Home Blog Page 3170

অর্থবিত্ত দেখে কাউকে দলীয় পদ দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কারো অর্থবিত্ত দেখে আওয়ামী লীগে কোনো পদ-পদবী দেওয়া যাবে না। অমুকের পয়সা আছে, দল চালাতে সুবিধা হবে-এই বিবেচনায় কাউকে পদ দেওয়া যাবে না। এটি আমাদের দলের রাজনীতি ও আদর্শ নয়। আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, পরপর তিনবার ক্ষমতায় থাকার কারণে দলের মধ্যে অনেক সুবিধাবাদি ও অনুপ্রবেশকারী ঢুকেছে। যারা এক সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে এবং নেতাকর্মীদের নির্যাতন করেছে। তারা এখন এই সংগঠনের মধ্যে ঢুকে পড়েছে। যারা সুবিধাভোগের জন্য দল করছেন তাদের চিহ্নিত করে পদ থেকে সরিয়ে দিতে হবে। দল ও আদর্শের প্রতি নিষ্ঠা এবং নেত্রীর প্রতি একাগ্রতাই হবে দলীয় পদ পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা।

হাছান মাহমুদ বলেন, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায়। এই কৃতিত্ব জননেত্রী শেখ হাসিনার। তিনি সমস্ত প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার মধ্যে ধীরস্থির থেকে সমস্যা মোকাবেলা করে ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশে পদার্পণ করেন। এরপর বঙ্গবন্ধুহীন বাংলাদেশ আওয়ামী লীগকে মায়ের মমতায় বোনের স্নেহে লালন করে বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসেছেন। আরো প্রত্যয়ী হয়ে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন এবং আওয়ামী লীগকে চারবার রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ যখনই সংকটে পড়েছে তখন অনেক বড় নেতা বোল পাল্টিয়েছে, অনেকে দল ছেড়ে চলে গেছে। এটি শুধু শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেছে তা নয়। জাতীর পিতা বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে তখনও ঘটেছে। ১৯৪৯ সালে আওয়ামী লীগের জন্মের পর থেকে সমস্যার বাঁকে বাঁকে অনেক নেতা বাঁকা হয়ে দল থেকে চলে গেছে। দলের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। কিন্তু তৃণমূলের কর্মীরা কখনো দলের সাথে বেঈমানি করেনি। তৃণমূল সবসময় দল ও নেতার সাথে ঐক্যবদ্ধ থেকেছে, বিশ্বস্থতার সাথে কাজ করেছে। সেই কারণে আওয়ামী লীগ আজ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং পরপর চারবার রাষ্ট্র ক্ষমতায়।

আওয়ামী লীগের এই নেতা বলেন, পরপর রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আমাদের অনেকের মধ্যে আলস্যতা এসেছে। এই আলস্য ঝেড়ে ফেলতে হবে। দলের কারণে সরকার, সরকারের কারণে দল নয়। আমাদের মূল ঠিকানা দল। সুতরাং সবাইকে দলকে গুরুত্ব দিতে হবে। আমরা যারা নির্বাচিত এমপি, মন্ত্রী থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান পর্যন্ত সবার মূল ঠিকানা হচ্ছে দল। সবাই এখন দলীয় প্রতিক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। দলের কারণে সবাই আমরা পদের মধ্যে আছি। সুতরাং দায়িত্ব পালন করার সময় দলের নেতাকর্মীদের গুরুত্ব দিতে হবে।

দলের তরুণ নেতাকর্মীদের বিনয়ী হবার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বদলে গেছে। যেই ছেলে ১০ বছর আগে বিদেশ গেছে সে দেশে এসে তার শহর চিনতে পারছে না, গ্রামও চিনে না। কিন্তু এত উন্নয়নের মধ্যেও যখন আমাদের কর্মীরা উদ্যত আচরণ করে তখন মানুষ বিরক্ত হয়। আমরা কেউ যেন উদ্যত আচরণ না করি। কারো উদ্যত আচরণ ও অপকর্মের দায় দল কখনো নিবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুখ প্রিন্স এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতা সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, নুরুল ইসলাম ঠান্ডু, প্রফেসর মেরিনা জাহান কবিতা, বেগম আখতার জাহান।

