Home Blog Page 3249

ভারতে হিন্দু নারীর শেষকৃত্য করল মুসলিম যুবকরা

0

ভারতে বিজেপি সরকার নাগরিক তালিকা (এনআরসি) আর নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) চাপিয়ে দেওয়ার চেষ্টার কারণে এক ধরনের অশান্তি বিরাজ করছে। হিন্দু–মুসলিম ‘‌বিভাজন নীতি’‌ নিয়ে সমালোচনাও হচ্ছে।

আর তার মাঝেই উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির। তামিলনাড়ুর ঘটনা। সেখানে দরিদ্র হিন্দু নারীর শেষকৃত্য সম্পন্ন করল একদল মুসলিম যুবক। ঘটনাটি ঘটেছে গত রবিবার তালিমনাড়ুর থানজাভুর জেলার আদিরামাপট্টিরাম শহরে।

সেখানেই দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন ৫৪ বছর বয়সী দেবী। গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। আদিরামাপট্টিরামের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত রবিবার মৃত্যু হয় ওই হিন্দু নারীর।

দেবীর পরিবারে এমন কেউই নেই, যে তার দেখাশোনা করতে পারে। আর তাই এগিয়ে এলেন একদল মুসলিম যুবক। সবাই তারা শিক্ষার্থী। খাদির মৈনুদ্দিন কলেছের অধ্যাপক কে শইদ আহমেদ কবীর ও তার বন্ধুবান্ধবরাও এগিয়ে আসেন।

দেবীর মৃত্যুর পর তার শেষকৃত্য সম্পন্ন করেন তারা। ভেন্দাপাত্তাইয়ে ওই নারীর শেষকৃত্যু করা হয়। গ্রাম প্রশাসন এবং পুলিশের কাছ থেকে এজন্য অনুমতিও নিয়েছিলেন তারা।

সিডনির আতশবাজি উৎসব ঘিরে তীব্র বিতর্ক অস্ট্রেলিয়ায়

0

দাবানলে জ্বলছে গোটা অস্ট্রেলিয়া। তার মধ্যে বর্ষবরণে সিডনির আতশবাজি উৎসব বিতর্কের মুখে পড়েছে। পরিবেশবিদ থেকে সাধারণ মানুষ, অনেকেই এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন।

বেশ কয়েক সপ্তাহ ধরে দাবানলের আগুনে জ্বলছে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত। সিডনি থেকে শুরু করে মেলবোর্ন- আগুন ছড়িয়ে পড়েছে সর্বত্র। এখন পর্যন্ত মৃতের সংখ্যা আঠারো। বাসস্থান পুড়ে গেছে এক হাজার পরিবারের। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। বাড়িঘর ছেড়ে সমুদ্রের ধারে আশ্রয় নিয়েছেন অসংখ্য মানুষ।

এই পরিস্থিতিতে নতুন বছরের উৎসব আদৌ যুক্তিযুক্তি কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অস্ট্রেলিয়ার মানুষ। বিশেষত এত আগুনের মধ্যে আতসবাজির উৎসব ঠিক নয় বলেই মত দিয়েছিলেন অনেকে। পরিবেশবিদেরাও এর বিরুদ্ধে ছিলেন।

এমন পরিস্থিতিতে মেলবোর্ন এবং ক্যানবেরার আতশবাজি উৎসব বন্ধ করে দেওয়া হয়। কিন্তু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, বহু সমস্যা থাকলেও আতশবাজির উৎসব বন্ধ হবে না। কারণ এই উৎসব অস্ট্রেলিয়ার গর্ব। আমরা গোটা পৃথিবীকে দেখাতে চাই, অস্ট্রেলিয়া উদ্যম হারিয়ে ফেলেনি।

প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেই সিডনির হারবারে আতশবাজি উৎসবের প্রস্তুতি শুরু হয়। তাই শেষ পর্যন্ত উৎসব হলো। কিন্তু আনন্দ হলো না প্রতি বছরের মতো। নতুন বছরে সিডনির হারবারে আতশবাজি ফুটলো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ করলেন অনেকেই। তারা প্রশ্ন তুলেছেন, গোটা দেশ যখন দাবানলে দগ্ধ, তখন এই উৎসবের কি কোনও প্রয়োজন ছিল?

