Home রাজনীতি ডেঙ্গু নিয়ন্ত্রণে ৩ দিনের কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ : কাদের

ডেঙ্গু নিয়ন্ত্রণে ৩ দিনের কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ : কাদের

245
0
SHARE

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আওয়ামী লীগ ৩ দিনব্যাপী জনসচেতনতামূলক কর্সসূচি পালন করবে। ৩১ জুলাই থেকে সারাদেশে শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে এবং লিফলেট বিতরণ করা হবে।

আজ সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আজকের সভায় তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। ২১টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। জনসচেতনতার লক্ষ্যে আওয়ামী লীগ সারাদেশে রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত তিন দিন (৩১ জুলাই, ২ ও ৩ আগস্ট) কর্মসূচি পালন করবে।

তিনি বলেন, ওই তিন দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, বন্যাপরবর্তী পুনর্বাসন অব্যাহত থাকবে। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের ঘরবাড়ি দেয়া হবে। সব ধরনের সহযোগিতা করা হবে।

ডেঙ্গু নিয়ে মেয়র ও মন্ত্রীদের কথায় ‘স্লিপ অব টাং’ হতে পারে মন্তব্য করে কাদের বলেন, তবে কাজকর্মে তারা আন্তরিক।

গেল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মন্তব্য করেছিলেন ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো। স্বাস্থ্যমন্ত্রীর এ বক্তব্যে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনেকে। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র সাঈদ খোকনের কিছু বক্তব্যেরও প্রচুর সমালোচনা হচ্ছে।
উপজেলা নির্বাচনে যারা বিদ্রোহ করেছে তাদের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যারা বিদ্রোহ করেছে ও মদদ দিয়েছে তাদের ‘শোকজ’ এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে। যাচাই-বাছাই করে এসব ব্যবস্থা নেয়া হবে। বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে।

সম্প্রতি ট্রাম্পের কাছে নালিশ করে আলোচনায় আসা প্রিয়া সাহা প্রসঙ্গে তিনি বলেন, প্রিয়া সাহা কারও না কারও উসকানিতেই ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন। তারা কারা তা খতিয়ে দেখা হচ্ছে।

মাদারীপুরের কাঁঠালবাড়ীতে ২৫ জুলাই ভিআইপি বিড়ম্বনায় এক কিশোরের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, খতিয়ে দেখা হবে। যারা দোষী কাউকেই ছাড় দেয়া হবে না।

বৈঠক চলাকালে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ,আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাসিম, এনামুল হক শামীম,প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।


Warning: A non-numeric value encountered in /home/newsseven24/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 997