সাইফের অভিষেক; তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধন

0

রাওয়ালপিণ্ডি টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথম দিন ব্যাট করছে বাংলাদেশ। সাদমান ইসলাম ও ইমরুল কায়েস না থাকায় সাইফ হাসানের অভিষেক অনেকটাই নিশ্চিত ছিল। দেশসেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গে ইনিংস উদ্বোধন করছেন সাইফ।

দলে ফেরা নাজমুল হোসেন শান্ত ও রুবেল হোসেন ঢুকে গেছেন একাদশেও। জায়গা হয়নি সৌম্য সরকার, আল আমিন হোসেন, নাঈম হাসানের। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ টেস্টের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। টিকে গেছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য দলে আসা অফ স্পিনার বিলাল আসিফের জায়গা হয়নি একাদশে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, রুবেল হোসেন।

পাকিস্তান একাদশ: আজহার আলি, আবিদ আলি, শান মাসুদ, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ।

লন্ডনে স্ত্রী ও দুই সন্তান হত্যায় বাংলাদেশির ৪০ বছরের জেল

0

লন্ডনের ইস্টহামে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে এক বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড (৪০ বছর) দিয়েছেন দেশটির আদালত।

গতকাল বৃহস্পতিবার মো. আব্দুল শাকুর (৪৬) নামের ওই ব্যক্তিকে এ সাজা দেন লন্ডনের দ্য ওল্ড বেইলি আদালত।

২০০৬ সালে ইস্ট হ্যামের নেলসন স্ট্রিটের বাড়িতে তাদের হত্যার পর একটি রেস্টুরেন্টের শেফ হিসেবে কর্মরত আব্দুল শাকুর লন্ডন থেকে পালিয়ে যান।

ঘাতক মো. আব্দুল শাকুর ১৯৯৯ সাল থেকে পূর্ব লন্ডনের ইস্টহামে স্ত্রী জুলি বেগমকে (২৬) নিয়ে বসবাস করতেন। ২০০৭ সালের জানুয়ারির শুরুতে ওই বাসার বেডরুম থেকে স্ত্রী ও দুই সন্তান তানহা খাতুন (৬) ও আনিকা খাতুনের (৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

আব্দুল শাকুর তাদের হত্যার পর পালিয়ে প্রথমে বাংলাদেশে পরে ভারতে গিয়ে আত্মগোপন করেন। দীর্ঘ তদন্তে পুলিশ নিশ্চিত হয় তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ২০১৯ সালের এপ্রিলে কমনওয়েলথের মাধ্যমে শাকুরকে যুক্তরাজ্যে ফেরত নিয়ে বিচারের মুখোমুখি করা হয়।

গজনীতে পিকনিক পার্টিকে জিম্মি করে ছিনতাই, আটক ৬

0

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে আগত পিকনিক পার্টিকে জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়েছে।

একটি মামলার সূত্র ধরে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোখলেছুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইগাতী উপজেলার বড় গজনী এলাকার প্রবীণ হাগিদকের ছেলে কয়েন, অনুকুল হাগিদকের ছেলে লিলি গাগরা, ধানশাইল এলাকার মৃত আশরাফ আলীর ছেলে জহুরুল ইসলাম, রামেরকুড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আনোয়ারুল ইসলাম শিক্কু, ডাকাবর এলাকার শহিদুলের ছেলে জয়নাল মিয়া ও শহিদুলের ছোট ছেলে আয়নাল হক।