দাবানলে এখনও পর্যন্ত সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ সাউথ ওয়েলস। সেখানকার নেতা জন ব্যারিলারো সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। দমকলকর্মীরা দিন রাত এক করে কাজ করছেন। তাঁদেরকেও একটু বিশ্রামের সুযোগ দেওয়া উচিত।’

পরিবেশবিদদের একটা বড় অংশ মনে করছে, এই পরিস্থিতিতে আতশবাজির প্রদর্শন থেকে দূরে থাকা উচিত ছিল সিডনির। কারণ দাবানলে দূষণের মাত্রা ভয়াবহ জায়গায় পৌঁছেছে। তার উপর আতশবাজি দূষণ আরও বাড়িয়ে দিয়েছে।

সূত্র: ডয়চে ভেলে, রয়টার্স

খরচ কমাতে নিজের বাসভবনের কর্মী ছাঁটাই করছেন মোদি

0

ভারতের মন্ত্রীদের ‌খরচ বেড়েই যাচ্ছে। খোদ প্রধানমন্ত্রী বিষয়টি অনুভব করলেন। আর সেজন্য ভিন্ন ধরনের পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রয়োজনে নিয়োজিত কর্মচারিদের সংখ্যা কমানো নির্দেশ দিলেন তিনি।

জানা গেছে, খরচ কমাতেই এ ধরনের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রীর পেছনে যা খরচ হয়, তার ২০ শতাংশ কমানো সম্ভব। আর সেজন্য ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়োজিত কর্মচারির সংখ্যা অর্ধেক করার সিদ্ধান্ত নিলেন মোদি নিজেই।

এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনে কাজ করতেন ৫০ জনের বেশি কর্মচারি। এখন তা কমিয়ে ২৫ করা হয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মীদের ভাগ্যেও কোপ পড়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মীদের সংখ্যাও ১৫ শতাংশ কমিয়ে নিয়ে আসা হয়েছে।

ভারতের অর্থনীতির বেহাল দশা। আর তাই নানাভাবে খরচ কাটছাঁট করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। মন্ত্রীদেরও খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রীদের বিদেশ যাত্রায় খরচ যাতে কোনোভাবেই সীমা না ছাড়িয়ে যায়, সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

মধ্যরাতে দিল্লির রাস্তায় হাজারো নারীর ব্যতিক্রমী প্রতিবাদ!

0

১১৮ বছরের ইতিহাসে এই মুহূর্তে দিল্লিতে দ্বিতীয় সর্বনিম্ন শীতলতম সময় চলছে। এমন আবহাওয়ার মধ্যেই নববর্ষের মধ্যরাতে হাজার হাজার নারী-পুরুষ ভারতের রাজধানী দিল্লির দক্ষিণের শাহীন বাগে জমায়েত হয়েছিলেন। তীব্র শীত উপেক্ষা করে গায়ে কম্বল কিংবা মোটা কাপড় জড়িয়ে হাজার হাজার মানুষ; যাদের বেশিরভাগই নারী; একত্রিত হয়েছেন শাহীন বাগে।

দেশটির বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানাতে তারা সেখানে একত্রিত হয়েছেন। টানা দুই সপ্তাহ ধরে দক্ষিণ দিল্লির এই অংশে নারীরা বিক্ষোভ করে আসছেন। নববর্ষের মধ্যরাতে তারা সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত জন গণ মন গেয়ে প্রতিবাদ জানালেন নাগরিকত্ব সংশোধনী আইনের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে জেগে থাকা শাহীন বাগে নিজের শিশু-সন্তানদেরও নিয়ে এসেছেন কিছু নারী। সেখানে তারা কম্বলের স্তুপের নিচে তাঁবু টানিয়ে শীত নিবারণ করছেন।

