Home Blog Page 3460

বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হতে চলেছেন যিনি

0

বিশ্বব্যাপী উদ্ভাবন আর প্রযুক্তিগত উৎকর্ষে এ খাতের কম্পানিগুলোরও সম্পদ বাড়ছে দ্রুত। ফলে ট্রিলিয়নেয়ার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রযুক্তি ব্যবসায়ীরাই। কমপারিসানের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, যে হারে সম্পদ বাড়ছে তাতে করে আগামী ২০২৬ সাল নাগাদ বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হিসেবে নাম লেখাতে পারেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজস। এক ট্রিলিয়ন ডলার মানে এক লাখ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৮৫ লাখ কোটি টাকা।

ফোর্বস ম্যাগাজিনের এ বছরের বিলিয়নেয়ারের তালিকায় প্রথম স্থানে রয়েছেন এই ই-কমার্স ধনকুবের। বছরের শুরুতে তাঁর সম্পদের পরিমাণ ছিল ১৩১ বিলিয়ন ডলার। কিন্তু স্ত্রীর সঙ্গে দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটায় গত জুলাইয়ে মীমাংসা বাবদ স্ত্রীকে দিয়ে দিতে হয় ৩৮ বিলিয়ন ডলার। ফোর্বস ম্যাগাজিন বলছে, এর পরও ব্যাবসায়িক উন্নতি অব্যাহত থাকায় সর্বশেষ হিসাবে বেজসের সম্পদের পরিমাণ দাঁড়ায় ১০৭ দশমিক ৮ বিলিয়ন ডলার।

ব্যবসা ও কমিউনিটি প্ল্যাটফর্ম কমপারিসান তাদের গবেষনায় জানায়, বিশ্বে বেজসই প্রথম ১০০ বিলিয়ন ডলারের মালিক হয়েছেন। গত পাঁচ বছরে তাঁর সম্পদ বেড়েছে গড়ে ৩৪ শতাংশ হারে। এ বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ২০২৬ সাল নাগাদ তিনি হবেন বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের মালিক। তখন তাঁর বয়স হবে ৬২ বছর। গবেষণায় উঠে আসা ২৫ বিলিয়নেয়ারের মধ্যে মাত্র ১১ জনের তাঁদের জীবদ্দশায় ট্রিলিয়ন ডলারের মালিক হওয়ার সুযোগ রয়েছে।

এর মধ্যে বেজসের পরের অবস্থানে রয়েছেন চীনা ব্যবসায়ী ঝু জিয়াইন। তিনি রিয়েল এস্টেট ডেভেলপার এভারগ্রেন্ডে গ্রুপের চেয়ারম্যান। বর্তমান হারে সম্পদ বৃদ্ধি অব্যাহত থাকলে তিনি ৬৮ বছর বয়সে ২০২৭ সাল নাগাদ ট্রিলিয়নেয়ার হতে পারেন। তৃতীয় অবস্থানে রয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ থেকে সম্প্রতি অবসর নিয়েছেন। ২০৩০ সাল নাগাদ জ্যাক মা ট্রিলিয়ন ডলারের মালিক হতে পারেন। চতুর্থ সম্ভাবনাময় ধনকুবের মার্ক জাকারবার্গ, তিনি মাত্র ৫১ বছর বয়সে ২০৩৬ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে জুনিয়র ট্রিলিয়নেয়ার হতে পারেন।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে একটি গাড়ির গ্যারেজে ১৯৯৪ সালে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন প্রতিষ্ঠা করেন জেফ বেজস। সেটি এখন রাজস্বের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় খুচরা কম্পানি। ব্যবসা বিস্তৃত হয়েছে অডিও, ভিডিও, সফটওয়্যার, ইলেকট্রনিকস থেকে বিচিত্র সব পণ্যে। বাজার ছড়িয়েছে পুরো বিশ্বে। এ ছাড়া বেজস গড়ে তোলেন মহাকাশবিষয়ক কম্পানি অ্যারোস্পেস। কিনেছেন ওয়াশিংটন পোস্ট পত্রিকা। আরো বেশ কিছু ব্যবসা-বাণিজ্যে তাঁর অংশীদারি রয়েছে।