গত ৩১ জানুয়ারি রংপুর থেকে গজনী অবকাশ পিকনিক স্পটে আসা দর্শনার্থীদের জিম্মি করে নগদ অর্থ ও মালামাল নিয়ে যায় অভিযুক্তরা। পরে ভুক্তভোগীরা ঝিনাইগাতী থানায় মামলা করলে বুধবার উত্তর ধানশাইল চকপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে জাকির হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অবকাশ কেন্দ্রের একটি জঙ্গলে অভিযান চালিয়ে আদিবাসী যুবক কয়েনকে গ্রেফতার করা হয়। এ সময় তার পকেট থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে পাশের জঙ্গল থেকে দেশি পাঁচটি রামদাসহ বাকিদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সকাল থেকেই বইমেলা জমে ওঠার আশা

0

অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের পর প্রথম কয়েকদিন পাঠকদের প্রস্তুতি নিতেই পার হয়ে যায়। এরপর জমে ওঠে মেলা। এবার বইমেলা শুরুর প্রথম পাঁচ দিনে কোনো ছুটি দিন ছিল না। তাই আজ শুক্রবার ছুটির দিনে পাঠকরা বইমেলায় আসবেন এমনটাই প্রত্যাশা প্রকাশক, লেখকসহ সংশ্লিষ্টদের। এছাড়া আজ অমর একুশে গ্রন্থমেলায় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে।

অন্যান্য দিন বিকালে বইমেলা খোলা হলেও আজ শুক্রবার সকাল ১১টা থেকেই বইমেলা খোলা থাকছে। আর এজন্য বইমেলার বিক্রেতারা আশা করছেন সকাল থেকেই জমে উঠবে মেলা। মেলা চলবে বিরতিহীনভাবে রাত ৯টা পর্যন্ত।

বইমেলায় গত পাঁচ দিনে প্রকাশিত বইগুলোর তালিকায় কবিতার বই এগিয়ে। তবে কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, ইতিহাস ও প্রবন্ধ রয়েছে।

বইমেলায় প্রতিদিনই বেশ কিছু বই প্রকাশ হচ্ছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ৮১টি কবিতার বই প্রকাশিত হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ উপন্যাস ৬৯টি। ৩৩টি গল্পের বইয়ের পাশাপাশি রয়েছে ১৬টি প্রবন্ধের বই। মুক্তিযুদ্ধ এবং শিশুতোষ বই রয়েছে ১৪টি করে। ১০টি করে বই গোয়েন্দা এবং ইতিহাস বিষয়ে।

এবার বইমেলার প্রায় সব প্রকাশনীতেই বঙ্গবন্ধুর কমবেশি বই দেখা গেছে। পুরোনোর চেয়ে নতুন বইয়ের সংখ্যাই বেশি। গতকালও খোঁজ নিয়ে দেখা যায়, এখন পর্যন্ত বাংলা একাডেমির সর্বোচ্চ বিক্রীত বই বঙ্গবন্ধুর লেখা তৃতীয় গ্রন্থ ‘আমার দেখা নয়াচীন’।

এবার বইমেলা শুরুর পর প্রথম পাঁচ দিনে কোনো ছুটি না থাকায় প্রথমে আশানুরূপ পাঠক হয়নি। তবে মেলার তৃতীয় দিন থেকে পাঠকের আনাগোনা কিছুটা বেড়েছে।

বইমেলায় শিশুদের জন্যে রয়েছে নানা আয়োজন। আজ অমর একুশে গ্রন্থমেলায় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। ছুটির দিনে শিশুদের জন্যে মেলাপ্রাঙ্গণে হাজির হচ্ছে সিসিমপুরের শিশুদের প্রিয় চরিত্রগুলো। তারা শিশুদের সঙ্গে মিশবে, খেলা করবে। দিনে মোট তিন বার সিসিমপুরের চরিত্রগুলোর সন্ধান পাওয়া যাবে।

