Home Blog Page 3284

কাল থেকে সচিবালয় এলাকায় হর্ন দিলে জেল-জরিমানা

0

শব্দদূষণ রোধে রাজধানীর সচিবালয়ের চারপাশ হর্নমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে এ নিষেধাজ্ঞা অমান্য করলে জেল-জরিমানা মিলবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

জানা গেছে, সচিবালয় চারপাশের এলাকা বলতে জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে হর্ন বাজালে প্রথমবার অনধিক ১ (এক) মাসের কারাদণ্ড বা অনধিক ৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। আর কেউ যদি পরবর্তী সময়ে একই অপরাধ করেন সেক্ষেত্রে অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়েছে, এ কার্যক্রম বাস্তবায়নে আজ মঙ্গলবার উদ্বোধনের পাশাপাশি চালকদের সচেতনতা বাড়ানোর কাজ চলবে।

জামিন হয়নি ডেসটিনির চেয়ারম্যান-এমডির

0

ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে বিচারিক আদালতের দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত রবিবার (১৫ ডিসেম্বর) এ আবেদনের ওপর শুনানি সম্পন্ন হয়। আদালতে ডেসটিনির দুই কর্মকর্তার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

রবিবার খুরশীদ আলম খান বলেন, ২০১৬ সালের নভেম্বর ডেসটিনি তাদের গাছ বিক্রি করে টাকা দেবে, এমন শর্তে আপিল বিভাগ তাঁদের দুজনকে জামিন দিয়েছিলেন। শর্ত সংশোধন চেয়ে তাঁরা ২০১৭ সালে আপিল বিভাগে আবেদন করেন। ওই আবেদন চলতি বছরের ৩০ নভেম্বর খারিজ হয়ে যায়। এখন তারা আবার জামিন চাইলেন। কিন্তু কোনো শর্ত পূরণ করেননি। আমরা আবেদন খারিজ করার আর্জি জানিয়েছি।

রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনসহ ডেসটিনি গ্রুপের ২২ জনের বিরুদ্ধে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করেছিল দুদক।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের মধ্যে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা এবং এক হাজার ১৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ২০৪ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি করা হয়।

২০১৪ সালের ৫ মে এসব মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে এ মামলায় দুজনই কারাগারে রয়েছেন।

সচিবালয় এলাকা হর্নমুক্ত রাখতে সহযোগিতা চাইলেন পরিবেশমন্ত্রী

0

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, সচিবালয়ের চারপাশ হর্নমুক্ত এলাকা ঘোষণার মাধ্যমে ঢাকার আরেকটি এলাকা পরিবেশবান্ধব এলাকায় পরিণত হতে যাচ্ছে। পর্যায়ক্রমে ঢাকার সব নীরব এলাকাকেই হর্নমুক্ত এলাকা হিসেবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছি আমরা।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ের সামনে ‘সচিবালয়ের চারপাশের এলাক হর্নমুক্ত’ ঘোষণা সংক্রান্ত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ঢাকার মতো মেগা সিটিতে এই ধরনের কার্যক্রম শুধু সরকারি আদেশ-নির্দেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব নয়। এর জন্য সবার সহযোগিতা দরকার। কারণ এই শহর আমাদের সবার। শহরের পরিবেশ সুন্দর রাখতে স্ব স্ব জায়গা থেকে কাজ করতে হবে।

সচিবালয় চারপাশের এলাকা বলতে জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এ কার্যক্রম বাস্তবায়নে আজ মঙ্গলবার উদ্বোধনের পাশাপাশি চালকদের সচেতনতা বাড়ানোর কাজ চলবে। আগামীকাল বুধবার থেকে সচিবালয়ের আশেপাশে হর্ন বাজালে জরিমানা করা হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের জন্য প্রথমবার অনধিক ১ (এক) মাস কারাদণ্ডে বা অনধিক ৫ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডের বিধান আছে। আর কেউ যদি পরবর্তী সময়ে একই অপরাধ করেন সেক্ষেত্রে অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

