জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ঢাকা শহরের মানুষ ডেঙ্গু আতঙ্কে আছে। এ আতঙ্ক থেকে মানুষকে রক্ষা করার দায়িত্ব ছিল সরকারের। আমরা আশা করবো সামনের দিনে এ সমস্যার সমাধান হবে।
আজ শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁছগাছী কলেজ মাঠে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
এ সময় বন্যা প্রসঙ্গে তিনি বলেন, বন্যাদুর্গত এলাকায় জনগণের দুঃখ, দুর্দশা বিরোধীদলীয় নেতা হিসেবে দেখার জন্য এসেছি। যারা সব সময় বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সেসব এলাকা সার্ভে করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে হবে। যখনই যে এলাকায় বন্যা হবে সেই এলাকাকে বন্যার্ত এলাকা ঘোষণা করে এই তালিকা অনুযায়ী ত্রাণ সহায়তা পৌঁছে দিতে হবে।
জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব আছে কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টিতে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু এখানে কোনো দ্বন্দ্ব নেই।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মশিউর রহমান রাঙ্গা এমপি, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর (অব:) আশরাফুদ্দৌলা তাজ, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
Warning: A non-numeric value encountered in /home/newsseven24/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 997