শাহীন বাগের ৩৩ বছর বয়সী সায়মা নামের এক নারী তার শিশু সন্তানকে এক গ্লাস দুধ পান করাতে করাতে বললেন, আমি দেখতে পাচ্ছি, আমার শিশুদের কোনো ভবিষ্যৎ নেই। মা হিসাবে তাদের ভবিষ্যৎ বাঁচাতে আমি এখানে প্রতিবাদ জানাতে এসেছি। আমাদের অধিকার আমাদের দেয়া উচিত। এবং এটি শুধুমাত্র আমার লড়াই নয়। এটি সংবিধান রক্ষারও লড়াই। দলিলের অভাবে দেশজুড়ে অসংখ্য ভারতীয় সমস্যার মুখোমুখি হবেন।

তিনি বলেন, শাহীন বাগে যাওয়ার জন্য তিনি বাঁচ্চাদের ঘুম পাড়িয়ে তারপর সেখানে গিয়ে প্রতিবাদে অংশ নেন। জীবনে প্রথমবারের মতো তিনি এ ধরনের কোনো প্রতিবাদে অংশ নিচ্ছেন বলে জানান। আবার যে নারীরা তাদের বাচ্চাদের বাড়িতে রেখে আসতে পারেননি; তারা সন্তান-সহ বিক্ষোভে অংশ নিয়েছেন।

এক বছর বয়সী মেয়েকে নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন ২৪ বছর বয়সী সাজিদা খান। তিনি বলেন, আমি ২০১৪ সালে জামিয়া মিলিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছি। জামিয়ায় ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য নেই…প্রথমবারের মতো সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটছে এবং আমি এটির ঘোরবিরোধী।

নারীদের নেতৃত্বে দিল্লির শাহীন বাগের এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের খাবার কিংবা শীতের কাপড় সরবরাহ করছেন স্থানীয়রা। বিক্ষোভে অংশগ্রহণকারীদের শীত নিবারণের জন্য কম্বল কিংবা অন্যান্য প্রয়োজনীয় সব সামগ্রী টুইটারে সংগ্রহ করছেন অনেকেই।

৯০ বছর বয়সী আসমা খাতুন প্রত্যেকদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শাহীন বাগের এই বিক্ষোভে অংশ নেন। তিনি বলেন, আমরা আমাদের সব ভাই-বোন এবং সংবিধানের জন্য লড়াই করছি। যারা আমার কাছে প্রমাণ চান, আমি তাদের বলতে চাই, আপনার পূর্বপুরুষদের নাম কী ছিল, সেটা আমাতে দেখাতে পারবেন? আমি আপনাকে আমার সর্বশেষ সাত প্রজন্মের নাম দেখাতে পারি যারা এখানে বাস করতেন।

মঙ্গলবার মধ্যরাতে ভারতের বিভিন্ন প্রান্তে যখন জমকালো আয়োজনে নববর্ষ বরণের আয়োজন করা হয়; তখন নয়াদিল্লির এই অংশ নারীদের নেতৃত্বে জেগে ছিল প্রতিবাদ বিক্ষোভে। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তাদের আয়োজিত এই বিক্ষোভে অনেকের হাতে ভারতীয় পতাকা দেখা যায়। অন্যদের হাতে ছিল নাগরিকত্ব আইনের বিরোধিতায় লেখা প্ল্যাকার্ড।

ঘড়ির কাঁটা যখন বারোটার ঘরে পৌঁছায়, তখন শাহীন বাগের শত শত নারী পুরুষের সমবেত কণ্ঠে ভেসে উঠে দেশটির জাতীয় সংগীত।

ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী সরকার গত ১১ ডিসেম্বর পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন পাসের পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ২০১৪ সালে দেশটিতে ক্ষমতায় আসার পর এমন তীব্র বিক্ষোভ এবং বিরোধিতার মুখে প্রথমবারের মতো পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে যাওয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পার্সি এবং জৈন সম্প্রদায়ের সদস্যরা সে দেশের নাগরিকত্ব পাবেন। তবে এ আইনে মুসলিম শরণার্থীদের ব্যাপারে একই ধরনের বিধান রাখা হয়নি।

