Home Blog Page 3490

১৬৮ জনকে চাকরি দেবে ডাক বিভাগ

0

বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে ৯টি পদে ১৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ডাক বিভাগ
দফতরের নাম: পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী
পদের বিবরণ
Post-master-in
বয়স: ০৬ অক্টোবর ২০১৯ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর
আবেদনের নিয়ম: আগ্রহীরা www.pmgnc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি (১০০ কেবি) ও ৩০০-৮০ (৬০ কেবি) সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: আবেদনের জন্য টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের সময়: ১৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখ সকাল ১০টা থেকে ০৬ অক্টোবর ২০১৯ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

ঢাবি সিনেট থেকে শোভনের পদত্যাগ

0

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট থেকে পদত্যাগ করেছেন ছাত্রলীগের সদ্য পদচ্যুত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

আজ সোমবার বিকেল ৪টায় শোভনের পক্ষে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন ছাত্রলীগের দফতর সম্পাদক আহসান হাবিব ও ডাকসু সদস্য রফিকুল ইসলাম সবুজ।

আবেদনপত্রে শোভন ব্যক্তিগত সমস্যার কারণ উল্লেখ করেছেন।

চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে গেল ১৪ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের শীর্ষ পদ থেকে অপসারণ করা হয় শোভন ও রাব্বানীকে।

মেট্রোরেল পুলিশ ইউনিট গঠনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

0

মেট্রোরেলের নিরাপত্তার জন্য পৃথক পুলিশ ইউনিট গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় মেট্রোরেল প্রকল্পের অগ্রগতি নিয়ে আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) গণভবনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখার সময় এই নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের নিরাপত্তার জন্য মেট্রোরেল পুলিশ থাকবে। তাদের ট্রেনিং দিতে হবে। তিনি বলেন, দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি ৩০.০৫ শতাংশ।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে মেট্রোরেল প্রকল্পের অগ্রগতির চিত্র তুলে ধরেন ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। এতে দেখা যায়, প্রকল্পের প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে কাজের অগ্রগতি ৪৬.০০ শতাংশ। এছাড়া দ্বিতীয় পর্যায়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে কাজের অগ্রগতি ২৩.৫০ শতাংশ এবং ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সিস্টেম ও রোলিং স্টক (রেলকোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ১৯.৮৭ শতাংশ।

ঢাকা ও আশপাশের এলাকার যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে আধুনিক গণপরিবহন ব্যবস্থা হিসেবে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) বা মেট্রোরেলের পরিকল্পনা, সার্ভে, ডিজাইন, অর্থায়ন, নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ২০১৩ সালের ৩ জুন ডিএমটিসিএল গঠন করা হয়।

এর ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য পরিকল্পনা নেয় সরকার। এর মধ্যে এমআরটি-৬ এ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের কাজ সবচেয়ে বেশি এগিয়েছে। প্রথম পর্যায়ে এই প্রকল্প বাস্তবায়নে ২০২৪ সাল পর্যন্ত সময় ধরা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে পরে তা এগিয়ে আনা হয় বলে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন।

প্রকল্পের প্রথম ধাপ উত্তরা থেকে আগারগাঁওয়ে এ বছরের শেষ নাগাদ ট্রেন চালুর আশা প্রকাশ করছেন সরকারের কর্মকর্তারা। দ্বিতীয় ধাপ আগারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে গত অক্টোবরে বলেছিলেন মন্ত্রী ওবায়দুল কাদের। তবে প্রকল্প বাস্তবায়নকারী জাপান সরকারের দাতা সংস্থা জাইকার একটি প্রতিনিধি দল গত ফেব্রুয়ারিতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাতে এমআরটি-৬ প্রকল্পের কাজ ২০২২ সালে শেষ হবে বলে জানিয়েছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূঁইয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ঢাকার সাবেক পুলিশ কমিশনার বর্তমানে জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়াকে এই প্রক্রিয়ায় যুক্ত করেন প্রধানমন্ত্রী।

ঢাকায় বাড়তি ঝাঁজ পেঁয়াজের

0

ঢাকায় পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি দেশি ও আমদানি করা পেঁয়াজ সর্বোচ্চ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কোথাও ৭০, কোথাও আবার ৭৫ টাকা কেজিতেও পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে।

ঢাকার শ্যামবাজারের পেঁয়াজের আড়তগুলোতেও দেশি পেঁয়াজ ৬০-৬৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন বলে জানা গেছে। কারওয়ান বাজারের পেঁয়াজের আড়তগুলোতে প্রতি কেজি দেশি পেঁয়াজ পাইকারি ৬০-৬৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

কারওয়ান বাজারের আড়তদার হাবিব কালের কণ্ঠকে বলেন, ‘গত রাতে এলসির পেঁয়াজগুলো আনা হয়েছে। এ জন্য বাড়তি দামে বিক্রি হচ্ছে।’ তবে পেঁয়াজ কেনার রসিদ দেখতে চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান।

