Home Blog Page 3394

১৬ কোটি টাকার অবৈধ সম্পদ: লোকমান ও সেলিমের বিরুদ্ধে দুদকের মামলা

0

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া ও অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম লোকমানের বিরুদ্ধে এবং উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেন। লোকমানের বিরুদ্ধে ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকা এবং সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে।

লোকমানের বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়, ৬৪ লাখ ২০ হাজার টাকার স্থাবর সম্পত্তির হিসাব আয়কর নথিতে দেখালেও অনুসন্ধানে তার ‘সুনির্দিষ্ট কোনো বৈধ আয়ের উৎস’ পাওয়া যায়নি।

এতে বলা হয়, আসামি লোকমান হোসেন ভূঁইয়া তার আয়কর নথিতে ৭৩ লাখ ৭০ হাজার ৬৬৪ টাকার অস্থাবর সম্পদ ছাড়াও নিজ নামে ও তার স্ত্রী-সন্তানদের সঙ্গে যৌথভাবে আরও ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ৯৮৪ টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছেন। কিন্তু তা তাদের আয়কর নথিতে প্রদর্শন করেননি।

সেলিম প্রধানের বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়, বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকার অস্থাবর ও স্থাবর সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

অনুসন্ধানকালে বিভিন্ন গোপন সূত্র থেকে জানা গেছে, সেলিম প্রধান তার অবৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা দেশের বিভিন্ন স্থানে নামে-বেনামে একাধিক প্লট, বাড়ি ও ফ্ল্যাট অর্জন করাসহ দেশে-বিদেশে নামে-বেনামে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন।

১৮ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন ক্লাবে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায় মতিঝিল এলাকায় মোহামেডান ক্লাবে অভিযান চালায় র‌্যাব।

২৬ সেপ্টেম্বর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ার বাসা থেকে লোকমানকে কয়েক বোতল মদসহ গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লোকমান জানিয়েছিলেন, এইচএসবিসি ব্যাংকে লোকমানের এক কোটি টাকার এফডিআর আছে।

অস্ট্রেলিয়ার এএনজেড ও কমনওয়েলথ ব্যাংক ছাড়াও দেশের কয়েকটি ব্যাংকে তার গচ্ছিত টাকার পরিমাণ প্রায় ৪১ কোটি টাকা। তবে প্রাথমিক অনুসন্ধানে তার ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকার অবৈধ সম্পদের তথ্য পায় দুদক। তবে তদন্তে এই অংশ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানান দুদকের কর্মকর্তারা।

গত ৩০ সেপ্টেম্বর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব-১। এরপর তার গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযান চালানো হয়। অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় ওইদিনই সেলিম প্রধানকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রাপাচার প্রতিরোধ আইনে দুটি মামলা করে র‌্যাব।

সেলিম প্রধান ‘প্রধান গ্রুপ’ নামে একটি ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান। এই গ্রুপের অধীনে পি২৪ গেমিং নামের একটি কোম্পানি আছে, যারা রীতিমতো ওয়েবসাইটে ঘোষণা দিয়ে ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনোর কারবার চালিয়ে আসছিল।

আ. লীগের চট্টগ্রাম বিভাগীয় সভায় চার জেলা সম্মেলনের তারিখ ঘোষণা

0

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় আওয়ামী লীগের তৃণমূল ও জেলা সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল রবিবার দুপুরে দ্য কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় কেন্দ্রীয়, জেলা ও তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনের এই ঘোষণা দেওয়া হয়। ছয়টি সাংগঠনিক নগর ও জেলা কমিটির মধ্যে চট্টগ্রাম নগরের বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য বর্ধিত সভায়।