সমালোচকরা বলেছেন, ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত ভারতে বিভাজন তৈরি করতে এ নতুন নাগরিকত্ব আইন তৈরি করেছে; যা ভারতের ধর্মনিরপেক্ষতার ভিত্তিকে দুর্বল করে দিয়েছে।

বিতর্কিত এ আইনে মুসলিম শরণার্থীদের নাগরিকত্বের ব্যাপারে কিছু না বলায় ভারতজুড়ে তীব্র প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে। তবে বিক্ষোভের দাবানল বেশি ছড়িয়ে পড়েছে দেশটির সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে।

বিজেপির গুরুত্ব ধর্মীয় বিভেদে, যা ধ্বংসাত্মক : মার্কিন অর্থনীতিবিদ

0

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকেই ভারতে ধর্মীয় বিষয়টি মুখ্য হয়ে পড়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে সে দেশে ব্যাপক অসন্তোষ দেকা দিয়েছে। অথচ গত বছর ব্যাপকহারে কমে গেছে সে দেশের জিডিপি।

ধর্মীয় বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে ব্রাত্য হচ্ছে ভারতের অর্থনীতি বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থনীতিবিদ স্টিভ হ্যাঙ্ক। তার মতে, কঠিন ও প্রয়োজনীয় আর্থিক সংস্কারের সদিচ্ছাই নেই মোদি সরকারের। সে কারণেই ২০২০ সালে জিডিপি বৃদ্ধি পাঁচ শতাংশে নিয়ে যেতেই হিমশিম খেতে হবে ভারতকে। তার অন্যতম কারণ হিসেবে মূলধনের অভাব তথা ঋণ সঙ্কোচনের কথাও বলেছেন তিনি।

গত বছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার নেমে দাঁড়িয়েছে ৪.৫ শতাংশ। যা ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। এই ফলাফল আসার আগে থেকেই অবশ্য অর্থনীতি নিচের দিকে নেমে আসার ইঙ্গিত মিলছিল। গাড়ি শিল্পে সঙ্কট, নতুন শিল্প বিনিয়োগে ভাটা, বেকারত্ব বৃদ্ধি তথা নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার মতো বিষয়গুলো নিয়েও উদ্বেগ বাড়ছিল।

তিন মাস পরেও সেই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। অদূর ভবিষ্যতে ঘুরে দাঁড়ানো যাবে, এমন ইঙ্গিতও নেই ভারতের শিল্পমহলে। অর্থনীতিবিদদের অনেকেই মনে করেন, বড় কোনো সংস্কারমুখী পদক্ষেপ ছাড়া এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া কষ্টকর।

তবে অর্থনীতিবিদ তথা সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের আর্থিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য হ্যাঙ্ক মনে করেন, মোদি সরকারের সেই সদিচ্ছাই নেই। দ্বিতীয়বার বিপুল জনসমর্থন নিয়ে সরকার গড়েছে বিজেপি। সংখ্যার চাপও নেই। কিন্তু তার পরেও সংস্কারমুখী বড় কোনো পদক্ষেপ করেনি মোদি সরকার।

হ্যাঙ্কের ব্যাখ্যা, তার পরিবর্তে মোদি সরকার দু’টি বিষয়েই গুরুত্ব দিচ্ছে। ঐতিহ্য এবং ধর্ম, যা আসলে ধ্বংসাত্মক ও বিস্ফোরক। ভারতে আর্থিক মন্দা ‘ক্রেডিট স্কুইজ’ ঋণ সঙ্কোচনের সঙ্গে সম্পর্কিত, যা আসলে ধারাবাহিক একটি সমস্যা, পরিকাঠামোগত নয়। আর সেই কারণেই ২০২০ সালে জিডিপি বৃদ্ধির হার পাঁচ শতাংশে নিয়ে যেতে অনেক লড়াই করতে হবে।

‘ধর্মে বেশি নজর দেয়ায় অর্থনীতিতে দুর্দশা ভারতের’

