Home জাতীয় ডিপিএলে শীর্ষে তামিমরা

ডিপিএলে শীর্ষে তামিমরা

101
0
SHARE

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ছন্দে থাকা রনি তালুকদারের ব্যাট হাসল আবারও। বিস্ফোরক ইনিংসে এই ওপেনার দলকে এনে দিলেন লড়াই করার পুঁজি। বাকিটা সারলেন বোলাররা।

সোমবার (১৪ জুন) ওল্ড ডিওএইচএসকে ২২ রানে হারিয়েছে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন প্রাইম ব্যাংক। এতে ডিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি নিজেদেরই করে রাখলেন তামিমরা।

বিকেএসপির তিন নম্বর মাঠে ব্যাট হাতে ফিফটি করেছেন রনি তালুকদার, বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। প্রাইম ব্যাংকের করা ১৪৭ রানের জবাবে ডিওএইচএস অলআউট হয়ে যায় ১২৫ রানে।

এদিন, টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওল্ড ডিওইচএস। প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেননি তামিম ইকবাল। ইনিংসের অষ্টম ওভারে দলীয় পঞ্চাশ পার করিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ২৫ রান করতে খেলে ফেলেন ২৮টি বল। অধিনায়ক বিজয় ১৫ রান করতে খেলেন ১৭ বল।

অন্যপ্রান্তে অবিচল ছিলেন রনি তালুকদার। চলতি আসরে নিজের দ্বিতীয় ফিফটি করে ইনিংসের ১৪তম ওভারে আউট হন তিনি। সাজঘরের ফেরার আগে ৩৯ বলে ৫ চার ও ৩ ছয়ের মারে ৫৪ রান করেন তিনি। শেষদিকে মোহাম্মদ মিঠুন ১২ বলে ১৬ ও অলক কাপালি ৭ বলে ১২ রান করলে ১৪৭ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক।

জবাবে শুরু থেকেই পিছিয়ে পড়তে থাকে ডিওএইচএস। সর্বোচ্চ ২৬ রান করেন মাহমুদুল হাসান জয়। ২১ রান করেন রাফসান রহমান। প্রাইম ব্যাংকের শরিফুল ইসলাম ৩টি উইকেট নেন। এছাড়া মনির হোসেন, অলক কাপালি ও নাহিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।

এ জয়ের ফলে সবার আগে সুপার লিগ নিশ্চিত করেছে তামিম-বিজয়া। লিগের ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই প্রাইম ব্যাংক। অন্যদিকে, ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে ঘুরছে ডিওএইচএস। ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে প্রাইম দোলেশ্বর। এক ম্যাচ কম খেলা আবাহনী ১২ পয়েন্ট নিয়ে আছে তিনে।