Home Blog Page 3463

শেখ হাসিনা নিজের ঘর থেকে দুর্নীতির বিরুদ্ধে পরিচ্ছন্নতা শুরু করেছেন : আইনমন্ত্রী

0

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন; আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা দুর্নীতি করেনা। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন। শেখ হাসিনা নিজের ঘর থেকে দুর্নীতির বিরুদ্ধে পরিচ্ছন্ন অভিযান শুরু করেছেন। ইতোমধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শেখ হাসিনা দুর্নীতিবাজদের চিহ্নিত করে দল থেকে বহিস্কার করে দেবেন।
তিনি বলেন এসব দেখে বিএনপির নেতারা লাফালাফি শুরু করেছেন। খালেদা জিয়া এতিমের টাকা চুরির দায়ে সাজা পেয়ে জেলে। উনার পুত্র তারেক জিয়া চুরির দায়ে কেয়ার টেকার সরকারের আমলে তাকে জেলে দিয়েছে। পরে দেশে আর কখনো আসবেনা বলে মুচলেকা দিয়ে লন্ডনে চলে যান। ওই চোর এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি আরো বলেন; যে দলের নেতা-নেত্রী দুর্নীতিবাজ ও সাজাপ্রাপ্ত আসামী, তারা দেশকে কোথায় নিয়ে গিয়েছিলো দেশবাসী তা ভুলে নাই।
মন্ত্রী বলেন; আমার এলাকায় আওয়ামী লীগকে আমি ঢেলে সাজাবো। একটি পরিচ্ছন্ন দল তৈরি করবো। তিনি দলের প্রবীণ নেতাদের উদ্দেশ্য করে বলেন; আপনারা কেউ ঘরে বসে থাকবেননা। আমি সিরাজুল হকের পুত্র। আমি আপনাদের সেবক। মন্ত্রীগিরী করে টাকা কামাতে আসিনি। এসেছি বঙ্গবন্ধুর স্বপ্ন, আওয়ামী লীগের কর্মসূচী বাস্তবায়ন করতে ও আপনাদের পাশে থেকে সেবা করতে।
কাইমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো.জাকির হোসেনের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভুইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহবায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভূইয়া বকুল,
কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকি, কাইমপুর ইউপি চেয়ারম্যান মো.ইয়াকুব আলী ভুইয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো.দেলোয়ার হোসেন।
সম্মেলনে প্রত্যক্ষ ভোটে কাইমপুর ইউনিযন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো.জাকির হোসেনকে দ্বিতীয়বারের মতো সভাপতি এবং ইকতিয়ার আলম রনিকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

বিএনপি বাংলাদেশকে জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছিল : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ও দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাংলাদেশকে জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছিলেন।

তিনি আজ মহানগর নাট্যমঙ্গে এক সমাবেশে বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, এটি কখনো মানুষ হত্যাকে সমর্থন করে না। বাংলাভাই ও শায়খ আবদুর রহমান বিএনপি-জামায়াত শাসনামলে জন্ম নিয়েছিল।’ বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি এই জঙ্গিবাদ বিরোধী সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত শাসনামলে জঙ্গিরা একই সময়ে দেশের ৫শ’টি স্থানে এবং বিভিন্ন আদালত প্রাঙ্গণে বোমা হামলা চালিয়েছিল।

তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের মদদে রাজধানীতে আওয়ামী লীগের একটি সমাবেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল।

তথ্যমন্ত্রী বলেন, অপরদিকে আওয়ামী লীগ জঙ্গিবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, ‘এই মাটি থেকে সম্পূর্ণভাবে জঙ্গিবাদ নির্মূল করা না গেলেও আওয়ামী লীগ সরকার শক্ত হাতে এর মোকাবেলা করে যাচ্ছে। ইসলামী দলগুলো যদি জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলে এবং বিএনপি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা বন্ধ করে তাহলে এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব হবে।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান বলেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের জন্য অনেক কাজ করেছেন । অতীতে কোন দল এ ধরনের কাজ করেনি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, আর আওয়ামী লীগ সরকার কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের দীর্ঘ শত বছরের দাবি পূরণ করেছে।

এই আওয়ামী লীগ নেতা বলেন, মসজিদভিত্তিক মক্তব চালু করা হয়েছে এবং সরকারের অর্থায়নে প্রতিটি জেলায় মসজিদ নির্মাণের কাজ চলছে।

বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেন সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ। আজ এর আগে মন্ত্রী দৈনিক সমকাল অফিসে এক অনুষ্ঠানে যোগদান করেন। বাসস

শেখ হাসিনার ৭৩তম জন্মদিন আগামীকাল

0

দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন আজ শনিবার (২৮ সেপ্টেম্বর)। তিনি বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তার জন্মদিন পালন করবে।

শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী এই নেত্রী ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দলকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয় এবং ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থবারের মত নির্বাচনে জয়লাভ করে দলকে দেশের নেতৃত্বের আসনে বসাতে সক্ষম হন।

তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানী ও বিদ্যুৎ, বাণিজ্য, আইসিটি এবং এসএমই খাতে এসেছে ব্যাপক সাফল্য। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের বিচার, পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিসহ জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তিনি।

দাদা শেখ লুৎফর রহমান ও দাদি সাহেরা খাতুনের অতি আদরের নাতনি শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে মধুমতি নদীর তীরবর্তী গ্রাম টুঙ্গিপাড়ায়। শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা এবং শেখ রাসেলসহ তারা পাঁচ ভাই-বোন। বর্তমানে শেখ হাসিনা ও রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পিতা বঙ্গবন্ধু এবং মাতা ফজিলাতুন্নেছাসহ সবাই ঘাতকদের নির্মম বুলেটে নিহত হন।

শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয়েছিল টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে পরিবারকে ঢাকায় নিয়ে চলে আসেন। তখন পুরনো ঢাকার রজনী বোস লেনে ভাড়া বাসায় ওঠেন তাঁরা ।

বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হলে সপরিবারে ৩, নম্বর মিন্টু রোডের বাসায় তারা বসবাস শুরু করেন। শেখ হাসিনাকে ঢাকা শহরে টিকাটুলির নারী শিক্ষা মন্দিরে ভর্তি করা হয়। এখন এই শিক্ষা প্রতিষ্ঠানটি শেরেবাংলা গার্লস স্কুল এন্ড কলেজ নামে খ্যাত। শুরু হয় তার শহর বাসের পালা।
তিনি ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। ওই বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন।

শেখ হাসিনা ইন্টারমিডিয়েট গার্লস কলেজে পড়ার সময় ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের নেত্রী হিসেবে তিনি আইয়ুব বিরোধী আন্দোলন এবং ৬-দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
১৯৬৬ সালে বঙ্গবন্ধু উত্থাপিত ৬-দফা দাবিতে পূর্ববাংলায় এক অভূতপূর্ব জাতীয় জাগরণ সৃষ্টি হয়। শাসকগোষ্ঠী ভীতসন্ত্রস্ত হয়ে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। শুরু হয় প্রচন্ড দমন-নির্যাতন। আটক থাকা অবস্থাতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানি শাসক গোষ্ঠী আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। তার জীবন ও পরিবারের ওপর নেমে আসে গভীর বিপদাশংকা ও দুঃসহ দুঃখ-যন্ত্রনা।

এই ঝড়ো দিনগুলোতেই বঙ্গবন্ধুর আগ্রহে ১৯৬৮ সালে পরমাণু বিজ্ঞানী ড.ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার বিয়ে হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের করাচিতে নিয়ে যাওয়ার পর গোটা পরিবারকে ঢাকায় ভিন্ন এক বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়।

অবরুদ্ধ বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই শেখ হাসিনা গৃহবন্দী অবস্থায় তার প্রথম সন্তান ‘জয়’-এর মা হন। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর কন্যা সন্তান পুতুলের জন্ম হয়।

১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু নিহত হবার আগে ছোট বোন শেখ রেহানাসহ শেখ হাসিনা ইউরোপ যান। সেখানে অবস্থানকালে তিনি সপরিবারে বঙ্গবন্ধুর নিহত হবার খবর পান। তাৎক্ষণিকভাবে দেশে ফেরার কোনো পরিবেশ না থাকায় তিনি ইউরোপ ছেড়ে স্বামী-সন্তানসহ ভারতে রাজনৈতিক আশ্রয় নেন।
শেখ হাসিনার পরবর্তী ইতিহাস একবিংশ শতকের অভিযাত্রায় তিনি কীভাবে বাঙালি জাতির কান্ডারি হয়েছেন তার ইতিহাস। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন রূপায়নের দায়িত্ব নিয়ে বাঙালি জাতির আলোর দিশারী হওয়ার ইতিহাস।

১৯৮১ সালের ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। আর ঐ বছরেরই ১৭ মে দীর্ঘ ৬ বছর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসেন।