করোনাভাইরাস নিয়ে প্রথম সতর্ককারী চিকিৎসক লি ওয়েনলিয়াং মৃত্যু

0

করোনাভাইরাস সম্পর্কে আগেই সতর্ক করে দেয়া সেই চিকিৎসক লি ওয়েনলিয়াং মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভাইরাসের কেন্দ্রস্থল উহানে ওই চিকিৎসক মারা যান বলে বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। ১২ জানুয়ারি থেকে লি ওয়েনলিয়াং হাসপাতালে ভর্তি থাকলেও তার শরীরে করোনাভাইরাসের বিষয়টি ধরা পড়ে গত ১ ফেব্রুয়ারি। রোগীর দেহ থেকে লির শরীরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে বলে জানা যায়। ২৭ বছর বয়সী এ চিকিৎসকের মৃত্যুর খবর নিয়ে চীনা গণমাধ্যম বিভ্রান্তি ছড়িয়েছে বলে বিবিসি জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চীনের গ্লোবাল টাইমস প্রথমে লির মৃত্যুর খবর দেয়, পরে তা প্রত্যাহার করে বলে ওই চিকিৎসক সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন। চীনের পিপলস ডেইলিও লির মৃত্যুর খবর জানিয়ে টুইট করেছিল। প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে নাজুক পরিস্থিতি চীনের। একদিকে শত শত মানুষের মৃত্যু, আরেকদিকে বিশ্বে আর্থ-সামাজিকভাবে প্রায় একঘরে হয়ে পড়েছে দেশটি।

ভয়ংকর এ পরিস্থিতির মাত্র এক মাস আগেই ভাইরাসটির মহামারী নিয়ে কর্তৃপক্ষকে বারবার হুশিয়ারি দিয়েছিলেন লি ওয়েনলিয়াং। সেই হুশিয়ারি তখন পাত্তাই দেয়নি সরকার। উল্টো তাকে ভয় দেখিয়ে মুখবন্ধ করে দেয় উহান পুলিশ। সেই ডাক্তারকেই এখন ‘হিরো’র আসনে বসাচ্ছে পুরো চীন।

বিবিসি জানায়, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের খবর সংগ্রহ করা হচ্ছিল। করোনার প্রাদুর্ভাবের সময় চিকিৎসক লি ওয়েনলিয়াং সহকর্মী ডাক্তারদের সতর্ক করার চেষ্টা করছিলেন। কিন্তু সে সময় তাকে কেউ গুরুত্ব দেয়নি। এমনকি পুলিশ তাকে শাসিয়ে চুপ করিয়ে দেয়। এক মাস পরে সেই চিকিৎসকই সবার কাছে হিরো হয়ে উঠেছেন।

হাসপাতালের বিছানা থেকে চিকিৎসক লি চীনের সোশ্যাল মিডিয়াতে ওয়েবোতে জানিয়েছেন সেসব কথা। ওয়েবোর পোস্টে ওই চিকিৎসক বলেন, ‘আমি লি ওয়েনলিয়াং। উহান সেন্ট্রাল হাসপাতালের একজন চক্ষুবিশেষজ্ঞ।’ চিকিৎসক লি গত বছরের ডিসেম্বর মাসে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে কাজ করছিলেন। সে সময় তিনি সাতজনের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ দেখতে পান।

প্রথমে লি ভেবেছিলেন, এটি সার্স ভাইরাস। ২০০৩ সালে বিশ্বজুড়ে এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। লি ভাবেন, এই ভাইরাসের সংক্রমণ উহানের হুয়ানান সামুদ্রিক খাবারের বাজার থেকে হয়েছে। ভাইরাসে আক্রান্তদের তার হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়। ৩০ ডিসেম্বর লি তার ফেলো চিকিৎসকদের একটি চ্যাট গ্রুপে বার্তা দেন। সেখানে তিনি ফেলো চিকিৎসকদের করোনাভাইরাস নিয়ে সতর্ক করেন।

সংক্রমণ থেকে বাঁচতে প্রতিরোধমূলক কাপড় পরার পরামর্শ দেন। চিকিৎসক লি তখনও জানতেন না, এ করোনাভাইরাসটি একেবারেই নতুন। ডিসেম্বর মাসে করোনাভাইরাস নিয়ে কাজ করার সময় চিকিৎসক লি পাবলিক সিকিউরিটি ব্যুরোর কর্মকর্তার সঙ্গে সফর করেন। তারা তাকে একটি চিঠিতে সই করতে বলেন। ওই চিঠিতে লির বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করার অভিযোগ ওঠে। বলা হয়, এ ধরনের ভাইরাসের সংক্রমণের কথা বলে তিনি সমাজের ক্ষতি করছেন।