0

গত ছয় বছরে আর্থিক প্রবৃদ্ধির সর্বনিম্ন রেকর্ড নিয়ে ভারতের অর্থনীতি এই মুহূর্তে নাজুক অবস্থায় রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের আর্থিক নীতির সমালোচনা করে মার্কিন অর্থনীতিবিদ স্টিভ হ্যাঙ্ক এর কারণ হিসেবে ধর্ম, ঐতিহ্য, সংস্কৃতিকে প্রাধান্য দেওয়ার বিষয়টিকেই উল্লেখ করলেন। হ্যাঙ্ক বলেন, ‘মোদি সরকার দুটি বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে : ঐতিহ্য এবং ধর্ম। যা আসলে ধ্বংসাত্মক ও বিস্ফোরক।’

তার মতে, কঠিন ও প্রয়োজনীয় আর্থিক সংস্কারের সদিচ্ছা নেই মোদি সরকারের। এ কারণে ২০২০ সালে জিডিপি বৃদ্ধি ৫ শতাংশে নিয়ে যেতে ভারতকে হিমশিম খেতে হবে। তার অন্যতম কারণ হিসেবে মূলধনের অভাব এবং ঋণ সঙ্কোচনের কথাও বলেছেন হাঙ্ক।

গত জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিক পরিসংখ্যানে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার নেমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫ শতাংশ, যা ছয় বছরে সর্বনিম্ন। এই ফলাফল আসার আগে থেকে ভারতের অর্থনীতির ঝিমুনির ইঙ্গিত মিলেছিল। গাড়ি শিল্পে সঙ্কট, নতুন শিল্প বিনিয়োগে ভাটা, বেকারত্ব বৃদ্ধি তথা নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার মতো বিষয়গুলো দেশটিতে ত্রমেই উদ্বেগ বাড়ছিল। তিন মাস পরও সেই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। অদূর ভবিষ্যতে ঘুরে দাঁড়াবে, এমন ইঙ্গিতও মিলছে না।

অর্থনীতিবিদদের অনেকেই মনে করেন, বড় কোনও সংস্কার ছাড়া এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া দুষ্কর। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের আর্থিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য হ্যাঙ্ক মনে করেন, মোদি সরকারের সেই সদিচ্ছা নেই। দ্বিতীয়বার বিপুল জনসমর্থন নিয়ে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সংসদে সখ্যাগরিষ্ঠতা থাকলেও সংস্কারমুখী বড় কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি মোদি নেতৃত্বাধীন সরকারকে।

হ্যাঙ্কের ব্যাখ্যা, ‘তার পরিবর্তে মোদি সরকার দুটি বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে : ঐতিহ্য এবং ধর্ম। যা আসলে ধ্বংসাত্মক ও বিস্ফোরক।’

জন হপিকন্স বিশ্ববিদ্যালয়ের ফলিত অর্থনীতি বিষয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত হ্যাঙ্কের মতে, ‘ভারতে আর্থিক মন্দা ‘ক্রেডিট স্কুইজ’ ঋণ সঙ্কোচনের সঙ্গে সম্পর্কিত; যা আসলে ধারাবাহিক একটি সমস্যা, পরিকাঠামোগত নয়। আর সেই কারণেই ২০২০ সালে জিডিপি বৃদ্ধির হার ৫ শতাংশে নিয়ে যেতে অনেক লড়াই করতে হবে।’

এই ঋণ সঙ্কোচনের অর্থ হল, ব্যাংকগুলো শিল্পক্ষেত্রে ঋণ দিতে চাইছে না বা দিলেও মাত্রাতিরিক্ত সুদ দিতে হচ্ছে। এমনিতেই ভারতের ব্যাংকগুলো নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএর ভারে ন্যুব্জ। বিশেষ করে সরকারি সব ব্যাংকের অবস্থা খুবই খারাপ। সেই এনপিএ আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় ব্যাংকগুলো শিল্পপতি-বিনিয়োগকারীদের ঋণ দিতে চাইছে না। ফলে অবিশ্বাস ও ভয়ের বাতাবরণ এখন দেশটির ব্যাঙ্কিং মহলে। আর ঋণ না পেয়ে মূলধনের অভাবে নতুন শিল্প স্থাপনে আগ্রহ দেখাচ্ছে না শিল্পমহলও। তাই দেশটির অর্থনীতিতে গতি আসছে না।

