Home Blog Page 3464

জামালপুরের সেই ডিসি বরখাস্ত

0

এক নারী সহকর্মীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় জামালপুরের ওএসডি হওয়া জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার তাকে সাময়িক বরখাস্ত করা হলে প্রকাশ পায় শুক্রবার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ) মো. মনির উদ্দিন শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মাধ্যমে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া শুরু হয়ে গেছে। এর পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
গত মাসে ফেসবুকে আপলোড করা একটি ভিডিওতে জেলা প্রশাসক আহমেদ কবীরের খাস কামরায় যে নারীকে দেখা যায় তিনি ওই অফিসের গোপনীয় শাখার কর্মচারী বলে স্থানীয়রা শনাক্ত করেছেন।
এই ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টির পর ২৬ আগস্ট জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়।
ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের গোপনীয় শাখার এক নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। খন্দকার সোহেল আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। জানা যায়, ওই নারীকে সঙ্গ দেয়ার শর্তেই নিয়োগ দিয়েছিলেন আহমেদ কবির। দীর্ঘদিন ধরে স্বামী পরিত্যাক্তা ওই নারীর সঙ্গে গোপন সম্পর্ক বজায় রাখেন তিনি। যদিও বিষয়টি অস্বীকার করে ঘটনাটি ‘সাজানো’ বলে দাবি করেন ডিসি আহমেদ কবীর। ওই ঘটনায় জামালপুরসহ সারা দেশের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় গত ২৫ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মুশফিকুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে ১০ দিন করে দুই দফায় কমিটির মেয়াদ বাড়ানো হয়েছিল। ২২ সেপ্টেম্বর তদন্ত কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
তদন্ত কমিটি জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে কথা বলে।
কমিটিকে প্রকাশিত ভিডিওটির যথার্থতা যাচাই করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। এ ছাড়া প্রয়োজনে সরেজমিন পরিদর্শন এবং ভিডিওটির যথার্থতা যাচাইয়ের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে কমিটিকে প্রতিবেদনে সুষ্পষ্ট মতামত দিতে বলা হয়েছিল।

পর্যটন ভিসা চালু করছে সৌদি আরব

0

প্রথমবারের মতো পর্যটন ভিসা চালু করছে সৌদি আরব। ৪৯টি দেশের নাগরিক এ ভিসা সুবিধা পাবেন। খবর রয়টার্সের।
পর্যটন ভিসা চালুর পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানগুলোকেও বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছে সৌদি। ২০৩০ সাল নাগাদ এই বিদেশি বিনিয়োগ মোট দেশজ উৎপাদনের ১০ শতাংশ হবে বলে প্রত্যাশা রিয়াদের।
দশকের পর দশক ধরে রক্ষণশীল সৌদি আরবের দরজা পর্যটকদের জন্য বন্ধ ছিলো। তবে ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে দেশটিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। এ ছাড়া দেশটিতে কয়েক দশক পর চালু করা হয় সিনেমা হল।
সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, নারী পর্যটকদের বেলায় বোরখার বাধ্যকতা থাকছে না। তবে সমুদ্র সৈকতসহ অন্যান্য স্থানে যাতায়াতের সময় তাদের শালীন পোশাক পরতে হবে। এ ছাড়া তারা পুরুষ সঙ্গী ছাড়াও ভিসার জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে পর্যটন ভিসার জন্য আবেদন করতে খরচ করতে হবে ৮০ মার্কিন ডলার। বরাবরের মতো মদ নিষিদ্ধ থাকছে। এ ছাড়া সৌদি আরবের অন্যান্য স্থানে যাতায়াতের অনুমতি মিললেও পর্যটকদের জন্য মক্কা ও মদিনায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে বলেও জানিয়েছেন তিনি।

‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

0

তরুণদের দক্ষতা করে গড়ে তোলায় জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে জাতিসংঘের চলতি অধিবেশনে যোগ দিয়ে দুটি পুরস্কার পেলেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের ইউনিসেফ ভবনে ‘অ্যান ইভনিং টু অনার হার এক্সিলেন্সি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ইউনিসেফের শুভেচ্ছাদূত ও বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন সাকিব আল হাসানও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরস্কারটি গ্রহণ করে ইউনিসেফকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে এটা বাংলাদেশের অর্জন, বিশেষ করে বাংলদেশ ও বিশ্বের সব শিশুদেরই স্বীকৃতি প্রাপ্য।’
পুরস্কারটি তিনি বাংলাদেশ ও বিশ্বের সব শিশু-কিশোরদের উৎসর্গ করেন।
তিনি বলেন, ‘এই সম্মান আমার একার না। এটি পুরো বাংলাদেশের। কারণ, বাংলাদেশের মানুষই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সে জন্যই আমি সেবা করার সুযোগ পেয়েছি। এই পুরস্কার অর্জনের সুযোগ পেয়েছি।’
এ সময় প্রধানমন্ত্রী দেশের স্কুলের উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানায়। তিনি বলেন, ‘লাখ লাখ তরুণ প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে এখন তাদের জীবন ও সমাজ পরিবর্তন করছে। বাংলাদেশকে জ্ঞানভিত্তিক সমাজ ও অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে এটি আমাদের অঙ্গীকার ছিল।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের তরুণসমাজ দেশের বিভিন্ন সংকটে সাহসী ভূমিকা রেখেছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানও বুঝতে পেরেছিলেন তরুণদের ছাড়া উন্নতি সম্ভব না।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা একটি জ্ঞানী ও বুদ্ধিদীপ্ত তরুণ প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন পূরণ করতে পারবে।’
তিনি বলেন, ‘সরকার তরুণদের কর্মসংস্থান তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিবছর বাংলাদেশের শ্রমবাজারে ২০ লাখ তরুণ চাকরিতে ঢুকছে। আমরা তরুণদে দক্ষতার ওপর জোর দিচ্ছি এবং সে জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি।’
শেখ হাসিনা বলেন, ‘তার সরকার কাউকে পিছিয়ে রাখতে চায় না। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও বেকার তরুণদের দক্ষ মানবসম্পদে গড়ে তোলার প্রকল্প হাতে নিয়েছে।’
বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থন রাখায় ইউনিসেফকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সবসমই বাংলাদেশের পাশে ছিল ইউনিসেফ।’
ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোর বাংলাদেশের উন্নয়নে ভূয়সী প্রশংসা করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দারুণ নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন সেক্টরে উন্নতি করছে।’
এ ছাড়া মিয়ানমারে নিপীড়নের শিকার ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাকিব আল হাসানও। তিনি বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সবসময়েই শিশুদের বিষয়ে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। সেজন্যই এখন শিশুমৃত্যুহার এতটা কমানো সম্ভব হয়েছে এবং স্কুলে জেন্ডার সমতা অর্জন করা গেছে।’
সাকিব বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সামনে থেকে এই নেতৃত্ব দিয়েছেন। এটা দারুণ যে বাংলাদেশের এই উন্নতির স্বীকৃতি দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করা হয়েছে।’
এ ঘটনায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান সাকিব।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের সৌজন্য সাক্ষাৎ

0

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার বিল গেটসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিউইর্য়ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হোটেল লোটে প্যালেসে সাক্ষাৎ করেন তাঁরা।

সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল অব নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার অ্যান্ড অটিজম অব বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ।

এছাড়াও লোটে প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির প্রসিকিউটর ফাতো বেনসুদা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রানডি, ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা এবং এক্সন মবিল এলএনজি মার্কেট ডেভেলপমেন্টের চেয়ারম্যান অ্যালেক্স ভি ভলকভ।

এর আগে তিনি স্থানীয় সময় বুধবার বিকেলে নিউইয়র্কে মার্কিন থিংকট্যাংক কাউন্সিল অব ফরেন রিলেশনস (সিএফআর) আয়োজিত ‘এ কনভারসেশন উইথ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষক সংলাপে অংশ নেন।

‘দলের ভাবমূর্তি উজ্জ্বল না হওয়া পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের মধ্যে শুদ্ধি অভিযান চলছে। যতদিন পর্যন্ত দলের ভাবমূর্তি উজ্জ্বল না হচ্ছে ততদিন এই অভিযান চলবে।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জাতীয় কমিটির সাবেক সদস্য আ ন ম শফিকুল হক স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা ও মহানগর আওয়ামী লীগ এই স্মরণ সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এই শুদ্ধি অভিযান নিয়ে অপপ্রচার চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দলের ভেতরে শুদ্ধি অভিযান চালাচ্ছেন এটা বিএনপি সহ্য করতে পারছে না। তাই এই অভিযানকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। অথচ এই অভিযানের কারণে শেখ হাসিনার জনপ্রিয়তা আরো বেড়ে গেছে।