চিকিৎসক লিকে হাতে লেখা ওই চিঠিতে পাবলিক সিকিউরিটি ব্যুরোর কর্মকর্তারা বলেন, ‘আমরা আপনাকে সতর্ক করছি। যদি আপনি এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান তাহলে আপনাকে বিচারের আওতায় আনা হবে। আপনি কি বুঝতে পেরেছেন?’ চিকিৎসক লি উত্তরে জানান তিনি বিষয়টি বুঝেছেন। পুলিশ বলছে, গুজব ছড়ানোর কারণে যে আটজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল চিকিৎসক লি ছিলেন তাদের মধ্যে একজন।

জানুয়ারি মাসের শেষ দিকে চিকিৎসক লি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা জানিয়ে একটি চিঠি দেন। এ সময়ের মধ্যে স্থানীয় কর্তৃপক্ষ তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে সে ঘটনাটিও দেরিতে ঘটে।

পীরগাছায় সুজন হত্যা রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪

0

রংপুরের পীরগাছায় মোবাইল ফোনের সূত্র ধরে রাজমিস্ত্রি সুজন হত্যার নয় দিন পর রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পরকীয়া প্রেমিকা নিলুফা আক্তার নিশাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারকৃতদের মধ্যে নিশা আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার অন্নদানগর ইউনিয়নের রেজাউল করিমের স্ত্রী নিলুফা আক্তার নিশা (২৪), আব্দুল জলিলের স্ত্রী নাসিমা আক্তার (৪৫), ছেলে নাজমুল হক (৩৫) ও একাই এলাকার নিজাম উদ্দিনের ছেলে নুরুল হক (৩৭)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাব জয়সেন গ্রামের (ডারার পাড়) ইদ্রিস আলীর ছেলে সুজনের নাম্বারে গত ২৫ জানুয়ারি রাত ১০টার দিকে অজ্ঞাত একটি নাম্বার থেকে ফোন আসে। ওই সময় ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যায় সুজন। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।

গত ২৯ জানুয়ারি দুপুরে বাড়ির পাশের একটি ফাঁকা মাঠে সুজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। পরে পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘মোবাইল ফোনের সূত্র ধরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে নিশা বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

0

ধনু (23 Nov – 21 Dec)
প্রিয় ধনু, কর্মক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করুন। কাজের প্রতি আজ মনোযোগী হতে পারেন। আজ মানুষকে কড়া কথা না বলে কাজকে উপাসনার মতো ভাবতে শিখুন। জীবন অনেক সহজ হয়ে আসবে। আপনি ভালো থাকুন। শুভ কামনা করি।

মকর (22 Dec – 20 Jan)
মকর, আপনি তো একটু আধ্যাত্মিকমনা। তাই দিনের শুরুতে কোনো আধ্যাত্মিক চিন্তা করতে পারেন। আপনার পরিশ্রমের স্বীকৃতি ও প্রশংসা অর্জিত হতে পারে আজ। স্বাস্থ্য ভালো যাবে। দূরের যাত্রা ও রোমান্স শুভ।

কুম্ভ (22 Jan – 18 Feb)
কর্মক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করুন। আজ কোনো ভালো সংবাদ পেতে পারেন। যদি প্রেম করেন তবে সঙ্গীকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসুন। তাহলে সঙ্গী হবে কাজের সাথি। প্রেম ও যোগাযোগ শুভ। ভালো থাকুন।

মীন (19 Feb – 20 Mar)
আজ আপনি কোনো বন্ধুদের সঙ্গে টাকার সম্পর্কে জড়াবেন না; ঝামেলা হতে পারে। বন্ধুত্বও যাবে। তবে পুরনো বিবাদের অবসান ঘটবে। সব মিলিয়ে দিনটি মন্দ যাবে না। সামাজিক কর্মকাণ্ডে প্রশংসা পাবেন। যাত্রা ও প্রেম শুভ।

মেষ (21Mar – 20 Apr)
প্রিয় মেষ, আজ আপনার আশপাশে ঘটে যাওয়া অনেক ঘটনা নতুন দিকনির্দেনা দিতে পারে। আপনার কোনো ধরনের সমস্যা ছাড়া আপনার পরিকল্পনা হিসাবমাফিক হওয়ার জন্য উপযুক্ত সময়। আর্থিকভাবে আপনার শক্ত অবস্থান থাকবে। সামাজিকতায় আপনি প্রশংসিত হবেন। রোমান্স শুভ।

বৃষ (21 Apr – 20 May)
আপনি আজ যদি একটু মাথা ঠাণ্ডা রাখেন; তবে সামাজিক যোগাযোগে প্রভাব বিস্তার করবেন। যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের কেউ কেউ সুসংবাদ পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক সুন্দর ও মনোরম থাকবে। ভ্রমণ ও রোমান্স শুভ।

মিথুন (22 May – 21 Jun)
প্রিয় মিথুন, রাশির অবস্থান বিবেচনায় বলা যায় আজ আপনার আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তি অনেক বেশি থাকবে। হঠাৎ কোনো অর্থ হাতে আসতে পারে। তবে ঠাণ্ডা মাথায় সেসব সামলে নেবেন। কর্মক্ষেত্রে আপনার গুণগতমান প্রকাশ পাবে। সৃজনশীল কাজের অগ্রগতি, যাত্রা ও রোমান্স শুভ।

কর্কট (22 Jun – 22 Jul)
কর্কট, আজ আপনার প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক ও আত্মসন্তুষ্টি হতে পারে। সব মিলিয়ে চমৎকার সময় আজ অতিবাহিত করবেন। হঠাৎ করে গল্পের বই পড়তে আগ্রহী হয়ে উঠতে পারেন। রোমান্স ও যাত্রা শুভ নির্দেশ করে।

সিংহ (23 Jul – 23 Aug)
প্রিয় সিংহ, সিংহ মানে বনের রাজা। তাই আমি বলছি, আজ আশপাশে আপনার সামর্থ্যের প্রশংসা শুনবেন, যা আপনার প্রাপ্যই ছিল। আপনার জন্য আজ সুসংবাদ অপেক্ষা করছে। কেউ টাকা ধার চেয়ে বসতে পারে। ধার দিলে সে টাকা ফেরত পাবেন না। ভালো থাকুন।

কন্যা (24 Aug – 23 Sep)
আজ আপনার মানসিক চিন্তাধারায় পরিবর্তন আসতে পারে এবং পরিবারের প্রতি দায়িত্ব বাড়িয়ে দিতে পারেন। আপনার অর্থযোগ আজ ভালো। কোনো উদ্দেশ্য পূরণ করতে অন্যের সহযোগিতা পাবেন। ভালো থাকুন।

তুলা (24 Sep – 23 Oct)
তুলা, সব কিছু আজ শুরু করতে চাইবেন নতুন করে। কিন্তু সেই পুরনো আবার সামনে এসে বাদ সাধবে। মনোবল দৃঢ় রাখুন। দেখবেন, আজ আপনি সফল হতে পারেন। পারিবারিক সুখ বজায় থাকবে।

বৃশ্চিক (24 Oct – 22 Nov)
ব্যাবসায়িকদের জন্য একটু ব্যস্ততা বাড়বে। শিক্ষার্থীদের জন্য সময় ভালো। সৃজনশীল কাজের সুনাম পেতে পারেন। তবে বৃশ্চিক, গোপন প্রেম প্রকাশ পেতে পারে, সাবধান। স্বাস্থ্য ভালো যাবে। যাত্রা ও রোমান্স শুভ।

চুরির পণ্য জানার পরেও কেনার বিধান

0

মোবাইল থেকে শুরু করে নানা ধরনের জিনিস চুরি করে বিক্রি করেন অনেকেই। তবে সেই পণ্য চুরি করে আনা হয়েছে জানার পরেও কিনে নেওয়া জায়েজ হবে কি না, তা নিয়ে অনেকের মনেই খটকা আছে।