রাজধানীতে শীতের পরশ

0

পৌষ মাস শুরু হয়ে গেছে আরও একদিন আগে। গ্রামে-গঞ্জে বাড়িতে বাড়িতে চলছে শীতের পিঠা বানানোর তোড়জোড়। দেশের উত্তরাঞ্চলে তো আরও আগেই শীত এসে গেছে। এখন রীতিমতো হাড় হিম করা ঠাণ্ডা। দেশের সকল গ্রামাঞ্চলেও এখন পরিপূর্ণ শীতকাল চলছে। কিন্তু রাজধানী ঢাকার বাসিন্দারা শীতের পরশ পাচ্ছেন দেরিতে। বৃক্ষরাজি বিহীন, দূষিত, জনবহুল এই শহরে কীভাবে আসবে শীত?

অবশেষে গতকাল পহেলা পৌষ থেকে কিছুটা হলেও শীত পড়েছে রাজধানীতে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। সেইসঙ্গে বেড়েগেছে ধুলোবালি। রাস্তায় মাস্ক ছাড়া চলাফেরা এখন মুশকিল হয়ে গেছে। এসব মাত্রাতিরিক্ত ধুলোবালির কারণে মানুষ নানারককম রোগে আক্রান্ত হচ্ছে। মেট্রোরেল প্রজেক্টের কারণে রাজধানীর অন্যান্য এলাকার চেয়ে মিরপুরের বাসিন্দারা খুব বেশি ধুলোবালির শিকার হচ্ছে। আক্রান্ত হচ্ছে শ্বাসজনিত রোগে।

এদিকে শীত উপভোগ করতে অনেকেই ছুটছেন গ্রামের বাড়িতে। বছরজুড়ে তীব্র গরম সহ্য করার পর এ তো পরম প্রাপ্তি। রাজধানীতে শীতের স্বল্পতার কারণে এখন পর্যন্ত কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে গৃহহীন ছিন্নমূল মানুষ। তারপরেও বিভিন্ন এলাকায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে বেশ কিছু সংগঠন। অন্যদিকে শীতের কাপড় বিক্রেতাদের রমরমা বাণিজ্য এখনও শুরু হয়নি। আবহাওয়াবিদরা বলছেন, জানুয়ারি থেকেই শীত জাঁকিয়ে বসবে প্রায় দেড় কোটি মানুষের আবাস রাজধানীতে।

আমরা না, রাজাকারের তালিকা পাকিস্তানিরা করেছে

0

মহান বিজয় দিবসের আগের দিন রাজাকারদের তালিকা প্রকাশের পর শুরু হয়েছে বিতর্ক। দেশদ্রোহীদের তালিকায় গেজেটেড মুক্তিযোদ্ধাদের নাম যুক্ত হওয়ায় দেশজুড়ে তোলপাড় চলছে। রাজাকারের তালিকায় নাম আছে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুর! এমনকী বরিশালের বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তীর বাবা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী এবং ঠাকুমা উষা রানি চক্রবর্তীর নামও আছে।

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম থাকার বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, ‘আমরা নিজেরা কোনো তালিকা প্রস্তুত করিনি। ১৯৭১ সালে পাকিস্তানিরা যে তালিকা করেছে, আমরা শুধু তা প্রকাশ করেছি। সেখানে কার নাম আছে, আর কার নাম নেই সেটা আমরা বলতে পারব না।’

আ ক ম মোজাম্মেল আরো বলেন, ‘একই নামে তো অনেক মানুষ থাকতে পারে। আর একজন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় আসবে কেন, এটা হতে পারে না। আর যদি আসেও সেটা পাকিস্তানি বাহিনীর ভুল। যদি মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় এসে থাকে, তবে আমরা সেটা যাচাই করে দেখব।’

বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা-উপহার দিলেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৯তম বিজয় দিবস উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানিয়েছেন।

বরাবরের মত এ বছরও বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ প্রধানমন্ত্রী রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র (মুক্তিযোদ্ধা টাওয়ার-১)-এ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রোটকল অফিসার-১ এস এম খুরশিদ-উল-আলম, উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার, সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকু, প্রোটকল অফিসার-২ আবু জাফর রাজু ও সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ সোমবার দুপুরে মুক্তিযোদ্ধাদের কাছে তাঁর এই উপহার সামগ্রী হস্তান্তর করেন।

স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের স্মরণ করায় তারা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় তারা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

জাতি আজ ৪৯তম বিজয় দিবস উদযাপন করছে। দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানী বাহিনীর কবল থেকে দেশ মুক্তি লাভ করে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয়।

মোদি বাংলাদেশের সার্বিক অগ্রগতির প্রশংসা করেছেন

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের প্রশংসা ব্যক্ত করেছেন।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ সোমবার সকালে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করতে গেলে তিনি এ প্রশংসা ব্যক্ত করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

নরেন্দ্র মোদি ৩০ মিনিটের বৈঠকে শেখ হাসিনার প্রতি তাঁর শুভেচ্ছা জানান এবং আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদানের জন্য তাঁকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানানোর জন্য তাঁর প্রশংসা ব্যক্ত করেন।

মোদি দূতকে বলেছেন, আমি অনুষ্ঠানে অংশগ্রহণের অপেক্ষায় রয়েছি।

ভারতের প্রধানমন্ত্রী বিদায়ী হাইকমিশনারের পাঁচ বছরের মেয়াদকে সোনালী অধ্যায় হিসেবে উল্লেখ করে ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানান।

হাইকমিশনার এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে ঐতিহ্যবাহী একটি নকশী কাঁথা উপহার দেন।

তারা জাতির শ্রেষ্ঠ সন্তান : খাদ্যমন্ত্রী

0

খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যারা দেশের স্বাধীনতা এনেছেন তাদেরকে চিরকাল দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের অবদান ভুলবার নয়।

আজ সোমবার নওগাঁয় মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুমন মেহেদী এ তথ্য জানিয়েছেন।

খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বেলা ১২টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিজয় র‌্যালি বের হয়ে নওগাঁ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে খাদ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা নিয়ামতপুর উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন। নওগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান, কুচকাওয়াজ, সালাম গ্রহণ, ডিসপ্লে প্রদর্শন করেন এবং বিজয়ী ও বিজিতদের মধ্যে তিনি পুরস্কার বিতরণ করেন।

নাটোরের গৃহবধূ হালিমা ও তার শিশু সন্তানকে হত্যা করলো কে?

0

নাটোরের নলডাঙ্গার বাঁশিলা উত্তর পাড়ার গৃহবধূ হালিমা খাতুন ওরফে শারমিন (২০) এবং তার দুইবছরের প্রতিবন্ধী ছেলে আব্দুল্লাহকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি মো. মাহবুল আলম মুক্তাকে গত ১৬ মে গ্রেপ্তার করে পুলিশ। এই আসামি হত্যার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। হয়তো এখানেই হালিমা হত্যার রহস্যের সমাধান হতে পারতো। কিন্তু তা হয়নি। এই হত্যার দায় স্বীকার করে আনোয়ার বাবু নামের অপর এক ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর এতেই বেঁধেছে ঝামেলা। প্রশ্ন উঠেছে হালিমাকে হত্যা করলো কে? একই ঘটনায় ভিন্ন দুই ব্যক্তির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া নিয়ে পুলিশের তদন্ত কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। এ অবস্থায় ওই মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই মো. আমিনুর রহমানকে ডেকে পাঠিয়েছেন হাইকোর্ট। আগামীকাল মঙ্গলবার তার হাইকোর্টে হাজির হবার জন্য দিন ধার্য রয়েছে।

