Home Blog Page 3419

মন্ত্রী হলে কি মেনন এ কথা বলতেন : ওবায়দুল কাদের

0

একাদশ সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি বলে ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রশ্ন করেছেন, মন্ত্রী হলে মেনন এ কথা বলতে পারতেন কিনা।

আজ রবিবার (২০ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

গতকাল শনিবার বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে মেনন বলেন, ‘আমিও নির্বাচিত হয়েছি। তার পরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

এ বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি যদি বলেই থাকেন, আমার প্রশ্ন হচ্ছে এতদিন পরে কেন? এই সময়ে কেন? নির্বাচনটা তো অনেক আগে হয়ে গেছে। আরেক প্রশ্ন সবিনয়ে- মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন? আর কোনো কিছু বলতে চাই না।’

মেনন কেন এ বক্তব্য দিয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে তার কাছে জানতে চাওয়া হবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম সাহেব, সেটা আমরা তার কাছে জানতে চাইব।’

ক্যাসিনোকাণ্ডের পর একটি ক্লাবের সঙ্গে মেননের সম্পৃক্ততার কথা ওঠার ক্ষোভে তিনি এসব কথা বলছেন কিনা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘এটি তাকে জিজ্ঞাসা করলে ভালো হয়, তিনি কেন ক্যাসিনোকাণ্ডের পর এ কথা বললেন, ইলেকশনের পর কেন বললেন না।’

যুবলীগ থেকে বহিষ্কার কাউন্সিলর রাজীব

0

রাজধানীর উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে সন্ত্রাসবাদ, দখল দারিত্ব ও চাঁদাবাজির অভিযোগে র‌্যাব আটক করার পর পরই যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে যুবলীগ থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর যুবলীগ থেকে সিদ্ধান্ত আসে যে, চলমান অভিযানে যারাই আটক হবে তাদেরকেই সংগঠন থেকে বহিষ্কার করা হবে। সেই সিদ্ধান্ত থেকেই রাজীবকেও ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ভাটারা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে কাউন্সিলর রাজীবকে আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম।

যুবলীগ সূত্রে জানা যায়, সম্প্রতি বহিষ্কার হওয়া যুবলীগের দপ্তর সম্পাদক আনিসুর রহমান আনিসকে কোটি টাকা দিয়ে রাজীব মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়েছেন। কাউন্সিলর হওয়ার পর রাজীব গত চার বছরে বাড়ি, গাড়ি, জমি দখল, চাঁদাবাজি করে প্রায় শত কোটি টাকার মালিক হয়েছেন।

কাউন্সিলর হওয়ার আগে মোহাম্মদপুর এলাকায় তিনি ৬ হাজার টাকার ভাড়া বাসায় বাস করতেন বলে অভিযোগ রয়েছে। একজন কাউন্সিলর হয়ে তিনি মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসীর মতো আচরণ করতেন বলেও সাধারণ মানুষের অভিযোগ রয়েছে।

এমপি বুবলীর বিএ পরীক্ষা বাতিল

0

আটজন ছাত্রীকে দিয়ে নরসিংদী আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলীর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষা বাতিল করা হয়েছে।

নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ জানান, জালিয়াতির মাধ্যমে পরীক্ষায় অংশ নেয়া সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলীর সব পরীক্ষা বাতিল করা হয়েছে। তাকে পরীক্ষা থেকেও বহিষ্কার করা হয়েছে।

জালিয়াতির বিষয়টি অনুসন্ধানে কলেজের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

নিজে পরীক্ষা না দিয়ে পর পর ৮টি পরীক্ষায় অংশ নেয় এমপি তামান্না নুসরাত বুবলীর পক্ষে প্রক্সি পরীক্ষার্থীরা। বিএ পরীক্ষার শেষ পরীক্ষা দিতে গিয়ে হলে হাতেনাতে ধরা পড়েছে এশা নামে এক শিক্ষার্থী।

বুবলী সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী। ২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলাকারীর গুলিতে নিহত হন।

একাদশ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করায় মেননকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকে প্রশ্নবিদ্ধ করায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সমালোচনা করেছেন ১৪ দলের বেশ কয়েকটি শরিক দলের নেতারা। তাঁরা সংসদ থেকে মেনন ও তাঁর দলের সংসদ সদস্যদের পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন। তবে মেননের বক্তব্যকে সমর্থনও করেছেন একাধিক নেতা।

গতকাল শনিবার বরিশালে ওয়ার্কার্স পার্টির এক অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। তার পরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘জনগণ ভোট দিয়েছে। আমরা ভোটের মাধ্যমেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। রাশেদ খান মেনন যা বলেছেন তা উনার ব্যক্তিগত বক্তব্য।’