গতকাল প্রতিনিধি সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, আগামী ২৪ নভেম্বর খাগড়াছড়ি, ২৫ নভেম্বর রাঙামাটি, ২৬ নভেম্বর বান্দরবান, ৩০ নভেম্বর চট্টগ্রাম উত্তর জেলার সম্মেলন হবে।
৩০ নভেম্বরের মধ্যে উপজেলা সম্মেলন শেষ করে ১০ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগকে সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বর্ধিত সভা ১১ নভেম্বর। এদিন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম উপস্থিত থাকার কথা রয়েছে। শামীম বলেন, নগরের বর্ধিত সভায় ওয়ার্ড সম্মেলনসহ নগর সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর। এই সম্মেলনের আগে এরই মধ্যে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল অক্টোবরের মধ্যে তৃণমূল এবং নভেম্বরের মধ্যে জেলা-নগর কমিটির সম্মেলন সম্পন্ন করার। কিন্তু এখনো তৃণমূলের অনেক কমিটির সম্মেলন শেষ হয়নি। সর্বশেষ গতকালের বিভাগীয় প্রতিনিধি সভায় সম্মেলনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এদিকে গতকালের সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগসহ বিভাগে তৃণমূলের বিভিন্ন সংগঠনিক কর্মকাণ্ড নিয়ে সন্তোষ প্রকাশ করলেও চট্টগ্রাম দক্ষিণ জেলা নিয়ে অখুশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। তিনি বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক কর্মকাণ্ড ভালো মনে হয়নি। বাঁশখালী ও বোয়ালখালী আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে সম্মেলন হচ্ছে না।

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির শব্দে আতঙ্ক

0

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েছে রোহিঙ্গারা। গতকাল রবিবার রাত ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গুলির শব্দ শুনতে পায় রোহিঙ্গারা। তবে কারা এ গোলাগুলির ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছলিমুল্লা জানান, শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের নুরালি পাড়ার পশ্চিম দিক থেকে হঠাৎ গুলির শব্দ শুনতে পেয়েছি। পরপর চারটি গুলির আওয়াজ আমরা শুনেছি।

এদিকে ক্যাম্পের রোহিঙ্গারা গোলাগুলির ঘটনাটি রোহিঙ্গা ডাকাতদের অভ্যন্তরীণ হতে পারে বলে ধারণা করছেন।

শালবাগান, জাদিমুড়া ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা জানান, পাহাড়ী আস্তানায় লুকিয়ে থাকা হাকিম ডাকাত ও জকির ডাকাত বাহিনী মাঝেমধ্যে ক্যাম্পে আতংক ছড়ানোর জন্য এ ধরণের কর্মকাণ্ড ঘটিয়ে থাকেন।

বিশ্বব্যাংক প্রতিনিধি দলের কেরনীগঞ্জ পরিদর্শন

0

কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদে পৌঁছে প্রথমে চিত্র প্রদর্শনীর মাধ্যমে লোকাল গভর্মেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজি এসপি)’র বিভিন্ন উন্নয়ন কর্ম পর্যালোচনা করেন।

এ সময় তারা এলজি এসপি’র অর্থায়নে নির্মিত আগানগর ইউনিয়ন পাবলিক লাইব্রেরি ও আমবাগিচা এলাকায় স্যুয়ারেজ লাইনের কাজ পরিদর্শন করেন।

এ সময় প্রতিনিধি দলের সঙ্গে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো. জাহাঙ্গীর শাহ খুশী, ইউপি সদস্য মো. শাহিন, মো. দেলোয়ার হোসেন দিলু, মশিউর রহমান শাহিন, আব্দুর রাজ্জাক রুবেল, হাজী মো. রাসেল, প্রাণ কুমার বর্মন, আনোয়ারা বেগম, ফারজানা বেগম চাদনী, তানিয়া শেখ, ইউনিয়ন ডিজিটাল উদ্যোক্তা শামিমা, মো. শাহাবুদ্দিন প্রমুখ।

তামিল অভিনেতা শশীকুমার আত্মহত্যা করেছেন

0

জনপ্রিয় তামিল টিভি অভিনেতা শশীকুমার আত্মহত্যা করেছেন। গত ২৩ অক্টোবর ভারতের তামিলনাড়ুর জোলারপেত্তাই রেলস্টেশনেরনিকট একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ুর জোলারপেত্তাই রেলস্টেশনের ধারে একটি গাছে ঝুলন্ত অবস্থায় অভিনেতা শশীকুমারকে পাওয়া যায়। তবে তিনি কেন আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বেশ কিছুদিন ধরে তিনি মানসিক চাপে ছিলেন বলে জানা গেছ

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার এক ব্যক্তিকে গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় পথচারীরা। পরে সেটি শশীকুমারের মরদেহ বলে নিশ্চিত হওয়া যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শশীকুমারের স্ত্রী রাঘবীকে ডাকেন। তিনিই শশীকুমারকে শনাক্ত করেন।