তিনি আরো বলেন, দেশে বিএনপি আমলে টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজিসহ মাদক সন্ত্রাসের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তখন তারা নিজেদের দলের কারোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি।

সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, বারবার প্রস্তুতি নিয়েও ঢাকা-সিলেট মহাসড়কের কাজের অগ্রগতি হয়নি। এক সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় এই প্রকল্পে দেরি হয়েছে। তবে এখন সব জটিলতা কেটে গেছে। শিগগিরই ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতের কাজ শুরু হবে।

প্রয়াত নেতা আ ন ম শফিকুল হককে দুঃসময়ের কান্ডারি উল্লেখ করে তিনি বলেন, শফিকুল হক অন্ধকারের পথ অতিক্রম করেছেন। তিনি অকুতোভয় ও আপসহীন ছিলেন। এমন একনিষ্ঠ ত্যাগী কর্মী আমি খুব কমই দেখেছি।

সিলেট নগরীর কাজী নজরুল অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী,মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।

রোহিঙ্গা ইস্যু: মিয়ানমারের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ওআইসি

0

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন ও নৃশংস গণহত্যার জন্য দেশটির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ইসলামি রাষ্ট্রগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। আন্তর্জাতিক বিচারিক আদালতে ওআইসির পক্ষে এই মামলা করবে গাম্বিয়া।

গাম্বিয়ার বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবুবাক্কার এম তামবাদু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বছরই মিয়ানমার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। ‘রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের রূপরেখা’ ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত একটি পার্শ্ব বৈঠকে তিনি এমন কথা বলেন।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আয়োজিত ওই বৈঠকে আবুবাক্কার এম তামবাদু তার বাংলাদেশ সফরের কথা তুলে ধরেন। বিশেষ করে কক্সবাজার গিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর মুখে তিনি শোনেন মিয়ানমার সেনাবাহিনী তাদের ওপর কী অমানবিক নিপীড়ন চালিয়েছে। নৃশংস হত্যাকাণ্ড, ধর্ষণ, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার মতো নির্যাতনের বর্ণনা করে গাম্বিয়ার মন্ত্রী বলেন, মানবতার বিরুদ্ধে এসব অপরাধের বিচার হতে হবে। আমাদের দেশ ছোট হতে পারে। কিন্তু মানবতার শক্তি অনেক বড়।

ধর্মীয় ও জাতিগত কারণে মিয়ানমারে এসব হত্যাকাণ্ড চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এই পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। আমার দেশ দুই মাসের মধ্যে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে’তে মামলা করব। যদি দুই মাসের মধ্যে করা সম্ভব না হয়, তাহলে অবশ্যই চলতি বছরের মধ্যেই দেশটিকে বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ মিশনের ‘বঙ্গবন্ধু মিলনায়তনে’ আয়োজিত এই বৈঠকে মূল বক্তব্য দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, রোহিঙ্গারা তাদের নিজ দেশের সরকারের ওপরই আস্থা রাখতে পারছে না। আর সে কারণেই একাধিকবার চেষ্টা করেও তাদেরকে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তিনি অভিযোগ করে বলেন, শুধু মিয়ানমার নয়, আন্তর্জাতিক সম্প্রদায়েরও আন্তরিকতার অভাব রয়েছে।

তাদেরকে বিষয়টি নিয়ে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় তাদের দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে পুরো বিষয়টিকে টেকসই করতে তাদের নাগরিকত্বসহ সকল অধিকার, ভূমি ফিরিয়ে দেওয়া এবং জীবিকার বিষয়টি নিশ্চিত করার দাবি জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, রোহিঙ্গাদের জন্যে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি মানবিক সাহায্য দিয়ে আসছে। দেশটির জেনারেলদের ওপর তারা নিষেধাজ্ঞাও আরোপ করেছে। এসবই প্রশংসার দাবি রাখে। অথচ মিয়ানমারের জিএসপি সুবিধা বহাল রেখেছে যুক্তরাষ্ট্র।