জানা যায়, গত ১৫ মে রাতে গৃহবধূ হালিমাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এরপর তার অবুঝ সন্তান আব্দুল্লাহকেও হত্যার পর পার্শ্বের পুকুরে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় পরদিন ১৬ মে জন্য নিহত গৃহবধূর পিতা ওমর ফারুক বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় নিহতের দেবর মাহবুল আলম মুক্তাকে আসামি করা হয়। পুলিশ এদিনই আসামি মুক্তাকে গ্রেপ্তার করে। এরপর হত্যার কথা স্বীকার করে মুক্তা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত অক্টোবর পর্যন্ত সকলেই জানতেন যে হালিমা ও তার ছেলেকে হত্যা করেছে মুক্তা। কিন্তু গত ১৯ অক্টোবর পুলিশ গ্রেপ্তার করে ভয়ংকর এক খুনি আনোয়ার হোসেন বাবু ওরফে বাবু শেখ ওরফে আনার ওরফে কালুকে। কালুর বাড়ি একই জেলার রানীনগর উপজেলার হরিশপুর গ্রামে। তার পিতা জাহের আলী। তাকে গ্রেপ্তারের পরই বেরিয়ে আসে একের পর এক হত্যাকান্ডের ঘটনা। এই বাবু শেখই আদালতে স্বীকারেক্তিমূলক জবানবন্দি দিয়ে হালিমা ও তার ছেলেকে হত্যার কথা স্বীকার করেছে। আদালতে দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী সে ১০টি খুন করেছে। এরমধ্যে একটি শিশু ও ৯ জন নারী। এই হত্যার আগে ৫ জনকে সে ধর্ষণ করে। নাটোর পুলিশের ভাষ্য অনুযায়ী কালু মাছ শিকারীর বেশে গ্রামে গ্রামে ঘুরে তার ‘শিকার’ খুঁজতো। কালুকে গ্রেপ্তার ও হত্যাকান্ডের ঘটনা নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদও প্রকাশিত হয়েছে।

এ অবস্থায় হালিমা হত্যায় কারাবন্দি মুক্তার পক্ষ থেকে হাইকোর্টে লিখিতভাবে বিষয়টি জানানো হয়। তারপক্ষে অ্যাডভোকেট রাশেদ খান বিষয়টি আদালতের নজরে আনেন। এরপর হাইকোর্ট গত ৪ ডিসেম্বর এক আদেশে মুক্তাকে একবছরের জামিন দিয়েছেন। একইসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা আমিনুর রহমানকে তলব করেছেন।

এবিষয়ে আদালতের আদেশে বলা হয়, আমরা এসআই আনিসুর রহমানের তদন্ত কার্যক্রম নিয়ে আশ্চার্যান্বিত হয়েছি। একজন তদন্ত কর্মকর্তা হয়ে তিনি কিভাবে নিশ্চিত হলেন যে মুক্তাই হত্যাকারী? তিনি নিশ্চিত না হয়ে কিভাবে মুক্তাকে জবানবন্দী দিতে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করলেন?

সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী কালের কণ্ঠকে বলেন, আদালত মামলার তদন্ত কর্মকর্তাকে হাজির হতে আদেশ দিয়েছেন।

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৯তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটাকার্ড অবমুক্ত করেছেন।

প্রধানমন্ত্রী আজ সোমবার বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটাকার্ড অবমুক্ত করেন। এ উপলক্ষে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব নুর-উর-রহমান এবং বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র উপস্থিত ছিলেন।

স্মারক ডাকটিকিট, উদ্বেধনী খাম এবং ডাটাকার্ড আজ ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে এবং পরবর্তীতে অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘরে এ স্মারক ডাকটিকিট পাওয়া যাবে।

উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিও’তে একটি বিশেষ সিলমোহরেরও ব্যবস্থা রয়েছে।