অ্যামাজনের সাফল্য নিয়ে জেফ বেজস বলেন, ‘আমি উদ্যোক্তা হওয়ার জন্য অনেক বড় লাভজনক চাকরি ছেড়ে দিয়েছি। ওয়াল স্ট্রিটে একটি ফিন্যান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি ছেড়ে দিয়ে ইন্টারনেটভিত্তিক বইয়ের দোকান দিই; যেটি এখন অ্যামাজনে পরিণত হয়েছে। আমি জানতাম, যখন আমার বয়স ৮০ হবে তখন আজকের কাজের জন্য আমাকে দুঃখ করতে হবে না।’ ন্যাশনাল, ফোর্বস ম্যাগাজিন, মেইল অনলাইন।

বৃষ্টিতে ৪৭ জনের মৃত্যু

0

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে টানা ভারি বৃষ্টিতে গত বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টায় ৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানান ত্রাণ কমিশনের কর্মকর্তারা।

আবহাওয়া অধিদপ্তরের গতকাল শনিবারের পূর্বাভাসে আজ রবিবার পর্যন্ত ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা জানানো হয়েছে। বৃষ্টির কারণে বেশির ভাগ জেলায় গতকাল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

গত শুক্রবার সকালে রিলিফ কমিশনের এক কর্মকর্তা জানান, বাড়ি ও দেয়ালধস, সাপের কামড়, পানিতে ডুবে এবং বজ্র পাতে রাজ্যের বিভিন্ন জেলায় গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যুর খবর এসেছে। সূত্র : এনডিটিভি।

প্রধানমন্ত্রীর জন্মদিনে চীনের শুভেচ্ছা

0

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে চীন। আজ শনিবার সন্ধ্যায় গণভবন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিময়িং পক্ষে প্রধানমন্ত্রীর জন্য ফুল দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

জাতিসংঘের ৭৩তম অধিবেশনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তাঁর পক্ষে ফুল গ্রহণ করেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশিদ আলম।

চীনের রাষ্ট্রদূতের পক্ষে দূতাবাসের কর্মকর্তা ইউ প্যাংএর নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন।

সড়ক পরিবহন আইন সংশোধনের উদ্যোগে উদ্বেগ টিআইবির

0

সড়ক পরিবহন আইন ২০১৮’ এর বাস্তবায়নের পূর্বেই সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের অযৌক্তিক দাবিদাওয়া ও চাপের মুখে আইনটি সংশোধনের উদ্যোগের সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

জনস্বার্থবিরোধী, অন্যায্য ও আত্মঘাতী চাপে প্রভাবিত না হয়ে সড়ক পরিবহন ব্যবস্থায় ন্যায়বিচার, সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপন্থি উদ্যোগ প্রতিহত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আজ শনিবার প্রকাশিত এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই আহ্বান জানান।

তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের অযৌক্তিক দাবিদাওয়া ও চাপে সরকার যদি নতি স্বীকার করে তা হবে আদালত অবমাননা ও জনস্বার্থের পরিপন্থি। বিশেষ করে জাতীয় সড়ক নিরাপত্তা পরিষদ কর্তৃক গঠিত কমিটির বৈঠকে মালিক-শ্রমিক সংগঠনের পক্ষ থেকে উপস্থাপনকৃত দাবিদাওয়া সড়ক পরিবহন আইন ভঙ্গের জন্য সাজার মেয়াদ কমানোর দাবিটি সরাসরি সর্বোচ্চ আদালতের রায়ের সাথে সাংঘর্ষিক। এছাড়া আইনের সকল ধারা জামিনযোগ্য করাসহ অর্থদণ্ড হ্রাস করা ও ড্রাইভিং লাইসেন্স পাওয়ার শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি করা, ইত্যাদি অধিকাংশ দাবিদাওয়া সড়ক পরিবহন ব্যবস্থায় সুশাসন, ন্যায়বিচার, জননিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় কোনোভাবেই সহায়ক হবেনা।

