Home Blog Page 11

চীনের করোনা টিকার বিরুদ্ধে গোপন প্রচারণা চালিয়েছিল যুক্তরাষ্ট্র

0

করোনা মহামারিতে প্রাণ হারিয়েছে বিশ্বের লাখ লাখ মানুষ। তবে এ করোনাভাইরাস মোকাবিলায় চীনের প্রচেষ্টাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে একটি গোপন প্রচারণা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বিষয়টি স্বীকার করেছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২০ সালে করোনা মহামারি যখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল তখন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে এই ঘৃণ্য পন্থা অবলম্বন করেছিল। এর উদ্দেশ্য ছিল ফিলিপাইনে চীনের প্রভাব ঠেকানো।

করোনা মোকাবিলায় চীনের প্রচেষ্টাকে হেয় করতে এই প্রচারণার আশ্রয় নিয়েছিল মার্কিন সেনাবাহিনী। পেন্টাগনের একজন মুখপাত্র স্বীকার করেছেন, প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছিল। প্রচারণার উদ্দেশ্য ছিল চীনের সরবরাহ করা টিকা ও জীবন রক্ষাকারী অন্যান্য উপকরণের সুরক্ষা এবং কার্যকারিতা নিয়ে সন্দেহ ছড়িয়ে দেওয়া।

ওই কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনা অপতৎপরতার পাল্টা ব্যবস্থা হিসেবে এই পলিসি গ্রহণ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, চীনের বিরুদ্ধে প্রচারণা চালাতে ফিলিপাইনের নাগরিকের ছদ্মবেশে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক শ অ্যাকাউন্ট খোলা হয়। এসব অ্যাকাউন্ট থেকে চীনের তৈরি করোনার টিকা সিনোভ্যাকের গুণগত মান নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়। কারণ, ফিলিপাইনে সিনোভ্যাকই সর্বপ্রথম কাজে লাগানো হচ্ছিল।

এক্সে (সাবেক টুইটার) অন্তত ৩০০টি অ্যাকাউন্ট শনাক্ত করতে সক্ষম হয়েছে রয়টার্স, যেগুলোর মাধ্যমে চীনবিরোধী প্রচারণা চালানো হচ্ছিল। চীনের ব্যাপারে মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়াই এই প্রচারের অন্যতম লক্ষ্য ছিল। এসব অ্যাকাউন্টের অধিকাংশই ২০২০ সালের মাঝামাঝিতে খোলা হয়। প্রচারণার একটি স্লোগানই ছিল ‘#চায়নাঅ্যাংগভাইরাস’, যার অর্থ দাঁড়ায় চীনই ভাইরাস। তাছাড়া পোস্টে প্রচার করা হয়েছিল, ‘কোভিড এসেছে চীন থেকে, টিকাও এসেছে চীন থেকে। তাই চীনকে বিশ্বাস করা যায় না।’ আরেকটি প্রচার এমন ছিল, ‘চীনের পিপিই, মাস্ক ও টিকা ভুয়া, কিন্তু করোনাভাইরাস সত্যি।’

রয়টার্স এক্স-কে অ্যাকাউন্টগুলো সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। এরপর সোশ্যাল মিডিয়া কোম্পানিটি প্রোফাইলগুলো সরিয়ে দেয়। রয়টার্সের দাবি, এতেই প্রমাণিত হয়, এটি একটি সমন্বিত প্রচারের অংশ ছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘অ্যান্টি-ভ্যাক্স’ প্রচেষ্টা ২০২০ সালে শুরু হয়েছিল এবং ২০২১ সালের মাঝামাঝি সময়ে এটি শেষ হওয়ার আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাইরে ছড়িয়ে পড়েছিল।

‘সিন্ডিকেট করে পশুর চামড়া কেনাবেচা করলে কঠোর ব্যবস্থা’

0

পশুর চামড়া কেনাবেচা, চাঁদাবাজি বা কেউ প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন, কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তায় পুলিশ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে থাকবে পুলিশের কঠোর নজরদারি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার (১৫ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, চামড়া কেনাবেচায় যাতে কেউ সিন্ডিকেট তৈরি করতে না পারে সে ব্যাপারে আমাদের কঠোর নজরদারি রয়েছে। কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয়ে চাঁদাবাজি বা কেউ প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ঈদের দিন যাত্রাবাড়ী, হাজারীবাগ, নিউমার্কেট, গাবতলী ও অন্যান্য এলাকার ব্রিজের ওপর বা রাস্তার ওপর চামড়া বিক্রি করতে দেওয়া হবে না। লবণের মূল্য যেন বৃদ্ধি না পায় এবং কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।

