Home Blog Page 3396

দল থেকে উইপোকা ও ছারপোকা বের করতে হবে : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে দলে যে সমস্ত অনুপ্রবেশকারী উইপোকা ও ছারপোকা ঢুকেছে তাদেরকে বের করতে হবে।

আজ রবিবার দুপুরে চট্টগ্রাম নগরীর কিং অব চিটাগাং এ আওয়ামী লীগ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় ৬ সাংগঠনিক জেলার প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর ২১ বছর ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ। বুকে পাথর বেঁধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তখন সংগঠন দুর্বল ছিল না, শক্তিশালী ছিল। সেই শক্তির উপর ভর করে শেখ হাসিনার নেতৃত্বে এবং সেই ফোর খাওয়া নেতাকর্মীদের নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রতিবন্ধকতা উপক্রম করে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় গেছে। আমাদের সেই ফোর খাওয়া নেতৃত্বের আদলে এখন নেতাকর্মী দরকার।

পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে কোন কোন এলাকায় আলস্যতা দেখা দিয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এই সুসময় সবসময় থাকবে এটি মনে করার কোনো কারণ নেই। যেকোনো পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ‘৭৫ সালে যখন বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয় তখন কেউ ভাবেনি আমাদের দলে এই ধরণের একটি দুর্যোগ বয়ে আসবে। পেট্টোলবোমা বাহিনী স্বাধীনতার বিরোধী চক্র যারা আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় চান না তারা বসে নাই। সুতরাং তাদের আজকের ষড়যন্ত্রের নতুন সংস্করণ হচ্ছে আমাদের সংগঠনের মধ্যে উইপোকা-ছারপোকা ঢুকিয়ে দিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই ষড়যন্ত্র থেকে দলকে রক্ষা করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, যুগে যুগে যখন আওয়ামী লীগের দুঃসময় এসেছে তখন অনেক নেতা বোল পাল্টিয়ে মূল নেতৃত্বের কাছ থেকে সরে গেছে। ক্ষমতাসীনদের সাথে আপোষ ও আঁতাত করেছে। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা কারো সাথে আপস ও আঁতাত করেনি। আজ এখানে যারা আছেন তারাই হচ্ছেন আওয়ামী লীগের প্রাণ। তৃণমূলের কারণেই ৭০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে ঠিকে আছে আওয়ামী লীগ।

তিনি বলেন, ১৯৭৫ সালে জাতীর জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার পর আওয়ামী লীগের যখন দুঃসময়, ক্ষমতাসীনদের সাথে আপস করে দলকে বিভক্ত করা হলো তখন আমাদের নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৮১ সালের ১৭ মে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তনের পর বিধ্বস্ত আওয়ামী লীগকে তিনি মায়ের মমতায় স্নেহে লালন করেছেন। তার নেতৃত্বে দল আজ পরপর চারবার রাষ্ট্র ক্ষমতায়। বঙ্গবন্ধু যে স্বপ্নগুলো দেখে যেতে পারেননি প্রতিনিয়ত সেই স্বপ্ন পূরণের জন্য দিনরাত্রী পরিশ্রম করে চলেছেন তিনি।

তিনি বলেন, পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে সবাই এখন আওয়ামী লীগ করতে চান। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের যেই কেন্দ্রীয় সম্মেলন হবে সেই সম্মেলনকে সামনে রেখে দলকে পরিস্কার করার কাজে আমরা হাত দিয়েছি। দলের তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন স্তরে অনেক অনুপ্রবেশকারী ও সুবিধাবাদী ঢুকেছে। দলের বিভিন্ন পর্যায়ে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সংগঠনের বিভিন্ন পর্যায়ে যেসমস্ত অনুপ্রবেশকারী ঢুকেছে সম্মেলনকে সামনে রেখে তাদেরকে পদ-পদবি থেকে বাদ দিতে হবে। সংগঠনকে পরিস্কার করতে হবে। সুবিধাবাদী মুক্ত করতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

মুরগি কিনবেন নাকি পেঁয়াজ? দাম একই!