ড জামান আরো বলেন, পার্শ্ববর্তী দেশসমূহের এ সংক্রান্ত আইনের সাথে তুলনামূলক পর্যালোচনা ও সামঞ্জস্যের যুক্তি উল্লেখ করা হলেও পরিবহন মালিক-শ্রমিকদের চাপে প্রভাবিত হয়েই যে আইনটিকে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে, তা সহজেই বোধগম্য। স্বার্থের সংঘাতে জর্জরিত জাতীয় সড়ক নিরাপত্তা পরিষদই ষড়যন্ত্রের কাছে নতজানু হয়ে একদিকে সড়ক পরিবহনের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা ও নৈরাজ্যের সুরক্ষার পথ অবলম্বন করছে ও অন্যদিকে বিশ্বনন্দিত নিরাপদ সড়ক আন্দোলনের শিশু- কিশোর শিক্ষার্থীদর দাবিকে অবজ্ঞা করার চরম নিষ্ঠুর দৃষ্টান্ত স্থাপন করছে।

সড়ক ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলা নৈরাজ্যের মুখে গত বছরের মাঝামাঝি নিরাপদ সড়কসহ সড়ক পরিবহন খাতে জবাবদিহি, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবিতে শিশু-কিশোর ও তরুণ শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনের মুখে সরকার ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ পাশ করলেও পরিবহন মালিক-শ্রমিকদের বাধার মুখে তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। একইসাথে, পরিবহন মালিক-শ্রমিক পক্ষ আইনটির বিরোধিতা করে তা বাতিলের দাবিতে জনদুর্ভোগ সৃষ্টিকারী বিভিন্ন কর্মসূচি পালন করেছেন উল্লেখ করে ড. জামান বলেন, এ পর্যায়ে তাদের দাবির প্রেক্ষিতে আইনটির উল্লেখিত পরিবর্তন এ খাতে নৈরাজ্য নিরসনে গৃহীত সকল অগ্রগতিকেই হুমকির মুখে ফেলে দেবে। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের নতি স্বীকার করা থেকে বিরত থাকার আহ্বান জানাই।

একইসাথে, সড়ক পরিবহন ব্যবস্থায় সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সড়ক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে ও দুর্ঘটনারোধে মাননীয় প্রধানমন্ত্রীর ছয় নির্দেশনার আলোকে, আইনটির যথাযথ বাস্তবায়নে অনতিবিলম্বে এর বিধিমালা প্রণয়ন এবং তরুণ প্রজন্মসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে সম্পৃক্ত করে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি জাতীয় সড়ক নিরাপত্তা কৌশল ও কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক।

প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয় : ডেপুটি স্পিকার

0

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রতিবন্ধী শিশুরা এখন আর সমাজের বোঝা নয়। সরকারের বিশেষ দৃষ্টিতে এই বিশেষ শিশুরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আজ রাধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত সুইড বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সুইড বাংলাদেশ-এর উপদেষ্টা কমিটির সাথে সুইড বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির যৌথ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে সুইড বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে সুইডের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে এইসব বিশেষ শিশুদের যত্ন সহকারে মেধার বিকাশ ঘটাতে শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি বলেন, শিশুদের অধিকার সুরক্ষায় সরকার আন্তরিক । বর্তমান শিশু বান্ধব সরকার শিশুদের কল্যাণে নানামুখি পদক্ষেপ নিয়েছে। তার সুফল আমাদের শিশুরা পাচ্ছে। প্রতিবন্ধী শিশুদের কল্যাণে সরকার সব ধরণের সাহায্য ও সহযোগিতা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, শিশুদের জন্য সরকার বাজেটে আলাদা বরাদ্দ রেখেছে। কিন্তু এ বরাদ্দ শিশুদের কল্যাণে সঠিকভাবে খরচ হচ্ছে কি-না সেটি নিশ্চিত করতে একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা দরকার। সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুদেরও সমাজের মূল ধারার সাথে সম্পৃক্ত রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে সুইড বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সভাপতি ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্যগণসহ সুইডের সভাপতি, মহাসচিব এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ আলোচনায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনে গণভবনে দোয়া মাহফিল