বেশ কয়েকটি তামিল ধারাবাহিকে কাজ করেছেন শশীকুমার। সিনেমাটোগ্রাফার হিসেবেও কাজ করেছেন তিনি। স্ত্রী রাঘবীও টিভি অভিনেত্রী। প্রতিবেদনে বলা হয়েছে, বাসা থেকে বের হওয়ার সময় শশীকুমার তার স্ত্রীকে বলেছিলেন, তিনি ব্যাঙ্গলোর যাচ্ছেন। পরে ভেলোরের বাস ধরেন তিনি। ভেলোর যাওয়ার পথে শশীকুমার আম্বুরে নেমে যান। সেখান থেকে যান জোলাপেত্তাই রেলস্টেশনে, যেখানে একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। শশীকুমারের আত্মহত্যার ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।

প্রিয়াঙ্কার স্বামী নিক প্রকাশ্যে যৌন হেনস্থার শিকার, ভিডিও ভাইরাল

0

যৌন হেনস্থার শিকার হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী পপ তারকা নিক জোনাস। লস অ্যাঞ্জেলসে জোনাস ব্রাদার্সের কনসার্টে এ ঘটনা ঘটেছে।

ঘটনার পর পরই এমনই একটি ভিডিও সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামীর পা, পশ্চাৎদেশ ও ঊরুতে পিছন থেকে হাত দিচ্ছেন। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলসে পারফর্ম করেছিলেন জোনাসের ব্যান্ড। সে সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। শো চলাকালে মঞ্চের কোনায় দাঁড়িয়ে পারফর্ম করছিলেন নিক জোনাসসহ তিনজন।

আর তাদের দুই দিকে ছিলেন দর্শকরা। প্রথমে নিকের পা ধরে টানেন অভিযুক্ত নারী। বিষয়টি পপ তারকার নিরাপত্তা রক্ষীদের নজর এড়ায়নি। তারা ওই নারীকে সতর্ক করে দেন। কিন্তু তাতে কাজ হয়নি। এর পরেও নিকের পশ্চাৎদেশ ও ঊরুতে পেছন থেকে হাত দেন ওই নারী। চমকে ওঠেন নিক। ঘটনা পেছনে ঘুরে দেখেন তিনি। তবে পরে আবারও পারফরমেন্স শুরু করেন।

নিক প্রথমে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। যদিও তার ভক্তরা চুপ থাকেননি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে অবশ্য ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন নিক। তিনি বলেন, এমন যৌন হেনস্থাকে সমর্থন করা যায় না।

মিশার পাশে থেকে কাজ করবো: মৌসুমী

0

একে অপরের প্রতি অভিযোগের ফুলঝুড়ি আর ব্যক্তিগত আক্রমণে শুরু হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল প্রকাশের পর সম্প্রীতির বার্তা ছড়ালেন মিশা সওদাগর ও মৌসুমী। দুইজনই দুজনের পাশে থেকে শিল্পীদের জন্য কাজ করার আশ্বাস দিয়েছেন।
এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমির জয়ের খবর ফেসবুকে ছড়িয়ে পড়লেও পরে ফলাফলে দেখা যায় মৌসুমীর চেয়ে ১০২ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর।
নির্বাচনে হারলেও মিশা সওদাগরকে শুভেচ্ছা জানাতে ভুলেননি মৌসুমী। মিশার নেতৃত্বে শিল্পী সমিতির কাজে পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
শনিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমকে মৌসুমী বলেন, আমি বলেছিলাম, মিশা নির্বাচিত হলে আমি ওর পাশে থেকে সহযোগিতা করবো। আবার আমিও চাইবো ও আমার পাশে থাকবে সাহায্যের হাত বাড়াবে।
তিনি বলেন, শিল্পী সমিতি যে সিদ্ধান্তগুলো নেবে সেগুলোর সঙ্গে আমিও একমত থাকব। শিল্পীদের জন্য কাজ করলে আমি ওদের পাশে থাকব। কিন্তু ব্যক্তিগত কাজের ক্ষেত্রে হাত বাড়াবো না। শিল্পীদের উন্নয়নে কিছু করে সেখানে অবশ্যই যাবো।
এদিকে মৌসুমীকেও শিল্পী সমিতির কাজে পাশে চান মিশা সওদাগর। তিনি বলেন, মৌসুমী আমার বন্ধু। ওকে নিয়ে কাজ করব। নির্বাচনের আগেও বলেছি আমি জিতলে মৌসুমীকে নিয়ে কাজ করবো। আর আমি হেরে গেলে ফুলের মালা পরাবো। ও হেরেছে তাতে কি! ও আমার বন্ধু ছিল, আছে এবং থাকবে। মৌসুমীকে বিশেষ কমিটিতে রাখাবো। তাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে চলচ্চিত্র শিল্পী সমিতি।