সমন্বয় সভা শেষে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, পরিবার-প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছর ঢাকা থেকে প্রায় এক কোটি মানুষ গ্রামের বাড়িতে যায়। সেই সময়ে বাসাবাড়ি, রাস্তাঘাট, অফিস-আদালত ফাঁকা থাকে। প্রতি বছরই পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে ঢাকাকে নিরাপদ রাখতে সক্ষম হয়। এবারও পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চেকপোস্ট, টহল, ফুট প্যাট্রল ও গোয়েন্দা নজরদারি। সেই সঙ্গে প্রতিটি বাসাবাড়িতে এক বা দুজন প্রহরী থাকেন, তারাও আমাদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

কোরবানির চামড়া পাচার বন্ধে নেওয়া ব্যবস্থা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কাঁচা চামড়া পাচার রোধে ঢাকা থেকে বহির্গমন পথগুলোতে চেকপোস্ট ও পুলিশের টহল বসানো হবে। শুধু গাবতলী হয়ে চামড়ার গাড়িগুলো হেমায়েতপুর পর্যন্ত যেতে পারবে। এছাড়াও সব জেলার চামড়া যাতে সীমানা দিয়ে বাইরে যেতে না পারে সে ব্যাপারেও আইজিপি মহোদয়ের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবেন।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ; যুগ্ম পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধি, চামড়া ব্যবসায়ীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ডিএমপির ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে বদলি

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

শনিবার (১৫ জুন) এক বার্তায় ডিএমপি জানায় বদলি করাদের মধ্যে ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক মিঠুকে ডিবির ওয়ারী বিভাগে এবং ডিএমপির এসি মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাতে সর্বস্তরের শত শত মুসল্লিদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করবেন। বাংলাদেশে সোমবার ঈদুল আজহা উদযাপিত হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ শনিবার জানান, রাষ্ট্রপতি তাঁর পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার নামাজ জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় আদায় করবেন।

রাষ্ট্রপতি ঈদগাহে পৌঁছলে প্রধান বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রসহ সংশ্লিষ্টরা তাঁকে অভ্যর্থনা জানাবেন।

জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন।

নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

তবে প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে রাষ্ট্রপতি সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে মহিলাদেরও ও ঈদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

নামাজ শেষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন তিনি। পরে রাষ্ট্রপতি বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দারুণ শুরু

0

সিঙ্গাপুরে জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় নিয়ে টার্ফ ছেড়েছে। অর্পিতার জোড়া গোলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর থাইল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ।

আজ শনিবার ম্যাচ শুরুর দিকে ইমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল করেন অর্পিতা-ফাতেমা-কনা। মাঝে থাইল্যান্ড চার গোল করে স্কোর লাইন ৪-৪ সমতায় নিয়ে আসে। ৫৬ মিনিটে জয়সূচক পঞ্চম গোল করে প্রথম ম্যাচেই পূর্ণ পয়েন্ট নিয়ে উৎসব করে বাংলাদেশ।

আগামীকাল দ্বিতীয় ম্যাচে হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৭ দলের এই টুর্নামেন্টে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলে তিন মাস পর এশিয়া কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ খেলতে পারবে।

আফ্রিকায় জোট সরকার, আবারও প্রেসিডেন্ট রামাফোসা

0

দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এর মধ্য দিয়ে দেশটিতে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের ভোটাভুটিতে রাষ্ট্রপ্রধান হন তিনি। তবে এবার তাকে জোট সরকার গঠন করতে হয়েছে।

দিনভর নানা নাটকীয়তা, সন্ধ্যায় বিলম্বে পার্লামেন্ট অধিবেশন বসার পর রামাফোসাকে দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধানের জন্য নির্বাচিত করেন দেশটির আইনপ্রণেতারা।

এর আগে গত মাসে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে তিন দশকের মধ্যে প্রথমবারের মতো পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় নেলসন ম্যান্ডেলার ঐতিহাসিক দল এএনসি।

প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে রামাফোসা বলেন, ‘আমাদের দেশের সবার ভালোর জন্য নতুন জোট সরকারের নেতারা একসঙ্গে কাজ করবেন—এমনটাই চাওয়া ভোটারদের।’

এখন রামাফোসার পরবর্তী চ্যালেঞ্জ জোট সরকারের নতুন মন্ত্রিসভা গঠন করা। এতে দীর্ঘদিনের বিরোধীপক্ষ ডিএর সদস্যদেরও রাখতে হবে।