১৯৮৬ সালের সংসদ নির্বাচনে তিনি তিনটি আসন থেকে নির্বাচিত হন। ১৯৯০ সালের ঐতিহাসিক গণআন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৯১ সালের সংসদ নির্বাচনের পরে তিনি পঞ্চম জাতীয় সংসদের বিরোধী দলের নেতা নির্বাচিত হন।

১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করে এবং সে বছরের ২৩ জুন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে তিনি সপ্তম জাতীয় সংসদে বিরোধীদলের নেতা নির্বাচিত হন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড নিক্ষেপ করে তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়। তিনি অলৌকিকভাবে বেঁচে গেলেও ওই হামলায় ২৪ জন নিহত এবং পাঁচশ’ নেতা-কর্মী আহত হন।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে বিশাল বিজয় অর্জন করে। এই বিজয়ের মধ্যদিয়ে শেখ হাসিনা দ্বিতীয় বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

পরবর্তীতে ২০১৪ সালের ৫ জানুয়ারী তৃতীয়বার এবং ২০১৮ সালের ডিসেম্বরে সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

শেখ হাসিনা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে বিশ্বজুড়ে বিভিন্ন সম্মানসূচক ডিগ্রী, পদক ও স্বীকৃতি দিয়ে শেখ হাসিনার অসামান্য অবদানকে সম্মানিত করা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। টিকা দান কর্মসূচিতে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরুপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মর্যদাপূর্ণ ‘ভ্যাকসিন হিরো ’ পুরুস্কারে ভূষিত করা হয়েছে।

সুইজারল্যন্ড ভিত্তিক বিশ্বব্যাপি টিকা দান সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যকসিনেশন এবং ইমিউনাইজেশন ( জি এভি আই ) ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে এ পুরস্কার প্রদান করা হয় । এর আগে এ মাসেই শেখ হাসিনাকে ড.কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এ্যাওয়ার্ড পদক প্রদান করা হয় । কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এডভাইজরি কাউন্সিলের প্রধান উপদেষ্টা অ্যাম্বাসেডর টিপি শ্রী নিবাসন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ পদক হস্তান্তর করেন।

এ পর্যন্ত শেখ হাসিনাকে প্রদত্ত উল্লেখযোগ্য পদক গুলোর মধ্যে রয়েছে ,ওয়াসেদা ইউনিভার্সিটি অব জাপান-এর সম্মানসূচক ডক্টরেট অব ল ডিগ্রী, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আলবারটে ডান্ডি’র সম্মানসূচক ডক্টরেট অব ফিলোসফি ইন লিবারেল আর্ট, পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক দেশীকোত্তমা, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ডক্টরেট অফ লস, মার্কিন যুক্তরাষ্টের ব্রিজপোর্ট ইউনিভার্সিটির, ডক্টর অফ হিউম্যান লেটারস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রী ডক্টরেট অব ল’স প্রদান, পল হারিস ফেলোশিপ দ্য রোটারি ইন্টারন্যাশনাল, ইউনেস্কোর হাউফুয়ট-বোনি শান্তি পুরস্কার-১৯৯৮, এম কে গান্ধী পুরস্কার-১৯৯৮, মাদার তেরেসা পুরস্কার-১৯৯৮ এবং ২০০৬, মার্কিন যুক্তরাষ্ট্রের র‌্যান্ডলফ ম্যাকন মহিলা কলেজের পার্ল এস বাক পুরস্কার-১৯৯৯, সিইআরইএস পদক- ১৯৯৯, এমডিজি অর্জনের জন্য জাতিসংঘ পুরস্কার (শিশু মৃত্যু)-২০১০, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার-২০০৯, সাউথ-সাউথ পুরস্কার-২০১১, এমডিজি অর্জনের জন্য জাতিসংঘ পদক-২০১৩, পুরস্কার, রোটারি শান্তি পুরস্কার- ২০১৩, শান্তি বৃক্ষ-২০১৪ আইসিটি স্থায়ী উন্নয়ন পুরস্কার-২০১৪, পৃথিবীর চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ-২০১৫, এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড-২০১৬, এবং প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পদক-২০১৬। বাসস।

