Home Blog Page 3470

সম্রাটের দেশত্যাগে পুলিশের নিষেধাজ্ঞা

0

রাজধানীর বিভিন্ন এলাকার ক্লাবে ক্যাসিনো বা জুয়ার আসর বসানোর বিষয়ে অভিযুক্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এ সংক্রান্ত একটি আদেশ দেশের বিমানবন্দর ও স্থলবন্দরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

পুলিশের উচ্চপর্যায়ের নির্ভরযোগ্য একাধিক সূত্র অনুযায়ী, সম্রাট এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে। এ অবস্থায় তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য বিমানবন্দর ও স্থলবন্দরে একটি চিঠি পাঠানো হয়েছে। সূত্র জানায়, ক্যাসিনো নিয়ন্ত্রণসহ সম্রাটের বিরুদ্ধে নানা ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্তের পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এরইমধ্যে যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ও এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীকে গতকাল সোমবার চিঠি পাঠিয়ে এ সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, এমপি নূরুন্নবী চৌধুরী শাওন, তার স্ত্রী ফারজানা চৌধুরী ও ইসমাইল চৌধুরী সম্রাটের নামে কোনো ব্যাংক হিসাব বর্তমানে বা অতীতে পরিচালিত হয়ে থাকলে সেগুলোর যাবতীয় তথ্য জরুরিভাবে ২৪ সেপ্টেম্বরের মধ্যে এনবিআরে পাঠাতে হবে।

এদিকে, গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও জি কে শামীমসহ সব ক্যাসিনো ব্যবসায়ীদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ব্যাংকগুলোতে পাঠানো বিএফআইইউ-এর চিঠিতে বলা হয়েছে, খালেদ মাহমুদ, জিকে শামীমের স্ত্রী, সন্তান ও মা বাবার ব্যাংক হিসাব স্থগিত রাখার পাশাপাশি পাঁচ কর্ম দিবসের মধ্যে সব তথ্য বিএফআইইউকে জানাতে হবে।

গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) র‍্যাব শামীমের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে ও তার ৭ দেহরক্ষীকে গ্রেপ্তার করে। এ সময় এক কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার এফডিআর কাগজপত্র, নয় হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুরি ডলার, একটি আগ্নেয়াস্ত্র ও মদের বোতল জব্দ করা হয়। বর্তমানে শামীম ১০ দিনের রিমান্ডে রয়েছেন।

এর আগে বুধবার অবৈধভাবে ক্যাসিনো ও জুয়ার বোর্ড পরিচালনার অভিযোগে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে র‌্যাব। খালেদও ১০ দিনের রিমান্ডে রয়েছেন।

ক্যাসিনোর বৈধতা নিয়ে সিদ্ধান্ত হয়নি : ওবায়দুল কাদের

0

দেশে ক্যাসিনোর বৈধতা দিতে সরকারের উচ্চপর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে তিনি এ কথা বলেন।
সরকার ক্যাসিনো একেবারে বন্ধ করে দেবে, নাকি আইনি কাঠামোর মধ্যে রাখবে- জনতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ক্যাসিনো বিষয়ে এখন টার্বুলেন্স (তোলপাড়) চলছে। এ সময়ে এটা নীতিমালার মধ্যে এনে চালু করা হবে, নাকি একেবারেই আইডিয়াটা বাদ দেয়া হবে- এ নিয়ে সরকারের উচ্চপর্যায়ে কোনো আলাপ-আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। কাজেই এ বিষয়ে এ মুহূর্তে মন্তব্য করতে চাই না।
নেতাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার কথা শোনা যাচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বাইরে যাওয়ার বিষয়ে কতজনের বিরুদ্ধে নির্দেশনা রয়েছে আমি জানি না। সার্ভেল্যান্সে (নজরদারি) আছে অনেকে, সেটা আমি জানি। সংখ্যাটা আমি ঠিক জানি না।’
আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের লোকজন নজরদারিতে আছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, সব তো আওয়ামী লীগের লোকজনই। আগে কোন দল ছিল এটা বলে তো লাভ নেই। আমি আমার দলে নিলাম কেন? এখন সে আমার দলের পরিচয়ই ব্যবহার করছে। কাজেই আমি ঘর থেকেই অভিযান শুরু করেছি।