দেশটির ঐতিহ্যবাহী আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি), মধ্যডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) এবং আরও কয়েকটি ছোট দল রামাফোসার ‘জাতীয় ঐক্যের’ সরকারে জোট গড়েছে।

নির্বাচনে ৪০ শতাংশ ভোট পায় ক্ষমতাসীন এএনসি। ডিএ পায় ২২ শতাংশ ভোট। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জোট সরকার গড়ার বিকল্প ছিল না রামাফোসার।

রাজনৈতিক অচলাবস্থার মুখে বিরোধীদের সঙ্গে নিয়েই জাতীয় ঐক্যের সরকার গড়ার ডাক দেন তিনি। আইনসভায় আসনসংখ্যায় এএনসির পর দ্বিতীয় বড় দল ডিএ।

পার্লামেন্টে ভোটাভুটির প্রাক্কালে গত বৃহস্পতিবার রাতে এএনসি ঘোষণা করে, জোট সরকার গঠন করা নিয়ে ডিএ ও কয়েকটি ছোট দলের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। জোট গড়ার পরে ক্ষমতাসীন দলের মহাসচিব ফিকিল এমবালুলা বলেন, এটা চমকপ্রদ একটি পদক্ষেপ।

২০১৭ সালে এএনসির প্রেসিডেন্ট হন রামাফোসা। পরের বছর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন। রাজনৈতিক অনিশ্চয়তার মুখে তখনকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। এবার দ্বিতীয় মেয়াদে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।
খবর বিবিসি

পাচার ঠেকাতে জ্বালানি স্টেশনে বলিভিয়ার সেনা মোতায়েন

0

জ্বালানি তেলের পাচার ঠেকাতে ফুয়েল স্টেশনে সেনা মোতায়েন করেছে লাতিন দেশ বলিভিয়া। দেশটির এল আলতো শহরের সব ফুয়েল স্টেশনেই সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। খবর ব্লুমবার্গের।

সম্প্রতি, দেশটিতে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। ফলে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে দেশটির সরকারকে। এমন পরিস্থিতিতে জ্বালানির সরবরাহ নিশ্চিতে রাশিয়ার সাথে চুক্তিও করেছে তারা। পাশাপাশি চোরাকারবারিদের দৌরাত্ম্য ঠেকাতে সেনাবাহিনী মোতায়েনসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আলবার্তো আর্স কাতাকোরা’র (লুচো আর্স) অভিযোগ, ফুয়েল স্টেশন থেকে পেট্রোল সরিয়ে কালোবাজারির মাধ্যমে বিক্রি করার কারণেই এই সংকট তৈরি হয়েছে। তাইতো জ্বালানির পাচার ঠেকাতে শেষ পর্যন্ত ফুয়েল স্টেশনে সামরিক বাহিনী মোতায়েন করলো সরকার।

বাইডেন বুড়ো ও দুর্বল : ট্রাম্প

0

আর কয়েক মাস পরই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে দিনদিনই উভয় প্রার্থীর বয়স একটি বিষয় হয়ে উঠছে। হোয়াইট হাউসে ফিরতে আকুল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনকে বুড়ো ও দুর্বল বলে আক্রমণ করেছেন।

ট্রাম্পের নিজের স্বাস্থ্য নিয়ে অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও বাইডেনের (৮১) বেশি বয়সকে নির্বাচনী প্রচারের প্রধান বিষয়বস্তু করেছেন তিনি। অথচ বাইডেনের চেয়ে মাত্র তিন বছরের ছোট ট্রাম্প।

ট্রাম্প শুক্রবার তাঁর ৭৮তম জন্মদিন উদযাপন করছেন। ফ্লোরিডায় ট্রাম্প তাঁর জন্মদিনের জমকালো আয়োজনে অতিথিদের মার্কিন পতাকার আদলে পোশাক পরে আসতে বলেন। তাঁর পাঠানো আমন্ত্রণপত্রে লেখা হয়, ‘আমেরিকার এ যাবৎকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্টের জন্মদিন উদযাপনে আমাদের সঙ্গে যোগ দিন।’

বর্তমানে বাইডেন আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রাম্প এবারের নির্বাচনে জয়ী হলে তিনি হবেন দেশটিতে শপথ নিতে যাওয়া সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।