তরীকত ফেডারশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারি কালের কণ্ঠকে বলেন, ‘উনি ও উনার দলের সংসদ সদস্যদের একযোগে পদত্যাগ করা উচিত। উনারা জাতীয় সংসদে থাকার নৈতিক ভিত্তি হারিয়েছেন। ১৪ দলে থেকে এসব কথা বলার আগে উনাদের উচিত ছিল জোট থেকে পদত্যাগ করা। উনার এসব কথার উদ্দেশ্য কী? এসব কথায় তো বিএনপি-জামায়াত লাভবান হবে।’

ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, ‘যাঁরা এই নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাঁদের মুখে এমন কথা মানায় না। এসব কথা উনি বলার জন্য বলেছেন। তিনি হয়তো সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চান। উনি পদত্যাগ করে এসব বললে তখন ঠিক মনে করতাম।’

রাশেদ খান মেননের বক্তবে্যর সঙ্গে একমত পোষণ করেছেন বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আমরা এত দিন ধরে যে কথাগুলো বলে আসছিলাম, মেননের বক্তব্যে সে বক্তব্যেরই প্রতিধ্বনি দেখতে পাচ্ছি। উনি নতুন কোনো কথা বলেননি। যাঁরা এর সমালোচনা করছেন তাঁরাও জানেন, ৩০ ডিসেম্বরের ভোট আগের রাতেই হয়ে গেছে। এখন ভোটের অধিকার ফেরতের রাজনীতিই সবার করা উচিত।’

জানতে চাইলে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া কোনো মন্তব্য করতে রাজি হননি।

‘ডিজিটাল বিশ্বে আগামীতে নেতৃত্ব দেবে বাংলাদেশ’

0

বাংলাদেশ আগামীতে ডিজিটাল বিশ্বে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আজ রবিবার (২০ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

জয় বলেন, ডিজিটাল পদ্ধতিতে নাগরিক সেবাগুলো মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। এরইমধ্যে সেবা ডিজিটাইজেশনে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন যেমন বাস্তবতা তেমনি আগামীতে এটিই বিশ্বে নেতৃত্ব দেবে। ডিজিটাল সেবা দিয়ে বাংলাদেশ আগামী পাঁচ বছরের মধ্যে জাতিসংঘের ৫০তম তালিকায় থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান প্রকল্পের, ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান রিপোর্ট-এর মোড়ক উন্মোচন, ডিজিটাল মিউনিসিপ্যালিটি সার্ভিস সিস্টেম, একসেবা, একপে এবং একশপ অ্যাপ উদ্বোধন করেন জয়।

হাইকোর্টে ৯ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

0

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন ৯ অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে সরকার।

জেলা ও দায়রা জজ পদমর্যাদার চারজন, সুপ্রিম কোর্টের আইনজীবী তিনজন ও দুজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ রবিবার আইন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া বিচারকরা হলেন- জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মোহাম্মদ মাহবুব-উল ইসলাম, শাহেদ নূরউদ্দিন (পিআরএল ভোগরত), সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন, ঢাকার বিশেষ জজ-৫ মো. আখতারুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদ হাসান তালুকদার, কাজী ইবাদত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম জাহিদ সারওয়ার, সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম জহিরুল হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে ৯ ব্যক্তিকে শপথ গ্রহণের দিন থেকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

এই ৯ জন অতিরিক্ত বিচারককে নিয়োগের মধ্য দিয়ে হাইকোর্টে বিচারকের সংখ্যা দাঁড়াল ১০০ জনে।

হাতীবান্ধায় সড়কে ঝরল দম্পতির প্রাণ

0

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঘুন্টি নামক এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুই জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে হাতীবান্ধার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের মৃত সোবাহার ডাক্তারের ছেলে মোস্তফা (৩০) ও তার স্ত্রী রাহেলা বেগম (২৫)। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলাকায় এখন শোকের মাতম চলছে।
জানা গেছে, বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশ্যে একটি পাথর বোঝাই ট্রাক ভোটমারী থেকে ছেড়ে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
হাতীবান্ধা অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার ঘুন্টি নামক এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক দম্পতি ঘটনাস্থলেই নিহত হয়েছে।