সাক্ষ্যগ্রহণ শেষ, আসামিদের আত্মপক্ষ সমর্থন ৩০ অক্টোবর

0

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করা শেষ হয়েছে। এর মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণও সমাপ্ত ঘোষণা করা হলো। রবিবার ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবীর সাক্ষ্য দেন। তিন কার্যদিবসে আসামি পক্ষে তাকে জেরা করা হয়। পরে বিচারক মো. মজিবুর রহমান সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে আগামী ৩০ অক্টোবর আত্মপক্ষ সমর্থনের তারিখ ধার্য করেন।

আইনজীবীরা জানান, আগামী ধার্য তারিখে আসামিরা আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে পারবেন। তারা মৌখিক বা লিখিত আকারে তাদের বক্তব্য পেশ করতে পারবেন। এরপরই মামলার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য হবে। যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণা হবে।

গত বছর ২৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম জঙ্গি হামলা মামলার বিচার শুরু হয়। এর আগে গত বছর ২৩ জুলাই এই মামলায় আট জীবিত জঙ্গিকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়।

চার্জশিটে যে আটজনকে আসামি করা হয়েছে তারা হলেন- গাইবান্ধার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, নওগাঁর আসলাম হোসেন ওরফে আসলামুল ইসলাম ওরফে রাশেদ ওরফে র‌্যাশ, কুষ্টিয়ার আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, জয়পুর হাটের হাদীসুর রহমান ওরফে সাগর, চাঁপাইনবাবগঞ্জের মিজানুর রহমান ওরফে বড় মিজান, বগুড়ার রাকিবুল হাসান ওরফে রিগ্যান, বগুড়ার মামুনুর রশীদ ওরফে রিপন ও রাজশাহীর শরিফুল ইসলাম ওরফে খালেদ। মামুনুর রশীদ ওরফে রিপন ও শরিফুল ইসলাম ওরফে খালেদ পলাতক রয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে আছে। অন্য ছয়জন কারাগারে আছে।

এ মামলায় অভিযুক্ত সবাই নব্য জেএমবির সক্রিয় সদস্য বলে চার্জশিটে বলা হয়েছে। আটজনকে অভিযুক্ত করা হলেও হলি আর্টিজানের ঘটনার সঙ্গে ২১ জঙ্গির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন ঘটনার সময় ঘটনাস্থলেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হন। অন্য আটজন জঙ্গি বিরোধী বিভিন্ন অভিযানে নিহত হন।

২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার সময় হলি আর্টিজান বেকারিতে অতর্কিতে আক্রমণ করে পাঁচ জঙ্গি। তারা ভেতরে থাকা সবাইকে জিম্মি করে। একে একে গুলি চালিয়ে, কুপিয়ে ১৭ বিদেশি ও তিনজন বাংলাদেশিকে হত্যা করে। সেখানে তাৎক্ষণিক অভিযান চালাতে যায় র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা। অভিযানকারীদের দিকে বোমা হামলা চালায় ওই পাঁচ জঙ্গি। এতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। আহত হন র‌্যাব-১ এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তুহিন মাসুদ, পুলিশের গুলশান অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল আহাদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য।

আজিজ মোহাম্মদের বাসা যেন বিদেশি মদের কারখানা!

0

রহস্যময় ব্যবসায়ী ও চলচ্চিত্র পরিচালক আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশান-২ এর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিববার বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযান এখনো চলছে।

অভিযানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিরল ও বিদেশি মদ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বাড়িতে কয়েকটি কক্ষে একাধিক তাকে থরে থরে সাজানো বিভিন্ন ব্রান্ডের মদ। যেগুলোর সব বিদেশ থেকে আনা এবং বিরল ব্র্যান্ডের। যে কেউ দেখলেই প্রথমে মনে করবে এটা যেন মদের গোডাউন।