পাকিস্তানে কান্দিল বালোচের হত্যাকারী ভাইয়ের সাজা

0

পাকিস্তানে সামাজিক মাধ্যমে পশ্চিমা-ধাঁচের পোশাক পরা ছবি পোস্ট করে অল্প কিছু দিনের মধ্যেই তারকা হয়ে উঠেছিলেন কান্দিল বালোচ, কিন্তু এতে তার ওপর ক্ষিপ্ত হন তার ভাই মোহাম্মদ ওয়াসিম এবং তিনি তার নিজের বোনকে গলা টিপে হত্যা করেন।

২০১৬ সালের জুলাই মাসে সংঘটিত ওই খুনের দায়ে পাকিস্তানের আদালত মোহাম্মদ ওয়াসিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

এ হত্যাকাণ্ডের পর পাকিস্তানে পরিবারের সম্মান রক্ষায় হত্যা বা ‘অনার কিলিং’ নিয়ে ব্যাপক ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়।

সোশাল মিডিয়ায় নিজের খোলামেলা ও যৌন উত্তেজক ছবি, ভিডিও, স্ট্যাটাস ও মন্তব্য পোস্ট করে পাকিস্তানের মতো রক্ষণশীল সমাজে আলোড়ন ও বিতর্কের সৃষ্টি করেছিলেন সোশাল মিডিয়া সেলেব্রিটি কান্দিল বালোচ।

তার বয়স ছিলো ২৬ বছর, আসল নাম ফৌজিয়া আজিম। এক সময় তার নাম দেয়া হয়েছিল ‘পাকিস্তানের কিম কার্দাশিয়ান।’

মৃত্যুর কিছুদিন আগে তিনি পাকিস্তানের গুরুত্বপূর্ণ এক মুসলিম নেতার সাথে তার নিজের একটি ছবি পোস্ট করে বিতর্কের সৃষ্টি করেন। ওই ছবিটি বহু মানুষ শেয়ার করেছে। ফেসবুকে তার ছিলো সাত লাখ ফলোয়ার।

তার ২৫ বছর বয়সী ভাই মোহাম্মদ ওয়াসিম এই হত্যার কথা স্বীকার করেন এবং তাকে পুলিশ আটক করে।

মোহাম্মদ ওয়াসিমকে উদ্ধৃত করে ডন পত্রিকা জানায়, তিনি কান্দিল বালোচকে প্রথমে চেতনানাশক দিয়ে পরে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন ।

তিনি বলেছিলেন, মুসলিম নেতার সাথে ছবি প্রকাশের পরেই তিনি তার বোনকে হত্যা করার সিদ্ধান্ত নেন।

অবশ্য পরে মামলা শুরু হলে তিনি তার স্বীকারোক্তি পরিবর্তন করেন।

কান্দিল বালোচ খুন হবার দুদিন আগে ১৪ই জুলাই ফেসবুকে লিখেছিলেন, “আমি আধুনিক যুগের একজন নারীবাদী। আমি সাম্যে বিশ্বাস করি। নারী হিসেবে আমি কেমন হবো সেটা আমাকেই ঠিক করতে হবে।”

তিনি আরো লেখেন – “আমার মনে হয় না শুধু সমাজের জন্যে নারীদের চলতে হবে। আমি মুক্তচিন্তা ও মুক্তমনের একজন নারী। আমি এই আমাকে ভালোবাসি।”

মামলার সময় বলা হয়েছিল যে কান্দিলের অন্য ভাইরা খুন করার ব্যাপারে সহযোগিতা করেছে।

তবে মামলার রায়ে কান্দিলের দুই ভাইসহ মোট ৬ জনকে খালাস দেয়া হয়।

কান্দিল বালোচ খুন হওয়ার পর ওই পরিবারের পিতা বলেছিলেন, তার মেয়ে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেন।

“সে আমাদের সবাইকে সাহায্য করতো, এমনকি আমার ছেলেকেও – যে তাকে হত্যা করেছে,” পাকিস্তানের সুপরিচিত ডন পত্রিকাকে একথা বলেন কান্দিল বালোচের পিতা মোহাম্মদ আজিম।

পুলিশ বলছে, তিনি পরিবারের সম্মান নষ্ট করেছেন একারণে তার ভাই তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

মোহাম্মদ আজিম বলেন, “আমার মেয়েটি যা কিছু অর্জন করেছে তা দেখে আমার ছেলে খুব একটা খুশি ছিলো না।”

কান্দিল বালোচকে মুলতানে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

মুলতান থেকে ১৩০ কিমি দূরে ডেরাগাজী খানে কান্দিজ বালোচের জানাজা হয়, যাতে হাজার হাজার মানুষ অংশ নেয় বলে খবরে বলা হয়েছিল।