জি কে শামীমের কাজ পাওয়ার বিষয়ে তদন্ত চলছে : গণপূর্তমন্ত্রী

0

ক্যাসিনো চালানোর অভিযোগে গ্রেপ্তার যুবলীগ পরিচয়দানকারী প্রভাবশালী ঠিকাদার জি কে শামীম কীভাবে এত সরকারি কাজ ভাগিয়ে নিয়েছেন এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গত শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিকেতনের অফিসে অভিযান চালিয়ে জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের মালিক এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করে র‌্যাব। অভিযানে ১ কোটি ৮০ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ১৬৫ কোটি টাকার ওপরে এফডিআর (স্থায়ী আমানত) পাওয়া যায়। পাওয়া যায় মার্কিন ডলার, মাদক ও আগ্নেয়াস্ত্র।
সচিবালয়, র‌্যাব হেড কোয়ার্টার, সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতালসহ বড় বড় ১৭টি প্রকল্পের প্রায় তিন হাজার কোটি টাকার ঠিকাদারি কাজ করছেন জি কে শামীম।
সরকারের বেশিরভাগ স্থাপনা নির্মাণের কাজ করছেন গ্রেফতার হওয়া জি কে শামীম- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গণপূর্তমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে যে বিষয়গুলোর এসেছে, সেগুলোর আলোকে আমিও খতিয়ে দেখছি, যে প্রক্রিয়ায় তিনি ঠিকাদারি কাজ পেয়েছেন সেটা নিয়মের অধীনে ছিল, নাকি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কিছু করা হয়েছিল- এগুলো খতিয়ে দেখছি।’
গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, তিনি গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের টাকা দিয়ে কাজ নিতেন- এ বিষয়ে রেজাউল করিম বলেন, ‘বিষয়টি তদন্তাধীন, যারা তদন্ত করছেন তাদের তদন্ত রিপোর্ট আসার পরই এ বিষয়ে মন্তব্য করা শ্রেয়।’
জি কে শামীম এখনো সচিবালয়ে দুটি ভবন নির্মাণের কাজ করছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘তিনি র‌্যাবের হেড কোয়ার্টারেরও ঠিকাদার। কীভাবে কাজগুলো হয়েছে, নিয়মের ব্যত্যয় হয়েছে কি-না বা কীভাবে হচ্ছে, এসব বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করছি। বিষয়টি তদন্তাধীন, তদন্তেই সব তথ্য উপাত্ত বেরিয়ে আসবে বলে আমি আশা করি।’
তদন্ত কবে শেষ হবে- জানতে চাইলে গণপূর্তমন্ত্রী বলেন, ‘তদন্ত করছেন তদন্তকারী কর্মকর্তারা, সেই বিষয়টি তো আমি নির্ধারণ করতে দিতে পারব না।’
মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করা হবে কি-না- এ বিষয়ে তিনি বলেন, ‘একটি তদন্ত চলা অবস্থায় আরেকটি তদন্ত আইনসিদ্ধ নয়। তা হলে সেই তদন্তকে ইন্টারফেয়ার করা হয়। আমরা আমাদের মতো করে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি অত্যন্ত গুরুত্বের সঙ্গে।’

‘দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না’