কাউন্সিলর রাজীব গ্রেপ্তার সন্ত্রাস-চাঁদাবাজির অভিযোগে

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান ওরফে
রাজীবকে গ্রেপ্তার করেছে র্যাব
। গতকাল শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ নিয়ে গত ১০ দিনের ব্যবধানে ঢাকা উত্তর সিটির মোহাম্মদপুর এলাকার দুই ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করল র্যাব।
রাজীব ২০১৫ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন। তিনি মোহাম্মদপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী সময়ে আবার ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন তিনি।
র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বলেন, বেশ কয়েক দিন ধরেই আত্মগোপনে ছিলেন রাজীব। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে বসুন্ধরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
র্যাবের একটি সূত্র জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের ৪ নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়ির সপ্তম তলায় এক বন্ধুর ফ্ল্যাটে অবস্থান করছিলেন রাজীব। গত রাত পৌনে নয়টার দিকে র্যাবের একটি দল ওই বাসায় যায়। র্যাবের সশস্ত্র সদস্যরা বাসার সামনে অবস্থান নেন।
১০ অক্টোবর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে মিজানকে গ্রেপ্তার করে র্যাব। ভারতে পালিয়ে যাওয়ার সময় শ্রীমঙ্গল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছিল র্যাব। এর আগে ৭ অক্টোবর রাতে মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে মিজানের ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। পরে লালমাটিয়ায় তাঁর কার্যালয়েও অভিযান চালানো হয়। র্যাব-২-এর অধিনায়ক আশিক বিল্লাহ তখন বলেছিলেন, মিজানের বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসাসহ যেসব অভিযোগ রয়েছে, সেই মামলাগুলোর নথিপত্র নিয়ে তাঁরা পর্যালোচনা করবেন। আর জেনেভা ক্যাম্পে তাঁর মাদকের কারবারের অভিযোগটি সুনির্দিষ্ট।
মিজান গ্রেপ্তারের পর থেকেই আলোচনায় ছিলেন রাজীব। কয়েক দিন ধরেই তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না। তিনি নিজ কার্যালয়েও যাচ্ছিলেন না। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা বলেন, মিজান গ্রেপ্তার হওয়ার পর রাজীব তাঁর দুটি অস্ত্র থানায় জমা দিয়েছিলেন।
রাজীবকে গ্রেপ্তারের বিষয়ে রাত সোয়া একটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র্যাবের মুখপাত্র সরোয়ার বিন কাশেম। তিনি বলেন, রাজীবকে গ্রেপ্তারের সময় একটি অবৈধ পিস্তল, পাসপোর্ট, ৩৫ হাজার টাকা, বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। তাঁর মোহাম্মদপুরের বাসা ও কার্যালয়েও অভিযান চালানো হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরোয়ার বিন কাশেম বলেন, ক্যাসিনোবিরোধী অভিযানের সঙ্গে রাজীবের গ্রেপ্তারের সম্পর্ক নেই।
গত ১৮ সেপ্টেম্বর থেকে রাজধানীতে ‘শুদ্ধি’ অভিযান শুরু হয়। ২২টি ক্লাব,৫টি বার, আওয়ামী লীগ ও যুবলীগের ৮ নেতার বাসা ও প্রতিষ্ঠানে ৪৫টি অভিযান চালানো হয়। ঢাকায় ২২০ জন ও ঢাকার বাইরে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, যুবলীগ নেতা জি কে শামীম।

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধ, ‘মাদক বিক্রেতা’ নিহত

0

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আজিজ (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মধ্যরাতে উপজেলার মেরিনড্রাইভ সড়কের মহেশখালীয়া পাড়াসংলগ্ন নৌকাঘাট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত আজিজ টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়ার ছালেহ আহাম্মদের ছেলে। পুলিশের দাবি, তিনি মাদক বিক্রেতা ছিলেন। ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, সাত রাউন্ড কার্তুজ ও তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এ ঘটনায় টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিশকাত ও কনস্টেবল রোমন দাশ গুলিবিদ্ধ হয়েছেন বলেও উল্লেখ করেছে পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্যমতে, শনিবার রাত ৯টার দিকে টেকনাফের চিহ্নিত ইয়াবা বিক্রেতা আজিজকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে মহেশখালীয়া পাড়ার নৌকাঘাট এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যাওয়া হয়। এখানে পৌঁছালে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আজিজকে উদ্ধার করা হয়।
তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আজিজকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে মারা যান আজিজ।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুক, সাত রাউন্ড কার্তুজ এবং তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত সদস্যদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সাত ‘খুঁটি’র নাম-পরিচয় জানালেন সম্রাট

