যকর হলেও খোদ আইন প্রয়োগকারী সংস্থাগুলোরই এ সম্পর্কে সম্যক ধারণা নেই। পরিবহন চালক ও সহকারী এবং পথচারীরাও অনেকটা অন্ধকারে।

গতকাল বিকেলে বাংলামোটরে আরমান নামে এক মোটরসাইকেল চালক বলেন, ‘নতুন আইন সম্পর্কে এখনো পরিপূর্ণ ধারণা নেই। তবে শুনেছি নতুন আইনে জেল-জরিমানা অনেক বেশি। হেলমেট ব্যবহার না করলেই নাকি ১০ হাজার টাকা জরিমানা। এসব বিষয় আরো সহনীয় হওয়া উচিত।’ সুজন নামে এক বাসচালক বলেন, ‘নতুন আইন প্রয়োগ হলে গাড়ি চালানো কঠিন হয়ে পড়বে। সব দুর্ঘটনার জন্যই চালক দায়ী থাকে না। অনেক সময় পথচারীদের কারণেও দুর্ঘটনা ঘটে। এ ক্ষেত্রে সব দায় চালকদের দেওয়া হয়।’

ট্রাফিক পুলিশ সূত্র জানায়, ট্রাফিকের পজ মেশিনসহ অন্য বিষয়গুলোর মিল রয়েছে আগের আইনের সঙ্গে। নতুন আইন বাস্তবায়ন হলেও মেশিনগুলো আপডেট হয়নি। তাই কোনো মামলা হলেও তা কাগজে করা হচ্ছে। পজ মেশিনের সফটওয়্যারসহ অন্য বিষয়গুলো আপডেট হলে নতুন আইন পুরোদমে কার্যকর হবে।

ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের উপকমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ কালের কণ্ঠকে বলেন, নতুন আইন সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে। সার্জেন্টদেরও এ বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। সেই সঙ্গে পোস্টার, লিফলেটসহ বিভিন্নভাবে মানুষকে আইনটি সম্পর্কে সচেতন করা হচ্ছে। সে জন্য আইনের প্রয়োগও ধীরে ধীরে করা হচ্ছে।

এদিকে রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গ করার দায়ে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮২০টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ২০ লাখ ৭৪ হাজার ৭১৮ টাকা। একই সঙ্গে ৪১টি গাড়ি ডাম্পিং ও ৬৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

খাগড়াছড়ির দীঘিনালায় এক আওয়ামী লীগ নেতাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। নিহত শাকিল হোসেন (৫২) দীঘিনালার মেরুং ইউনিয়নের শহীদ জব্বারপাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে ও মেরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে দীঘিনালার মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য্য এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দীঘিনালার মেরুং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, শাকিল হোসেন শুক্রবার সন্ধ্যার দিকে ব্যক্তিগত কাজে রেংকার্য্য এলাকায় যান। রাত ১০টার দিকে পথচারীরা রাস্তার পাশে একটি আমগাছে শাকিল হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

কেন এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি নিহতের পরিবার ও স্থানীয়রা।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

কুয়েটের দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ, হলত্যাগের নির্দেশ

0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দু’টি হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্র-ছাত্রীদের হলত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংঘর্ষের পর শুক্রবার দিনগত রাত ১২টায় কুয়েটের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (২ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে ছাত্রদের ছয়টি ও রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে পাঁচ-ছয় জন আহত হন। রাতে বিষয়টি নিয়ে হলগুলোতে উত্তেজনা সৃষ্টি হলে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংঘর্ষে আহতদের মধ্যে শাহ আলম ও আকবরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি বড় ধরনের উত্তেজনায় রূপ নিতে পারে এমন আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

0

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আজ শনিবার শুরু হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্রসহ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), হোপ পলিটেকনিক এবং রেভারেন্ড পল্স হাই স্কুল উপ-কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা প্রায় ২৭ জন।