ব্যাংকিং ক্ষেত্রের শঙ্কা ও অবিশ্বাসের বাতাবরণ কাটাতে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আনন্দবাজার।

বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে

0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে। এ জন্যই তারা ইভিএম-এ নির্বাচন নিয়ে নানা সমালোচনা করছে।

তিনি বলেন, সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। অথচ ডিজিটাল পদ্ধতি বিএনপি পছন্দ করে না। তারা কতটা সেকেলে মানসিকতার, কতটা পেছানো আছে সেটা ভাবতে হবে। তারা ক্ষমতায় এলে দেশ কখনো এগিয়ে যাবে না। বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে।

আজ বুধবার রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে মেট্রোরেল লাইনে রেল-ট্র্যাক স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

‘ইভিএমে ভোট সুষ্ঠু হবে না’ বিএনপি’র এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করছেন। ডিজিটাল পদ্ধতি যারা পছন্দ করে না তারা কতটা আউটডেটেড (সেকেলে) মন মানসিকতার, কতটা পেছানো আছে সেটা ভাবতে হবে এবং তারা ক্ষমতায় এলে দেশ কখনো এগিয়ে যাবে না।

ইভিএম নাকি ডিজিটাল ভোট চুরির মেশিন বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা লেটেস্ট টেকনোলজি। ইভিএমে যদি ভোট হয় তাহলে সেটি ত্রুটিমুক্ত নির্বাচন হবে। এই পদ্ধতিতে সহজেই ভোট গণনা করা যায়। এটি অ্যাকসেপটেড একটি সিস্টেম কাজেই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।

তিনি বলেন, নির্বাচন কমিশন তো সব সময়ই তাদের পক্ষেই কথা বলছেন, সরকারের পক্ষ নিয়ে তো কথা বলছে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করছেন।

ডিএনসিসি নির্বাচনে উত্তরের বিএনপি’র মেয়র প্রার্থী তাবিথ আওয়াল বলেছেন- শেষ পর্যন্ত তারা নির্বাচনের মাঠে থাকবে এবং নির্বাচনের শেষ দেখে ছাড়বেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা তো ভালো কথা- তারা নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে। তবে, তাদের পুরনো সংস্কৃতি নির্বাচনের আগেই নির্বাচন বয়কট করা। সেখান থেকে যদি সরে আসতে পারে তাহলে সেটা ভালো কথা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মেয়র নির্বাচনের শেষটা দেখবেন এবং রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করবেন। রেজাল্ট হওয়ার আগে তারা বলবে ভোট কারচুপি-জালিয়াতি-ডাকাতি হয়েছে। সুতরাং তারা যে অঙ্গীকার করেছে নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে সেটা যেন তারা করেন।

দুস্থ ও অসহায়দের শীতবস্ত্র দিল র‍্যাব ৪

0

দুস্থ, সুবিধাবঞ্চিত, হতদরিদ্র শীতার্ত নারী, শিশু, বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৪। আজ ১ জানুয়ারি সকাল ১০টার সময় র‍্যাব ৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক ব্যাটালিয়ন প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো. রকিবুল হাসান, সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল (অ্যাডজুটেন্ট), কম্পানি কমান্ডারগণ ও ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে অধিনায়ক আভিযানিক কার্যক্রম জোরদারের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, জঙ্গি দমনের অঙ্গীকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে মুজিববর্ষ ২০২০ এর শুরুতে শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করে প্রায় দুই শতাধিক নারী, শিশু, বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

স্পিকারকে নববর্ষের শুভেচ্ছা সংসদ সচিবালয়ের

0

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ইংরেজি নববর্ষের প্রথম দিনে আজ ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী’র নেতৃত্বে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আইনমন্ত্রীর

0

দেশের নিম্ন আদালত ও উচ্চ আদালতে বিচারাধীন প্রায় ৩৭ লাখ মামলা থেকে নতুন বছরে পাঁচ-ছয় লাখ মামলা কমানোর পরিকল্পনা রয়েছে আইন মন্ত্রণালয়ের। মামলা জট কমাতে যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নেওয়া হবে।