কেউ মনে করেন, আমি তো টাকা পরিশোধ করেই জিনিসটি কিনে নিচ্ছি; যে চুরি করেছে, দায় তার। কিন্তু সেই ধারণা আসলে ভুল। ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকার বিশেষজ্ঞরা বলছেন- বিক্রেতা চোরাই পণ্য বিক্রি করতে এসেছে জানার পর তা কিনে নেওয়া জায়েজ হবে না।

আর এই ফতোয়ার সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে- (আদ্দুররুল মুখতার : ৫/৯০, ফাতাওয়ায়ে রশিদিয়া : পৃষ্ঠা. ৪৯৯, মাহমুদিয়া : ১১/২৮০, ফাতওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৭/৪৮৩)

বিশ্বকাপের ফাইনালে টিম টাইগার

0

প্রথমবারের মতো যুব ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ পচেসস্ট্রমে নিউজিল্যান্ড যুবদলকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে টিম টাইগার। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন মাহমুদুল হাসান জয়। আগামী ৯ ফেব্রুয়ারি ফাইনালে তারা মুখোমুখি হবে শক্তিশালী ভারতের। প্রতিবেশি দেশটি চিরশত্রু পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল।

২১১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ দেখেশুনে শুরু করেছিল। কিউই পেসারদের তোপে ৩২ রানেই ২ উইকেট হারায় টাইগাররা। দুই ওপেনার তানজিদ ৩ রানে এবং পারভেজ ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরেন। এরপর তৃতীয় উইকেটে মাহমুদুল হাসান জয় আর তৌহিদ হৃদয় ৬৮ রানের জুটি গড়ে দলকে এগিয়ে দেন। ৪০ রান করে তৌহিদ আউট হলে ভাঙে এই জুটি। অন্যদিকে জয় তুলে নেন হাফ সেঞ্চুরি। তার সঙ্গে যোগ দেন শাহাদত হোসেন। এই জুটিতেই জয়ের পথে হাঁটতে থাকে টাইগাররা।

১২৫ বলে তিন অংকে পৌঁছে যান মাহমুদুল। চাপের মুখে ব্যাট হাতে নেমে এই অনন্য সেঞ্চুরি করার পরেই বলে কট অ্যান্ড বোল্ড হয়ে যান তিনি। দল তখন জয় থেকে ১১ রান দূরে। মাহমুদুলের ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি। শেষে তৌহিদ হৃদয় আর শাহাদত হোসেন দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ইনিংসের তখনও ৫ ওভার ৫ বল বাকি। শাহাদত হোসেন অপরাজিত থাকেন ৪০* রানে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১১ রান তোলে কিউইরা। ফিল্ডিংয়ে নেমেই কিউইদের চেপে ধরেছিল টাইগার যুবারা। দলীয় ৫ রানেই শামিম হাসানের বলে ক্যাচ তুলে দেন রেইস মারিউ (১)। এরপর রকিবুল হাসানের শিকার ওজে হোয়াইট (১৮)। ফার্গুস লেমান ২৪ রান করে শামিমের দ্বিতীয় শিকারে পরিণত হলে ৫৯ রানে ৩ উইকেট হারায় কিউইরা। অধিনায়ক জেসি টাসকফকে (১০) ফেরত পাঠান হাসান মুরাদ।

এরপর পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েন নিকোলাস লিডস্টোন (৪৪) এবং বি হুইলার ৬৭ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন। নিকোলাসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শরিফুল। হুইলার হাফ সেঞ্চুরি করলেও উইকেটকিপার সানডি ফিরেন মাত্র ১ রান করে। ১৪২ রানে ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। শরিফুলের দ্বিতীয় শিকার ক্লার্ক (৭)। এই পেসারের তৃতীয় শিকার জো ফিল্ড (১২)। ৮৩ বলে ৭৫ রানের অপরজিত ইনিংস খেলেন হুইলার। ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের শরিফুল।