0

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি (বহিষ্কৃত) ইসমাইল চৌধুরী সম্রাটকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে অজানা সব তথ্য। কাদেরকে তিনি সুবিধা দিতেন এবং বিনিময়ে নির্বিঘ্নে ক্যাসিনো সাম্রাজ্য ও চাঁদাবাজি টিকিয়ে রেখেছিলেন তা জানিয়েছেন সম্রাট।
ক্লাবগুলোতে অবৈধ ক্যাসিনো কারবার এবং চাঁদাবাজি চালিয়ে যেতে প্রভাবশালী সংসদ সদস্য, যুবলীগ নেতা ও পুলিশ কর্মকর্তাদের নিয়মিত টাকা দিয়েছেন। এই সুবিধার বিনিময়ে তিনি কোনো সমস্যায় পড়লে তাঁরা সহযোগিতা করতেন। তিনিও তাঁদের নাম ভাঙিয়ে চলতেন। র্যাবের জিজ্ঞাসাবাদে এসব কথা বলেছেন সম্রাট। সুবিধাপ্রাপ্তদের মধ্যে সাতজনকে ‘খুঁটির জোর’ বলে দাবি করেছেন তিনি।
একাধিক র্যাব সূত্র জানিয়েছে, সম্রাট তাঁর খুঁটি হিসেবে যাদের নাম-পরিচয় দিয়েছেন তারা হলেন- গোপালগঞ্জের একজন সংসদ সদস্য (এমপি), যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ও ভোলার এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, বর্তমানের এক এমপি যিনি আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ছিলেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) পূর্ব বিভাগের একজন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং মতিঝিল অপরাধ বিভাগের আরেকজন এডিসিকে সবচেয়ে বেশি সুবিধা দিয়েছেন সম্রাট। তাঁর দাবি, এ সাতজনই ছিলেন ক্যাসিনোসহ তাঁর সব কারবারে খুঁটির জোর। সম্রাটের অপকর্মের সঙ্গে এই সাত ব্যক্তির সম্পর্ক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এরই মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে সম্রাটের বিপুল পরিমাণ টাকা পাচারের তথ্য পাওয়া গেছে।
তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
সূত্র আরো জানায়, গ্রেপ্তারের পরই সম্রাট তাঁর সাত খুঁটির জোরের কথা বলেছেন। এরপর রিমান্ডে জিজ্ঞাসাবাদেও একই ধরনের দাবি করেছেন। তিনি বলছেন, ‘টাকা তো অনেকে খেয়েছে! আমি একা ফাঁসব কেন?’ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা (সাবেক) মাগুরার এক নেতাকে প্রতি মাসে টাকা দিতেন সম্রাট। ওই ‘ভাইয়ের’ সঙ্গে সম্পর্ক থাকার কারণে অনেকে তাঁকে সমীহ করত। সম্রাটের দাবি করা সেই ‘বড় ভাই’ এখন এমপি। ক্যাসিনো কারবারে ওয়ান্ডারার্স ক্লাবের টাকার বড় ভাগটি নিতেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা কাওছার। তাঁকে সেখান থেকে আয়ের ৩৫ শতাংশ টাকা পকেটে নেওয়ার ব্যবস্থা সম্রাটই করে দেন।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সম্রাট অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাঁর অবৈধ আয় থেকে ডোনেশন দিয়েছেন। অনেক ব্যক্তি তাঁর কাছে গিয়ে টাকা নিয়ে এসেছেন। তবে অবৈধভাবে ক্যাসিনো চালাতে এবং চাঁদাবাজি অব্যাহত রাখতে তিনি কয়েকজন ব্যক্তিকে নিয়মিত ১০ লাখ থেকে অর্ধকোটি টাকা পর্যন্ত মাসে ‘নজরানা’ দিয়েছেন। এই তালিকায় সবার ওপরে গোপালগঞ্জের একজন প্রভাবশালী এমপি, যাঁর সঙ্গে সম্পর্ক আছে প্রকাশ করে প্রভাব দেখাতেন সম্রাট। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে টাকা দেওয়ার পাশাপাশি তাঁর বিভিন্ন প্রয়োজনও মেটাতেন সম্রাট। কর্মী ও ক্যাডার সরবরাহ করার দায়িত্বও ছিল সম্রাটের। নুরুন্নবী চৌধুরী শাওনকে কখনো ‘বস’, কখনো ‘লিডার’ কখনো ‘গুরু’ বলে ডাকতেন সম্রাট। কাকরাইলে তাঁর দখল করা ভূঁইয়া ট্রেড সেন্টারের পাঁচতলায় শাওনের জন্য আলিশান অফিস করে দেন সম্রাট। এ ছাড়া চাঁদাবাজিসহ অনেক কাজে শাওনের সহায়তা নেন তিনি। শাওনও বিভিন্ন কাজে সম্রাটকে ব্যবহার করতেন। ভিক্টোরিয়া ক্লাবে কাউন্সিলর সাঈদের মাধ্যমে সংগৃহীত টাকার একটা অংশ যেত শাওনের হাতে।
গত মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত দুই মামলায় সম্রাটের পাঁচ দিন করে ১০ দিন এবং আরমানের এক মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন বিকেলেই দুজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বুধবার মামলার তদন্তভার র্যাবে হস্তান্তর করা হলে বৃহস্পতিবার আদালতের নির্দেশে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-১ কার্যালয়ে নেওয়া হয়। গতকাল ছিল সম্রাট ও আরমানের রিমান্ডের চতুর্থ দিন।