হাবিবের আড়ত থেকে মিনিট খানেকের হাঁটা দূরত্বেই এক খুচরা বিক্রেতা পেঁয়াজ বিক্রি করছেন। তিনি দেশি পেঁয়াজ ৭৫ ও আমদানি করা পেঁয়াজ বিক্রি করছেন ৭০ টাকায়। এই বিক্রেতা থেকে আরো মিনিট খানেকের হাঁটা দূরত্বে এক নারী পেঁয়াজ, রসুন ও আদা বিক্রি করছিলেন। তিনি প্রতি কেজি দেশি ও আমদানি করা পেঁয়াজ বিক্রি করছেন ৮০ টাকায়।

একইভাবে গুলশান গুদারাঘাট কাঁচাবাজারের কয়েকটি মুদি দোকান ঘুরে দেখা গেল, কেউ ৭৫ টাকা আবার কেউ ৮০ টাকা কেজি দরে এই পেঁয়াজ বিক্রি করছে। দামের পার্থক্যের কারণ জানতে চাইলে আনিস নামের এক বিক্রেতা জানান, ‘ভারতে পেঁয়াজের দাম বেড়েছে। এ কারণে দেশেও দাম বেড়েছে।’

বাড়তি দামের পেঁয়াজ দোকানে তুলেছেন কি না জানতে চাইলে আরেক মুদি দোকানি শরিফুল ইসলাম বলেন, ‘সবাই তো আগের পেঁয়াজই বেশি দামে বিক্রি করছে। আমি তো ৭৫ টাকায় বিক্রি করছি, কিন্তু পাশের দোকানেই ৮০ টাকা। ধরলে তারে ধরেন।’

গত শুক্রবার খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৫ টাকা কেজি দরে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকায়। দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ২৫-৩০ টাকা। এভাবে লাগানহীন দাম বাড়ার বিষয়টিকে ব্যবসায়ীদের কারসাজি বলছেন ভোক্তারা।

৯৭ শতাংশ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন

0

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৭ শতাংশ ডেঙ্গু রোগী।

চলতি বছরের শুরু থেকে আজ সোমবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হয়েছেন ৮১ হাজার ৮০৯ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ১২৯ জন। এ পর্যন্ত ৯৭ শতাংশ মানুষ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। সারাদেশে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৫০৭ জন। এর মধ্যে ঢাকায় ৯৮৩ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৫২৪ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ছাড়প্রাপ্ত মোট রোগীর সংখ্যা ৬৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় (১৫ সেপ্টম্বর সকাল ৮ টা থেকে ১৬ সেপ্টম্বর সকাল ৮টা) পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাপসাতালে ভর্তি হয়েছেন ৬৫৩ জন। এর মধ্যে ঢাকায় ১৯৩ জন এবং ঢাকার বাহিরে ৪৬০ জন। এ যাবত ডেঙ্গু রোগে ৬৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯, মিটফোর্ড হাসপাতালে ৩২, ঢাকা শিশু হাসপাতালে ২, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১৯, বিএসএমএমইউতে ৭, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, সম্মলিত সামরিক হাসপাতালে ৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৪ জন এবং কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ৬০ জন, সিলেট বিভাগে ৮ জন ও ময়মনসিংহ বিভাগে ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে ২০ লাখ টাকা অনুদান পেল ৪ শিল্পী

0

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই রূপসজ্জাশিল্পী কাজী হারুন ও আবদুর রহমান। কাজী হারুন মানুষের সাহায্য নিয়ে জীবনযাপন করেন। আর্থিক সংকটের কারণে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে চলছিল তার জীবন। অন্যদিকে গুরুতর অসুস্থ অবস্থায় এক বন্ধুর বাসায় নিঃসঙ্গ জীবনযাপন করছেন আবদুর রহমান। দুজনেরই আর্থিক অবস্থা করুণ। চিকিৎসার জন্য তাদের আর্থিক সাহায্য প্রয়োজন।
গত ১৪ অক্টোবর ২০১৮ ‘দৈনিক পত্রিকায় ‘রূপসজ্জাকারের মানবেতর বর্ণহীন জীবন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে তুলে ধরা হয় তাদের সেই সময়ের দুরবস্থার কথা।
গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের চিকিৎসার জন্য অনুদান দেন। এ সময় তাদের হাতে তিনি ৫ লাখ টাকার চেক তুলে দেন। এছাড়াও জনপ্রিয় তারকা শিল্পী ডলি সায়ন্তনী ও বাদশা বুলবুলের বোন গায়িকা পলি সায়ন্তনী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন।
মরণব্যাধির বিরুদ্ধে লড়াই করতে করতে তিনি ও তার পরিবার অর্থ সংকটের মুখোমুখি। বাধ্য হয়ে দেশবাসীর কাছে চেয়েছিলেন অর্থ সাহায্য। শিল্পী ঐক্যজোটের মাধ্যমে অনুদানের আবেদন করেছিলেন প্রধানমন্ত্রীর কাছে। তাকেও চিকিৎসার জন্য ৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। এ সময় অভিনেতা মহিউদ্দিন বাহারের হাতেও ৫ লাখ টাকার অনুদান তুলে দেয়া হয়।
পলি সায়ন্তনী জানান, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় গণভবনে যান তিনি।সেখানে তার হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় পলির সঙ্গে ছিলেন ডলি সায়ন্তনী। এই অনুদান দেয়ায় প্রধানমন্ত্রীকে ‘মমতাময়ী’ বলে সম্মান জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পলি।
সেইসঙ্গে শিল্পী ঐক্যজোটের সভাপতি ডি এ তায়েব ও সাধারণ সম্পাদক জি এম সৈকতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পলি বলেন, ‘ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকেই অমানবেতর জীবন চলছে আমার। চিকিৎসার ব্যয় বহন করতে অপারগ হয়ে পড়েছি। আমার অবস্থার কথা জেনে অনেকেই পাশে দাঁড়াচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীও তার স্নেহের পরশ রাখলেন আমার মাথায়। আমি সত্যি কৃতজ্ঞ।’
চার শিল্পীর পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিল্পী ঐক্যজোটের সভাপতি ডি এ তায়েব।