0

বাজারে ব্রয়লার মুরগির দাম আর পেঁয়াজের দাম একই। সপ্তাহ ধরে প্রতিকেজি ১১০ টাকা বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজের বাজারে চলছে রীতিমতো নৈরাজ্য। সরবরাহে কিছুটা ঘাটতি থাকায় এর অপব্যবহার করছেন সুযোগসন্ধানী কিছু ব্যবসায়ী। এখন কেজিপ্রতি পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে ১২০ টাকা পর্যন্ত, যা এক দিন আগেও ছিল ১১০ টাকা।

আজ রবিবার রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, কেজিপ্রতি পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে ১২০ টাকা পর্যন্ত, যা এক দিন আগেও ছিল ১১০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা। দেশি বা আমদানি—সব ধরনের পেঁয়াজের দামেই ঊর্ধ্বগতি। গত এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ১২০ টাকায় উঠল পেঁয়াজের দাম। এদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, কক ২৪০ টাকা আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজি দরে।

ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে পেঁয়াজের দাম না কমে বাড়ছে। অথচ পাইকারি বাজারে পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত। কিছু খুচরা বিক্রেতা বেশি দামের কারণে পেঁয়াজ বিক্রি বন্ধ রাখার কথা জানালেও অনেক খুচরা বিক্রেতাই বলছেন, পাইকারি বাজার থেকে চাহিদা অনুযায়ী পেঁয়াজ পাচ্ছেন তাঁরা।

রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি আড়ত ঘুরে দেখা গেছে, দেশি, ভারতীয়, মিসর ও মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে। মেসার্স মাতৃভাণ্ডার ৫৬ নম্বর আড়তের মূল্যতালিকায় দেখা গেল, দেশি পেঁয়াজ ১০৮ টাকা, ভারতীয় পেঁয়াজ ১১৫ টাকা, মিসরের পেঁয়াজ ১০০-১০৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি হলেই বাজারে যেকোনো পণ্যের দাম বাড়ে। গত দুই দিনে পেঁয়াজের বাজারের ঊর্ধ্বগতিও বৃষ্টির কারণে।’

নজরদারির অভাব রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা নিয়মিত বাজার নজরদারি করছি। তবে নজরদারিতেও ফল আসছে না। গত এক মাসে দুই হাজার ব্যবসায়ীকে প্রায় দুই কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে; কিন্তু কোনো লাভ হচ্ছে না।’ আগামী নভেম্বরে নতুন পেঁয়াজ এলে বাজার স্বাভাবিক হবে বলে জানান তিনি।

কে কোথায় বসে অপকর্ম করছেন নেত্রী সব দেখেন : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কে কোথায় বসে কোন অপকর্ম করছেন, অপরাধ করছেন তার খোঁজ নেওয়া হচ্ছে। সময়মত টের পাবেন, বুঝতে পারবেন। ব্যবস্থা নেওয়া হবে। নেত্রী ঘরেরটা শেষ করে পরকে ধরবেন। সব আসবে। সব অপরাধী ধরা পড়বে এই জালে। সব অপকর্মকারীরা ধরা পড়বে।

আজ রবিবার দুপুরে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বিভাগের ৬টি সাংগঠনিক জেলার প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, আমরা লোক দেখানো শুদ্ধি অভিযান করছি না। আমরা প্রমাণ করব, আমাদের নেত্রী শেখ হাসিনা প্রমাণ করবেন অপকর্মের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানে আছেন। এ শুদ্ধি অভিযানে শুধু আওয়ামী লীগের লোক নয়, বিএনপিরও কে কি করেন সবার খোঁজখবর নেওয়া হচ্ছে।

সেতুমন্ত্রী ফেনীর নুসরাত হত্যা মামলার রায় নিয়ে বলেন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিরও ফাঁসির রায় হয়েছে। নিজ দলের নেতাকর্মীদের আওয়ামী লীগ সরকার ছাড় দেয়নি। আমাদের অনেক এমপিকেও দুদক নোটিশ দিয়েছে। কোনো কোনো সাবেক মন্ত্রীকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। একজন এমপি দণ্ডিত হয়ে জেলে আছে।