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার বাদ আসর গণভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে মোনাজাত করা হয়।

মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, সাইফুজ্জামান শিখর এমপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অসুস্থ সত্যপ্রিয়কে দেখতে গেলেন ওবায়দুল কাদের

0

একুশে পদকপ্রাপ্ত রামু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অসুস্থ সত্যপ্রিয় মহাথেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার বেলা ১১টার দিকে বিএসএমএমইউতে গিয়ে তিনি সত্যপ্রিয়র চিকিৎসার খোঁজখবর নেন এবং ডাক্তারদের সাথে কথা বলেন।

এ সময়ে ওবায়দুল কাদের বেশ কিছু সময় তার শয্যার পাশে অবস্থান করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ সত্যপ্রিয় মহাথেরের চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছেন।

অসুস্থ হয়ে পড়ায় গত ২০ সেপ্টেম্বর সত্যপ্রিয়কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাতপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনিত হলে তাকে কেবিন ব্লকে স্থানান্তর করা হয়।

পরে ওবায়দুল কাদের একই হাসপাতালে ভর্তি গাইবান্ধার সংসদ সদস্য ইউনুস আলীকেও দেখতে যান। এ সময় তিনি অসুস্থ সাংসদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

শিশুর হার্টের ছিদ্র চিকিৎসার ডিভাইস বিনামূল্যে দেবে অ্যাপোলো

0

অনেক শিশুই হার্টে বিভিন্ন ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করে থাকে। জন্মগত এসব হৃদরোগকে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট (এএসডি), ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (ভিএসডি), প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস (পিডিএ) ইত্যাদি বলা হয়। জন্মগত হৃদরোগের চিকিৎসা বা হার্টের ছিদ্র সারাতে বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে ডিভাইস ক্লোজার। এজন্য বাইপাস সার্জারির প্রয়োজন হয় না। এসব ডিভাইস কিছুটা দামি হলেও সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে দেবে অ্যাপোলো হসপিটালস্ ঢাকা। একই সঙ্গে তারা জন্মগত হৃদরোগ চিকিৎসার একটি বিশেষ প্যাকেজও ঘোষণা করেছে।

বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে হাসপাতালটির পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের উদ্যোগে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন অ্যাপোলো হসপিটালস ঢাকার সিইও ডা. রত্নদীপ চাস্কার। এ সময় হাসপাতালটির ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. তাহেরা নাজরীনসহ অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

ডা. তাহেরা নাজরীন জানান, ব্যবহৃত এই ডিভাইসগুলো মূলত কৃত্রিম বস্তু। কোনো রকম বাইপাস সার্জারি ছাড়াই এই ডিভাইস দ্বারা শিশুদের জন্মগত হার্টের ছিদ্র স্থায়ীভাবে বন্ধ করা যায়। প্রথমে ইকোকার্ডিওগ্রাফি করে ছিদ্রের আকার দেখা হয় এবং সেই মাপ অনুযায়ী ডিভাইসটি লাগানো হয়। এনজিওগ্রামের মাধ্যমে পায়ের রক্তনালি দ্বারা খুব সরু এবং নরম নলের মাধ্যমে ডিভাইসটি হার্টে প্রবেশ করানো হয়।

তিনি আরো জানান, কৃত্রিম বস্তু প্রতিস্থাপন করার পর পরই শরীরের নতুন কোষ ডিভাইসের ওপর তৈরি হতে থাকে এবং প্রতিস্থাপনের পরবর্তী ছয় মাসের মধ্যে তা শরীরের নিজস্ব অংশ হয়ে যায়।

বিত্ত-বৈভবের প্রতি প্রধানমন্ত্রীর কোনো মোহ নেই : অর্থমন্ত্রী

0

বিত্ত-বৈভবের প্রতি প্রধানমন্ত্রীর কোনো মোহ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর একটাই মোহ, দেশের সব পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য আশীর্বাদ। তার নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। বিশ্বব্যাংক-আইএমএফ অন্য দেশকে বলছে বাংলাদেশকে অনুসরণ করার জন্য। প্রধানমন্ত্রী এখন বিশ্বনেতা। দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ এক নম্বর। বিশ্বের ঋণ নেওয়ার দিক থেকেও আমরা পিছিয়ে।