গ্লোবাল সেন্টার ফর রেসপনসিবিলিটি টু প্রটেক্ট এর নির্বাহী এক্সিকিউটিভ ডিরেক্টর ড. সাইমন এডামসের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন গ্লোবার জাস্টিস সেন্টারের পরিচালক আকিলা রাধাকৃষনান। এছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন।

গ্যাস্ট্রিকের রেনিটিডিন জাতীয় ট্যাবলেটে ক্যান্সারের উপাদান

0

গ্যাস্ট্রিকের চিকিৎসায় বহুল ব্যবহৃত রেনিটিডিন জাতীয় ট্যাবলেট জেনট্যাক এ ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতি পাওয়া গেছে। জানা গেছে, জেনট্যাক ছাড়াও আরো চারটির বেশি কম্পানির তৈরি ওই ওষুধে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে।

ফলে বিশ্ববাজার থেকে ওষুধটি তুলে নেয়ার ঘোষণা এসেছে। গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপোটেক্স, প্রো ডক লিমিটেড, স্যানিস হেলথ এবং সিভেম ফার্মাসিউটিক্যালস নিজেদের রেনিটিডিন জাতীয় ওষুধ বাজার থেকে প্রত্যাহার করে নিতে চেয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন পূর্ব সতর্কতা হিসেবে রেনিটিডিন ভারতের বাজার থেকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে। এমনকি বিশ্ববাজার থেকে তারা ট্যাবলেটটি প্রত্যাহার করে নিতে চায়।

চলতি মাসের শুরুর দিকে কানাডার স্বাস্থ্য বিভাগ সতর্ক করে দেয়, রেনিটিডিন জাতীয় ওষুধে ক্যান্সার সৃষ্টিকারী জীবাণু পাওয়া গেছে। সেখানে বলা হয়, পাকস্থলির প্রদাহ এসব ওষুধে কমে গেলেও ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

ওই সময় বলা হয়, সনোফির এসএ জেনট্যাক ট্যাবলেটে এ ধরনের ঝুঁকি রয়েছে। রেনিটিডিন গ্রুপের রেনট্যাক, রেনট্যাক-ওডি, আর-লক, রেনিটিনও গ্যাসের ট্যাবলেট হিসেবে বেশ জনপ্রিয়। এতকিছুর পরেও ওই ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। এরপরই রেনিটিডিন প্রত্যাহারের ঘোষণা এল।

বিশ্বের বাজার থেকে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন তাদের রেনিটিডিন জাতীয় ট্যাবলেট প্রত্যাহার করে নিতে চাইলেও অন্য সংস্থার তৈরি এ জাতীয় ওষুধের কী হবে, তা এখনো জানা যায়নি।

সম্প্রতি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) ভারতের সব রাজ্যের ওষুধ বিভাগের কাছে চিঠি দিয়ে জানতে চায়, রাজ্যের কোথাও রেনিটিডিন উৎপাদন হচ্ছে কিনা। সে ব্যাপারে তথ্য সংগ্রহের পর ডিসিজিআইকে জানানোর নির্দেশও দেয়া হয়। ওই ওষুধ নিয়ন্ত্রক সংস্থার চিঠি ইস্যুর পর গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন বাজার থেকে রেনিটিডিন তুলে নেয়ার ঘোষণা দিল।

চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, তারা ওষুধ পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেবেন। তার পরই যুক্তরাষ্ট্রের বাজার থেকে রেনিটিডিন ও রেনিটিডিন গ্রুপের অন্যান্য সব ট্যাবলেট প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা স্যানডোজ।

গ্ল্যাক্সো স্মিথ ক্লাইনের একজন মুখপাত্র জানিয়েছেন, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও প্রতিনিধিদের পাঠানো তথ্যের ওপর ভিত্তি করে রেনিটিডিন উৎপাদন, বাজারজাত ও সরবরাহ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে এনআরসি হবেই তবে হিন্দুদের দেশ ছাড়তে হবে না: বিজেপি নেতা