তিনিচট্টগ্রামের নেতাকর্মীডের উদ্দেশে বলেন, চট্টগ্রামে বলে যাচ্ছি, হুঁশিয়ারি উচ্চারণ করছি- চিহ্নিত চাঁদাবাজরা সাবধান হয়ে যান, টেন্ডারবাজরা, ভূমি দস্যুরা, মাদকব্যবসায়ীরা সাবধান হয়ে যান। শেখ হাসিনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন শুরু হয়ে গেছে।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে মুচলেকা দিয়ে তিনি রাজনীতি ছেড়ে দেবে বলে বিদেশ গিয়েছিলেন। ওয়ান ইলেভেনের পর বিদেশ থেকে বসে বসে ষড়যন্ত্রের গুটি চালছেন। বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছেন।

তিনি আরো বলেন, বিএনপি বসে নেই। বিএনপি ইস্যু খুঁজছে। নিজেদের মধ্যে তুচ্ছ ঘটনা ঘটিয়ে বিরোধীদের হাতে ইস্যু তুলে দেবেন না।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং নগর কমিটির সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলার ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চলছে

0

চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার বিকেল ৫টার দিকে তার বাড়িতে অভিযান শুরু হয়।

‘তাঁরা অনেক বড় ব্যবসায়ী, তাঁদের ধরা উচিত, আমরা তো চুনোপুঁটি’

0

বাংলাদেশে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা দাম বাড়ানো অব্যাহত রেখেছেন। সরবরাহে কিছুটা ঘাটতি থাকায় এর অপব্যবহার করছেন সুযোগসন্ধানী কিছু ব্যবসায়ী। বলা চলে, যেন প্রতিযোগিতা করে দাম বাড়িয়ে চলেছেন তাঁরা। এ অভিযোগ কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাবের পক্ষ থেকেও। অন্যদিকে বাজারে নেই সরকারের কার্যকর নজরদারি। সরকারি সংস্থা টিসিবির খোলাবাজার পদক্ষেপও কমাতে পারছে না পেঁয়াজের উত্তাপ।

গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, কেজিপ্রতি পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে ১২০ টাকা পর্যন্ত, যা এক দিন আগেও ছিল ১১০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা। দেশি বা আমদানি—সব ধরনের পেঁয়াজের দামেই ঊর্ধ্বগতি। গত এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ১২০ টাকায় উঠল পেঁয়াজের দাম।

এক আড়তদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বাজারে যাঁরা প্রভাব বিস্তার করছেন, তাঁরা অনেক বড় ব্যবসায়ী। তাঁদের ধরা উচিত। আমরা তো চুনোপুঁটি। দাম কমা বা বাড়াটা তাঁদের ওপরই নির্ভর করে।’

পেঁয়াজের দাম কেন কমছে না জানতে চাইলে আড়তের বিক্রেতা লোকমান হোসেন দাবি করে বলেন, ‘পেঁয়াজ আমদানি কমে গেছে। দেশি পেঁয়াজের মজুদও কম। সব মিলিয়ে চাহিদার তুলনায় সরবরাহ কম। যে কারণে দাম বাড়তি।’

শ্যামবাজারের আমদানিকারকরা বলছেন, আগে দিনে ভারত থেকে সাড়ে ছয় হাজার টন পেঁয়াজ আসত। এখন সেখানে মিয়ানমার থেকে দিনে ২৫০-৩০০ টন পেঁয়াজ আসছে। অন্যান্য দেশ থেকে আরো কিছু পেঁয়াজ আসছে। তবে সেটা পর্যাপ্ত নয়।

টেকনাফ স্থলবন্দর শুল্ক বিভাগ জানায়, গেল ২৬ দিনে মিয়ানমার থেকে প্রায় সাড়ে ১৭ হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানির এ হার আগের চেয়ে বাড়ছে।

পেঁয়াজের আমদানিকারক ও শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি মো. মাজেদ কালের কণ্ঠকে বলেন, ‘আমরা যত কথাই বলি, ভারতের পেঁয়াজ আমদানি শুরু না হলে দাম কমবে না। কারণ আমরা অন্যান্য দেশ থেকে পর্যাপ্ত পেঁয়াজ পাচ্ছি না। আবার আমদানিও করতে হচ্ছে চড়া দামে।’