পরে তার পিতামাতাই এ হত্যাকাণ্ডের জন্যে ছেলেকে অভিযুক্ত করে পুলিশের কাছে মামলা করেন।

কান্দিল বালোচ ছিলেন একজন মডেল ও অভিনেত্রী। সোশাল মিডিয়ায় খোলামেলা ছবি দেয়ার কারণে তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয় – পাকিস্তানের মতো একটি দেশে একজন নারী সোশাল মিডিয়ায় কতোটুকু কী করতে পারেন সে বিষয়ে।

ধর্মীয় নেতার সাথে সেলফি

মুফতি আব্দুল কাভি নামে এক নেতার সঙ্গে কান্দিল বালোচ একটি সেলফি তুলে পোষ্ট করার পর মি. কাভিকে দুটি গুরুত্বপূর্ণ পদ থেকে পদচ্যুত করা হয়েছিলো।

জিজ্ঞাসাবাদের জন্য মি. কাভিকে তলব করেছিল তদন্তকারী সংস্থা। কান্দিল বালোচ নিহত হবার খবর শুনে মি. কাভি মন্তব্য করেছিলেন, পাকিস্তানে ধর্মীয় নেতাদের নিয়ে মজা করবেন এমন সবার জন্যই এ ঘটনাটি একটি শিক্ষা হবে।

তবে তিনি কান্দিলকে ‘মাফ’ করে দিয়েছেন বলেও জানিয়েছিলেন। কান্দিল বালোচের হত্যায় নিজের কোন সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন মি. কাভি। বিবিসি

টি-২০ বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ : সাকিব

0

ছন্দপতন কাটিয়ে শিগগিরই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল। নিউইয়র্কে ইউনিসেফের এক অনুষ্ঠানে অংশ নিয়ে, টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার প্রতিশ্রুতি দেন।

জাতিসংঘের শিশু-বিষয়ক সংস্থা ইউনিসেফের সম্মানসূচক পদক ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘শেখ হাসিনার সঙ্গে এক সন্ধ্যা শীর্ষক’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপের পর দলের অবস্থান নিয়ে কথা বলেন সাকিব। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপে ভালো পারফর্ম করার প্রত্যয় ব্যক্ত করেন সাকিব।

জাতীয় দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। আশা করি, সেখানে আমরা ভালো করবো। এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারবো।

লোকমানের ২ দিনের রিমান্ড

0

মাদকদ্রব্য আইনের মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে আদালতে নেয়া হয়েছে। পুলিশের ৫ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে থানা থেকে পুলিশের একটি জিপে করে লোকমান হোসেনকে মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়।

গতকাল রাতেই তাকে র‌্যাব-২ থেকে তেজগাঁও থানায় হস্তান্তরের পর অবৈধভাবে বিদেশি মদ রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। লোকমানের আইনজীবী মো. মকবুল হোসেন ফকির বলেন, ৪ বোতল বিদেশী মদ ছাড়া অন্য কোন অপরাধ প্রমাণিত হয়নি আমার মক্কেলের বিরুদ্ধে।

এর আগে বুধবার রাতে রাজধানীর মনিপুরী পাড়ার নিজ বাসা থেকে লোকমানকে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যাসিনো ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততা র‌্যাবের কাছে স্বীকার করেন তিনি। ক্যাসিনো থেকে আয়ের ৪১ কোটি টাকার বেশির ভাগ অস্ট্রেলিয়ায় দুই ব্যাংকে লোকমান জমা করেছেন বলেও স্বীকার করেন।

সংসদীয় কূটনীতি কাজে লাগিয়ে আঞ্চলিক সমস্যা সমাধানের আহ্বান স্পিকারের

0

সংসদীয় কূটনীতিকে কাজে লাগিয়ে বিভিন্ন আঞ্চলিক সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে সংসদীয় কুটনীতি বড় ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন।

উগান্ডার রাজধানী কাম্পালায় কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) চেয়ারপার্সন ও ক্যামেরুনের ডেপুটি স্পিকার অ্যামেলিয়া লিফাকার সঙ্গে বৈঠককালে একথা বলেন। গতকাল শুক্রবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাক্ষাতকালে তারা ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) বিভিন্ন বিষয়, সংসদীয় গণতন্ত্র, সিপিএভূক্ত সংসদসমূহের সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দল এখন উগান্ডা পার্লামেন্ট ও সিপিএ উগান্ডা ব্রাঞ্চ আয়োজিত ওই কনফারেন্সে অংশ নিচ্ছেন।

