Home জাতীয় ‘বিশ্ববাজারে দর বৃদ্ধির কারণে চালের দাম কমানো যাচ্ছে না’

‘বিশ্ববাজারে দর বৃদ্ধির কারণে চালের দাম কমানো যাচ্ছে না’

61
0
SHARE

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বিশ্ববাজারে দর উর্ধ্বগতি ও স্থানীয় পর্যায়ে চাহিদা বাড়ার কারণে চালের দাম এখনই কমানো যাচ্ছে না। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিউজ টোয়েন্টিফোরকে এসব কথা জানান তিনি।

তবে মন্ত্রীর কথার সাথে একমত নন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। তিনি মনে করেন, সরকারের সদিচ্ছা থাকলেই চালের দাম কমানো সম্ভব।

দেশে চালের ক্রমবর্ধমান চাহদিা বৃদ্ধিতে বিদেশ নির্ভরতা কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে ধান উৎপাদনের সাথে জড়িত অংশিজনদের নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠকে বসেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বৈঠকে মন্ত্রী বলেন, সরকারি ভাবে চাল আমদানী করা না হলেও ২০১৭ সালের পর থেকে বেসরকারি ভাবে কিছু সরু চাল আমদানী করা হয়। তবে স্থানীয় ভাবে আবাদি জমির পরিমান কমে যাওয়া, প্রাকৃতিক দুর্যোগ এবং বিশ্ববাজারে দর বৃদ্ধির কারণে দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

কৃষিমন্ত্রী বলেন, আমনের ফলন ভালো হলেও চালের দাম কমানো যাচ্ছে না। তাই আগামী দুই-এক বছরের মধ্যে চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনে কৃষকদের বীজ, সার ও সেচ সুবিধা নিশ্চিতে রোডম্যাপ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক একমত নন মন্ত্রীর মন্তব্যের সাথে। তিনি বলছেন, সরকার চালের বাজার নিয়ন্ত্রণে আন্তরিক হলেই এই সংকট মোকাবেলা করা সম্ভব।

স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি চাল ক্রয় করে কমমূল্যে বাজারে দেয়ার পরামর্শ এই বিশ্লেষকের।