তবে এই বিক্রেতা স্বীকার করলেন, বাজারে কিছু সমস্যা হচ্ছে। যেমন—মিসরের পেঁয়াজ আমদানিকারকরা ৮০-৮২ টাকার মধ্যে বিক্রি করছেন। সেটা খুচরা বাজারে ৯০ টাকা থাকার কথা। তবে এ পেঁয়াজও ১২০ টাকায় বিক্রি হচ্ছে। মিয়ানমারের পেঁয়াজ ৯০-৯৫ টাকায় বিক্রি হচ্ছে আড়তে। সেটা খুচরায় ১০০-১০৫ টাকার বেশি হওয়ার কথা নয়। কিন্তু এটিও ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অস্থিরতার বাজারে এ সুবিধা বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা নিচ্ছেন বলে কালের কণ্ঠ’র কাছে স্বীকার করেছেন হাজি মো. মাজেদ।

ভোক্তাদের দাবি, বিক্রেতারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। কারণ বাজারে গেলে পেঁয়াজের ঘাটতি দেখা যায় না। দাম যখন বেড়ে যায় তখনই সব দোকানদার একসঙ্গে বাড়ায়। এটা সম্ভব তখনই, যখন বিক্রেতারা একজোট থাকে।

গুলশান গুদারাঘাটে বাজার করার সময় বিক্রেতা হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘সব ব্যবসায়ীই এখন একজোট হয়ে ফায়দা তুলছেন। দাম বাড়ার গন্ধ পেলেও তাঁরা সবাই একসঙ্গে, সমান হারে দাম বাড়িয়ে দেন।’

আরেক ক্রেতা আরিফ হোসেন বলেন, ‘বাজারে সরকারের নজরদারি নেই বললেই চলে। নজরদারি হলে অন্তত দিনে দিনে দাম বাড়তে পারে না।’

এদিকে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খোলাবাজারে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে। কিন্তু তাতেও বাজারে কোনো প্রভাব পড়ছে না। প্রতিষ্ঠানটি এখন ঢাকার ৩৫টি স্থানে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করছে। প্রতিটি ট্রাকে প্রতিদিন এক হাজার কেজি করে পেঁয়াজ বিক্রির জন্য দেওয়া হচ্ছে বলে জানান টিসিবির তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

মুক্তিযুদ্ধে আজারবাইজানের সহযোগিতা স্মরণ করলেন প্রধানমন্ত্রী

0

গতকাল শনিবার আজারবাইজান সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেছেন। ‘দুই নেতা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার বিষয়ে সম্মত হয়েছেন,’ আজারবাইজানের দায়িত্বপ্রাপ্ত তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আল্লামা সিদ্দিকি বাকুর প্রেসিডেন্সিয়াল প্যালেসে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান।

আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে আজারবাইজানের সহযোগিতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় ১৯৯২ সালে নতুন দেশ হিসেবে আজারবাইজানের প্রতি বাংলাদেশের সহযোগিতার কথা বলেন প্রেসিডেন্ট আলিয়েভ। শেখ হাসিনা বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে নৈতিক এবং বৈষয়িক সহযোগিতা প্রদানের জন্য আজারবাইজানের প্রতি ধন্যবাদ জানান। বাংলাদেশের কৃষি খাতের চমকপ্রদ সাফল্যের উল্লেখযোগ্য দিকগুলোও এ সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজারবাইজানের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন।

শেখ হাসিনা ভবিষ্যতে আজারবাইজানে বাংলাদেশের একটি অফিস খোলার বিষয়টিও উল্লেখ করেন। বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে দুই দেশের মধ্যে একটি সাংস্কৃতিক সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করা হয় এই বৈঠকের পর। হাসিনা-রুহানি বৈঠক

আগের দিন শুক্রবার শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বিশ্বের সব মুসলিম দেশকে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। রুহানি বলেন, মুসলিম দেশগুলোর উচিত পারস্পরিক মতবিরোধ দূরে ঠেলে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধ থাকা।

অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে সন্তোষ প্রকাশ করে রুহানি বলেন, ইরান অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে জ্বালানি খাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, প্রতি আসনে লড়ছেন ৩৫ জন

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

আজ রবিবার সকাল ৯:৪৫ মিনিটে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করেন। এরপর ১০:১৫ মিনিটে তাদের ওএমআর ফরম দেওয়া হয়। প্রশ্নপত্র প্রদান করা হবে সকাল ১১টায় এবং পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়।

চবিতে প্রথমদিন ‘বি’ ইউনিটে পরীক্ষা দিবে ৪২ হাজার ০৪ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে গড়ে ভর্তির জন্য লড়ছে ৩৫ জন।

এবারও দুই শিফটে পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষার প্রথম দিন ‘বি’ ইউনিটে ২০০০০১ রোল থেকে ২২১০০২ রোল পর্যন্ত শিক্ষার্থীদের প্রথম শিফটে এবং ২২১০০৩ রোল থেকে ২৪২০০৪ রোল পর্যন্ত শিক্ষার্থীদের দ্বিতীয় শিফটে পরীক্ষা নেওয়া হবে।

দ্বিতীয় শিফটে পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে দুপুর ২:১৫ মিনিটে। OMR ফরম বিতরণ করা হবে ২:৪৫ মিনিটে। প্রশ্নপত্র প্রদান করা হবে ৩:৩০ মিনিটে এবং পরীক্ষা শেষ হবে বেলা ৪:৩০ মিনিটে।

২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৫ দিনের ভর্তি পরীক্ষার উভয় শিফটের সময় ও রোল এবং স্থান প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। তবে প্রতি ইউনিটের আসন বিন্যাসের বিষয়টি ভর্তি পরীক্ষার ৪৮ ঘন্টা আগে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে শাটল ট্রেনের নতুন সময়সূচি

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শাটল ট্রেনের নতুন শিডিউল ঘোষণা করেছে।

ভর্তি পরীক্ষা চলাকালীন শাটল ট্রেন (২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ অক্টোবর) দিনে ৯ বার করে মোট ১৮ বার বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করবে এবং একটি ডেমু ট্রেন দিনে দুইবার করে মোট ৪ বার যাতায়াত করবে।

বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় : নগরের বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিমুখে সকাল ৬টা, ৬:৩০টা, ৮:১৫টা, ৮:৪৫টা, ৯:১৫টা (ডেমু ট্রেন), বেলা ১১:৪০টা, দুপুর ১২টা, দুপুর ১:৫০টা, বিকেল ৩টা, ৪টা ও রাত ৮:৩০ টায় শাটল ট্রেন ছেড়ে যাবে।

বিশ্ববিদ্যালয় থেকে বটতলী স্টেশন : বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহর অভিমুখে সকাল ৭:০৫টা, ৭:৩৫টা, ৯:২০টা, ১০টা, ১০:৩০টা (ডেমু ট্রেন), দুপুর ১টা, দুপুর ১:৩০টা, বিকেল ৩টা (ডেমু ট্রেন), বিকেল ৫টা, বিকেল ৫:৩০টা এবং রাত ৯:১০টায় শাটল ট্রেন ছেড়ে যাবে।

মির্জা ফখরুলের প্রশ্ন নওয়াজ শরিফ জামিন পেলে খালেদা জিয়া কেন পাচ্ছেন না?

0

খালেদা জিয়ার ধীরে ধীরে মৃত্যু হোক, সরকার এমনটাই চাইছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পাকিস্তানের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ শারীরিক অসুস্থতার কারণে জামিন পেলেন। কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে অসুস্থ হলেও তাকে জামিনে দেওয়া হচ্ছে না।

আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদকে তিনি এমন কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার যে অসুখ এর যদি যথাযথ চিকিৎসা না হয়, তাহলে এটা আরও খারাপের দিকে যাবে। ওখান থেকে আর ফিরে আসা যায় না। এই কথাটা আমরা বহুবার বলেছি। সংবাদ সম্মেলন করে বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছি। যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা প্রত্যেকটি বিষয়ে বলেছি।