0

কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম বলেছেন, দুর্নীতি করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ছাড় দেন না। হোক সে নিজের দল বা আপন কেউ। তেমনি যত বড় নেতাই হোক না কেন দুর্নীতি করলে অমরাও কাউকে ছাড় দিব না। গতকাল সোমবার মানিকগঞ্জের হরিরামপুর পরিষদ মিলানায়তনে সার-বীজ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হরিরামপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ইউএনও সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মানিকগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান, উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাঈদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গুলজার হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭০০ জন প্রান্তিক কৃষকের মাঝে ১৫ কেজি করে সার ও ৫ কেজি করে মাশকলাই বীজ বিতরণ করা হয়।

একইদিন সংসদ সদস্য মমতাজ বেগম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় অংশ নেন।

সীতাকুণ্ডে অস্ত্রসহ সন্ত্রাসীকে আটক করল র‍্যাব

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ সাহেদুল্লাহ সাহেদ নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। গত রবিবার রাত ১২টার দিকে উপজেলার সলিমপুর এলাকার রেললাইন থেকে তাঁকে আটক করা হয়। সাহেদ সন্দ্বীপ উপজেলার আমান উল্লাহ গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডের সলিমপুর এলাকার রেললাইনে র‍্যাব অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাহেদ আটক হন। তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটারগান পাওয়া যায়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঝোপ থেকে আরো দুটি ওয়ান শুটারগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সাহেদকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

রোহিঙ্গা ধরতে কেন্দ্রীয় তথ্যভাণ্ডার যাচাই করা হবে

0

চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় তথ্যভাণ্ডার পুনরায় যাচাই করার ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। হালনাগাদ করা পুরো তথ্যভাণ্ডার আগে থেকে তৈরি রোহিঙ্গাদের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখে তালিকায় কোনো রোহিঙ্গা থাকলে তাদের আটক করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন শেষে নির্বাচন কমিশনার সাংবাদিকদের এসব কথা বলেন।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘ভোটার তালিকায় রোহিঙ্গাদের ঢুকে পড়া নিয়ে অনেকেই ইসির দায় আছে বলে মন্তব্য করছেন। আমি বলব না যে আমাদের কোনো দায়ভার নেই।’ তিনি বলেন, ‘২০০৭-০৮ সালে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য ইসি ১০ হাজার ল্যাপটপ কেনে। কাজ শেষে সেসব ল্যাপটপের বেশির ভাগ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হয়। এখন এসব ল্যাপটপের মাধ্যমে যদি কিছু ঘটে থাকে সেটার দায়ভার নির্বাচন কমিশন অবশ্যই নেবে। আমরা অবশ্যই খুঁজে বের করব কোথায়, কিভাবে এসব ঘটনা হয়েছে।’

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ২০১৭ সালের আগস্টের পর যেসব রোহিঙ্গা বাংলাদেশে এসেছে তাদের ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ এবং ছবি সংগ্রহ করা আছে। এখন ভোটার তালিকায় থাকা ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ এবং ছবির সঙ্গে এসব মিলিয়ে দেখলেই রোহিঙ্গা ধরা যাবে। চাইলেও এসব রোহিঙ্গা ফের ভোটার হতে পারবে না।

রাজধানীতে নিজের বাসে চাপা পড়ে চালক নিহত

0

রাজধানীর সায়দাবাদে নিজের বাসে চাপা পড়ে নিহত হয়েছেন জাহাঙ্গীর আলম (২৬) নামের এক চালক। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে সায়দাবাদ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে। তিনি সুরমা সুপার পরিবহনের বাসচালক।

সুপার পরিবহন সূত্রে জানা গেছে, রাতে সায়দাবাদ বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন জাহাঙ্গীর। এ সময় ওই বাসেরই হেলপার গাড়িটি ঘোরাচ্ছিলেন। একপর্যায়ে পাশের একটি বাস ও তার নিজের বাসের মাঝে চাপা পড়েন তিনি। গুরুতর অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আবদুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত হলেন প্রধানমন্ত্রী

0

‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সফলতা জন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) এই পুরস্কারে ভূষিত করেছে প্রধানমন্ত্রীকে।

গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ‘ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি’ শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনাকে এ পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশনের (জিএভিআই) বোর্ড সভাপতি ড. এনগোজি অকোনজো ইবিলা এবং সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেথ ফ্রাংকিলন বার্ক্লে।

ড. এনগোজি অকোনজো তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও রাজনৈতিক দায়বদ্ধতার প্রশংসা করেন।

পুরস্কার গ্রহণ করে তা দেশবাসীকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভ্যাক্সিনেশন এর জন্য বাংলাদেশের কঠোর পরিশ্রম আজ বিশ্বব্যাপী স্বীকৃত। টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সুস্থ ও নতুন প্রজন্ম দরকার।

শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা নিয়ে সার্বজনীন স্বাস্থ্য সেবা অধীনে ইমুনাইজেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, ২০৩০ সালের অনেক আগেই বাংলাদেশে সকলের জন্য ভ্যাকসিন এর লক্ষ্যমাত্রা পৌঁছানো সম্ভব হবে। স্বাস্থ্যখাতে ইমুনাইজেশনকে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্যগাথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এক্ষেত্রে গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স এবং অন্যান্য অংশীদারদের অব্যাহত সমর্থন ও অবদানের জন্য ধন্যবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রোহিঙ্গাদের ভুয়া এনআইডি, তদন্ত শুরু দুদকের

0

দুর্নীতি দমন কমিশন (দুদক) রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার অভিযোগ বিষয়ে তদন্ত শুরু করেছে।

দুদকের মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য আজ সোমবার গণমাধ্যমকে বলেন, কমিশনের এক নিয়মিত বৈঠকে নির্বাচন কমিশনের দুই কর্মকর্তাসহ সাত ব্যক্তির বিরুদ্ধে কক্সবাজার ও চট্টগ্রামে বসবাসরত কিছু রোহিঙ্গাকে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার অভিযোগ বিষয়ে তদন্ত পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ একটি এনফোর্সমেন্ট টিম উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অনুসন্ধানে দুদক প্রধান কার্যালয়ের অনুমতি চাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত হয়। টিমটিকে ৩০ অক্টোবরের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

অভিযোগ উঠেছে যে, তারা মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের এনআইডি দিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

চট্টগ্রাম জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান ও চট্টগ্রামের পাঁচলাইশ থানার সাবেক নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। লতিফ শেখ বর্তমানে পাবনার জেলা নির্বাচন কর্মকর্তা।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাশ, উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন ও উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলীর সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম উক্ত জালিয়াতির সঙ্গে অভিযুক্তদের সংশ্লিষ্টতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে তদন্ত চালানোর এই অনুমতি চায়।

কর্মকর্তারা জানান, এর আগে দুদক তাদের প্রাথমিক তদন্তের অংশ হিসেবে চট্টগ্রাম ও কক্সবাজারে ইসি ও তিনটি পাসপোর্ট অফিস থেকে ১৫০টি পাসপোর্ট আবেদনের নথিপত্র সংগ্রহ করে।

বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেবে ফেসবুক

0

বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন মেনে চলতে ফেসবুক পূর্ণ সম্মতি দিয়েছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

আজ সোমবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে এক বৈঠকে ‘টেক জায়ান্ট’টির একটি প্রতিনিধি দল এই প্রতিশ্রুতি দেয় বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ফেসবুক প্রতিনিধি দল বাংলার চিরায়ত সংস্কৃতি, মূল্যবোধ এবং ডিজিটাল নিরাপত্তা আইনসহ বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলা এবং আইন শৃঙ্খলা বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিতে পূর্ণ সম্মতি দেয়।

এছাড়া বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ, রিসেলার নিয়োগ, জাতীয় রাজস্ব বোর্ডকে কর প্রদানে প্রতিনিধি নিয়োগ এবং বাংলা ভাষার সঠিক অনুবাদ ও প্রয়োগের সবধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেয় ফেসবুক।