0

ভারতের আসামের জাতীয় নাগরিকপঞ্জিতে (এনআরসি) ১৯ লাখ মানুষের নাম বাদের পর বলা হচ্ছে পশ্চিমবঙ্গেও এনআরসি হবে। ভারতের আসামের জাতীয় নাগরিকপঞ্জিতে (এনআরসি) ১৯ লাখ মানুষের নাম বাদের পর বলা হচ্ছে পশ্চিমবঙ্গেও এনআরসি হবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বলছেন, কোনোভাবেই বাংলায় এনআরসি করা হবে না। এই পশ্চিমবঙ্গে ক্রমশই চড়ছে রাজনৈতিক পারদ। আর তাতে আরো একটু উত্তাপ ছড়িয়ে দিলেন কৈলাশ বিজয়বর্গীয়।

বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এনআরসি হবেই তবে হিন্দুদের দেশ ছাড়তে হবে না। প্রত্যেক হিন্দুকে নাগরিকত্ব দেওয়া হবে। তার এই মন্তব্যের পরই এনআরসি ইস্যুতে নিজেদের অবস্থান আরো একবার স্পষ্ট করে জানিয়ে দিলো বিজেপি।

পশ্চিমবঙ্গে এনআরসি করতে মরিয়া বিজেপি। কিন্তু প্রথম থেকেই এ ইস্যুতে বিরোধিতা জানিয়ে আসছে তৃণমূল। ক’দিন আগে অমিত শাহের সঙ্গে বৈঠকের পরো মমতা জানান, বাংলায় এনআরসি করা হবে না। এদিকে, রাজ্যটিতে বিরাজ করছে এনআরসি আতঙ্ক। সেই আতঙ্কে মারা যাচ্ছেন এলাকাটির বাসিন্দারা। নিজেদের নাগরিকত্ব প্রমাণের সঠিক কাগজপত্র জোগাড় করতে না পারায় এই ঘটনাগুলো ঘটছে। রাজ্যটির বিভিন্ন প্রান্তে এনআরসি আতঙ্কে মোট ১১ জন প্রাণ হারিয়েছেন।

২৪ ঘণ্টায় কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা : স্বাস্থ্য অধিদপ্তর

0

এডিস মশার কামড় থেকে ডেঙ্গু জ্বরের শিকার হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৮ জন নতুন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এর মধ্যে ঢাকায় ১১৭ জন ভর্তি হয়েছেন এবং বাকিরা দেশের অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন।
সরকারি হিসাব অনুযায়ী, গত জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৮৬ হাজার ৫৪৩। ডেঙ্গু রোগের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৮৪ হাজার ৬১৫ জন।
ডেঙ্গুর প্রাদুর্ভাব এবার এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ভয়াবহ আকার ধারণ করেছে। তবে চলতি মাসের শুরু থেকে পরিস্থিতির উন্নতি হওয়া শুরু হয়েছে। তুলনামূলকভাবে কমে আসছে নতুন রোগীর সংখ্যা।
বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে ভর্তিকৃত রোগী আছেন ১ হাজার ৭০৪ জন। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৬৫৯ জন।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবছর ডেঙ্গু সন্দেহে ২২৪টি মৃত্যুর তথ্য পেয়েছে। এর মধ্যে সংস্থাটি এ পর্যন্ত ১২৬টি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে ৭৫টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

শুক্রবার ঘরের মাঠে নামছে পাকিস্তান

0

১০ বছর পর দেশের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে করাচির জাতীয় স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৪ টায় শুরু হবে দু’দলের ম্যাচ।

২০০৯ সালে এই করাচিতেই শ্রীলঙ্কার উপর জঙ্গি হামলা হয়। তারপরই নির্বাসনে যায় পাকিস্তানের ক্রিকেট। এবার, সেই ভেন্যুতেই এক দশক পর ক্রিকেট ফেরায় দারুণ উচ্ছ্বসিত সরফরাজ বাহিনী। শ্রীলঙ্কা ম্যাচের আগে ফিট দল পাচ্ছে নতুন কোচ মিসবাহ-উল- হক। এ ম্যাচকে ঘিরে বাড়তি উন্মাদনা করাচির দর্শকদের মাঝে।

অন্যদিকে, শ্রীলঙ্কা দলও বেশ আত্মবিশ্বাসী ম্যাচ জিততে। অবশ্য দলের বেশ কিছু সিনিয়র খেলোয়াড় নিরাপত্তা জনিত কারণে সফর বর্জন করায় কিছুটা ব্যাকফুটে লংকানরা। তবে, শেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ আর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে দানুশ সানাকা বাহিনীকে