বিএনপির মহাসচিব বলেন, তিনি (খালেদা জিয়া) নিজে তুলে খেতে পারছেন না, টয়লেটে যেতে পারছেন না। তাকে কাউকে না কাউকে সাহায্য করতে হচ্ছে।

তিনি বলেন, গতকাল শুক্রবার খালেদা জিয়ার পরিবার সদস্যরা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারাও তার চিকিৎসার ব্যাপারটা তুলে ধরেছেন। এটা পরিবারের বক্তব্য, এটা থাকবেই।

চিকিৎসা তার অধিকার উল্লেখ করে ফখরুল বলেন, আমরা বারবার যেটা বলে আসছি, তিনি জামিন পেলে তার পছন্দ মতো তিনি যেখানে ইচ্ছা চিকিৎসা করাবেন। কতগুলো বিষয় আছে, যা মানবিক। এটা না পাওয়ার কোনো কারণ নাই। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারই বাধা সৃষ্টি করছে বলে জানিয়েছেন তিনি।

কর্ণফুলীতে ট্যাংকার ফুটো হয়ে ৮ হাজার লিটার তেল পানিতে

0

কর্ণফুলী নদীতে লাইটারের (ছোট জাহাজ) সঙ্গে তেলবাহী জাহাজের (ট্যাংকার) সংঘর্ষে বিপুল পরিমাণ তেল নদীতে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার গভীর রাতে লাইটার জাহাজ সিটি-১-এর সঙ্গে ট্যাংকার দেশ-১-এর সংঘর্ষ হয়। এরপর ট্যাংকারে ছিদ্র হয়ে কর্ণফুলী সেতু থেকে রিভারমাউথ পর্যন্ত ১৬ কিলোমিটার এলাকাজুড়ে অন্তত ১০ হাজার লিটার জ্বালানি তেল ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে তেল শুষে নিতে বন্দরের বিশেষায়িত জাহাজ বে ক্লিনার-১ এবং বে ক্লিনার-২ ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের সহযোগিতা করে কাণ্ডারি-১০ ও কাণ্ডারি-১১ নামের দুটি জাহাজ। বন্দরের মেরিন বিভাগের রাত-দিন চেষ্টার পর গতকাল শনিবার বিকেল পর্যন্ত আট হাজার লিটার তেল শুষে নেওয়া সম্ভব হয়েছে।

চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘দিন-রাত চেষ্টার পর ১৬ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়া ১০ হাজার লিটার তেল থেকে আমাদের টিম আট হাজার লিটার তেল শুষে নিতে সক্ষম হয়েছে। এখনো কাজ চলছে। সব তেল শুষে না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাব।’

তিনি আরো বলেন, ‘দুর্ঘটনার পর জড়িত জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়েছি এবং দুর্ঘটনার কারণ তদন্তে ক্যাপ্টেন কামরুল ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এরপর ক্ষতিপূরণ আদায় করবে বন্দর কর্তৃপক্ষ।’ জানা গেছে, দুর্ঘটনায় পড়া দুটি জাহাজ এবং তাদের মাস্টারকে আটক করা হয়েছে।

শুষে নেওয়া তেল কী করা হবে জানতে চাইলে বন্দরের এক কর্মকর্তা বলেন, এগুলো বে ক্লিনার জাহাজ থেকে অপসারণ করে কোনো তেল পরিশোধনকারী রিফাইনারিতে পাঠানো হবে। এরপর পানি সরিয়ে সেই তেল ইটভাটার জন্য ব্যবহার করা যেতে পারে। ডিজেল হিসেবে আর ব্যবহার করা যাবে না।

নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

0

পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে ফেস্টুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর

নাটোর : জেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের বড় হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন মাঠে গিয়ে শেষ হয়। সেখানে পুলিশ শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুলসহ পুলিশ কর্মকর্তারা।
নওগাঁ : জেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। র‌্যালির উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ শহীদুজ্জামান সরকার এমপি। পুলিশ সুপারের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খানের সভাপতিত্বে ইসরাফিল আলম এমপি, সলিম উদ্দিন তরফদার এমপি, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
শেরপুর : জেলার ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে শুভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক।
বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশের অফিসার এসআই খোকন চন্দ্র সরকার, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনার উল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ এ কে এম বেলায়েত হোসেন, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা রূপালী, উপজেলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম, সাংবাদিক জিয়াউল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলাম, উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুহু মিয়া, উপজেলা জাসদ সভাপতি মিজানুর রহমান, ঝিনাইগাতী সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি প্রমুখ।
রামগঞ্জ (লক্ষ্মীপুর) : উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে থানা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও কেক কেটে কমিউনিটি পুলিশিং ডে উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান ছিলেন ল²ীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, থানা পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক, ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, সাবেক চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব, মো. সহিদ উল্যা, কামাল হোসেন, আবুল হোসেন মিঠু, সাংবাদিক মনির হোসেন বাবুল প্রমুখ।
পাইকগাছা (খুলনা) : উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে বঙ্গবন্ধু চত্বরে ওসি মো. এমদাদুল হক শেখের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, কমিউনিটি পুলিশিং ফোরামের উপজেলা সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ওসি (তদন্ত) মো. রহমত আলী, আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, শ্রমিক লীগ নেতা শেখ মিথুন মধু, শেখ জাহিদুল ইসলাম প্রমুখ।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : শিবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন হয়েছে। এ উপলক্ষে কারবালা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক এডভোকেট আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ অন্যরা।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : উপজেলায় কমিউনিটি পুলিশিং সমন্বয়ে কমিটির আয়োজনে থানা চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মোনোয়ার হোসেন চৌধুরী। গোবিন্দগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ফিরোজ খান নুনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম জর্জ, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী, গোবিন্দগঞ্জ থানা ওসি তদন্ত আফজাল হোসেন প্রমুখ।
বোয়ালখালী (চট্টগ্রাম) : উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, জাসদ সভাপতি মনির উদ্দীন আহমদ খান, ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, কাজল দে, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সাংবাদিক সিরাজুল ইসলাম ও প্রলয় চৌধুরী মুক্তি। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. রাশেদুল কাওসার ভ‚ঁইয়া জীবন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী ও রুহুল আমিন ভূঁইয়া বকুল, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম রংগু, বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূঁইয়া, খাড়েরা ইউপি চেয়ারম্যান কবির আহাম্মদ খান, গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর, মেহারী ইউপি চেয়ারম্যান মো. আলম মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা।
পূর্বধলা (নেত্রকোনা) : উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। থানা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে শেষ হয়। থানার ওসি তাওহীদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নুরুল আমিন নূরু মিয়া, সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান ভাসানী, বিশকাকুনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন প্রমুখ।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : উপজেলায় কমিউিনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে থানা কমপ্লেক্স থেকে র‌্যালি বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা কমপ্লেক্স প্যারেড গ্রাউন্ডে গিয়ে শেষ হয়।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহসভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহাম্মেদ কবির হোসেন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, কমিউনিটি পুলিশিং কমিটির মহিলাবিষয়ক সম্পাদক মায়া রানী সরকার, মাউজবাগ ইউনিয়ন কমিটির সভাপতি একরাম হোসেন বাচ্চু, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
মঠবাড়িয়া (পিরোজপুর) : উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে মঠবাড়িয়া থানা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। থানার ওসি মাসুদুজ্জামান মিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও আ.লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, আ.লীগ সহসভাপতি মো. এমাদুল হক খান, আরিফ উল হক, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজিম উল হক, প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক মজিবর রহমান, মিজানুর রহমান মিজু প্রমুখ।
আক্কেলপুর (জয়পুরহাট) : উপজেলায় কমিউনিটি পুলিশিং ডের র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। থানার ওসি আবু ওবায়েদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার, উপজেলা কমিউনিটিংয়ের সভাপতি ও অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, জেলা পরিষদের সদস্য গোলাম রব্বানী, জেলা জাসদের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।