বসবাসের ঘরে এত বিপুল পরিমাণ মদের মজুদ দেখে রীতি মতো হতবাক অভিযান পরিচালনাকারীরা।

মাদকদ্রব্য ছাড়াও ক্যাসিনো খেলার নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খুরশিদ আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অভিযানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসার ভেতরে ক্যাসিনো ও ছাদে মিনি বার পাওয়া গেছে। এছাড়াও বিপুল পরিমাণ মদের বোতল ও সীসার উপকরণ পাওয়া গেছে বলেও জানান এই কর্মকর্তা।

প্রসঙ্গত, বাংলাদেশের রহস্যময় ব্যাক্তিদের তালিকা করলে তালিকার প্রথমদিকেই থাকবে যাদের নাম তাদের একজন এই আজিজ মোহাম্মদ ভাই। যাকে নিয়ে আছে নানা গল্প, নানা রহস্য। আর এসব গল্পের বেশিরভাগই চলচ্চিত্র জগতের নারী ও হত্যা কেন্দ্রিক। এসব গল্পের কতটুকু সত্য আর কতটুকু মুখরোচক মিথ্যা সে নিয়েও আছে নানা মত।

বর্তমানে থাইল্যান্ডে বসবাসরত রহস্যময় এই বাংলাদেশি ব্যবসায়ী হত্যা ও মাদক পাচারসহ বেশ কয়েকটি গুরুতর অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ৫০টির মতো চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি।

১৯৪৭ এ দেশভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে বাংলাদেশে আসে। ধনাঢ্য এই পরিবার পুরান ঢাকায় বসবাস শুরু করে।

১৯৬২ সালে আজিজ মোহম্মদ ভাইয়ের জন্ম হয় আরমানিটোলায়। আজিজ মোহাম্মদ ভাই তিন দশকেরও বেশি সময় ধরে ইস্পাত প্রযোজকের পরিচালনায় সক্রিয়ভাবে নিযুক্ত ছিলেন।

তিনি সার্ক চেম্বার অব কমার্সের আজীবন সদস্য। অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বলপেন, অলিম্পিক ব্রেড ও বিস্কুট, এমবি ফার্মাসিটিউক্যাল, এমবি ফিল্ম ইত্যাদি প্রতিষ্ঠানের মালিক আজিজ মোহাম্মদ ভাই।

বাংলাদেশি দূতাবাসে হস্ত ও কারুপণ্যের স্থায়ী প্রদর্শনী চালু করা হবে : শিল্পমন্ত্রী

0

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি হস্ত ও কারুপণ্যের ব্যাপক চাহিদা থাকলেও রপ্তানির সুযোগ এখনও পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। এ সুযোগ কাজে লাগাতে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে হস্ত ও কারুপণ্যের স্থায়ী প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। একই সাথে বাংলাদেশের বিভিন্ন বিমানবন্দরে হস্তশিল্প কর্ণার চালু করা হবে। বছরব্যাপী জামদানি, তাঁত, বস্ত্র, হস্ত ও কারুপণ্যের প্রদর্শনীর জন্য রাজধানীতে একটি স্থায়ী ডিসপ্লে সেন্টার স্থাপন করা হবে।
গতকাল ঢাকার একটি হোটেলে চার দিনব্যাপী অনুষ্ঠিত ‘হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভাল ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এসএমই ফাউন্ডেশন এবং অ্যাসোসিয়েশন অভ্ ফ্যাশন ডিজাইনার্স অভ্ বাংলাদেশ (এএফডিবি) যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।
মন্ত্রী অর্থায়ন ও পণ্যের বিপণনকে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের বড় সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণ ও বাজার সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সাথে আলোচনা করে শিল্প মন্ত্রণালয় কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। তিনি হস্ত ও কারুশিল্প উদ্যোক্তাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে জানান।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে শিল্পসচিব মোঃ আবদুল হালিম, সংস্কৃতি সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এবং তথ্য কমিশনার সুরাইয়া বেগম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এএফডিবি এর প্রেসিডেন্ট মানতাশা আহমেদ।
উল্লেখ্য, বাঙালি সংস্কৃতির শেকড় ও জাতীয় ঐতিহ্যের প্রতি গভীর অনুরাগ থেকেই চার দিনব্যাপী এ উৎসব আয়োজন করা হয়। এতে ৪৫টি স্টলে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের তাঁত, বস্ত্র, চারু ও কারুপণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়।