আজ শনিবার সকাল ৮ টায় শুরু হয়েছে ‘সি’ ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় মূলকেন্দ্রে ১ থেকে ৫১৮৪, কুয়েট উপকেন্দ্রে ৫১৮৫ থেকে ১২৫৩৩, হোপ পলিটেকনিকে ১২৫৩৪ থেকে ১৩২৫৮ এবং রেভারেন্ড পলস উপকেন্দ্রে ১৩২৫৯ থেকে ১৪৬২৩ রোল পর্যন্ত নম্বরধারীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল ৮ টা থেকে সাড়ে ৯টা ‘সি’ ইউনিটের অধীন ব্যাবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং বিকেল ৪ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের অধীনে চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল, জীব বিজ্ঞান স্কুল এবং দুপুর ১-৩০ টা থেকে ৩ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল এবং শিক্ষা স্কুলের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্র সহ অন্যান্য উপ-কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ku.ac.bd) এ পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় ও আইসিটি সেলের তথ্যমতে, এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের অন্তর্ভূক্ত ২৯টি ডিসিপ্লিনের (বিভাগ) মোট ১২১৭ আসনের বিপরীতে ৩২ হাজার ৬৩৬ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন। আসন প্রতি আবেদনকারীর সংখ্যা প্রায় ২৭ জন।

এর আগে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ২৯ নভেম্বর প্রশাসন ও আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পসের মেইন গেট দিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের তল্লাশী করা হবে। এছাড়া ভর্তি পরীক্ষায় কোনো পরীক্ষার্থী সঙ্গে মোবাইল ফোন বা কোনো প্রকার ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করতে এবং একইসাথে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় শিক্ষক ও কর্মচারী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এছাড়া পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও কান অনাবৃত রাখার নির্দেশনা দেওয়া হয়।

এদিকে যেসব শিক্ষার্থী খুলনার বাইরে থেকে এসে থাকার সুব্যবস্থা নেই তাদের জন্য নগরীর হোটেল টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল এবং খুবির খানজাহান আলী হলে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে নিরাপত্তা ও শৃক্সখলা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‌্যাব ও সাদাপোশাকে নিরাপত্তা সদস্যদের এবং বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্যরা নিয়োজিত থাকবে।

তদবির করলে হাতে হাতকড়া, দুদক চেয়ারম্যানের হুঁশিয়ারি

0

ঘুষ খাওয়া ও তদবিরকে একই মাপের অপরাধ হিসেবে বর্ণনা করে প্রাথমিক শিক্ষকদের এক অনুষ্ঠানে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
তিনি বলেছেন, “তদবিরবাজরা সাবধান। ঘুষ খাওয়া আর তদবির সমান অপরাধ। অনিয়ম একটা দুর্নীতি। সুতরাং শিক্ষক বদলি ও নিয়োগ নিয়ে তদবির করবেন না। তাহলে হাতকড়া পড়তে হবে।”

শুক্রবার রাজশাহীতে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ সামাজিক উদ্বুদ্ধকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যানের এমন মন্তব্য আসে।

প্রাথমিক থেকেই শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দেওয়ার উপর গুরুত্ব দিয়ে ইকবাল মাহমুদ বলেন, “গল্পের ছলে বাচ্চাদের পড়ানো সবচেয়ে ভালো পদ্ধতি। এতে বাচ্চারা শিখবে এবং মনে রাখবে। বাচ্চাদের ভয় দেখিয়ে জয় করা সম্ভব নয়। … গল্পের ছলে আদর করে বাচ্চাদের শেখাতে হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “প্রাথমিকে নৈতিকতার শিক্ষা দিতে না পারলে জাতি ধ্বংস হয়ে যাবে। প্রাথমিক শিক্ষায় শিশুদের মনে দুর্নীতির বিরুদ্ধে উপদেশ ও শিক্ষা দিতে হবে। প্রাথমিকে যারা সুশিক্ষা পেয়েছে তারা বড় হয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ে না।”

সামাজিক চাপও এক্ষেত্রে জরুরি মন্তব্য করে ইকবাল মাহমুদ বলেন, “নাগরিকের চাপ না থাকলে প্রশাসন বা দুদকও কাজ করবে না। চাপ থাকলে শিক্ষকরাও পড়াবেন।”

নির্বাচনের কাজ ছাড়া অন্য কোনো কাজে শিক্ষকদের না জড়ানোর বিষয়েও সরকারের কাছে আবেদন করবেন বলে জানান তিনি।

জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদির, প্রাথমিক শিক্ষা বিভাগের রাজশাহী বিভাগীয় উপপরিচালক আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া রাজশাহী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা অংশ নেন এ মতবিনিময় সভায়।