আজ বুধবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের পর আইনমন্ত্রী সাংবাদিকদের আনিসুল হক এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এই লক্ষ সামনে রেখে বিচারিক আদালতে লোকবল বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী উচ্চ আদালত ও নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৬ লাখ ৬০ হাজার।

আইনমন্ত্রী বলেন, এখানে ৩৬ লাখ ৬০ হাজার মামলার যে কথা বলা হচ্ছে সেটার সঙ্গে কিন্তু কিছুটা পার্থক্য আছে। এটা যাই হোক আমাদের এই বছর লক্ষ্য থাকবে এই মামলা জট থেকে অন্তুত পাঁচ থেকে চয় লাখ মামলা কমানো।

তিনি বলেন, আমরা মামলার চাপ কমানোর যে পরিকল্পনা নিয়েছি তা অবাস্তব নয়। আমরা চেষ্টা করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা।

আইনমন্ত্রী যেসব ফৌজদারী মামলা আপসযোগ্য সেসব মামলা আদালতের বাইরে নিষ্পত্তির উদ্যোগ নিতে বিচারকদের আহ্বান জানান। তিনি আরও বলেন, এ প্রক্রিয়াটি আরও জোরদার করা হবে জানিয়ে তিনি বলেন, বিকল্পবিরোধ নিষ্পত্তি আরও জোরদার করা হবে। বিকল্পবিরোধ নিষ্পত্তির বিষয়টি এখনও জনগণের কাছে তেমনভাবে পরিচিত নয়। সেই ক্ষেত্রে ফৌজদারী মামলা যেগুলো আপসযোগ্য, সেগুলোর বিষয়ে আদালত যেন বলে দেন কোর্টেও বাইওে মিমাংসা করতে।

এর আগে আইনমন্ত্রী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গ নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইন সভার কাজের ধরণ আলাদা হলেও সবার আসল লক্ষ্য ও উদ্দেশ্য এক ও অভিন্ন এবং সেটি হচ্ছে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা। এই সোনার বাংলা বিনির্মাণে সকলকে এক লক্ষ্যে, এক প্রেরণায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন সোনার বাংলা গড়ার অন্যতম অনুষঙ্গ হলো আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। এই আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা অগ্রগণ্য। কেবল আইনের শাসন নয়, অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্র সুসংহতকরণ এবং দারিদ্র দূরীকরণেও বিচারকদের তথা কোয়ালিটি জুডিসিয়ারির ভূমিকা অনস্বীকার্য। তাই জনগণকে কোয়ালিটি জুডিসিয়ারি উপহার দেওয়ার লক্ষ্যে সরকার বিচার বিভাগকে সবধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

প্রশিক্ষণার্থী বিচারকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাগতজীবনে অন্যের অনুসরণীয় হওয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে। বিচার সেবা প্রদানের ক্ষেত্রে সততার ভিত্তিতে চারিত্রিক দৃঢ়তা ও স্বচ্ছতা হতে হবে কর্মজীবনের মূলমন্ত্র। বিন্দুমাত্র লোভ কিংবা অসততার কারণে বিচার বিভাগ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে যাতে কোনো হতাশা বা বিরূপ ধারণার সৃষ্টি না হয় সেদিকে তাঁদের খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, মনে রাখতে হবে, আপনাদের বিচারক হয়ে ওঠার পেছনে এ দেশের গরিব-দুঃখি-মেহনতি মানুষের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অবদান রয়েছে। তাঁদের কর্মক্ষেত্রই হল বিচারপ্রার্থী এসব মানুষের শেষ ভরসাস্থল। তাই জনগণের দ্রুত ও সহজে ন্যায়বিচারপ্রাপ্তি নিশ্চিতকরণে আন্তরিকভাবে কাজ করতে হবে। নিছক গতানুগতিক বা দায়সারা ভাব পরিহার করে কর্মক্ষেত্রে সৃষ্টিশীলতার পরিচয় দিতে হবে।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক সাবেক বিচারপতি খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।