তবুও ট্রাম্পের প্রচারশিবির থেকে প্রায় প্রতিদিন বাইডেনের বিভিন্ন অনুষ্ঠানে হোঁচট খাওয়া বা কথা বলার সময় ভুলে যাওয়ার মতো নানা বিষয় নিয়ে ভিডিও প্রকাশ করা হয়ে থাকে। তাদের দাবি, বাইডেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কার্যকর নন, এসব ভিডিও তারই প্রমাণ। কিন্তু ট্রাম্প শিবিরের এসব ভিডিওর বেশির ভাগ সম্পাদনা করা ও বাস্তবতার সঙ্গে কোনো মিল থাকে না।

ট্রাম্পের বয়স নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাইডেন শিবির থেকেও তাঁর বয়স নিয়ে কথা উঠছে।

এদিকে জো বাইডেনের চলাফেরার ক্ষেত্রে কিছু সমস্যা প্রসঙ্গে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের সরকারবিষয়ক প্রভাষক ম্যাথু ফস্টার বলেন, শারীরিক সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু পার্থক্য চোখে পড়ে। কারণ, বাইডেনের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে কাজের সময়ের ধরাবাঁধা নিয়ম নেই। তিনি জনসমক্ষে বেশি থাকেন। তিনি যখন সমর্থকদের সামনে ভাষণ দেন তখন দীর্ঘক্ষণ, অসংলগ্ন অনেক আবেগনির্ভর কথাবার্তা বলেন।

এ ছাড়া ট্রাম্প মিডিয়ায় নিজের একটি তরুণ ইমেজ তৈরিতে যথেষ্ট তৎপর। তিনি নিজেকে তরুণ দেখাতে অতিমাত্রায় কসমেটিকস এবং হেয়ারস্প্রে ব্যবহার করছেন। এরফলে দূর থেকে তাকে অধিকতর তরুণ দেখায় বলে অনেকে মনে করছেন।

এদিকে ট্রাম্পকে ৭৮তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন। এক্সে পোস্ট করা এক বার্তায় বাইডেন বলেছেন, ‘শুভ ৭৮তম জন্মদিন, ডোনাল্ড। এক বুড়োর কাছ থেকে আরেক বুড়ো জন্মদিনের এ শুভেচ্ছা নিন। বয়স শুধু একটি সংখ্যা।’

৮ দিন পর খাদ্যপণ্য পৌঁছাল সেন্টমার্টিনে

0

মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত, দেশটির সীমান্ত থেকে বাংলাদেশি ট্রলার ও স্পিডবোটে লক্ষ্য করে গুলি করার জেরে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে চলাচল বন্ধ ছিল। বন্ধের ৮দিন পরে কক্সবাজার থেকে এমভি বারো আউলিয়া নামে একটি জাহাজ খাদ্যপণ্য ও যাত্রী নিয়ে শুক্রবার (১৪ জুন) দিবাগত রাতে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছেছে।

শুক্রবার দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে এমভি বারো আউলিয়া নামে একটি জাহাজ খাদ্যপণ্য নিয়ে সেন্টমার্টিন জেটিঘাটে রাত সাড়ে ১১টায় পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি বলেন, গত ৫, ৮ ও ১১ জুন মিয়ানমার-বাংলাদেশ নাফনদীর অংশের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি টেকনাফ ও সেন্টমার্টিনগামী ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়।

এ কারণে সেন্টমার্টিন নৌপথে জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে দ্বীপটিতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। অবশেষে জেলা প্রশাসনের সহযোগিতায় কক্সবাজার থেকে চাল, ডাল, পেঁয়াজসহ নানা ধরণের ভোজ্য ও খাদ্যপণ্য নিয়ে জাহাজটি দ্বীপে এসছে। একই সঙ্গে কক্সবাজারে আটকাপড়া বাসিন্দারাও ফিরছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, সেন্টমার্টিন দ্বীপের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে এ জাহাজটিতে খাদ্যপণ্য পাঠানো হয়েছে। এ ছাড়া কক্সবাজারে আটকাপড়া সেন্টমার্টিনের তিন শতাধিক বাসিন্দাও এই জাহাজে করে দ্বীপে ফিরছেন।

বঙ্গবন্ধু সেতুতে একদিনে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়

0

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ বেড়েছে। সড়কের কালিহাতী উপজেলার চরবালা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

আজ শনিবার (১৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

জানা যায়, শুক্রবার রাত ১২টা পর্যন্ত টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশে ৩৩ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ২০ হাজার ৬৮৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

এর আগে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪০ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়, এতে টোল আদায় হয় ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা। গেল ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮০২টি যানবাহন বেশি পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৫৮ লাখ ৬৬ হাজার ১০০ টাকা বেশি।