বৈঠকে স্পিকার বলেন, জনগণের কল্যাণে কাজ করে উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সংসদসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সিপিএর মাধ্যমে সিপিএভূক্ত সংসদগুলো পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের যথেষ্ট সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে হবে।

এ সময় সিপিএ চেয়ারপার্সন অ্যামেলিয়া লিফাকা ঢাকায় অনুষ্ঠিত ৬৩তম সিপিসির সফল আয়োজনের স্মৃতিচারণ করে স্পিকারকে ধন্যবাদ জানান।

ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকেই ছাড় নয়’

0

‘ক্যাসিনোর টাকা কাদের কাদের কাছে গেছে, শুধু আওয়ামী লীগ নয়, অন্য দলেরও কেউ যদি এই ক্যাসিনোর ভাগ পেয়ে থাকেন- অনুসন্ধান চলছে। ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে সিলেট সড়ক জোন অফিস ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘ক্যাসিনোর টাকা কাদের কাদের কাছে গেছে, শুধু আওয়ামী লীগ নয়, অন্য দলেরও কেউ যদি এই ক্যাসিনোর ভাগ পেয়ে থাকে, অনুসন্ধান চলছে। ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের পরিচয়ে যারা অপকর্ম করছে, যারা দুর্নীতি করছে এবং যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করছে- এ অপকর্মের জন্য যারা জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সেসব লোকের বিরুদ্ধেই এ অভিযান পরিচালিত হচ্ছে।’

পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পুলিশের হোক, প্রশাসনের হোক, অন্যান্য দলের হোক, আওয়ামী লীগের হোক- এখানে কাউকে ছাড় দেওয়ার বিষয় নেই। যারাই অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেই প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন- কাউকে ছাড় দেওয়া যাবে না। প্রত্যেকের বিরুদ্ধেই অ্যাকশন নেওয়ার ব্যাপারে সমানভাবে দেখতে হবে।’

আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো আগামী ১০ ডিসেম্বরের মধ্যে গঠন করা হবে বলেও জানান সেতুমন্ত্রী। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

0

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফনদীর জালিয়াপাড়া পয়েন্টে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু উপজেলার নাককুড়া থানার বুড়া সিকদারপাড়া এলাকার মৃত মোস্তাক আহমদের ছেলে (১৮) ও দিল আহমদের ছেলে দুস্ত মোহাম্মদ (১৮)।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, হ্নীলা বিওপির টহল দল জালিয়াপাড়া এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি নৌকায় করে চারজনকে জালিয়াপাড়ার দিকে যেতে দেখে তারা। তাদের সন্দেহ হলে নৌকাটিকে তীরে আসার জন্য সংকেত দেয় বিজিবি। সংকেত পেয়ে নৌকা থেকে চারজনের মধ্যে দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। একপর্যায়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে তারা। এ সময় বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। উভয়পক্ষের মধ্যে ১০ থেকে ১২ মিনিট গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বিজিবি। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় ৭০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও ধারাল কিরিস উদ্ধার করা হয়।
পরে স্থানীয় রোহিঙ্গাদের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের টেকনাফ থানা-পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০

0

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত ও অনেক ভবন ক্ষতিগ্রস্ত কিংবা ধসে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ মালুকু ভূমিকম্পের কবলে পড়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫।
দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, যখন ভূমিকম্পটি শুরু হয় তখনো অনেক মানুষ ঘুমাচ্ছিলেন। আচমকা কম্পনে স্থানীয় বাসিন্দারা বিছানা ছাড়ে। আতঙ্কিত মানুষজন ঘরের বাইরে বের হয়। সুনামির আশঙ্কা করে তারা আশপাশের পাহাড়ি এলাকার দিকে ছুটতে থাকে।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আলবার্ট সিমায়েলা বলেন, আতঙ্কিত হয়ে দৌড়ানোর সময় ভবন ধসে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। রাজধানী আমবোনের প্রধান একটি হাসপাতালও ধসে পড়েছে। সেখানকার রোগীদের ভবন থেকে বের করে হাসপাতালের মাঠে রাখা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থানা সংস্থার মুখপাত্র অগাস উইবোয়ো রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে ভূমিকম্পে ২০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন।
গত বছর মালুকু প্রদেশে অবস্থিত সুলাওয়েসি দ্বীপ ৭ দশমিক ৫ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে। ভূমিকম্পের পরপরই সেখানে আঘাত হানে সুনামি। সব মিলিয়ে মোট ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।