আজ শনিবার শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, গত ১০ বছরে পৃথিবীর অর্থনীতিতে আমাদের যে প্রবৃদ্ধি অর্জন হয়েছে তাতে বিশ্বের মধ্যে আমরা এক নম্বরে। এটি বিশ্বব্যাংক, আইএমএফ স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের অর্থনীতির এই ভিত করে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর তার অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন তার কন্যা শেখ হাসিনা।

তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর ২৬তম দেশে হিসেবে আবির্ভূত হবে। আর আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি এমন পর্যায়ে উন্নীত হবে, এমন গতিশীলতা আসবে। যার ওপর ভিত্তি করে আমরা উন্নত হবো।

তিনি আরো বলেন, দেশে ২১ শতাংশ দারিদ্র থাকলেও আগামী ২০৩০ সালের মধ্যে দেশের দারিদ্রসীমা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। তখন কোনো দরিদ্র মানুষ থাকবে না। আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের সেরা ২০টি দেশের একটি হবে।

অর্থমন্ত্রী বলেন, এক সময় বলা হতো বাংলাদেশের কোনো ভবিষ্যত নেই। বাংলাদেশ নামের দেশটি কখনো অর্থনীতিতে এগুতে পারবে না।একদিন বাংলাদেশকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করতেন, ব্যঙ্গ করে কথা বলতেন তারাই আজ বলছেন, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি উজ্জল নক্ষত্র। আর এটি সম্ভব হয়েছে আমরা একজন ভালো নেতা পেয়েছি। তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় শিশু-কিশোরদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেছেন, আমাকে অনুসরণ করো কিছুটা হলেও উপকৃত হবে। আমি স্কুলে বেতন দিতে পারিনি তাই এসএসসি পরীক্ষা দেওয়ার আগে তিনবার খাতা থেকে নাম কাটা গেছে। তারপর গ্রামের মানুষ বেতন দিলে পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছি। একইভাবে এইচএসসি পরীক্ষাতেও বেতন দিতে পারিনি। গ্রামের মানুষ বেতন দিয়ে সহযোগিতা করেছেন।

অর্থমন্ত্রী বলেন, আমি লজিং থেকে টিউশনি করিয়ে পড়ালেখা করেছি। তারপর আজকে অর্থমন্ত্রী হয়েছি। সুতরাং সব শিশু-কিশোরই আগামীতে অর্থমন্ত্রী হতে পারবে। এজন্য মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে এবং বাবা-মাকে শ্রদ্ধা করতে হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রকিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ উস সামাদ এমপি।

দেশে সর্বপ্রথম ক্যাসিনো-জুয়া চালু করে বিএনপি : হানিফ

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দুর্নীতি, অনিয়ম, অপকর্ম করে কেউ ছাড় পাবে না। আওয়ামী লীগ বা বিএনপি যেই হোক না কেনো। বিএনপিই দেশে সর্বপ্রথম ক্যাসিনো-জুয়া চালু করেছিল। যে স্বপ্ন নিয়ে দেশে স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তা ধ্বংস করে জিয়াউর রহমান। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধ্বংস করায় লিপ্ত ছিলেন।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৩তম জন্মদিন উপলক্ষে দুঃস্থ অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের মুখপাত্র বলেন, আজকে ক্যাসিনো নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। আওয়ামী লীগ সরকারের ওপরে দোষ চাপিয়ে মিথ্যাচার করছে। ক্যাসিনের সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে। শেখ হাসিনা কঠোর অবস্থান নিয়েছেন অপরাধের বিরুদ্ধে।

তিনি বলেন, বাংলাদেশের সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গণে ৩৬টির বেশি পুরস্কার পেয়েছে সবই তার সততা ও কর্মের ফসল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত নন্দি রায় প্রমুখ।