বাবা হারালেন অভিনেত্রী সোহানা সাবা

0

বাবা হারালেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। তার বাবা শওকত হোসেন সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৩টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

অভিনেত্রী সাবা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তার বাবার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি একজন বীর মুক্তিযাদ্ধা।

আজ খামারবাড়ি রাজবাড়িতে বাদ জোহর সাবার বাবাকে দাফন করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

সাবা আরও জানান, বেশ কিছুদিন ধরে তার বাবা কিডনি রোগে ভুগছিলেন। সম্প্রতি তার কিডনি পুন:স্থাপন করা হয় দিল্লি থেকে।

জীবদ্দশায় তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ছাত্রলীগের দায়িত্ব গ্রহণ করলেন নাহিয়ান-লেখক

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নতুন দায়িত্ব পাওয়া ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের যাত্রা শুরু হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে চলব, হাতকে শক্তিশালী করব। প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে থেকে ছাত্রলীগের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করব। সংগঠনের ভাবমূর্তি পুনরুদ্ধারে আপ্রাণ চেষ্টা করব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ছাত্রলীগের বর্তমান কমিটিতে কারো বিরুদ্ধে অনিয়মের কোনো অভিযোগ থাকলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। বঙ্গবন্ধুর ছাত্রলীগ কখনো আদর্শচ্যুত হতে পারে না।
দেশের আন্দোলন-সংগ্রামের সাক্ষী এ সংগঠনে অনুপ্রবেশের বিষয়ে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে, আপনাদের সহযোগিতা এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীদের যেকোনো অভিযোগ কিংবা দাবি থাকলে আমাদের জানাতে পারেন। আমাদের কাছে আসতে কোনো লবিং কিংবা মধ্যস্ততা লাগবে না।
সংগঠনকে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব কাজ করবে বলেও জানান তিনি।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে ছাত্রলীগের শীর্ষ পদ থেকে অপসারণ করা হয়েছে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে। সিনিয়র সহসভাপতি আল নাহিয়ান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

অপকর্ম করে কেউ ছাড় পাবে না : ওবায়দুল কাদের

0

দলের যত বড় নেতাই হোক না কেন, অপকর্ম করলে কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার রাজধানীর মতিঝিলে বিআরটিসির চলমান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যেসব নেতার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে গেছে, তারা কেউই ছাড় পাবে না। তবে সবার বিরুদ্ধেই দলীয় ব্যবস্থা নেওয়া হবে না। অনেকের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সেতুমন্ত্রী বলেন, নেতাকর্মীদের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব সংস্থার পাশাপাশি বিভিন্ন সংস্থার প্রতিবেদনও প্রধানমন্ত্রীর কাছে রয়েছে।
ছাত্রলীগের মতো যুবলীগের কমিটিও ভেঙে দেওয়া হবে কি-না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, যুবলীগ নিজেরাই নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে একটি সেল গঠন করেছে। তারা নিজেরাই শোধরানোর পথ বেছে নিয়েছে।

রংপুরে এরশাদের আসন জাপাকে ছেড়ে দিল আ.লীগ

0

রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিল আওয়ামী লীগ। দলীয় প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম রাজু ।
এরআগে, রেজাউল করিম রাজু মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে গেলে বাধা দেন ছাত্রলীগ ও যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ১৪ জুলাই এ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের নয় জন মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপি এবং যথাযথভাবে মনোনয়নপত্র দাখিল না করায় দুই জনের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। আগামী ৫ অক্টোবর এ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে।